খুঁজুন
                               
, ,
           

গ্রামের কেউ যেন চিকিৎসার অভাবে প্রাণ না হারায়: ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৫:৫৫ অপরাহ্ণ
গ্রামের কেউ যেন চিকিৎসার অভাবে প্রাণ না হারায়: ডা. জুবাইদা রহমান

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমান।

দেশের কোনো গ্রামের বাসিন্দা যেন চিকিৎসার অভাবে প্রাণ না হারায় এবং কোনো অন্তঃসত্ত্বা মা বা নবজাতক যেন প্রয়োজনীয় চিকিৎসার অভাবে জীবন না হারায়, এমন মানবিক ও কার্যকর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমান।

তিনি বলেন, আগামীর বাংলাদেশে কোনো রোগাক্রান্ত গ্রামবাসী যেন চিকিৎসার অভাবে প্রাণ না হারায়।

কোনো অন্তঃসত্ত্বা মা যেন প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে মারা না যান। কোনো নবজাতক যেন তার মায়ের কোল খালি করে না চলে যায়।

আমরা এমন একটি চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে চাই, যা বিশ্বের বুকে দৃষ্টান্ত স্থাপন করবে। কারণ, সবার স্বাস্থ্যই গুরুত্বপূর্ণ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল ও কলেজ অডিটোরিয়াম আয়োজিত শিক্ষা ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান এসব কথা বলেন।

তিনি বলেন, চিকিৎসক হওয়ার অর্থ শুধু একটি পেশায় যুক্ত হওয়া নয়, বরং মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করা।

একজন চিকিৎসকের সবচেয়ে বড় শক্তি তার মানবিকতা। অসুস্থ মানুষের সেবা এবং তাদের সুস্থ করে তোলার মধ্যেই একজন চিকিৎসকের জীবনের প্রকৃত সার্থকতা নিহিত।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, দেশের অন্যতম মেধাবী শিক্ষার্থী হিসেবে তারা চিকিৎসাবিদ্যায় অধ্যয়নের সুযোগ পেয়েছেন। এই মেধা ও অর্জিত জ্ঞান দেশের মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।

অনেকেই উচ্চশিক্ষা ও বিশেষায়িত প্রশিক্ষণের জন্য বিদেশে যাবেন উল্লেখ করে সেই অভিজ্ঞতা নিয়ে দেশের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

বাংলাদেশের স্বাস্থ্যখাতের বাস্তব চিত্র তুলে ধরে ডা. জুবাইদা রহমান বলেন, দেশে প্রতি হাজার মানুষের বিপরীতে চিকিৎসকের সংখ্যা এখনও আন্তর্জাতিক মানদণ্ডের তুলনায় কম। অধিকাংশ চিকিৎসক শহরাঞ্চলে কর্মরত থাকলেও বিপুল জনগোষ্ঠী গ্রামে বসবাস করে। ফলে গ্রামাঞ্চলের মানুষ সময়মতো চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন।

তিনি মনে করেন, শিক্ষা জীবন থেকেই দেশসেবার আদর্শে নিজেদের গড়ে তুলতে পারলে ভবিষ্যতে এই বৈষম্য দূর করা সম্ভব। নতুন প্রজন্মের চিকিৎসকদের হাত ধরেই দেশের স্বাস্থ্যব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বক্তব্যের শুরুতে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান। একই সঙ্গে শিক্ষা ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, সংস্কৃতিচর্চা একজন মানুষকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলে এবং মানবসভ্যতার ভিত্তি হচ্ছে সংস্কৃতি।

অনুষ্ঠানের শেষে  রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান ডা. জুবাইদা রহমান।

অনুষ্ঠানে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার কে এম মজিবুল হকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ, বাংলাদেশ বাংলাদেশি রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালামসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

কালের আলো/জেএন/এমএসআইপি 

শুক্রবার পদত্যাগ করবেন রাষ্ট্রপতি: রয়টার্স

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ২:৩২ পূর্বাহ্ণ
শুক্রবার পদত্যাগ করবেন রাষ্ট্রপতি: রয়টার্স

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করতে যাচ্ছেন। তিনটি সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার (২৩ জুলাই) বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

তাদের প্রতিবেদনে বলা হয়, গত নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে দমনপীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে মৃত্যুদণ্ড দেন। ওই আন্দোলনে প্রায় এক হাজার ৪০০ মানুষ নিহত হয়েছিলেন।

সেই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে গিয়েছিলেন শেখ হাসিনা।সম্প্রতি সেখান থেকে তিনি ফিরে আসার ঘোষণা দেন।

রয়টার্স বলছে, তার ওই ঘোষণার পর সরকারের উচ্চপদগুলোতে থাকা হাসিনার দোসরদের অপসারণের জন্য জনমনে চাপ সৃষ্টি হয়েছে।

রাষ্ট্রপ্রধান হিসেবে সাহাবুদ্দিন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হলেও পদটি মূলত আলংকারিক।

মুসলিমপ্রধান বাংলাদেশের নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের হাতে ন্যস্ত।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের মুখে দীর্ঘকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে বছরের আগস্টে নয়াদিল্লিতে পালিয়ে যেতে বাধ্য হওয়ার পর সাহাবুদ্দিনের পদটি বিশেষ গুরুত্ব লাভ করে। ২০২৩ সালে শেখ হাসিনার দল আওয়ামী লীগের (যা এখন নিষিদ্ধ) মনোনীত প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাঁচ বছরের মেয়াদে নির্বাচিত হয়েছিলেন ৭৬ বছর বয়সী সাহাবুদ্দিন।

দুটি সূত্র জানিয়েছে, তিনি এখন পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিষয়টি জানিয়েছেন। একটি সূত্র জানিয়েছে, সাহাবুদ্দিন গত মঙ্গলবার (২১ জুলাই) তারেক রহমানকে এ বিষয়ে জানান এবং শুক্রবার একটি আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। বিষয়টি সংবেদনশীল হওয়ার কারণে তিন সূত্রই নিজেদের পরিচয় প্রকাশ করতে চায়নি।

রয়টার্সের খবরে বলা হয়েছে, এ বিষয়ে মন্তব্যের জন্য বারবার ফোন ও বার্তা পাঠানো হলেও রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সাড়া দেননি। এর আগে গত ডিসেম্বরে তিনি রয়টার্সকে জানিয়েছিলেন, ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে তারেক রহমান ক্ষমতায় আসার পর তিনি পদত্যাগের পরিকল্পনা করছেন।

রয়টার্স বলছে, সরকারের মুখপাত্ররাও এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেননি।

সূত্রগুলো জানিয়েছে, স্থায়ীভাবে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত অন্তর্বর্তী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করতে পারেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

শেখ হাসিনা চলতি মাসে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি এবং তার দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে ডিসেম্বরের দিকে দেশে ফিরে আত্মসমর্পণ করার পরিকল্পনা করেছেন।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

২১ দিনে রেমিট্যান্স এলো ২ দশমিক ১৭ বিলিয়ন ডলার 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১০:০০ অপরাহ্ণ
২১ দিনে রেমিট্যান্স এলো ২ দশমিক ১৭ বিলিয়ন ডলার 

চলতি জুলাই মাসের প্রথম ২২ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে ২ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা গতবছরের একই সময়ের তুলনায় ২৩ দশমিক ৪ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ২২ জুলাই পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা দেশে মোট ২ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা গতবছরের একই সময়ে ছিল ১ দশমিক ৭৫৯ বিলিয়ন মার্কিন ডলার।

তথ্য অনুযায়ী, ২১ জুলাই একদিনেই প্রবাসীরা ৭৫ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাসেই রেমিট্যান্স প্রবাহের এ ধারাবাহিক ঊর্ধ্বগতি দেশের বৈদেশিক মুদ্রার আয়ে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদানের প্রতিফলন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

কালের আলো/এসএকে

জুলাই সনদের ভিত্তিতেই সংবিধান সংস্কার করতে হবে: গোলাম পরওয়ার

দিনাজপুর প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৮:৫৩ অপরাহ্ণ
জুলাই সনদের ভিত্তিতেই সংবিধান সংস্কার করতে হবে: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই বিপ্লবের পরও জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংস্কার করতে হবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৫টায় দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘জুলাই জাতীয় সনদ এবং গণভোট: জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারের দায় ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, ‘দেশে এখন বড় সংকট হলো-জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়ন না করা। বিএনপি জাতির সঙ্গে যে কথা দিয়েছিল, তারা সে কথা রাখেনি। এ কারণে মানুষকে আবারো রাজপথে নামতে হবে।’

জামায়াতের সেক্রেটারি বলেন, ‘বিএনপি বলে, সংবিধানের বাইরে কিছু করা যাবে না। কিন্তু যে নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে, সেই নির্বাচনও তো সংবিধান অনুযায়ী হয়নি।’

দিনাজপুর জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন- জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য রংপুর সদর আসনের এমপি অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, পাবনা-১ আসনের এমপি ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, জাগপার সহ-সভাপতি প্রকৌশলি রাশেদ প্রধান।

কালের আলো/আরডি/এমডিএইচ