খুঁজুন
                               
, ,
           

এলেক্স ইমন হত্যা 

অস্ত্র-গানপাউডারসহ আরও ৩ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৭:৪৬ অপরাহ্ণ
অস্ত্র-গানপাউডারসহ আরও ৩ জন গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুরে আলোচিত এলেক্স ইমন হত্যা মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি মো. হোসেন আহমেদ শাহরুখসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব-২। এসময় একটি বিদেশি ৭.৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন, একটি দেশীয় তৈরি রিভলবার, দুই রাউন্ড তাজা গুলি, ২৬০ গ্রাম গানপাউডার ও দুটি সামুরাই উদ্ধার করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বিকেলে মোহাম্মদপুরে র‍্যাব-২-এর সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-২-এর অধিনায়ক নয়মুল হাসান।

র‍্যাব জানায়, শনিবার (১৫ আগস্ট) নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, এলেক্স ইমন হত্যা মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি মো. হোসেন আহমেদ শাহরুখ ও তার সহযোগীরা শাহবাগ এলাকায় অবস্থান করছেন। তথ্যের ভিত্তিতে ওইদিন রাতে র‍্যাব-২-এর একটি আভিযানিক দল শাহবাগ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে শাহরুখ (২৭), তার সহযোগী মো. তারেকুজ্জামান তারেক (৩০) ও মো. শহিদুল ইসলামকে (২৯) গ্রেফতার করা হয়।

পরে গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার এলাকার হাজী ইউনুস খান রোডের একটি বাড়িতে অভিযান চালায় র‍্যাব। সেখান থেকে একটি বিদেশি ৭.৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন, একটি দেশীয় তৈরি রিভলবার, দুই রাউন্ড তাজা গুলি, ২৬০ গ্রাম গানপাউডার ও দুটি সামুরাই উদ্ধার করা হয়।

নয়মুল হাসান বলেন, গ্রেফতার শাহরুখের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় চুরি, ডাকাতির প্রস্তুতি, হত্যাচেষ্টা ও ভয়ভীতি প্রদর্শনের দুটি, খুনের একটি, নারী ও শিশু নির্যাতনের একটি এবং দ্রুতবিচার আইনে একটি মামলা রয়েছে। অন্যদিকে, তারেকুজ্জামান তারেকের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় চুরি, হত্যাচেষ্টা ও ভয়ভীতি প্রদর্শনের একটি মামলা রয়েছে।

র‍্যাবের তথ্য অনুযায়ী, আলোচিত এলেক্স ইমন হত্যা মামলায় এ পর্যন্ত এজাহারনামীয় ছয়জন এবং অজ্ঞাতনামা পাঁচজনসহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য আলামতের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব-২।

কালের আলো/এএইচ/এমএসআইপি

পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার বাড়ানো হবে: পরিবেশমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৯:২৯ অপরাহ্ণ
পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার বাড়ানো হবে: পরিবেশমন্ত্রী

কৃষিজমির উর্বরতা রক্ষা, বায়ুদূষণ ও কার্বন নিঃসরণ কমানো এবং টেকসই নির্মাণব্যবস্থা গড়ে তুলতে সরকারি নির্মাণকাজে পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার ক্রমান্বয়ে বাড়ানো হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

রোববার (১৬ আগস্ট) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর ব্যবহার বৃদ্ধি ও সরকারি নির্মাণকাজে ব্লক ব্যবহারের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, কৃষিজমির উর্বর মাটি রক্ষা, বায়ুদূষণ ও কার্বন নিঃসরণ হ্রাস এবং টেকসই নির্মাণব্যবস্থা প্রতিষ্ঠায় পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর ব্যবহার বাড়ানো জরুরি। পরিবেশ সুরক্ষা ও নির্মাণ খাতের বাস্তব প্রয়োজনের মধ্যে সমন্বয় রেখে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, সরকারি প্রকৌশল দফতর, উৎপাদনকারী প্রতিষ্ঠান ও অন্যান্য অংশীজনকে একযোগে কাজ করতে হবে।

সভায় বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ বলেন, প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষা করে বিনিয়োগ বাড়ানোর পক্ষে। তাই ইটভাটার মালিকদের দ্রুত পরিবেশবান্ধব প্রযুক্তিতে রূপান্তরিত হতে হবে।

সভায় সরকারি নির্মাণ, মেরামত ও সংস্কারকাজে পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার নিশ্চিত করার বিষয়টি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে ব্লকের উৎপাদন ও ব্যবহার বাড়াতে কাঁচামাল আমদানির শুল্ক ও কর যৌক্তিকীকরণ, উৎপাদন পর্যায়ে ভ্যাট কমানো, কাঁচামাল কেনায় পরিশোধিত ভ্যাটের রেয়াত এবং শিল্প ও নির্মাণবর্জ্য পুনর্ব্যবহারে প্রণোদনার প্রস্তাব নিয়ে আলোচনা হয়।

এসব বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে আলোচনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ব্লকের মান নিশ্চিত করার বিষয়েও সভায় আলোচনা হয়। এ জন্য হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের পাশাপাশি গণপূর্ত অধিদফতরসহ অন্যান্য সরকারি প্রকৌশল দফতরকে মান নিয়ন্ত্রণ ও পরিবীক্ষণ কার্যক্রমে সম্পৃক্ত করার কথা বলা হয়েছে। পাশাপাশি প্রকৌশলী, টেকনিশিয়ান ও রাজমিস্ত্রিদের প্রয়োজনীয় প্রশিক্ষণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

