বলিভিয়ায় সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০
বলিভিয়ার ভিয়াচা পৌরসভার একটি সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। শুক্রবার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
রাজধানী লা পাজ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে ভিয়াচায় স্থানীয় সময় শুক্রবার দুপুর সাড়ে ২টার দিকে বিস্ফোরণটি ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, সামরিক স্থাপনার যে অংশে আতশবাজি ও অন্যান্য পাইরোটেকনিক সামগ্রী সংরক্ষণ করা হতো, সেখানেই বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মজুত করা আতশবাজি থেকেই বিস্ফোরণের সূত্রপাত হয়ে থাকতে পারে।
ভিয়াচার স্বাস্থ্য বিভাগের পরিচালক রিতা নেব্রাস্কা স্থানীয় টেলিভিশনকে বলেন, ঘটনায় ১০ থেকে ১৫ জনের মৃত্যু হয়ে থাকতে পারে। আহত হয়েছেন ৬২ জন। আহতদের মধ্যে ১৪ জনকে চিকিৎসার জন্য লা পাজের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে তৃতীয় মাত্রার দগ্ধ এক কিশোরীও রয়েছে।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। শক্তিশালী বিস্ফোরণের প্রভাবে আশপাশের কয়েক ডজন বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশির ভাগ বাড়ির জানালার কাচ বিস্ফোরণের ধাক্কায় ভেঙে যায়।
ঘটনার পর সামরিক কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল ও পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়। তারা ঘটনাস্থলে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং আহতদের উদ্ধার করে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে পাঠানোর কাজ করেন।
ভিয়াচার স্বাস্থ্য বিভাগের পরিচালক নেব্রাস্কা জানান, ঘটনাস্থলে এখনো তাপের একটি উৎস সক্রিয় রয়েছে বলে অগ্নিনির্বাপক কর্মীরা সতর্ক করেছেন। এতে সেখানে ফের বিস্ফোরণের ঝুঁকি রয়েছে।
এ কারণে স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থল থেকে অন্তত ১৫০ মিটার দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।
বিস্ফোরণের প্রকৃত কারণ, হতাহতের চূড়ান্ত সংখ্যা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কর্তৃপক্ষের তদন্ত চলছে।
সূত্র: রয়টার্স
কালের আলো/এসএ

আপনার মতামত লিখুন
Array