খুঁজুন
                               
, ,
           

ম্যাকাইয়ে স্টার্ক-ঝড়, বাংলাদেশের ৩৫ রানেই ৬ উইকেট

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১১:২১ পূর্বাহ্ণ
ম্যাকাইয়ে স্টার্ক-ঝড়, বাংলাদেশের ৩৫ রানেই ৬ উইকেট

ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় টেস্ট ক্রিকেটের অভিষেকটা অস্ট্রেলিয়ানদের প্রত্যাশামতোই হচ্ছে। প্রথম সেশনেই মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৩৫ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছে বাংলাদেশ।

ইনিংসের সপ্তম ওভারের মধ্যেই বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে প্রায় গুঁড়িয়ে দেন স্টার্ক। টেস্ট ক্যারিয়ারে নিজের ১৯তম পাঁচ উইকেট পূর্ণ করেন তিনি মাত্র ২২ বলে। যদিও নিজের বিশ্বরেকর্ড ভাঙতে পারেননি। টেস্টের এক ইনিংসে দ্রুততম পাঁচ উইকেটের রেকর্ড এখনো স্টার্কেরই—১৫ বলে। গত বছর ১৪ জুলাই কিংস্টনের স্যাবাইনা পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন তিনি।

স্টার্কের এমন বোলিংয়ে সবচেয়ে খুশি হওয়ার কথা গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার পিচ কিউরেটর পিটার কাজাকফের। গ্যাবার সাবেক এই কিউরেটর একসময়ের ফুটির মাঠকে ক্রিকেটের উপযোগী করে তুলেছেন। ম্যাচের আগের দিনই তিনি জানিয়েছিলেন, এখানকার উইকেট অসম্ভব রকমের পেসবান্ধব—ফাস্ট বোলারদের স্বর্গ। প্রথম সেশনেই স্টার্ক যেন তাঁর কথারই প্রমাণ দিলেন।

মাঠের বাইরেও অবশ্য ম্যাকাইয়ে ছিল উৎসবের আবহ। টেস্ট ক্রিকেটের অভিষেক ঘিরে সকাল থেকেই গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় দর্শকদের ঢল নামে। খেলা শুরুর এক ঘণ্টা আগেই গ্র্যান্ড স্ট্যান্ড, ছাদ দেওয়া গ্যালারি ও মাঠের আশপাশের মাটির ঢিবিগুলো দর্শকে প্রায় পূর্ণ হয়ে যায়। পার্কিংয়ের জায়গা না পেয়ে অনেক দর্শক গাড়ি দূরে রেখে হেঁটে মাঠে আসেন।

ম্যাকাইয়ের স্থানীয় দর্শকদের পাশাপাশি অস্ট্রেলিয়ার বিভিন্ন শহর থেকে বাংলাদেশি প্রবাসীরাও এসেছেন ম্যাচ দেখতে। ডারউইনে বাংলাদেশের জয়ের পর তাঁদের প্রত্যাশা ছিল ম্যাকাইয়েও দল ভালো ক্রিকেট খেলবে। সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেন থেকেও অনেক বাংলাদেশি দর্শক এসেছেন।

মাঠে আসা বাংলাদেশি কিশোর ক্রিকেটার তাওহীদের মতো অনেকের কাছেই এই ম্যাচ ছিল বিশেষ অভিজ্ঞতা। তাওহীদ নিজে ক্রিকেট খেলে এবং বাংলাদেশ দলের অনুশীলনে নেট বোলার হিসেবেও সুযোগ পেয়েছে। তার চোখে, গত বছর অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার ওয়ানডের তুলনায় এবার দর্শকদের উপস্থিতি অনেক বেশি।

ম্যাচ শুরুর আগে স্থানীয় আদিবাসীদের প্রতিনিধি ‘এল্ডার আন্টি’ হিসেবে পরিচিত ডেব ক্লার্ক ম্যাকাইয়ে টেস্ট ক্রিকেটকে স্বাগত জানান। তিনি সুন্দর ক্রিকেটের প্রত্যাশা ব্যক্ত করেন।

তবে প্রথম সেশনের ক্রিকেটে সেই প্রত্যাশা পূরণ হয়নি বাংলাদেশের। স্টার্কের পেস-ঝড়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দলটি। এখন ম্যাচের বাকি সময় বাংলাদেশ ঘুরে দাঁড়িয়ে নিজেদের সেই ভালো ক্রিকেটটা দেখাতে পারে কি না, সেটিই দেখার বিষয়।

কালের আলো/এসএ

ইসলামিক নিরাপত্তা জোট হলে বাংলাদেশ অংশ নেবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৬:২৭ অপরাহ্ণ
ইসলামিক নিরাপত্তা জোট হলে বাংলাদেশ অংশ নেবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মক্কা ডিফেন্স প্যাক্টে বাংলাদেশ আগ্রহী বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মক্কা ডিফেন্স প্যাক্ট নিয়ে কোনো অগ্রগতি হয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এ চুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করছে। মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বের বিভিন্ন অংশীজনের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ ও অংশগ্রহণের সুযোগ তৈরি হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে বিভিন্ন জায়গায় আমন্ত্রণ জানানো হচ্ছে এবং বাংলাদেশ এসব উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছে।

তিনি আরও বলেন, মক্কার সঙ্গে বাংলাদেশের মানুষের আবেগ ও সম্পর্কের একটি বিশেষ জায়গা রয়েছে। ইসলামিক দেশগুলোর মধ্যে কোনো ধরনের নিরাপত্তা চুক্তি গড়ে উঠলে সেখানে বাংলাদেশের অংশগ্রহণ অস্বাভাবিক হবে না।

মক্কা ডিফেন্স প্যাক্ট সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত একটি ত্রিদেশীয় প্রতিরক্ষা চুক্তি। গত ৭ আগস্ট মক্কায় চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি

মন্ত্রিপরিষদের বৈঠক চলছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৬:২১ অপরাহ্ণ
মন্ত্রিপরিষদের বৈঠক চলছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক শুরু হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেল ৫টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।

মন্ত্রিপরিষদে যুক্ত হওয়া নতুন সদস্যরাও সভায় অংশ নিয়েছেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য জানান।

কালের আলো/আরডি/এমডিএইচ

বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে আনসার মহাপরিচালকের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৬:১৫ অপরাহ্ণ
বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে আনসার মহাপরিচালকের সাক্ষাৎ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে আনসার ও ভিডিপির মহাপরিচালক নবনিযুক্ত মন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান।

বৈঠকে দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পেশাদারিত্ব ও সুনামের সঙ্গে দায়িত্ব পালনের বিষয়টি বিশেষভাবে প্রশংসিত হয়। মন্ত্রী দেশের গেটওয়ে খ্যাত বিমানবন্দরগুলোর সার্বিক শৃঙ্খলা, যাত্রী ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তায় আনসার সদস্যদের নিবেদিত ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান। এ সময় আনসার মহাপরিচালক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনালের নিরাপত্তায় অঙ্গীভূত আনসার সদস্যদের মোতায়েন ও সমন্বয়সংক্রান্ত প্রয়োজনীয় প্রস্তুতিমূলক পদক্ষেপ সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।

আলোচনায় দেশ ও মানুষের কল্যাণে মন্ত্রণালয় ও বাহিনীর পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের পর্যটন খাতের টেকসই উন্নয়নে সবার আগে বাংলাদেশ মন্ত্রে উজ্জীবিত হয়ে একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।

কালের আলো/আরডি/এমডিএইচ