খুঁজুন
                               
, ,
           

প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করতে সমন্বিত কর্মপরিকল্পনা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৩:৪১ অপরাহ্ণ
প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করতে সমন্বিত কর্মপরিকল্পনা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার। অন্য সকল সাধারণ নাগরিকের মতো প্রতিটি প্রতিবন্ধী ব্যক্তি যেন সমান অধিকার ভোগ করতে পারেন, তা নিশ্চিত করতে বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বিত কর্মপরিকল্পনা নিয়ে কাজ চলছে। ঢাকার কড়াইল বস্তিতে প্রতিবন্ধী শিশুদের শনাক্তকরণ ও স্বাস্থ্যসেবা কার্যক্রম ইতোমধ্যে উদ্বোধন করা হয়েছে। এ ছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে দেশের ২২টি জেলার ২২টি উপজেলায় ‘শিশু স্বর্গ’ প্রকল্পের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিদের সার্বিক চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রতিবন্ধী অধিকার ও সেবা সুরক্ষা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সমন্বয় ও বাস্তবায়ন কমিটির সভায় তিনি এসব কথা বলেন। এ সময় আরও বক্তব্য দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত জানান, বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগের ফলে এরই মধ্যে বেশ কিছু অগ্রগতি হয়েছে। বাংলাদেশ রেলওয়ের যেকোনো শ্রেণিতে এবং মেট্রোরেলে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ভাড়ায় ২৫ শতাংশ ছাড় নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি নতুন নির্মিতব্য সব স্টেশনে প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। শুধু যাতায়াতের র‍্যাম্প নয়, টিকিট কাটা থেকে শুরু করে বাহনে ওঠা এবং টয়লেট ব্যবহারসহ পুরো ভ্রমণ যেন প্রতিবন্ধীদের জন্য নির্বিঘ্ন ও এক্সেসিবল হয়, সেসব বিষয়ে আলোচনা হয়েছে।

শিক্ষার ক্ষেত্রে বিশেষায়িত স্কুলগুলোর পাশাপাশি মূলধারার শিক্ষাব্যবস্থায় প্রতিবন্ধী শিশুদের অংশগ্রহণের ওপর জোর দিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. মুহিত বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন বিশেষায়িত স্কুলগুলোকে আরও সুসংগঠিত করা হচ্ছে যাতে প্রত্যন্ত অঞ্চলের শিশুরাও মানসম্মত শিক্ষার সুযোগ পায়। একই সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সাধারণ স্কুলগুলোকেও প্রতিবন্ধীবান্ধব করা হচ্ছে। যাতে হুইলচেয়ার ব্যবহারকারী কোনো শিশুই সাধারণ বিদ্যালয় থেকে বঞ্চিত না হয়। পাঠ্যক্রমে প্রয়োজনীয় সংস্কার, ব্রেইল পদ্ধতি এবং সাইন ল্যাঙ্গুয়েজের ব্যবহার নিশ্চিত করতেও কাজ চলছে।

নতুন অর্থবছরের বাজেটে স্বাস্থ্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় বেশ কিছু প্রতিবন্ধীবান্ধব প্রকল্প হাতে নিয়েছে উল্লেখ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ঢাকার কড়াইল বস্তিতে প্রতিবন্ধী শিশুদের শনাক্তকরণ ও স্বাস্থ্যসেবা কার্যক্রম ইতোমধ্যে উদ্বোধন করা হয়েছে। এ ছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে দেশের ২২টি জেলার ২২টি উপজেলায় ‘শিশু স্বর্গ’ প্রকল্পের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিদের সার্বিক চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।”

ভৌত অবকাঠামোর পাশাপাশি ডিজিটাল এক্সেসিবিলিটির ওপর গুরুত্ব দিয়ে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তির যুগে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতেও প্রতিবন্ধীদের প্রবেশগম্যতা নিশ্চিত করা হচ্ছে। প্রতিটি প্রতিবন্ধী মানুষের ভেতরে কোনো না কোনো বিশেষ মেধা বা দক্ষতা রয়েছে, সেই দক্ষতাকে কাজে লাগিয়ে একটি মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়াই সরকারের মূল লক্ষ্য। প্রতিটি মন্ত্রণালয়কে এ বিষয়ে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানাই।

