সংকটের সমাধানে শুধু আন্দোলন নয়, পরিকল্পনাও দিন: রিজভী
গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানে সরকারকে শুধু সমালোচনা না করে বিরোধী দলগুলোকে বিকল্প পরিকল্পনা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
রিজভী বলেন, গ্যাস ও বিদ্যুতের দাবিতে বিরোধীরা লংমার্চ বা বিভিন্ন কর্মসূচি পালন করতে পারেন। তবে এর পাশাপাশি কীভাবে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব, কোথা থেকে জ্বালানি সংগ্রহ করা হবে এবং কীভাবে সংকট মোকাবিলা করা যায়—সে বিষয়ে একটি বিকল্প পরিকল্পনা দেওয়া প্রয়োজন।
তিনি বলেন, সংসদে বিরোধী দলের সদস্যদের কথা বলার সুযোগ রয়েছে। সরকারের সমালোচনা করা গণতন্ত্রের স্বাভাবিক চর্চা। তবে সমালোচনার পাশাপাশি সংকট মোকাবিলায় কার্যকর পরামর্শও দেওয়া উচিত।
পরিকল্পিত অচলাবস্থা তৈরি না করার আহ্বান জানিয়ে রিজভী বলেন, সংকট আরও ঘনীভূত না করে কীভাবে তা নিরসন করা যায়, সে বিষয়ে সবাইকে পরিকল্পনা দিতে হবে। অতীতের সংস্কৃতির পুনরাবৃত্তি হলে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে।
গ্যাস ও বিদ্যুৎ সংকটের পেছনে বৈশ্বিক যুদ্ধ এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থার সংকটের কথাও উল্লেখ করেন তিনি। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি পরিবহনে বাধার কারণে প্রয়োজনীয় জ্বালানি আমদানিতে সংকট তৈরি হয়েছে বলে জানান রিজভী।
জুলাই আন্দোলনে সাংস্কৃতিক কর্মকাণ্ডের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, গান ও নৃত্য মানুষের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করে আন্দোলনের শক্তি বাড়িয়েছিল। একই সঙ্গে বাংলাদেশের লোকজ ঐতিহ্যের ইতিবাচক দিকগুলো ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি ফারহানা বেবীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। এছাড়া বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমদ উজ্জ্বল, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান (সাইদ সোহরাব), বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্ট্যালিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের অভিষেক অনুষ্ঠিত হয়।
কালের আলো/এসকে/এমএসআইপি

আপনার মতামত লিখুন
Array