খুঁজুন
                               
, ,
           

৭ সহকারী পুলিশ কমিশনারসহ ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ২:১৪ অপরাহ্ণ
৭ সহকারী পুলিশ কমিশনারসহ ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

সাত সহকারী পুলিশ কমিশনার ও ৪৯ পুলিশ পরিদর্শকসহ ৫৬ জনকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারায় দেয়া ক্ষমতাবলে এসব কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। অবসরপ্রাপ্ত কর্মকর্তারা প্রচলিত বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, অবসরে পাঠানো ৪৯ পুলিশ পরিদর্শক পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও কর্মস্থলে দায়িত্ব পালন করছিলেন। তাদের মধ্যে বিভিন্ন জেলা পুলিশ, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), বিশেষ শাখা (এসবি) এবং রেলওয়ে পুলিশে কর্মরত কর্মকর্তাও রয়েছেন।

অন্যদিকে, সহকারী পুলিশ সুপার পদপর্যায়ের সাত কর্মকর্তাকেও একই আইনের আওতায় জনস্বার্থে অবসরে পাঠানো হয়েছে। তারা হলেন- নুরে আলম সিদ্দিকী, মো. নূরুল মোতাকিন, কাজী ওয়ায়েজ আলী, মো. সৈয়দুজ্জামান, মো. গোলাম কিবরিয়া, মো. রবিউল ইসলাম ও মোহাম্মদ মিজানুর রহমান।

কালের আলো/এসএকে

বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ চার নেতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৫:০৪ অপরাহ্ণ
বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ চার নেতা

সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও দলীয় সিদ্ধান্তের আলোকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে চার নেতাকে মনোনীত করা হয়েছে। তারা হলেন—অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমান উল্লাহ আমান, ডা. ফরহাদ হালিম ডোনার ও মো. ইসমাইল জবিউল্লাহ।

শনিবার (১৫ আগস্ট) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, দলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং দলীয় সিদ্ধান্তের আলোকে ওই চার নেতাকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটি দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম। নতুন মনোনীত চার নেতার মেধা, অভিজ্ঞতা ও বিচক্ষণতার মাধ্যমে দলীয় নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা করছে বিএনপি।

দলের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, তারা সুচিন্তিত পরামর্শের মাধ্যমে দলকে আরও কার্যকরভাবে এগিয়ে নিতে ভূমিকা রাখবেন। পাশাপাশি দল ও জনগণের স্বার্থে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণেও তাদের অবদান থাকবে বলে আশা করছে বিএনপি।

কালের আলো/এএইচ/এমএসআইপি

রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল রোববার (১৬ আগস্ট) সড়ক পথে কিশোরগঞ্জ আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জেলা সদরসহ তিনটি উপজেলা সফর করবেন তিনি।

দিনব্যাপী এ সফরে ফ্যামিলি কার্ড বিতরণ, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ, মৎসপক্ষ উদ্বোধন, পুরস্কার বিতরণ এবং বিভিন্ন ব্যক্তিদের অনুদান ও সম্মানী প্রদানসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিবেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

শপথ নেওয়ার পর প্রথমবার কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শেষ মুহূর্তে চলছে জোর প্রস্তুতি। এ সফরকে কেন্দ্র করে দলীয় নেতা কর্মী এবং সমর্থকদের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।

এছাড়া প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কিশোরগঞ্জ সদর, কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলার দীর্ঘদিনের ভাঙা সড়ক মেরামত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দিনরাত একাকার করে শ্রমিকরা বালু-সুড়কি ফেলছেন সড়কের গর্তগুলোতে।

সড়কের দুপাশে দীর্ঘদিন জমে থাকা ময়লা আবর্জনা এখন নেই বললেই চলে।

প্রধানমন্ত্রীর দিনব্যাপী কর্মসূচী:

রোববার দুপুর আড়াইটায় প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ জেলা সদরে অবস্থিত ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন।

এর আগে বেলা সাড়ে ১১টায় পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করবেন। পরে স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

এরপর সাড়ে ১২টায় কটিয়াদী উপজেলায় কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। পরে দুপুর ১টার দিকে কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে আয়োজিত জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন।

