খুঁজুন
                               
, ,
           

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৮, মামলা ৮৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ণ
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৮, মামলা ৮৬

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৮৬টি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) ডিএমপির ডিসি (মিডিয়া) মোহাম্মদ আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৩ জন, লালবাগে ৩০ জন, ওয়ারীতে ৬৫ জন, মতিঝিলে ৪৩ জন, তেজগাঁওয়ে ৭৮ জন, মিরপুরে ১১৬ জন, গুলশানে ৩৭ জন, উত্তরা বিভাগে ৩১ জন, গোয়েন্দা বিভাগে একজন এবং সিটিটিসির অভিযানে চারজন রয়েছেন।

অভিযানকালে ১ হাজার ৫৫ পিস ইয়াবা, ১৪ পুরিয়া গাঁজা, ২৬ পুরিয়া হেরোইন, নয়টি মুঠোফোন, একটি চাকু, একটি কাটার, নগদ ১ লাখ ১১ হাজার ৫৮৯ টাকা ও একটি ভুয়া স্টুডেন্ট আইডি কার্ড উদ্ধার করা হয়েছে।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

 

আইনশৃঙ্খলার নাজুক উত্তরাধিকার 

ইউনূস আমলের ব্যর্থতা—এখন সরকারকে ঘিরে ষড়যন্ত্র

কালের আলো রিপোর্ট
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৭ অপরাহ্ণ
ইউনূস আমলের ব্যর্থতা—এখন সরকারকে ঘিরে ষড়যন্ত্র

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আবারও জনমনে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। সাম্প্রতিক কয়েকটি হত্যাকাণ্ড, টার্গেট কিলিং, বন্দুক হামলা ও সংঘর্ষের ঘটনা সাধারণ মানুষকে স্তম্ভিত করেছে। তবে বর্তমান পরিস্থিতিকে শুধু সাম্প্রতিক ঘটনাপ্রবাহ দিয়ে বিচার করলে এর পূর্ণ চিত্র পাওয়া যাবে না। দেশের নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতির একটি বড় অংশ বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার আগেই তৈরি হয়েছিল। সেই সংকটের উত্তরাধিকার নিয়েই দায়িত্ব নিয়েছে বর্তমান সরকার।

একই সঙ্গে বর্তমান পরিস্থিতির জন্য ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়কার সিদ্ধান্ত, ব্যর্থতা ও আইন প্রয়োগে দুর্বলতার দায়ও এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। রাজনৈতিক পটপরিবর্তনের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলোর ওপর যে চাপ তৈরি হয়েছিল, অপরাধী চক্রের পুনরুত্থান, মব সন্ত্রাসের বিস্তার এবং বিচারহীনতার যে অভিযোগ উঠেছিল—তার প্রভাব এখনও কাটেনি। ফলে অতীতের সংকটের সঙ্গে নতুন করে যুক্ত হচ্ছে সংঘবদ্ধ অপরাধ ও সহিংসতার ঘটনা।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত তিন মাসে সারা দেশে ৯১৫টি হত্যাকাণ্ডের মামলা নথিভুক্ত হয়েছে। অর্থাৎ গড়ে প্রতিদিন ১০টিরও বেশি হত্যাকাণ্ডের মামলা হয়েছে। এর পাশাপাশি বিভিন্ন এলাকায় সশস্ত্র হামলা, রাজনৈতিক সংঘাত ও অপরাধী গোষ্ঠীর আধিপত্য বিস্তারের লড়াই পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। বিশ্লেষকদের মতে, অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার, আইন প্রয়োগকারী সংস্থার সক্ষমতা ও মনোবলের সংকট এবং রাজনৈতিক অস্থিরতার সুযোগে অপরাধী গোষ্ঠীগুলোর সক্রিয় হয়ে ওঠা বর্তমান পরিস্থিতির অন্যতম কারণ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও অভ্যন্তরীণ কোন্দল যখন সংঘাতে রূপ নেয়, তখন অপরাধী গোষ্ঠীগুলোও নিজেদের স্বার্থে সেই পরিস্থিতি ব্যবহার করে। এর ফলে সুনির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে হামলা ও হত্যার ঝুঁকি বাড়ে।

