খুঁজুন
                               
, ,
           

কোটি টাকার রাজস্ব আদায়, নেই নাগরিক সুবিধা

দেড় কোটি টাকা রাজস্ব, শালবাহান হাটে নেই স্যানিটেশন-বর্জ্য ব্যবস্থাপনা

তেঁতুলিয়া (পঞ্চগড়)সংবাদদাতা
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
দেড় কোটি টাকা রাজস্ব, শালবাহান হাটে নেই স্যানিটেশন-বর্জ্য ব্যবস্থাপনা

পঞ্চগড়ের তেঁতুলিয়ার ঐতিহ্যবাহী শালবাহান হাটে কোটি টাকার বাণিজ্য ও বিপুল রাজস্ব আদায় হলেও সেখানে নেই ন্যূনতম নাগরিক সুবিধা। পর্যাপ্ত টয়লেট, বিশুদ্ধ পানি, বিশ্রামাগার ও বর্জ্য ব্যবস্থাপনার অভাবে প্রতি হাটবারে চরম দুর্ভোগ পোহাচ্ছেন ক্রেতা-বিক্রেতা ও পাইকাররা। দীর্ঘদিনের অব্যবস্থাপনায় হাটের বিভিন্ন স্থান ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে।

উত্তরাঞ্চলের অন্যতম প্রাচীন ও বড় এ হাটটি প্রতি শনিবার ও বুধবার বসে। সকাল থেকেই গরু-ছাগল, ধান-পাটসহ বিভিন্ন কৃষিপণ্য নিয়ে এখানে জড়ো হন ব্যবসায়ী ও বিক্রেতারা। পঞ্চগড় ছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে হাজারো ক্রেতা-বিক্রেতা ও পাইকারের সমাগম হয়। প্রতি হাটবারে এখানে কোটি টাকার বেশি বাণিজ্য হয় বলে সংশ্লিষ্টরা জানান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ট্যাক্স, ভ্যাট ও ইজারাসহ শালবাহান হাট থেকে প্রতিবছর উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আদায় হয়। সম্প্রতি হাটটি থেকে প্রায় দেড় কোটি টাকা রাজস্ব আয় হয়েছে। তবে বিপুল রাজস্ব আয়ের তুলনায় হাটের অবকাঠামো ও নাগরিক সুবিধার তেমন উন্নতি হয়নি।

হাটে মাত্র দুটি টয়লেট থাকলেও দীর্ঘদিনের অব্যবস্থাপনায় সেগুলো প্রায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন নারী ও দূরদূরান্ত থেকে আসা ক্রেতা-বিক্রেতারা। নেই পর্যাপ্ত বিশুদ্ধ পানির ব্যবস্থা ও বিশ্রামের জায়গাও।

এ ছাড়া নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার ব্যবস্থা না থাকায় হাটের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ময়লা-আবর্জনা। এতে দুর্গন্ধের পাশাপাশি বাড়ছে স্বাস্থ্যঝুঁকি।

হাটের ইজারাদার রফিকুল ইসলাম বলেন, ময়লা-আবর্জনার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে একাধিকবার জানানো হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য দুটি গাড়ি চাওয়া হলেও তা পাওয়া যায়নি। স্ব-উদ্যোগে অনেকবার হাট পরিষ্কার করেছেন। দুটি ভ্যান পাওয়া গেলে পরিচ্ছন্নতার কাজ সহজ হতো।

স্থানীয় ব্যবসায়ী শরিফুল ইসলাম ও হামিদুর রহমান বলেন, শালবাহান হাট বর্তমানে নোংরা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। মানুষজনের চলাচলও কঠিন হয়ে পড়েছে। প্রয়োজনীয় সুযোগ-সুবিধা না থাকায় দূরদূরান্তের অনেক পাইকার হাটে আসতে আগ্রহ হারাচ্ছেন।

শালবাহান বাজার সভাপতি ও ৪ নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম জানান, গত দুই অর্থবছরে হাট-বাজার উন্নয়নের জন্য প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকা বরাদ্দ পড়ে আছে। কিন্তু কেন উন্নয়নকাজে এসব অর্থ ব্যয় করা হচ্ছে না, তা তিনি জানেন না। নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে উন্নয়নের বরাদ্দ চেয়ে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে।

হাটের ইজারাদার ও ২ নম্বর তিরনইহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলামও দ্রুত বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

হাটের অব্যবস্থাপনার বিষয়টি স্বীকার করে সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। তেঁতুলিয়ার উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এস এম আকাশ ও সহকারী কমিশনার (ভূমি) এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

স্থানীয়দের দাবি, প্রতিবছর বিপুল পরিমাণ রাজস্ব আদায় হলেও শালবাহান হাটে ন্যূনতম নাগরিক সুবিধা না থাকা দুঃখজনক। দ্রুত অবকাঠামো উন্নয়ন, নিরাপদ পানি, স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা হলে ক্রেতা-বিক্রেতাদের দুর্ভোগ কমার পাশাপাশি হাটটির ব্যবসায়িক কার্যক্রমও আরও সম্প্রসারিত হবে।

