ফাইনালে মুখোমুখি বর্তমান চ্যাম্পিয়ন মোহনপুর ও দুর্গাপুর
রাজশাহীতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষের পথে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টের আর মাত্র একটি ম্যাচ বাকি। আগামীকাল শনিবার বিকেলে ফাইনালে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহনপুর উপজেলা ফুটবল দল ও দুর্গাপুর উপজেলা ফুটবল দল।
গত ২২ আগস্ট রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ৯টি উপজেলা ও একটি সিটি করপোরেশন ফুটবল দলের অংশগ্রহণে শুরু হয় এ টুর্নামেন্ট। শুরু থেকেই প্রতিটি ম্যাচ ঘিরে ছিল দর্শকদের ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস।
টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের লক্ষ্যে রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের দিকনির্দেশনায় জেলা প্রশাসন ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা নিরলসভাবে কাজ করেছেন। জেলা প্রশাসক নিজেও সময় পেলেই মাঠে উপস্থিত হয়ে বিভিন্ন ম্যাচ উপভোগ করেছেন।
টুর্নামেন্টের প্রথম পর্বের ছয়টি ম্যাচসহ দুটি সেমিফাইনাল আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি ম্যাচেই ছিল বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি। বিশেষ করে দুই সেমিফাইনাল ঘিরে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দর্শকদের ঢল নামে।
২২ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে প্রায় ১৭ হাজার দর্শক উপস্থিত ছিলেন। দ্বিতীয় সেমিফাইনালেও প্রায় একইসংখ্যক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়।
টুর্নামেন্টের বিভিন্ন ম্যাচে মাঠে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও উত্তেজনা। কখনও কখনও সেই উত্তাপ গ্যালারিতেও ছড়িয়ে পড়লেও তা কোনো ধরনের সহিংসতায় রূপ নেয়নি। বরং সমর্থকদের উচ্ছ্বাস ও আবেগ ম্যাচগুলোর আকর্ষণ আরও বাড়িয়েছে।
সব দলের সমর্থকরাই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ম্যাচ উপভোগ করেছেন। এতে জয় হয়েছে ফুটবলেরই—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।
শনিবারের ফাইনাল ঘিরে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে। আগের ম্যাচগুলোর মতো ফাইনালেও বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত হয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে খেলা উপভোগ করবেন—এমন প্রত্যাশা আয়োজকদের।

দর্শকদের অংশগ্রহণ ও সহযোগিতার মধ্য দিয়ে রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সফলভাবে শেষ হবে—এটাই এখন সবার প্রত্যাশা।
কালের আলো/এএইচ/এমএসআইপি

আপনার মতামত লিখুন
Array