এরপর সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম শেষে বিকেল ৪টায় জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণসহ বিভিন্ন অনুদান দেবেন। পরে মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। প্রধানমন্ত্রীকে একনজর দেখতে ও বক্তব্য শুনতে আগ্রহ নিয়ে অপেক্ষা করছে দলীয় নেতাকর্মী ও সমর্থকসহ সাধারণ মানুষ।

প্রধানমন্ত্রীকে বরণ করতে বিএনপিসহ অঙ্গসংগঠনগুলোর পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে দলীয় সংসদ সদস্যরা।

কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-২ (কটিয়াদী ও পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরে কিশোরগঞ্জের সার্বিক উন্নয়ন, যোগাযোগব্যবস্থা, কর্মসংস্থান, শিক্ষা ও মৎস্য ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে।

তারা বলেন, জাতীয় মৎস্য পক্ষের মতো বড় আয়োজন সাধারণত রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হয়ে থাকে। তবে এবারই প্রথম রাজধানীর বাইরে এ আয়োজন হচ্ছে। বৃহত্তর ময়মনসিংহে দেশের মোট মৎস্য উৎপাদনের প্রায় ৪০ শতাংশ হয়ে থাকে। এ অঞ্চলের সম্ভাবনা, উদ্যোক্তা ও খামারিদের সাফল্য জাতীয় পর্যায়ে তুলে ধরতেই প্রধানমন্ত্রীর আগ্রহে এবারের মূল আয়োজন কটিয়াদীতে করা হয়েছে।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে জেলার সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। তারা আশা করছেন, এ সফরের মাধ্যমে কিশোরগঞ্জের দীর্ঘদিনের উন্নয়ন-প্রত্যাশা পূরণের নতুন দিগন্ত উন্মোচিত হবে। আমরা পুরোপুরি প্রস্তুত প্রধানমন্ত্রীকে বরণ করে নেওয়ার জন্য।

দিনব্যাপী কর্মসূচী শেষে সন্ধ্যা ৬টার দিকে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে কিশোরগঞ্জ ত্যাগ করবেন।

কালের আলো/এএইচ/এমএসআইপি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ইন্টারনেটে ধীরগতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৪:৫১ অপরাহ্ণ
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ইন্টারনেটে ধীরগতি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার (১৫ আগস্ট) প্রায় আড়াই ঘণ্টা ইন্টারনেটে ধীরগতি দেখা দিয়েছে। কুয়াকাটায় অবস্থিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সি-মি-ডব্লিউই-৫-এর পূর্ব ও পশ্চিম—দুই দিকের সংযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন ইন্টারনেট ব্যবহারকারীরা।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) সূত্রে জানা গেছে, শনিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সি-মি-ডব্লিউই-৫-এর পূর্ব ও পশ্চিম—দুই দিকের সংযোগই বন্ধ ছিল। পরে ক্যাবলটির সংযোগ স্বাভাবিক হয়।

বিএসসিপিএলসি জানিয়েছে, কুয়াকাটায় অবস্থিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সি-মি-ডব্লিউই-৫ প্রায় আড়াই ঘণ্টা ডাউন ছিল। বেলা সাড়ে ১১টার দিকে ক্যাবলটির সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে দুপুর ২টার দিকে এটি আবার সচল হয়। এ সময় দেশের বিভিন্ন এলাকায় ইন্টারনেট ব্যবহারে ধীরগতি দেখা দেয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলের উপকূলীয় শহর মাতারায় এসএমডব্লিউ-৫-এর ল্যান্ডিং স্টেশন বা সংশ্লিষ্ট সরঞ্জামে ত্রুটি দেখা দিতে পারে। তবে ত্রুটির সুনির্দিষ্ট স্থান ও কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিএসসিপিএলসি সূত্র জানায়, ক্যাবলটি অচল থাকার সময়ে বিকল্প পথে আন্তর্জাতিক ব্যান্ডউইথ সরবরাহ করা হলেও কোথাও কোথাও ইন্টারনেটের গতি কমে যায়। ক্যাবলটি সচল হওয়ার পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।

বিএসসিপিএলসির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, কারিগরি ত্রুটির কারণে ক্যাবলটি কিছু সময়ের জন্য ডাউন ছিল। এখন এটি স্বাভাবিক রয়েছে। তবে সামগ্রিকভাবে ইন্টারনেট সেবায় খুব বেশি প্রভাব পড়েনি।

কালের আলো/এসআর/এএএন