কালের আলো/আরডি/এমডিএইচ

মিরপুরে বৃষ্টিতে জলাবদ্ধতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৫:৫৬ অপরাহ্ণ
মিরপুরে বৃষ্টিতে জলাবদ্ধতা

রাজধানীর মিরপুর এলাকায় বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরের পর হঠাৎ ভারী বৃষ্টিতে মিরপুর ১০ নম্বর ও কাজীপাড়ার প্রধান সড়কসহ আশপাশের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে কাজ শেষে বাড়ি ফেরা মানুষ ও সাধারণ পথচারীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

সবচেয়ে বিপাকে পড়েছেন বিভিন্ন অফিসগামী মানুষ ও কর্মজীবী নিম্নআয়ের পেশাজীবীরা। জলাবদ্ধতার কারণে সড়কগুলোতে মাঝে মধ্যে দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে।

মূল সড়কের পাশে পার্ক করে রাখা যানবাহনের অর্ধেকেরও বেশি পানিতে তলিয়ে গেছে। বিশেষ করে কাজীপাড়া ও মিরপুর ১০ নম্বর এলাকায় অনেক মোটরসাইকেলের অধিকাংশ পানির নিচে ডুবে গেছে।
জলাবদ্ধতার কারণে সড়কগুলোতে গণপরিবহনের কিছুটা সংকট দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে রিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশার চালকরা কয়েক গুণ বাড়তি ভাড়া হাঁকাচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

এতে সাধারণ পথচারী ও যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে চরম দুর্ভোগের পাশাপাশি অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে।
মিরপুরের স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী রিয়াজ বাংলানিউজকে বলেন, অল্প বৃষ্টিতেই মিরপুরের কাজীপাড়া ও ১০ নম্বর মোড় এলাকায় দীর্ঘদিনের ড্রেনেজ সমস্যার কারণে পানি জমে যায়। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না করা হলে ভোগান্তি আরও চরম আকার ধারণ করবে।

পথচারী মোছাম্মদ নাসরিন বেগম বাংলানিউজকে বলেন, দুপুর ১২টার দিকে কাজীপাড়া মেট্রোরেলের পাশে শোরুমগুলোতে এসেছিলাম সংসারের কিছু জরুরি জিনিস কেনার জন্য। শোরুম থেকে বেরিয়ে দেখি রাস্তায় পানি জমে গেছে, এখন গাড়ি পাচ্ছি না। আর সিএনজি পানির মধ্যে যেতে চাচ্ছে না। অনেকক্ষণ ধরে এখানে আটকে আছি।

পাঠাও মোটরসাইকেলচালক মো. মাহমুদ বাংলানিউজকে বলেন, এভাবে একটু বৃষ্টি হলেই যদি রাস্তায় পানি জমে যায়, তাহলে ঢাকা শহরে চলাচল আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিয়ে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি

বিশ্বকাপ ফাইনালের ‘ষড়যন্ত্র তত্ত্ব’ নিয়ে মুখ খুলল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৫:৫৫ অপরাহ্ণ
বিশ্বকাপ ফাইনালের ‘ষড়যন্ত্র তত্ত্ব’ নিয়ে মুখ খুলল আর্জেন্টিনা

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা। ফাইনালে আলবিসেলেস্তেদের নিষ্প্রভ পারফরম্যান্সের পর লিওনেল মেসির একটি ড্রেসিংরুম ভিডিওসহ নানা ঘটনা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে নানা ‘ষড়যন্ত্র তত্ত্ব’। এবার সেই জল্পনা নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

বুধবার (১৯ আগস্ট) বিশ্বকাপ ফাইনালের এক মাস পূর্তি উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে এএফএ। ভিডিওতে দলের খেলোয়াড়দের ধন্যবাদ জানানোর পাশাপাশি ‘কখনো হাল ছেড়ো না’—এমন বার্তা দেওয়া হয়।

ভিডিওটির নেপথ্য বর্ণনায় বলা হয়, এক মাস আগে এমন কিছু ঘটেছিল, যা অনেকেই দেখতে চাননি। তবে আর্জেন্টিনা আরেকটি বিশ্বকাপ ফাইনালে খেলেছিল। এর আগে সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ার কথাও তুলে ধরা হয়।

ফাইনাল ঘিরে ওঠা ষড়যন্ত্রের অভিযোগ প্রসঙ্গে এএফএর বার্তায় বলা হয়, নানা ‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণা’ সত্ত্বেও দলটি ফাইনালে পৌঁছেছিল। কেউ যদি বলে ‘কিছু একটা ঘটেছিল’, তার উত্তর হবে—হ্যাঁ, ঘটেছিল। তবে সেটি ছিল একটি দলের জয় পাওয়ার জন্য সর্বস্ব দিয়ে লড়াই করা।

এএফএ জানায়, দলটি শেষ পর্যন্ত লড়াই করেছে এবং কখনো হাল ছাড়েনি। এর আগে অনেক কিছু জিতলেও এবার তাদের হার মেনে নিতে হয়েছে।

ভিডিওর শেষ দিকে রানার্সআপ পদক পাওয়ার পর লিওনেল মেসির কান্নার দৃশ্য দেখানো হয়। নেপথ্য বর্ণনায় বলা হয়, অধিনায়কের কান্না আবারও শিক্ষা দিয়েছে—জয়-পরাজয় যাই আসুক, কখনো হাল ছেড়ে দেওয়া যাবে না।

বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনা দলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা দাবি ছড়িয়ে পড়ে। কেউ কেউ দাবি করেন, মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টাইন খেলোয়াড়দের গম্ভীর মুখে দেখা গিয়েছিল এবং গ্যালারিতে দেশটির কিংবদন্তি ফুটবলারদের উপস্থিতিও চোখে পড়েনি।

এ ছাড়া দাবি ওঠে, মাঠে নামার আগে মেসি নাকি সতীর্থদের ‘সবকিছু ভুলে যাওয়ার’ কথা বলেছিলেন। এনজো ফার্নান্দেজের প্রথম হলুদ কার্ড দেখার ঘটনাকেও কেউ কেউ সন্দেহের সঙ্গে দেখেন। এসব বিষয় ঘিরেই তৈরি হয় নানা তত্ত্ব।

তবে আর্জেন্টিনার খেলোয়াড়, কোচ এবং এএফএ সভাপতি ক্লদিও তাপিয়াসহ সংশ্লিষ্টরা এসব দাবি প্রত্যাখ্যান করেছেন।

এর আগে তাপিয়া সমর্থকদের মিথ্যা ও অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেন, এসব প্রচারণার উদ্দেশ্য আর্জেন্টিনার ফুটবলকে অস্থিতিশীল করা এবং দলের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিভক্ত করা।

তাপিয়ার ভাষ্য অনুযায়ী, আর্জেন্টিনা স্পেনকে হারাতে পারেনি কারণ স্পেন তাদের চেয়ে ভালো ফুটবল খেলেছে। তাই পরাজয়ের জন্য কোনো অজুহাত নেই এবং স্পেন ন্যায্যভাবেই জয় পেয়ে।

কালের আলো/এসএ

বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ

চাকরি ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৫:৪৭ অপরাহ্ণ
বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ

বাংলাদেশ ব্যাংকে ‘সহকারী পরিচালক (এক্স ক্যাডার-আইন)’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ পদে মোট ৫ জন নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ২৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট।

পদের বিবরণ

পদের নাম: সহকারী পরিচালক (এক্স ক্যাডার-আইন)
পদসংখ্যা:
বেতন স্কেল: গ্রেড-৯ অনুযায়ী ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা
বয়সসীমা: ২১ থেকে ৩২ বছর

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রিধারী হতে হবে। অথবা আইন বিষয়ে স্নাতক ডিগ্রির পাশাপাশি স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

এ ছাড়া কোনো স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে তিন বছর মেয়াদি স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন।

আবেদনকারীকে বাংলাদেশ বার কাউন্সিলের সনদপ্রাপ্ত হতে হবে।

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট erecruitment.bb.org.bd-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদন ফি: ২০০ টাকা।

আবেদনের শেষ সময়: ২৩ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট।

নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। তাই আগ্রহী প্রার্থীদের শেষ তারিখের আগেই আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

কালের আলো/এসএ