খুঁজুন
                               
, ,
           

জামায়াত-শিবিরের ভূমিকা নিয়ে যে সতর্কবার্তা দিলেন রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
জামায়াত-শিবিরের ভূমিকা নিয়ে যে সতর্কবার্তা দিলেন রাশেদ খাঁন

ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত-শিবিরকে পিটিয়ে আবারও গুপ্ত করে দেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে রাশেদ খাঁন লেখেন, ছাত্রলীগের ভয়ে যারা আগে গোপনে ছিল কিংবা ছাত্রলীগের পরিচয়ে টিকে ছিল, তারা এখন কীভাবে ছাত্রদলকে পিটিয়ে রাজশাহী ছাড়া করতে চায়—এ প্রশ্ন রয়েছে। তার দাবি, ছাত্রদল রাজপথে না থাকলে ছাত্রলীগ জামায়াত-শিবিরকে আবারও গুপ্ত করে দেবে।

রাশেদ খাঁন আরও দাবি করেন, বর্তমানে বিরোধী দলে অবস্থান করেই জামায়াত-শিবির সরকারি দলের নেতাকর্মীদের এলাকা ছাড়া করার মতো আচরণ করছে। তার ভাষ্য, তারা ইতোমধ্যে ‘মজলুম থেকে জালিমে’ পরিণত হয়েছে। ভবিষ্যতে ক্ষমতায় গেলে তাদের ভূমিকা কী হতে পারে, তা সহজেই অনুমান করা যায় বলেও মন্তব্য করেন তিনি।

অতীতে শেখ হাসিনা যেভাবে বিএনপিকে এক দিনও শান্তিতে দেশ চালাতে না দেওয়ার হুমকি দিয়েছিলেন, জামায়াত-শিবিরও বর্তমানে একই পথ অনুসরণ করছে বলে দাবি করেন রাশেদ খাঁন।

তিনি আরও বলেন, দলটির লাগাম টেনে না ধরলে পরিস্থিতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলের মতো ভয়াবহ রূপ নিতে পারে।

কালের আলো/এমএসআইপি 

অভিনয় ছেড়ে কি করপোরেট জগতে হাসান মাসুদ?

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১১ অপরাহ্ণ
অভিনয় ছেড়ে কি করপোরেট জগতে হাসান মাসুদ?

অভিনয়ের বাইরে হাসান মাসুদের রয়েছে নানা পরিচয়। একসময় সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেছেন, পরে সাংবাদিকতাও করেছেন। এরপর ক্যামেরার সামনে এসে অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি পান। দুই দশকের বেশি সময়ের অভিনয় ক্যারিয়ারে অসংখ্য নাটক ও সিনেমায় কাজ করেছেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে অভিনয়ে বেশ অনিয়মিত এই অভিনেতা।

এর মধ্যেই একটি করপোরেট প্রতিষ্ঠানে হাসান মাসুদের যোগ দেওয়ার খবর সামনে এসেছে। এরপর থেকেই তাঁর ভক্তদের মধ্যে প্রশ্ন উঠেছে—তবে কি অভিনয় ছেড়ে নতুন পেশায় স্থায়ী হচ্ছেন তিনি?

নতুন দায়িত্বে হাসান মাসুদ

হাসান মাসুদ যে প্রতিষ্ঠানে যোগ দিয়েছেন, সেটি একটি এডুকেশন কনসালটেন্সি প্রতিষ্ঠান। বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে কাজ করে প্রতিষ্ঠানটি।

সেখানে ‘হেড অব স্টুডেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড ব্র্যান্ড’ পদে যোগ দিয়েছেন এই অভিনেতা। ইতোমধ্যে প্রতিষ্ঠানটির কয়েকটি প্রচারমূলক ভিডিওতেও ব্র্যান্ডিংয়ের কাজে তাঁকে দেখা গেছে।

নতুন এই দায়িত্বে যোগ দেওয়ার পরই তাঁর অভিনয় ক্যারিয়ার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

