খুঁজুন
                               
, ,
           

‘ভালো হয়ে যাও মাসুদ’ এবার ঢাকায় বদলি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩৪ পূর্বাহ্ণ
‘ভালো হয়ে যাও মাসুদ’ এবার ঢাকায় বদলি

তৎকালীন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’ মন্তব্যের পর আলোচনায় আসা বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তা মো. মাসুদ আলমকে চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হয়েছে।

গত ৩১ আগস্ট বিআরটিএ চেয়ারম্যানের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ বদলি ও পদায়নের তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে।

অফিস আদেশ অনুযায়ী, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) পদে বদলি করা হয়েছে।

অন্যদিকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শফিকুজ্জামান ভূঞাকে একই পদে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে বদলি করা হয়েছে। ফলে চট্টগ্রামে মাসুদ আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন শফিকুজ্জামান ভূঞা।

এর আগে বিআরটিএর অনিয়ম ও কর্মকর্তাদের ভূমিকা নিয়ে আলোচনার সময় তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মো. মাসুদ আলমকে উদ্দেশ করে ওই মন্তব্য করেছিলেন। এরপর থেকেই বিভিন্ন মহলে আলোচনায় আসেন বিআরটিএর এই কর্মকর্তা।

এবার চট্টগ্রাম থেকে ঢাকায় বদলির খবর প্রকাশের পর নতুন করে আলোচনায় এসেছে ‘ভালো হয়ে যাও মাসুদ’ মন্তব্যটি।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

পাকিস্তানের প্রথম চিফ অব ডিফেন্স ফোর্সেস আসিম মুনির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩৪ পূর্বাহ্ণ
পাকিস্তানের প্রথম চিফ অব ডিফেন্স ফোর্সেস আসিম মুনির

পাকিস্তানের সামরিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এসেছে। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো সেনা, নৌ ও বিমান বাহিনীকে একক কর্মকর্তার অধীনে এনে ‘চিফ অব ডিফেন্স ফোর্সেস’ (সিডিএফ) পদ সৃষ্টি করা হয়েছে। নতুন এই পদে দায়িত্ব নিয়েছেন দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।

‘ডিফেন্স ফোর্সেস অব পাকিস্তান অ্যাক্ট, ২০২৬’ নামে নতুন আইনটি আগস্টের শেষ দিকে জাতীয় পরিষদে পাস হয়। এর মাধ্যমে সিডিএফ পদ সৃষ্টি করা হয় এবং তিন বাহিনীর ওপর সরাসরি পরিচালনাগত ও কমান্ড ক্ষমতা দেওয়া হয়েছে।

নতুন দায়িত্বের পাশাপাশি আসিম মুনির সেনাপ্রধানের পদেও বহাল থাকছেন। ফলে একই কর্মকর্তা পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান এবং তিন বাহিনীর সমন্বিত কমান্ড কাঠামোর শীর্ষ দায়িত্ব পালন করবেন।

এর আগে পাকিস্তানের তিন বাহিনীর মধ্যে সমন্বয়ের জন্য ‘চেয়ারম্যান অব দ্য জয়েন্ট চিফস অব স্টাফ কমিটি’ পদটি ছিল। ১৯৭৬ সালে চালু হওয়া ওই পদে মূলত সমন্বয়ের দায়িত্ব থাকলেও নৌ ও বিমান বাহিনীর ওপর সরাসরি কমান্ডের ক্ষমতা ছিল না।

নতুন সিডিএফ পদটি সেই ব্যবস্থার পরিবর্তে কার্যকর করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, নতুন কাঠামোর ফলে প্রধানমন্ত্রী থেকে মাঠপর্যায়ের সামরিক ইউনিট পর্যন্ত একটি সুস্পষ্ট কমান্ড চ্যানেল তৈরি হয়েছে।

অবসরপ্রাপ্ত একাধিক সামরিক কর্মকর্তার মতে, আগের সমন্বয়কারী পদের তুলনায় সিডিএফ অনেক বেশি ক্ষমতাবান। নতুন পদে থাকা কর্মকর্তা তিন বাহিনীর ওপর সরাসরি সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষমতা রাখবেন এবং ফেডারেল সরকারের কাছে জবাবদিহি করবেন।

ফলে পাকিস্তানের সামরিক কমান্ড কাঠামোয় ১৯৭৬ সালের পর এটিকে অন্যতম বড় পুনর্গঠন হিসেবে দেখা হচ্ছে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি

জেলা প্রশাসক গোল্ডকাপে মোহনপুরের টানা দ্বিতীয় শিরোপা

রাজশাহী প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৯ অপরাহ্ণ
জেলা প্রশাসক গোল্ডকাপে মোহনপুরের টানা দ্বিতীয় শিরোপা

রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা ধরে রেখেছে মোহনপুর উপজেলা ফুটবল দল। শনিবার (৫ সেপ্টেম্বর) রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে টাইব্রেকারে দুর্গাপুর উপজেলা ফুটবল দলকে ৩-২ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মোহনপুর।

ফাইনাল ঘিরে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ছিল দর্শকদের উপচেপড়া ভিড়। বিকেল সাড়ে ৩টায় ম্যাচ শুরুর কথা থাকলেও দুপুর থেকেই দুই দলের সমর্থকেরা বিভিন্ন যানবাহনে করে স্টেডিয়ামে আসতে শুরু করেন। ম্যাচ শুরুর আগেই গ্যালারি কানায় কানায় পূর্ণ হয়ে যায়। অনেক দর্শক স্টেডিয়ামের ভেতরে জায়গা না পেয়ে বাইরে অবস্থান করেন। এতে স্টেডিয়াম এলাকায় তীব্র যানজটেরও সৃষ্টি হয়।

ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মোহনপুর। ম্যাচের মাত্র তৃতীয় মিনিটে মোহনপুরের মোমিনুল গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে দুর্গাপুর। একাধিক সুযোগ তৈরি করেও প্রথমদিকে গোলের দেখা পায়নি তারা।

শেষ পর্যন্ত ম্যাচের ২০তম মিনিটে দুর্গাপুরের প্রণয় গোল করে খেলায় সমতা ফেরান। ফলে প্রথমার্ধ ১-১ গোলে শেষ হয়।

দ্বিতীয়ার্ধেও দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে। উভয় দলই গোলের কয়েকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। নির্ধারিত সময় শেষে ১-১ সমতা থাকায় ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে।

টাইব্রেকারে মোহনপুর ৩-২ গোলে দুর্গাপুরকে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে। এর মধ্য দিয়ে গতবারের চ্যাম্পিয়ন মোহনপুর আবারও জেলা প্রশাসক গোল্ডকাপের শিরোপা নিজেদের দখলে রাখে।

টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন দুর্গাপুরের পলাশ। ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন দুর্গাপুরের অধিনায়ক জুবায়ের। টুর্নামেন্টসেরা হয়েছেন মোহনপুরের বাদল। একই দলের রায়হান পেয়েছেন সেরা গোলরক্ষকের পুরস্কার।

ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এমপি।

জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহবুবা হাবিবা, বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবীর এবং পুলিশ সুপার মো. মামুন অর রশিদ।

এ ছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, খেলোয়াড়, দর্শক, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কালের আলো/এসকে/এমএসআইপি 

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টা, হেফাজতে বাইকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৫ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টা, হেফাজতে বাইকার

রাজধানীর ফার্মগেটে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুষ্ঠানস্থলে প্রবেশের সময় নির্ধারিত নিরাপত্তা বেষ্টনীতে ঢোকার চেষ্টা করার অভিযোগে এক মোটরসাইকেল চালককে হেফাজতে নিয়েছে পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর অনুষ্ঠানস্থলে প্রবেশের পর খামারবাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।

পুলিশ জানায়, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর আগমন ও জনসমাগমকে কেন্দ্র করে খামারবাড়ি মোড় থেকে ফার্মগেটমুখী সড়কের বাম পাশের লেন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। তবে ডান পাশের লেনে যান চলাচল স্বাভাবিক ছিল।

প্রধানমন্ত্রীর গাড়িবহর বিজয়সরণি ও উড়োজাহাজ ক্রসিং হয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশের পর ওই বাইকার বন্ধ করে রাখা বাম পাশের লেনে ঢোকার চেষ্টা করেন। এ সময় দায়িত্বে থাকা এক ট্রাফিক সার্জেন্ট তাকে থামিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।

পরে মোটরসাইকেলসহ ওই যুবককে তেজগাঁও থানা পুলিশ হেফাজতে নেয়। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

ওসি মনিরুজ্জামান বলেন, ওই যুবক পুলিশকে জানিয়েছেন, বাম পাশের লেন বন্ধ থাকার বিষয়টি তিনি জানতেন না। তার আগের কোনো অপরাধের রেকর্ড আছে কি না, তা যাচাই করা হয়েছে। তবে এখন পর্যন্ত সন্দেহজনক কোনো তথ্য পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, তাকে জিজ্ঞাসাবাদসহ প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি