বাংলাদেশ সীমান্তঘেঁষা ‘চিকেনস নেক’ সুরক্ষায় ভারতের নতুন মহাসড়ক প্রকল্প
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর, যা ভারতের ‘চিকেনস নেক’ নামে পরিচিত, সেই এলাকার যোগাযোগব্যবস্থা আরও শক্তিশালী করতে বড় ধরনের অবকাঠামো প্রকল্প হাতে নিয়েছে ভারত। এ প্রকল্পে ২ হাজার ৭৭ কোটি ১৮ লাখ রুপি ব্যয়ে একটি মহাসড়ক চার লেনে উন্নীত করার অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভারতের কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতিন গডকড়ি এ প্রকল্পের অনুমোদনের কথা জানান।
প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার ৩১ দশমিক ০২ কিলোমিটার দীর্ঘ বাগডোগরা-পানিট্যাঙ্কি-খড়িবাড়ি-গলগলিয়া অংশের জাতীয় মহাসড়ক-৩২৭ চার লেনে উন্নীত করা হবে। মহাসড়কটিতে তিনটি বড় সেতু, একটি রোড ওভারব্রিজ, পাঁচটি হাতি চলাচলের আন্ডারপাস এবং দুই পাশে সার্ভিস রোড নির্মাণের পরিকল্পনা রয়েছে।
নেপাল সীমান্তের গলগলিয়া থেকে শুরু হয়ে সড়কটি বাগডোগরায় গিয়ে জাতীয় মহাসড়ক-২৭-এর সঙ্গে যুক্ত হবে। একই এলাকায় বাগডোগরা বিমানবন্দরের নতুন যাত্রী টার্মিনালও নির্মাণ করা হচ্ছে।
নিতিন গডকড়ি বলেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোরের ওপর দিয়ে যাওয়া এ প্রকল্প উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ আরও শক্তিশালী করবে। একই সঙ্গে নেপাল, ভুটান ও বাংলাদেশের সঙ্গে যোগাযোগ সহজ হবে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে বাগডোগরা, নকশালবাড়ি, খড়িবাড়ি ও পানিট্যাঙ্কি এলাকার যানজট কমার পাশাপাশি বাগডোগরা বিমানবন্দরের যোগাযোগব্যবস্থাও উন্নত হবে। স্থানীয় কৃষি, চা, উদ্যানপালনসহ বিভিন্ন পণ্য দ্রুত বড় বাজারে পৌঁছানোর সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
পরিবেশগত বিষয়ও প্রকল্পে গুরুত্ব পাচ্ছে। হাতির চলাচলের জন্য সন্ন্যাসীঠান, আতল, পানিট্যাঙ্কি ও দেওমানির দুটি স্থানে মোট পাঁচটি আন্ডারপাস নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।
দার্জিলিংয়ের সংসদ সদস্য রাজু বিস্তা প্রকল্পটির অনুমোদনকে স্বাগত জানিয়েছেন। তার মতে, নতুন মহাসড়কটি জাতীয় মহাসড়ক-২৭-এর বিকল্প পথ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং পানিট্যাঙ্কি থেকে ভারত-বাংলাদেশ সীমান্তের ফুলবাড়ী পর্যন্ত আন্তর্জাতিক অর্থনৈতিক করিডোরকে আরও শক্তিশালী করবে।
ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সংযোগের গুরুত্বপূর্ণ পথ শিলিগুড়ি করিডোর। এ করিডোরের যোগাযোগ আরও নিরাপদ ও নির্বিঘ্ন করতে ভূগর্ভস্থ রেলপথ নির্মাণ, বিদ্যমান রেলপথ সম্প্রসারণ এবং উচ্চগতির রেলপথ নির্মাণের মতো আরও কয়েকটি পরিকল্পনাও রয়েছে।
সূত্র: এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া
কালের আলো/এএইচ/এমএসআইপি

আপনার মতামত লিখুন
Array