খুঁজুন
                               
, ,
           

দেশের জন্য অবদানে গর্বিত সেনাপ্রধান, অঙ্গীকার প্রধানমন্ত্রীর নির্দেশে জনগণের পাশে থাকার

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১ নভেম্বর, ২০২১, ৮:১০ অপরাহ্ণ
দেশের জন্য অবদানে গর্বিত সেনাপ্রধান, অঙ্গীকার প্রধানমন্ত্রীর নির্দেশে জনগণের পাশে থাকার

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

দেশের মানুষের ভরসা ও বিশ্বাসের মূর্ত প্রতীক দেশপ্রেমিক বাংলাদেশ সেনাবাহিনী। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশ গঠন এবং বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় সেনাবাহিনীর রয়েছে বলিষ্ঠ ভূমিকা। করোনার ঘোর দু:সময়েও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সেনা সদস্যরা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করেছেন।

সহমর্মিতা আর মানবতার মাধ্যমেই প্রতিটি প্রান্তেই মলিন চেহারায় ফুটিয়েছেন অনাবিল আনন্দের আবহ। ত্যাগের মহিমায় ভাস্বর করেছেন নিজেদের। ভূয়সী প্রশংসা পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশবাসীর। জেনারেল ড.এস এম শফিউদ্দিন আহমেদ সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই প্রধানমন্ত্রীর নির্দেশে ‘টিম স্পিরিট’ নিয়েই করোনার বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন।

সামাজিক দূরত্ব নিশ্চিত, গরিব ও দুস্থ মানুষের আহারের বন্দোবস্ত, বিনামূল্যে চিকিৎসা সেবা সবকিছুই সমান তালেই সামলেছেন। তাঁর নেতৃত্বেই অভাবী ও অসহায় মানুষের মাঝে সহমর্মিতা ও হৃদ্যতার আলো বিলিয়েছেন প্রতিটি সেনা সদস্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পেলে দুর্যোগ মোকাবিলায় আগামীতেও সেনাবাহিনী জনগণের পাশে থাকবে, এমন সুদৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

তিনি বলেছেন, ‘আমরা করোনাকালীন সময়ে এবং বিভিন্ন দুর্যোগে প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়ে জনগণের পাশে দাঁড়িয়েছি। আমরা দেশের জন্য অবদান রাখতে পেরেছি, এজন্য আমরা গর্বিতবোধ করি। বাংলাদেশ সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়াতে সব সময়ই প্রস্তুত। যেকোন পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়াতে এবং সরকারের প্রত্যাশা পূরণে আমরা প্রস্তুত রয়েছি।’

সোমবার (০১ নভেম্বর) খুলনাস্থ জাহানাবাদ সেনানিবাসে আর্মি সার্ভিস কোর সেন্টার এ্যান্ড স্কুল (এএসসিসিএ্যান্ডএস)-এ বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোর (এএসসি) এর ৪০তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি শেষে অপেক্ষমান গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপে সেনাপ্রধান এসব কথা বলেন।

এর আগে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বার্ষিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত সামরিক কর্মকর্তা এবং আর্মি সার্ভিস কোরের অধিনায়কদের উদ্দেশ্যে তাঁর দিক নির্দেশনা এবং উপদেশমূলক বক্তব্য প্রদান করেন।

এ সময় তিনি মহান স্বাধীনতা যুদ্ধে আর্মি সার্ভিস কোরের আত্মোৎসর্গকারী বীর শহীদদের সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন। বক্তব্যে তিনি আধুনিক যুদ্ধক্ষেত্রে প্রযুক্তিগত অগ্রগতির সাথে সামঞ্জস্যপূর্ণ অত্যাধুনিক, বাস্তবমূখী এবং উদ্ভাবনী চিন্তা-চেতনা সম্পন্ন প্রশিক্ষণের উপর গুরুত্বারোপ করেন।

সেনাপ্রধান দেশে এবং আন্তর্জাতিক পরিমন্ডলে আর্মি সার্ভিস কোরের ভূমিকার প্রশংসা করেন এবং কোরের প্রতিটি সদস্যকে অভিনন্দন জানান। সম্মেলনে আর্মি ট্রেনিং এ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমান, সেনাসদরের কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল মো.সাইফুল আলম, সেনাসদর, স্থানীয় ফরমেশন এবং আর্মি সার্ভিস কোরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, আর্মি সার্ভিস কোরের ৪০তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে সেনাপ্রধানের উপস্থিতিতে অংশগ্রহণকারীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়। কোরের প্রতিটি সদস্যদের মাঝে দেশসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপনের প্রত্যয় পুনর্ব্যক্ত হয়েছে।

কালের আলো/জিকে/এমএএএমকে

নিউইয়র্কে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ণ
নিউইয়র্কে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিস-আইমে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দুই দেশের সরকারপ্রধানের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও হাইতির দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই নেতা। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করেন তারা।

দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয় বৈঠকে।

এ ছাড়া বাণিজ্য, উন্নয়ন ও কূটনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও হাইতির বিদ্যমান সম্পর্ক সম্প্রসারণের নতুন সম্ভাবনা নিয়েও আলোচনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিস-আইমে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অধিবেশনের বিভিন্ন কর্মসূচির পাশাপাশি বিশ্বনেতাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় ও সাইডলাইন বৈঠকে অংশ নিচ্ছেন তিনি।

কালের আলো/এমএসআইপি 

রাজশাহীতে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি, চ্যাম্পিয়ন দুর্গাপুর-গোদাগাড়ী

রাজশাহী সংবাদদাতা
প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৪ অপরাহ্ণ
রাজশাহীতে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি, চ্যাম্পিয়ন দুর্গাপুর-গোদাগাড়ী

রাজশাহীতে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে পুরুষ বিভাগে দুর্গাপুর থানা দল এবং নারী বিভাগে গোদাগাড়ী থানা দল চ্যাম্পিয়ন হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজশাহী পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের আয়োজনে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর ফাইনাল, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

চ্যাম্পিয়নশিপে জেলার আটটি পুরুষ দল ও চারটি নারী দল অংশ নেয়। ফাইনালে পুরুষ বিভাগে চারঘাট থানা দলকে হারিয়ে দুর্গাপুর থানা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। নারী বিভাগে চারঘাট থানা দলকে পরাজিত করে শিরোপা জিতে নেয় গোদাগাড়ী থানা দল।

‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ প্রতিযোগিতার ফাইনাল ঘিরে পুলিশ লাইন্স মাঠে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ, পিপিএম-সেবা। সভাপতিত্ব করেন রাজশাহীর পুলিশ সুপার মো. মামুন অর রশীদ।

খেলা শেষে প্রধান অতিথি ও অনুষ্ঠানের সভাপতি বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মো. আশিক সাঈদ যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠন ও কিশোর গ্যাং প্রতিরোধে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সমাপনী অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, কমিউনিটি পুলিশের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ক্রীড়াপ্রেমী দর্শকরা উপস্থিত ছিলেন।

কালের আলো/এমএসআইপি 

মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজার প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫২ অপরাহ্ণ
মৌলভীবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার লচনা এলাকায় সাতগাঁও হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ বাজারের মাজদিহি এলাকার অমৃত সিংয়ের ছেলে জয় সিং (২৩)। অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে শ্রীমঙ্গল থেকে মিরপুরের উদ্দেশে ছেড়ে যাওয়া ‘আলম এশিয়া পরিবহনের’ একটি বাস লচনা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় বাসটি অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাভীদ রাইয়ান বিন শহিদ জানান, রাত ৯টার দিকে তিনজনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়েছিল।

শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান বলেন, দুর্ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজনের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়েছে। বাকি দুজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

মরদেহগুলো বর্তমানে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়া শেষে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

কালের আলো/আরডি/এমডিএইচ