বিনিয়োগ সহজ করতে ‘বাংলাদেশ ইনভেস্ট’ আইন: শামা ওবায়েদ
বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বিনিয়োগকারীদের বিভিন্ন দপ্তরে ঘুরতে না হয়ে এক জায়গা থেকেই প্রয়োজনীয় সব সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
শনিবার সকালে ঢাকায় ‘আসন্ন জাতিসংঘ সম্মেলন ও বাংলাদেশ ব্র্যান্ডিং’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশিজ (এনআরবি) এ সভার আয়োজন করে।
শামা ওবায়েদ বলেন, ওয়ান স্টপ সার্ভিসের আদলে ‘বাংলাদেশ ইনভেস্ট’ নামে একটি আইন পাস হয়েছে। এর মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা যেন বিভিন্ন দপ্তরে ঘুরতে না হয়, সে ব্যবস্থা করা হচ্ছে। একই সঙ্গে বিনিয়োগকারীদের জন্য ডিজিটাল সেবা সম্প্রসারণ করা হচ্ছে, যাতে কোম্পানি নিবন্ধনসহ প্রয়োজনীয় কাজ অনলাইনে সহজে সম্পন্ন করা যায়।
তিনি বলেন, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে শুধু আহ্বান জানালেই হবে না, বিনিয়োগের জন্য প্রয়োজনীয় পরিবেশও নিশ্চিত করতে হবে। সরকার সেই লক্ষ্যেই কাজ করছে।
বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার অর্থনৈতিক কূটনীতি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার পর সরকার একটি ভঙ্গুর অর্থনীতি ও বিপর্যস্ত ব্যাংকিং খাত পেয়েছে। ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি বিনিয়োগের উপযোগী পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
নাগরিকসেবা সহজ করতে ‘ওয়ান সিটিজেন, ওয়ান কার্ড’ উদ্যোগের কথাও জানান তিনি। একজন নাগরিকের বিভিন্ন সরকারি দপ্তরে থাকা তথ্য সমন্বয় করে একটি সমন্বিত ডেটাবেজ তৈরির কাজ চলছে বলেও জানান।
প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনার কথাও তুলে ধরেন শামা ওবায়েদ। ২০২৭ সালের মধ্যে প্রায় দুই লাখ প্রবাসী কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলবে উল্লেখ করে তিনি বলেন, বিশ্বদরবারে একটি গণতান্ত্রিক, আত্মবিশ্বাসী ও সম্ভাবনাময় বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরার সুযোগ এবার পাওয়া যাবে।
এ ছাড়া জ্বালানি, সৌরবিদ্যুৎ, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, এলএনজির নতুন উৎস ও ব্লু ইকোনমিসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে সরকার কাজ করছে বলে জানান তিনি।
বাংলাদেশকে পর্যটন ও বিনিয়োগবান্ধব করতে ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি পাট ও পাটজাত পণ্য, হস্তশিল্প, কুটিরশিল্প ও স্থানীয় পণ্য আন্তর্জাতিক বাজারে তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ শুধু সমস্যার দেশ নয়, এটি সম্ভাবনার দেশ। পর্যটন, ব্যবসা, বিনিয়োগ ও অর্থনৈতিক উন্নয়নের বিপুল সুযোগ রয়েছে। বাংলাদেশকে বিশ্বদরবারে আধুনিক, আত্মবিশ্বাসী ও সম্ভাবনাময় দেশ হিসেবে তুলে ধরতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
কালের আলো/এসকে/এমএসআইপি

আপনার মতামত লিখুন
Array