ইউনূস সরকারের দায় কোথায়
বর্তমান সরকার আইনশৃঙ্খলার যে পরিস্থিতি উত্তরাধিকার সূত্রে পেয়েছে, তার পেছনে আগের দীর্ঘ সময়ের রাজনৈতিক ও প্রশাসনিক সংকট ছিল—এটি অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্টের পর ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থেকেও সেই সংকট পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি। বরং ওই সময়ে নেওয়া কিছু সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও জটিল করেছে বলে অভিযোগ রয়েছে।

প্রথমত, রাজনৈতিক পটপরিবর্তনের পর কারাগার থেকে বিভিন্ন শ্রেণির বন্দির মুক্তি নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। চিহ্নিত অপরাধী ও জঙ্গি সংশ্লিষ্ট ব্যক্তিদের কেউ কেউ মুক্তির পর আবার সংগঠিত হওয়ার সুযোগ পেয়েছে—এমন অভিযোগও রয়েছে। সমালোচকদের মতে, যথাযথ নজরদারি ছাড়া অপরাধী চক্রের পরিচিত সদস্যরা বাইরে আসায় তাদের পুনরায় সক্রিয় হওয়ার সুযোগ তৈরি হয়।

দ্বিতীয়ত, ইউনূস সরকারের সময়ে মব সন্ত্রাসের বিস্তার নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং প্রকাশ্যে মানুষকে মারধরের মতো ঘটনায় অনেক সময় তাৎক্ষণিক ও দৃশ্যমান আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। এর ফলে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা উৎসাহিত হয়েছে—এমন মতও দিয়েছেন অনেকে।

তৃতীয়ত, বিচারহীনতার অভিযোগ পরিস্থিতিকে আরও দুর্বল করেছে। প্রকাশ্যে পিটিয়ে হত্যা, রাজনৈতিক বা সামাজিক পরিচয়ের কারণে হামলা এবং বিভিন্ন স্থাপনা ও স্মৃতিচিহ্নে ভাঙচুরের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত না হলে অপরাধীদের মধ্যে দায়মুক্তির সংস্কৃতি তৈরি হয়। রাষ্ট্রের আইন প্রয়োগে দুর্বলতা দেখা দিলে সাধারণ মানুষের মধ্যেও আইনের প্রতি আস্থা কমে যায়।

চতুর্থত, পুলিশের মনোবল ও কার্যক্ষমতার সংকটও বড় কারণ। ৫ আগস্টের পর পুলিশ সদস্যদের ওপর হামলা, থানায় আক্রমণ এবং ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে বাহিনীটি গভীর সংকটে পড়ে। পরবর্তী সময়ে পুলিশকে পুনর্গঠন ও তাদের মনোবল ফিরিয়ে আনার পাশাপাশি পেশাগত সক্ষমতা নিশ্চিত করার প্রয়োজন ছিল। কিন্তু সেই প্রক্রিয়া প্রত্যাশিত গতিতে এগোয়নি বলে সমালোচনা রয়েছে।

পঞ্চমত, আইনের শাসনের প্রতি আস্থার সংকট তৈরি হয়েছে। রাজনৈতিক পরিচয়, জনতার শক্তি কিংবা প্রভাবের কারণে কেউ যেন আইনের ঊর্ধ্বে উঠে যেতে না পারে—এটি নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। এই জায়গায় দুর্বলতা তৈরি হলে অপরাধীরা উৎসাহিত হয় এবং সাধারণ মানুষের নিরাপত্তাবোধ নষ্ট হয়।

সংকটের সুযোগে সরকারবিরোধী ষড়যন্ত্র?
এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে কেন্দ্র করে বর্তমান সরকারের বিরুদ্ধে পরিকল্পিতভাবে জনমত তৈরির চেষ্টা চলছে কি না, সেই প্রশ্নও উঠেছে। সরকারের বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান থাকা স্বাভাবিক; কিন্তু কোনো সংকটকে ইচ্ছাকৃতভাবে আরও ঘনীভূত করে রাষ্ট্র ও সরকারের প্রতি মানুষের আস্থা নষ্ট করার চেষ্টা থাকলে সেটি অবশ্যই গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। বিদ্যুৎ ও জ্বালানি সংকট থেকে শুরু করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি—বিভিন্ন সংকটের নেপথ্যে কোনো বিশেষ মহলের পরিকল্পিত তৎপরতা আছে কি না, তা নিয়ে অভিযোগ ও আলোচনা রয়েছে। তবে এসব অভিযোগকে রাজনৈতিক বক্তব্যে সীমাবদ্ধ না রেখে গোয়েন্দা ও আইনশৃঙ্খলা সংস্থার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করা জরুরি। বর্তমান সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো—একদিকে উত্তরাধিকারসূত্রে পাওয়া নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়া, অন্যদিকে কোনো পরিকল্পিত উসকানি বা ষড়যন্ত্রের সুযোগ না দেওয়া। এ ক্ষেত্রে সরকারের ভেতর থেকেও দায়িত্বশীল ও সংযত বক্তব্য আসতে হবে। উত্তেজনাকর মন্তব্য বা পাল্টাপাল্টি রাজনৈতিক বক্তব্য পরিস্থিতিকে আরও ঘোলাটে করতে পারে।

এখন প্রয়োজন কঠোরতা ও আস্থা ফেরানো
আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখতে হবে। অপরাধীদের বিরুদ্ধে অভিযান, অবৈধ অস্ত্র উদ্ধারের উদ্যোগ, আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় করা এবং সংঘবদ্ধ অপরাধ দমনে পদক্ষেপ—এসব কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। তবে শুধু অভিযান নয়, অপরাধের দ্রুত বিচার এবং রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সমানভাবে আইন প্রয়োগই হবে সবচেয়ে কার্যকর বার্তা। অপরাধী যে দলেরই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে পুলিশকে জবাবদিহির মধ্যে রেখে তাদের প্রয়োজনীয় সক্ষমতা ও মনোবল ফিরিয়ে দিতে হবে। বর্তমান আইনশৃঙ্খলা সংকটের দায় একক কোনো সময় বা সরকারের ওপর চাপিয়ে দিলে সমস্যার পূর্ণ সমাধান হবে না। কিন্তু দেশের নাজুক পরিস্থিতি উত্তরাধিকার হিসেবে পাওয়া এবং ড. ইউনূস সরকারের আমলে সংঘটিত বিভিন্ন সিদ্ধান্ত ও ব্যর্থতার কারণে সংকট আরও গভীর হওয়ার অভিযোগও উপেক্ষা করা যায় না। এর সঙ্গে যদি বর্তমান সরকারকে ব্যর্থ প্রমাণে কোনো পরিকল্পিত অপতৎপরতা থেকে থাকে, সেটিও কঠোরভাবে শনাক্ত ও প্রতিহত করতে হবে।

কালের আলো/এসআর/এএএন

ডিএমপির অভিযানে ৬৪ মামলা, গ্রেপ্তার ৪২৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৩ অপরাহ্ণ
ডিএমপির অভিযানে ৬৪ মামলা, গ্রেপ্তার ৪২৯

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন অভিযোগে ৬৪টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন গণমাধ্যমকে এসব তথ্য জানান।

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২২ জন, লালবাগে ২২, ওয়ারীতে ৩৯, মতিঝিলে ৬৬, তেজগাঁওয়ে ৬২, মিরপুরে ১৪৪, গুলশানে ৩৫ এবং উত্তরা বিভাগে ৩৯ জন রয়েছেন। এছাড়া গোয়েন্দা বিভাগ আরও দুজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে ৮২২ পিস ইয়াবা, ১৯ কেজি ১৮৫ গ্রাম গাঁজা এবং ৮৮ বোতল এস্কাফ সিরাপ জব্দ করা হয়েছে।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

বিক্ষোভে উত্তাল স্পেন, চাপে সানচেজ সরকার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৯ অপরাহ্ণ
বিক্ষোভে উত্তাল স্পেন, চাপে সানচেজ সরকার

আফ্রিকার উপকূলে স্পেনের বিচ্ছিন্ন অঞ্চল সেউতায় বিপুলসংখ্যক অভিবাসী প্রবেশের ঘটনায় দেশজুড়ে রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। সরকারের ভূমিকার প্রতিবাদে স্পেনের বিভিন্ন শহরে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীদের অন্যতম দাবি—প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের পদত্যাগ।

গত ৩০ ও ৩১ জুলাই মরক্কো থেকে প্রায় ৭২ হাজার অভিবাসী সেউতায় প্রবেশ করেন। তাঁদের বেশির ভাগকে পরে ফেরত পাঠানো হলেও প্রায় ৫ হাজার মানুষ এখনো অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রয়েছেন। অনেকে শহরের বিভিন্ন সড়ক ও সমুদ্রসৈকতেও অবস্থান করছেন। এতে সেউতায় জননিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা ও অভিবাসননীতি নিয়ে উদ্বেগ বেড়েছে।

সেউতায় বিপুলসংখ্যক মানুষের প্রবেশের পেছনে কী ঘটেছিল, তা নিয়ে এখনো বিতর্ক রয়েছে। স্পেনের একটি পুলিশ প্রতিবেদনে বলা হয়েছে, ওই সময় সীমান্তের কাছে মরক্কোর নিরাপত্তা বাহিনীর উপস্থিতি স্বাভাবিক সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম ছিল। সীমান্ত পার হওয়া অভিবাসীদের অনেকেই জানিয়েছেন, মরক্কোর নিরাপত্তা বাহিনী তাঁদের কার্যকরভাবে বাধা দেয়নি।

তবে প্রতিবেদনে সরাসরি বলা হয়নি যে মরক্কো সরকার বা দেশটির নিরাপত্তা বাহিনী ইচ্ছাকৃতভাবে অভিবাসীদের সেউতায় প্রবেশের সুযোগ দিয়েছে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও মরক্কোকে সরাসরি দায়ী করতে রাজি নন। তাঁর দাবি, মানবপাচারকারী চক্র এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য বিপুলসংখ্যক মানুষকে সীমান্ত পার হওয়ার জন্য উৎসাহিত করেছে।

অন্যদিকে মরক্কোও নিজেদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে।

সেউতায় অভিবাসীদের ঢলের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে সীমান্ত পার হওয়ার বিষয়ে ব্যাপক প্রচারণা চালানো হয়েছিল বলে জানিয়েছে স্পেনের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান মালদিতা।

কিছু বার্তায় মরক্কো-সেউতা সীমান্তের বেড়াকে সহজে পার হওয়া সম্ভব এবং তুলনামূলক নিরাপদ হিসেবে তুলে ধরা হয়েছিল। এসব প্রচারণা মানুষের মধ্যে সীমান্ত পার হওয়ার আগ্রহ বাড়িয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে এই প্রচারণার পেছনে কারা ছিল এবং এর সঙ্গে কোনো সংগঠিত মানবপাচারকারী চক্র জড়িত ছিল কি না, তা এখনো পুরোপুরি পরিষ্কার নয়।

সেউতায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রায় প্রতিদিনই বিক্ষোভ হচ্ছে। তাঁদের দাবি, সীমান্ত পেরিয়ে আসা অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে হবে এবং পরিস্থিতি সামাল দিতে তাঁদের স্পেনের অন্যান্য অঞ্চলে পুনর্বণ্টন করতে হবে।

বুধবার স্পেনের বিভিন্ন শহরে বড় আকারের বিক্ষোভ অনুষ্ঠিত হয়। রাজধানী মাদ্রিদে সরকারি হিসাবে ৫০ হাজারের বেশি মানুষ বিক্ষোভে অংশ নেন।

বিক্ষোভে যোগ দেন প্রধান বিরোধী দল পিপির নেতা আলবের্তো নুনিয়েস ফেইহো। তিনি অভিযোগ করেন, সেউতাকে কার্যত অবরুদ্ধ অবস্থায় ফেলে রাখা হয়েছে এবং সরকার পরিস্থিতি সম্পর্কে আগে থেকেই অবগত ছিল।