কালের আলো/এসকে/এমএসআইপি 

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করবেন ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০১ অপরাহ্ণ
রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করবেন ডা. শফিকুর রহমান

হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় মিরপুর-১ নম্বরের রাড্ডা এলাকায় অবস্থিত ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যসেবা কেন্দ্রটি পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে তার।

জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মু. আতাউর রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, মুখোশধারী একদল ব্যক্তি স্বাস্থ্যসেবা কেন্দ্রটিতে প্রবেশ করে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে মালামাল লুট করে। পরে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ভবন ও বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হয়।

এ ঘটনায় শাহ আলী থানায় মামলা হয়েছে। পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ঘটনার পর জামায়াত আমির ডা. শফিকুর রহমান হামলা, ভাঙচুর ও লুটপাটে জড়িতদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি স্বাস্থ্যসেবা কেন্দ্রটিতে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবারের পরিদর্শনকালে ডা. শফিকুর রহমান ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যসেবা কেন্দ্রের বিভিন্ন অংশ সরেজমিনে দেখবেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ ছাড়া আইনশৃঙ্খলা ফিরবে না: নাহিদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৩ অপরাহ্ণ
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ ছাড়া আইনশৃঙ্খলা ফিরবে না: নাহিদ

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে দায়িত্বে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, ২০২৪ সালের ৬ আগস্টের পর বিএনপির বিরুদ্ধে যে নৈরাজ্য, দখলবাজি, সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ উঠেছিল, তার ধারাবাহিকতা এখনো চলছে বলে তারা মনে করেন। সাম্প্রতিক সময়ে মিরপুরের রাড্ডা সেন্টার ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনাকে উদাহরণ হিসেবে তুলে ধরে তিনি প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ করেন।

তিনি বলেন, এসব ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনগণের সামনে উদ্বেগ স্পষ্ট হয়েছে। এ পরিস্থিতির জন্য বর্তমান সরকার, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করে নাহিদ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব নয়।

মিরপুরের রাড্ডা সেন্টারে ভাঙচুরের প্রসঙ্গে নাহিদ ইসলাম স্থানীয় বিএনপির সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ধরেন। তাঁর দাবি, পুলিশ প্রশাসনের নীরবতা বা সহযোগিতা ছাড়া রাজধানীতে রাতের বেলায় দীর্ঘ সময় ধরে এ ধরনের ঘটনা ঘটানো সম্ভব নয়। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য সংবাদ সম্মেলনে পাওয়া যায়নি।

দেশের অন্যান্য এলাকার কয়েকটি ঘটনার কথাও তুলে ধরেন এনসিপির এই নেতা। হবিগঞ্জে সিএনজি বা অটোরিকশা স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে সংঘর্ষ এবং সাভারে মাদরাসা দখলের চেষ্টার কথা উল্লেখ করে তিনি বলেন, রাজধানীর বাইরেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে।

নাহিদ ইসলাম আরও বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা বলা হলেও বাস্তবে পরিস্থিতির উন্নতি হয়নি বলে তারা মনে করেন। তাঁর অভিযোগ, সরকার দলীয় নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারছে না এবং প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন স্থানে দখল-বাণিজ্য চলছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের সমালোচনা করে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে প্রশ্ন বা জবাবদিহির মুখোমুখি হলে মন্ত্রী মূল বিষয় এড়িয়ে বিভিন্ন বক্তব্য দিয়েছেন।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এনসিপির নেতাকর্মীদের উদ্দেশে বলেন, জনগণের নিরাপত্তার জন্য তাদের পাশে থাকতে হবে। যেখানে দখলদারি, চাঁদাবাজি ও সন্ত্রাসের ঘটনা ঘটছে, সেখানে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

বায়ুদূষণে বিশ্বের শীর্ষ দূষিত শহরের তালিকায় ঢাকা

কালের আলো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৩ অপরাহ্ণ
বায়ুদূষণে বিশ্বের শীর্ষ দূষিত শহরের তালিকায় ঢাকা

ঢাকার বাতাসের মান আজ ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টা ২৯ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচকে ১৬০ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

আইকিউএয়ারের তালিকায় ১৭৬ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। ১৬৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ইন্দোনেশিয়ার জাকার্তা এবং ১৬১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইরাকের বাগদাদ। ১৫৬ স্কোর নিয়ে ভারতের কলকাতা রয়েছে পঞ্চম অবস্থানে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ০ থেকে ৫০ স্কোরের মধ্যে বায়ুর মান ‘ভালো’ বা ‘অনেক ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে তা ‘মাঝারি বা সহনীয়’। ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

এ ছাড়া ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করে আইকিউএয়ার।

জলবায়ু পরিবর্তন, নির্মাণকাজসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং অন্যান্য কারণে বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা বাড়ছে। এর প্রভাব জনস্বাস্থ্যের ওপরও পড়ছে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি