গুলশানের সেই তরুণীকে এখনো মনে পড়ে শাকিব খানের
ব্যক্তিজীবনের এক অজানা অধ্যায় সামনে এনে পুরোনো প্রেমের কথা প্রকাশ করলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। সম্প্রতি চ্যানেল আইয়ের টক শো ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ অতিথি হয়ে তিনি জানান, গুলশানের ইংরেজি মাধ্যমে পড়াশোনা করা এক তরুণীর প্রেমে পড়েছিলেন এবং তাকেই বিয়ে করার ইচ্ছা ছিল তাঁর। তবে নানা মান-অভিমানের কারণে সেই সম্পর্ক শেষ হয়ে যায়।
অনুষ্ঠানের সঞ্চালক পূর্ণিমা শাকিবের সেই সম্পর্কের প্রসঙ্গ তুললে তিনি বলেন, ওই তরুণীকে তিনি এবং তরুণীও তাঁকে গভীরভাবে ভালোবাসতেন। সম্পর্কটি বিয়েতে গড়াবে বলেই ভেবেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। এখনো একা থাকলে সেই সময়ের কথা মনে পড়ে এবং বিষয়টি নিয়ে তাঁর অনুশোচনা হয় বলে জানান এই অভিনেতা।
সম্পর্ক ভেঙে যাওয়ার কারণ প্রসঙ্গে শাকিব বলেন, অতিরিক্ত ভালোবাসার কারণেই ছোট ছোট বিষয় নিয়ে মান-অভিমান তৈরি হয়েছিল। কীভাবে সম্পর্কটি ভেঙে গেল, সেটি আজও তাঁর কাছে এক রহস্য।
বিচ্ছেদের জন্য অনুশোচনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে শাকিব স্পষ্টভাবে বলেন, “একদম, খুব।” তিনি আরও জানান, মাঝেমধ্যে সেই তরুণীর কথা মনে পড়লেও এখন আর তাঁর সঙ্গে কোনো যোগাযোগ নেই এবং যোগাযোগ করার চেষ্টাও করেননি। এমনকি এখনো ওই তরুণীর পুরোনো বাসার সামনে দিয়ে যাতায়াত হলেও তাঁর কোনো খোঁজ জানেন না।
পরবর্তী সময়ে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীকে ভালোবেসে বিয়ে করলেও, বর্তমান সম্পর্কগুলো নিয়ে অনুষ্ঠানে আর কোনো মন্তব্য করতে চাননি শাকিব খান।
কালের আলো/এসএ


আপনার মতামত লিখুন
Array