বগুড়ায় সড়ক দুর্ঘটনা: প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীকে বহনকারী সরকারি গাড়ির ধাক্কায় আহত ফিরোজা বেগম (৬০) নামে এক বৃদ্ধা মারা গেছেন।
শুক্রবার দুপুর ১২টার দিকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ফিরোজা বেগম শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯টার দিকে মোকামতলা-জয়পুরহাট সড়কের কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় ফিরোজা বেগমকে বহনকারী সরকারি গাড়িটি ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। একই সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ধানক্ষেতে পড়ে যায়।
দুর্ঘটনায় প্রতিমন্ত্রী আবদুল বারীও আহত হন। তার সঙ্গে গাড়িতে সহধর্মিণীও ছিলেন। দুর্ঘটনার পর প্রতিমন্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এদিকে স্থানীয়রা আহত ফিরোজা বেগমকে উদ্ধার করে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, নিহতের মরদেহ হাসপাতালের পুলিশ হেফাজতে রয়েছে। পরিবারের সদস্যরা হাসপাতালে অবস্থান করছেন। তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কালের আলো/এসকে/এমএসআইপি


আপনার মতামত লিখুন
Array