খুঁজুন
                               
, ,
           

যুদ্ধের অর্থনৈতিক ক্ষতির কথা বলায় পদ হারিয়েছেন রাশিয়ার শীর্ষ অর্থনীতিবিদ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ণ
যুদ্ধের অর্থনৈতিক ক্ষতির কথা বলায় পদ হারিয়েছেন রাশিয়ার শীর্ষ অর্থনীতিবিদ

ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার অর্থনীতি বড় ধরনের চাপের মুখে পড়েছে—এমন সমালোচনামূলক বক্তব্য দেওয়ার পর পদ হারিয়েছেন দেশটির শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ আন্দ্রে ক্লেপাচ। তিনি রাশিয়ার রাষ্ট্রীয় উন্নয়ন ব্যাংক ভিইবির প্রধান অর্থনীতিবিদ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ক্লেপাচের একটি স্পর্শকাতর বক্তব্য প্রকাশ্যে আসার মাত্র দুই দিনের মধ্যে তাঁকে গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দেওয়া হয়। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসও নিশ্চিত করেছে, ক্লেপাচ এখন আর ভিইবির প্রধান অর্থনীতিবিদ পদে নেই। তবে তাঁকে কেন সরানো হয়েছে, সে বিষয়ে সরকারিভাবে কোনো কারণ জানানো হয়নি।

রুশ সংবাদপত্র ‘দ্য মস্কো টাইমস’ অর্থনীতিবিদদের ফোরাম নিকিৎস্কি ক্লাবে দেওয়া ক্লেপাচের বক্তব্যের কিছু অংশ প্রকাশ করার পরই তাঁর পদচ্যুতির ঘটনা ঘটে।

ওই বক্তব্যে ক্লেপাচ সতর্ক করে বলেন, বিশ্বব্যাপী প্রযুক্তিগত ও অর্থনৈতিক প্রতিযোগিতায় রাশিয়া পিছিয়ে পড়ছে। পশ্চিমা দেশগুলোর আর্থিক সহায়তা পাওয়া ইউক্রেনের সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধে রাশিয়ার জয় পাওয়া কঠিন বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, দেশটি একটি সামাজিক সংকটের দিকে এগিয়ে যাচ্ছে।

ইউক্রেন যুদ্ধের স্থায়িত্ব নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ক্লেপাচ। তাঁর মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের চালানো ‘গ্রেট প্যাট্রিয়টিক ওয়ার’-এর চেয়েও ইউক্রেন যুদ্ধ দীর্ঘ হয়েছে। অদূর ভবিষ্যতে এই যুদ্ধ শেষ হওয়ার স্পষ্ট কোনো লক্ষণও তিনি দেখতে পাচ্ছেন না।

রাশিয়ার অর্থনীতির ওপর যুদ্ধের বিভিন্ন প্রভাবও তুলে ধরেন এই অর্থনীতিবিদ। তাঁর মতে, ইউক্রেনের হামলায় রুশ অবকাঠামোর ক্ষয়ক্ষতি, পশ্চিমা নিষেধাজ্ঞা এবং দেশের অভ্যন্তরে উচ্চ সুদের হার অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করছে।

বিশেষ করে সাম্প্রতিক সময়ে রাশিয়ার বিভিন্ন অবকাঠামো ও স্থাপনায় ইউক্রেনের বিমান হামলা বেড়েছে। এসব হামলার অন্যতম উদ্দেশ্য রুশ জনগণ ও ব্যবসায়ী মহলকে যুদ্ধের অর্থনৈতিক ও বাস্তব ক্ষতি সম্পর্কে আরও সচেতন করা এবং সরকারের ওপর যুদ্ধ বন্ধের জন্য চাপ তৈরির পরিস্থিতি সৃষ্টি করা—এমন ধারণাও রয়েছে।

ক্লেপাচের আকস্মিক অপসারণ রাশিয়ায় যুদ্ধের অর্থনৈতিক প্রভাব নিয়ে প্রকাশ্যে কথা বলার ঝুঁকিও সামনে এনেছে। একই সঙ্গে এটি দেখিয়ে দিয়েছে, ইউক্রেন যুদ্ধ নিয়ে সরকারের নীতির সমালোচনা করা রাশিয়ার কর্মকর্তাদের জন্য কতটা স্পর্শকাতর হয়ে উঠেছে।

কালের আলো/এসএ

জাতিসংঘে ট্রাম্পের ৩৭ মিনিটের ভাষণ, যেসব দাবিতে উঠছে প্রশ্ন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪০ অপরাহ্ণ
জাতিসংঘে ট্রাম্পের ৩৭ মিনিটের ভাষণ, যেসব দাবিতে উঠছে প্রশ্ন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম দিনে মঙ্গলবার ৩৭ মিনিটের ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধ, গ্রিনল্যান্ড, জলবায়ু পরিবর্তন, বিনিয়োগ, যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার ও ওয়াশিংটনের আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি। জাতিসংঘের এবারের সাধারণ বিতর্ক ২২ সেপ্টেম্বর শুরু হয়েছে এবং ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

ভাষণে ট্রাম্প নিজের প্রশাসনের বিভিন্ন অর্জন তুলে ধরেন। তবে তাঁর কয়েকটি দাবির সঙ্গে প্রকাশ্য তথ্য ও বিভিন্ন সরকারি হিসাবের অমিল রয়েছে।

আটটি যুদ্ধ বন্ধের দাবি

ট্রাম্প দাবি করেন, দায়িত্ব নেওয়ার পর তিনি আটটি যুদ্ধ বন্ধ করেছেন। তাঁর তালিকায় ছিল কম্বোডিয়া-থাইল্যান্ড, কসোভো-সার্বিয়া, রুয়ান্ডা-কঙ্গো, ভারত-পাকিস্তান, আর্মেনিয়া-আজারবাইজান, গাজা, ইসরায়েল-ইরান এবং মিসর-ইথিওপিয়ার সংঘাত।

তবে এসব ঘটনাকে একইভাবে ‘যুদ্ধ বন্ধ’ হিসেবে বর্ণনা করা নিয়ে প্রশ্ন রয়েছে। কয়েকটি ক্ষেত্রে পূর্ণাঙ্গ যুদ্ধের পরিবর্তে সীমান্ত সংঘাত বা কূটনৈতিক বিরোধ ছিল। আবার কিছু ক্ষেত্রে শান্তি চুক্তি বা যুদ্ধবিরতি হলেও সংঘাত পুরোপুরি শেষ হয়েছে কি না, তা নিয়ে ভিন্ন তথ্য রয়েছে।

জলবায়ু পরিবর্তন নিয়ে দাবি

ভাষণে বৈশ্বিক উষ্ণায়ন নিয়েও ট্রাম্পের মন্তব্যের সমালোচনা হয়েছে। তিনি দাবি করেন, আগে বলা হয়েছিল বৈশ্বিক উষ্ণায়নের কারণে ১২ বছরের মধ্যে সবাই মারা যাবে এবং পরে ‘গ্লোবাল ওয়ার্মিং’ বদলে ‘ক্লাইমেট চেঞ্জ’ বলা হয়েছে।

তবে জলবায়ুবিজ্ঞানে ‘গ্লোবাল ওয়ার্মিং’ ও ‘ক্লাইমেট চেঞ্জ’ দুটি শব্দই ব্যবহৃত হয়। প্রথমটি মূলত পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা বোঝায়, আর দ্বিতীয়টি তাপমাত্রা বৃদ্ধিসহ জলবায়ুর বিস্তৃত পরিবর্তনকে বোঝায়।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও এবারের সাধারণ পরিষদের ভাষণে জলবায়ু সংকটকে বৈশ্বিক বাস্তবতার অন্যতম প্রধান চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন।

২১ ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ

ট্রাম্প দাবি করেন, তাঁর প্রশাসন বিশ্বজুড়ে ২১ ট্রিলিয়ন ডলারের নতুন বিনিয়োগের প্রতিশ্রুতি নিশ্চিত করেছে।

তবে এ দাবির পক্ষে স্পষ্ট ও পূর্ণাঙ্গ কোনো নির্ভরযোগ্য হিসাব পাওয়া যায়নি। ভাষণের সময় হোয়াইট হাউসের প্রকাশিত তথ্যে যুক্তরাষ্ট্রে দ্বিতীয় মেয়াদে বড় বিনিয়োগের ঘোষণার পরিমাণ ছিল ১১ দশমিক ২ ট্রিলিয়ন ডলার—যা ট্রাম্পের উল্লেখ করা ২১ ট্রিলিয়ন ডলারের চেয়ে অনেক কম।

অস্ত্রভান্ডার নিয়ে বিতর্ক

ইরানের সঙ্গে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডারে ঘাটতি তৈরি হয়েছে—এমন বক্তব্যও প্রত্যাখ্যান করেন ট্রাম্প। তাঁর দাবি, যুক্তরাষ্ট্রের কাছে বিপুল পরিমাণ অস্ত্র রয়েছে এবং আগের যেকোনো সময়ের তুলনায় বেশি অস্ত্র উৎপাদন করা হচ্ছে।

তবে মার্কিন অস্ত্রভান্ডারের পূর্ণাঙ্গ মজুতের তথ্য প্রকাশ করা হয় না। ফলে ট্রাম্পের দাবিটি সরাসরি যাচাই করা কঠিন। একই সময়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ওপর নজরদারি করা সরকারি পরিদর্শক সংস্থা এবং কংগ্রেশনাল বাজেট অফিসের প্রতিবেদনে কিছু অস্ত্রের মজুত কমে যাওয়ার বিষয়টি উঠে এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ওয়াশিংটনে অপরাধ কমার দাবি

রাজধানী ওয়াশিংটনে অপরাধ ৮৭ শতাংশ কমেছে বলেও দাবি করেন ট্রাম্প। তবে পুলিশের প্রকাশিত হিসাবের সঙ্গে এ দাবির মিল নেই।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের একই সময়ে ওয়াশিংটনে নথিভুক্ত অপরাধের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৩ শতাংশ কমেছে। ফলে ট্রাম্পের উল্লেখ করা ৮৭ শতাংশ হ্রাসের সঙ্গে পুলিশের পরিসংখ্যানের বড় পার্থক্য রয়েছে।

জাতিসংঘে ট্রাম্পের এবারের ভাষণে যুদ্ধ, নিরাপত্তা, জলবায়ু ও অর্থনীতির মতো বিষয়গুলোই প্রধান গুরুত্ব পেয়েছে। একই দিনে জাতিসংঘ মহাসচিব গুতেরেস বিশ্বজুড়ে সংঘাত, জলবায়ু সংকট, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আন্তর্জাতিক আইনের চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা ও সংলাপের আহ্বান জানিয়েছেন।

সুত্রঃ সিএনএন

কালের আলো/এসএ

জামায়াত-শিবিরের ভূমিকা নিয়ে যে সতর্কবার্তা দিলেন রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
জামায়াত-শিবিরের ভূমিকা নিয়ে যে সতর্কবার্তা দিলেন রাশেদ খাঁন

ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত-শিবিরকে পিটিয়ে আবারও গুপ্ত করে দেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে রাশেদ খাঁন লেখেন, ছাত্রলীগের ভয়ে যারা আগে গোপনে ছিল কিংবা ছাত্রলীগের পরিচয়ে টিকে ছিল, তারা এখন কীভাবে ছাত্রদলকে পিটিয়ে রাজশাহী ছাড়া করতে চায়—এ প্রশ্ন রয়েছে। তার দাবি, ছাত্রদল রাজপথে না থাকলে ছাত্রলীগ জামায়াত-শিবিরকে আবারও গুপ্ত করে দেবে।

রাশেদ খাঁন আরও দাবি করেন, বর্তমানে বিরোধী দলে অবস্থান করেই জামায়াত-শিবির সরকারি দলের নেতাকর্মীদের এলাকা ছাড়া করার মতো আচরণ করছে। তার ভাষ্য, তারা ইতোমধ্যে ‘মজলুম থেকে জালিমে’ পরিণত হয়েছে। ভবিষ্যতে ক্ষমতায় গেলে তাদের ভূমিকা কী হতে পারে, তা সহজেই অনুমান করা যায় বলেও মন্তব্য করেন তিনি।

অতীতে শেখ হাসিনা যেভাবে বিএনপিকে এক দিনও শান্তিতে দেশ চালাতে না দেওয়ার হুমকি দিয়েছিলেন, জামায়াত-শিবিরও বর্তমানে একই পথ অনুসরণ করছে বলে দাবি করেন রাশেদ খাঁন।

তিনি আরও বলেন, দলটির লাগাম টেনে না ধরলে পরিস্থিতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলের মতো ভয়াবহ রূপ নিতে পারে।

কালের আলো/এমএসআইপি 

নারী রেফারিকে ‘এটা পুরুষদের খেলা’ বলায় হিগুয়েইন বরখাস্ত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ২:২৮ অপরাহ্ণ
নারী রেফারিকে ‘এটা পুরুষদের খেলা’ বলায় হিগুয়েইন বরখাস্ত

নারী রেফারির সঙ্গে হাত মেলানোর সময় লিঙ্গবৈষম্যমূলক মন্তব্য ও অনাকাঙ্ক্ষিত শারীরিক আচরণের অভিযোগে ফেদেরিকো হিগুয়েইনকে বরখাস্ত করেছে মেজর লিগ সকারের (এমএলএস) দল কলম্বাস ক্রু। ক্লাবটির রিজার্ভ দল কলম্বাস ক্রু ২-এর কোচের দায়িত্বে ছিলেন সাবেক আর্জেন্টাইন ফুটবলার হিগুয়েইন।