কট্টর ডানপন্থী ভক্স পার্টির নেতা সান্তিয়াগো আবাসকালও সানচেজ সরকারের তীব্র সমালোচনা করেছেন। তাঁর অভিযোগ, স্পেনের স্বার্থের চেয়ে মরক্কো সরকারের স্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছে সানচেজ সরকার।

সেউতায় বিক্ষোভকারীরা ‘সেউতা বিক্রির জন্য নয়’ এবং অঞ্চলটিকে রক্ষার দাবিতে স্লোগান দেন।

সেউতার বাসিন্দাদের মধ্যে উদ্বেগের মাত্রা বোঝা যায় স্থানীয় শিক্ষক ডেভিড হার্নান্দেজের বক্তব্যে। তিনি বলেন, সরকারের প্রতিক্রিয়া যথেষ্ট ছিল না এবং পরিস্থিতি মোকাবেলায় তা অনেক দেরিতে এসেছে।

তাঁর মতে, সেউতার বাসিন্দারা স্পেনের অন্য নাগরিকদের চেয়ে কম গুরুত্বপূর্ণ নন। সীমান্তের নিরাপত্তা ও স্থানীয় মানুষের উদ্বেগকে উপেক্ষা করা উচিত নয়।

এই ক্ষোভ এখন শুধু অভিবাসননীতি নিয়ে নয়; বরং কেন্দ্রীয় সরকারের সক্ষমতা ও সীমান্ত ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তুলছে।

সেউতা ও পাশের স্প্যানিশ স্বায়ত্তশাসিত অঞ্চল মেলিয়াকে দীর্ঘদিন ধরে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে মরক্কো। ফলে অঞ্চল দুটিকে ঘিরে স্পেন ও মরক্কোর মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক টানাপোড়েন রয়েছে।

সেউতায় সাম্প্রতিক অভিবাসী প্রবেশের ঘটনা তাই শুধু অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট নয়; দুই দেশের সম্পর্কের ক্ষেত্রেও নতুন চাপ তৈরি করেছে।

মরক্কোর সীমান্তরক্ষীদের ভূমিকা নিয়ে স্পেনের পুলিশ প্রতিবেদনের তথ্য প্রকাশের পর পরিস্থিতি আরও স্পর্শকাতর হয়েছে। যদিও এখন পর্যন্ত মরক্কো ইচ্ছাকৃতভাবে অভিবাসীদের সীমান্ত পার হতে দিয়েছে—এমন সরাসরি প্রমাণ প্রকাশ্যে আসেনি।

সেউতার সংকট এখন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকারের জন্য একাধিক দিক থেকে বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে।

একদিকে স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করার চাপ, অন্যদিকে হাজারো অভিবাসীর মানবিক ও আইনি অধিকার রক্ষার প্রশ্ন রয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বিরোধী দলগুলোর তীব্র রাজনৈতিক চাপ এবং মরক্কোর সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বিষয়টি।

সবচেয়ে বড় প্রশ্ন হলো—সেউতায় এত বিপুলসংখ্যক মানুষ কীভাবে সীমান্ত অতিক্রম করতে পারলেন এবং ভবিষ্যতে একই ধরনের ঘটনা ঠেকাতে স্পেন কী ব্যবস্থা নেবে।

সেউতার বর্তমান পরিস্থিতি দেখিয়ে দিয়েছে, ইউরোপের অভিবাসন সংকট শুধু শরণার্থী গ্রহণ বা প্রত্যাবাসনের প্রশ্ন নয়। সীমান্ত নিরাপত্তা, সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য, মানবপাচার, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক এবং অভ্যন্তরীণ রাজনীতি—সবকিছু মিলেই এটি এখন একটি জটিল নিরাপত্তা ও রাজনৈতিক ইস্যু।

সেউতায় পরিস্থিতি স্বাভাবিক করতে না পারলে এই সংকট সানচেজ সরকারের ওপর রাজনৈতিক চাপ আরও বাড়াতে পারে। আর মরক্কোর সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে প্রশ্নের নির্ভরযোগ্য উত্তর না মিললে দুই দেশের সম্পর্কেও নতুন করে উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

সূত্র: BBC

কালের আলো/এসএ