এদিন ইটশিল্পের বিভিন্ন বিষয় নিয়েও সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন কর্মকর্তারা। সভায় ইটশিল্পের বিদ্যমান সমস্যা, পরিবেশগত মান ও আইন পরিপালন, কাঁচামাল ও জ্বালানি ব্যবহার এবং আধুনিক ও পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থায় রূপান্তরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া প্রচলিত ইটভাটার পরিবেশগত প্রভাব কমানো, অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং ইট উৎপাদনে কৃষিজমির উপরিভাগের মাটির ব্যবহার নিরুৎসাহিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে দূষণ নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তিনির্ভর স্বয়ংক্রিয় ইট ও পরিবেশবান্ধব ব্লক উৎপাদন বাড়াতে সংশ্লিষ্টদের সহযোগিতা চাওয়া হয়।

মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানমের সভাপতিত্বে সভায় জলবায়ু পরিবর্তন অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বাংলাদেশ কংক্রিট ব্লক প্রস্তুতকারক মালিক সমিতি, বাংলাদেশ ব্রিকস ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ অটো ব্রিক ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কালের আলো/আরডি/এমডিএইচ

পা অবশ, চলাফেরায় কষ্ট হয় সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৯:১১ অপরাহ্ণ
পা অবশ, চলাফেরায় কষ্ট হয় সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর

শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে হাঁটাচলায় বেশ সমস্যায় ভুগছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু। পা অবশ হয়ে যাওয়ায় সীমিত পরিসরে চলাফেরা করতে পারছেন তিনি। আপাতত তার বিদেশে চিকিৎসা নিতে যাওয়ারও পরিকল্পনা নেই বলে জানিয়েছেন সাবেক এই রাষ্ট্রপতি।

রোববার (১৬ আগস্ট) একটি গণমাধ্যমকে নিজের  শারীরিক অবস্থার সবশেষ পরিস্থিতি জানান সাবেক রাষ্ট্রপতি।

সাহাবুদ্দিন চুপ্পু বলেন, এখন আমার হাঁটাচলা করতে খুব কষ্ট হয়। পা অবশ হয়ে যাওয়ার কারণে সীমিত পরিসরে চলাফেরা করতে পারি। এজন্য আপাতত বাইরে কোথাও যাওয়ার চিন্তাভাবনা করছি না।

নিজের শারীরিক অবস্থার বিষয়ে তিনি জানান, নিয়মিত সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে চিকিৎসা নিচ্ছেন। শারীরিক কোনো সমস্যা দেখা দিলে গুলশানের বাসায় নিজস্ব বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও সেবা নিচ্ছেন। পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হলে সিএমএইচে যেতে হচ্ছে। বঙ্গভবন ছাড়ার পর গুলশানের বাসায় ফিরে এখন পর্যন্ত একবার সিএমএইচে চিকিৎসা নিয়েছেন বলেও জানান তিনি।

বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়ে সাবেক রাষ্ট্রপতি বলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শের ওপর নির্ভর করছে। চিকিৎসকেরা প্রয়োজন মনে করলে পরবর্তী সময়ে বিদেশে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সাহাবুদ্দিন চুপ্পু দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের ২৪ এপ্রিল তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। এর আগে তিনি দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার, বিচার বিভাগ ও আইন পেশায় দায়িত্ব পালন করেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে পরবর্তী সময়ে ফ্যাসিস্টের দোসর হিসেবে তার পদত্যাগের জোরালো দাবি ওঠে। যদিও বিএনপিসহ কিছু রাজনৈতিক দলের সায় না থাকায় তিনি শেষ পর্যন্ত টিকে যান। গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠন করলেও সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতির পদে বহাল থাকেন। তবে সরকারের পাঁচ মাসের মাথায় এসে তিনি অনেকটা সরে যেতে বাধ্য হন। নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে তিনি পদত্যাগ করেন।

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে বিএনপি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছে। অপরদিকে জামায়াতে ইসলামীসহ বিরোধী দলীয় ঐক্য কর্নেল (অব.) অলি আহমেদকে মনোনয়ন দিয়েছে। সংসদে বিএনপির বিপুল সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুলের ২৩তম রাষ্ট্রপতি হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।

কালের আলো/আরডি/এমডিএইচ

২ ঘণ্টা পর বংশালের হেলমেট গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৮:৫৪ অপরাহ্ণ
২ ঘণ্টা পর বংশালের হেলমেট গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর বংশালের মুকিমবাজার চৌরাস্তায় একটি হেলমেটের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় বংশালের মুকিমবাজার চৌরাস্তায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় থাকা হেলমেটের গোডাউনে আগুনের সূত্রপাত হয়।

সর্বশেষ তথ্য অনুযায়ী, সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের সাতটি ইউনিটের চেষ্টায় সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, সন্ধ্যা ৬টা ২ মিনিটে বংশালের মুকিমবাজারে একটি হেলমেটের গোডাউনে অগ্নিকাণ্ডের খবর আসে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে মোট সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তাদের চেষ্টায় সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

তবে এখনো আগুন পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়নি।

কালের আলো/আরডি/এমডিএইচ