ঘটনাটি ঘটে গত ২৪ আগস্ট ‘এমএলএস নেক্সট প্রো’-এর একটি ম্যাচে। হান্টসভিল সিটির কাছে ১-০ গোলে হারের পর এক নারী অফিশিয়ালের সঙ্গে হাত মেলানোর সময় হিগুয়েইন তাঁর হাত ছাড়তে চাননি। একই সময়ে ওই নারী রেফারিকে তিনি বলেন, ‘ভুলে যেয়ো না, এটা পুরুষদের খেলা।’

পেশাদার ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের (পিআরও) অভিযোগ, হিগুয়েইন ওই নারী অফিশিয়ালের সঙ্গে দুবার উদ্দেশ্যপ্রণোদিত শারীরিক হেনস্তা এবং যৌন বিদ্বেষমূলক আচরণ করেছেন। তিনবার বলার পরও তিনি রেফারির হাত চেপে ধরে রেখেছিলেন বলে সংগঠনটির দাবি।

ঘটনার পর হিগুয়েইনকে লাল কার্ড দেখানো হয় এবং দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়। তবে রেফারিদের সংগঠন এই শাস্তিকে যথেষ্ট নয় বলে মনে করেছে। তাদের পক্ষ থেকে অন্তত ছয় ম্যাচের নিষেধাজ্ঞার দাবি জানানো হয়।

‘ক্লাবের প্রত্যাশিত আচরণ বজায় রাখতে পারেননি’

কলম্বাস ক্রুর জেনারেল ম্যানেজার ইসা তাল বলেন, ক্লাব, খেলোয়াড় ও সহকর্মীদের স্বার্থ বিবেচনা করেই হিগুয়েইনকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, চলতি সপ্তাহের আলোচনা এবং গত এক মাসের পর্যালোচনার পর ক্লাব কর্তৃপক্ষের মনে হয়েছে, দলের একজন কোচের কাছ থেকে যে ধরনের আচরণ প্রত্যাশিত, হিগুয়েইন তা বজায় রাখতে পারেননি।

‘দ্য অ্যাথলেটিক’-এর প্রতিবেদনে ক্লাবের সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, পরবর্তী আলোচনায় হিগুয়েইন নিজের আচরণের জন্য অপরাধ স্বীকার বা অনুশোচনা প্রকাশ করেননি। এমনকি প্রকাশ্যেও ক্ষমা চাননি বলে সূত্রটি জানিয়েছে।

রেফারিদের সংগঠনের ক্ষোভ

পেশাদার ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশন বলেছে, ফুটবলের প্রতিটি স্তরে নারীদের অংশগ্রহণ বাড়ছে। তাই নারী রেফারিদের কোনো ধরনের হেনস্তা বা অপমানজনক মন্তব্যের শিকার হওয়া উচিত নয়।

সংগঠনটির ভাষ্য, নারী রেফারিরাও অন্য সব অফিশিয়ালের মতো সমান সম্মান, মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ পাওয়ার অধিকার রাখেন।

হিগুয়েইন পরিবারের ফুটবল পরিচয়

৪১ বছর বয়সী ফেদেরিকো হিগুয়েইন আর্জেন্টাইন ফুটবলে ‘পিপা’ নামে পরিচিত। রিভার প্লেটের যুব দল দিয়ে তাঁর ফুটবল ক্যারিয়ার শুরু। আর্জেন্টিনা ও তুরস্কের ঘরোয়া লিগের পাশাপাশি যুক্তরাষ্ট্রে কলম্বাস ক্রু, ডি সি ইউনাইটেড ও ইন্টার মায়ামির হয়ে খেলেছেন তিনি।

কলম্বাস ক্রুর মূল দলে আট মৌসুম খেলার পর গত বছর রিজার্ভ দলটির কোচ হন হিগুয়েইন। ২০২১ সালে খেলোয়াড় হিসেবে অবসর নেওয়ার পর কোচিংয়ে আসেন তিনি।

ফেদেরিকোর ছোট ভাই গঞ্জালো হিগুয়েইন আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক তারকা স্ট্রাইকার। ২০১৪ বিশ্বকাপের ফাইনাল খেলার পাশাপাশি রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগা এবং জুভেন্টাসের হয়ে সিরি আ জিতেছেন গঞ্জালো।

কালের আলো/এসএ