অভিনয় ছাড়ার গুঞ্জন আগেও

এর আগেও অভিনয় ছেড়ে দেওয়ার গুঞ্জন উঠেছিল হাসান মাসুদকে ঘিরে। কিছুদিন আগে এক সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছিলেন, আপাতত অভিনয় করবেন না। হজ করে এসে ধর্মের পথে মনোযোগ দেওয়ার কথাও জানিয়েছিলেন তিনি।

তাঁর ওই বক্তব্যের পরই অভিনয় থেকে স্থায়ীভাবে সরে যাওয়ার আলোচনা শুরু হয়। পরে বিষয়টি পরিষ্কার করে অভিনেতা জানান, চিরতরে অভিনয় ছেড়ে দেওয়ার কথা তিনি বলেননি।

মূলত ভালো কনটেন্টের অভাবেই বর্তমানে নিয়মিত কাজ করছেন না বলে জানিয়েছিলেন তিনি।

নতুন চাকরি, অভিনয় কি তবে শেষ?

কয়েক মাস আগে হাসান মাসুদের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লেও ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। দীর্ঘদিন অভিনয়ে অনিয়মিত থাকার পর হজ শেষে বিজ্ঞাপনেও কাজ করেন তিনি।

এবার নতুন কর্মস্থলে যোগ দেওয়ার খবর সামনে আসায় আবারও অভিনয় থেকে তাঁর দূরে সরে যাওয়ার আলোচনা শুরু হয়েছে। তবে নতুন চাকরিতে যোগ দেওয়ার অর্থই যে তিনি অভিনয় পুরোপুরি ছেড়ে দিচ্ছেন—এমন কোনো ঘোষণা দেননি হাসান মাসুদ।

‘ব্যাচেলর’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক

২০০৩ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় হাসান মাসুদের। এরপর নাটকেও নিয়মিত মুখ হয়ে ওঠেন তিনি।

‘হাউসফুল’, ‘এফডিসি’, ‘গ্র্যাজুয়েট’, ‘রঙের দুনিয়া’, ‘বিহাইন্ড দ্য সিন’ ও ‘খুনসুটি’সহ বেশ কিছু জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন এই অভিনেতা।

অভিনয়ের পাশাপাশি গানও করেছেন হাসান মাসুদ। ২০০৬ সালে প্রকাশিত হয় তাঁর গানের অ্যালবাম।

অভিনয়, সাংবাদিকতা ও সংগীত—বিভিন্ন পরিচয়ে কাজ করা হাসান মাসুদ এবার যুক্ত হলেন করপোরেট জগতেও। তবে নতুন এই পেশার পাশাপাশি অভিনয়ে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা কী, সেটিই এখন ভক্তদের আগ্রহের বিষয়।

কালের আলো/এসএ

টিজার প্রকাশের পরও ‘আন্ধার’ নিয়ে অনিশ্চয়তা

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৯ অপরাহ্ণ
টিজার প্রকাশের পরও ‘আন্ধার’ নিয়ে অনিশ্চয়তা

অক্টোবরে পূজা উপলক্ষে মুক্তির কথা ছিল রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘আন্ধার’। সে অনুযায়ী সিনেমাটির পোস্টার প্রকাশের পর গত ৩ সেপ্টেম্বর প্রকাশ করা হয় ১ মিনিট ২৬ সেকেন্ডের টিজার। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছিলেন, সেপ্টেম্বরেই সিনেমাটি চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হবে।

তবে সেপ্টেম্বর শেষ হতে চললেও সিনেমাটি বোর্ডে জমা পড়েছে কি না, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে অক্টোবরে মুক্তির বিষয়েও এখন নিশ্চিত করে কিছু বলতে পারছেন না পরিচালক, প্রযোজক কিংবা অভিনয়শিল্পীরা। ফলে ‘আন্ধার’-এর মুক্তি নিয়ে তৈরি হয়েছে নতুন করে ধোঁয়াশা।

আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা

চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ ও গ্রুপে এরই মধ্যে আলোচনা চলছে, অক্টোবরে ‘আন্ধার’ মুক্তি পাচ্ছে না। তবে সিনেমাটির পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

সিনেমাটির গল্প ও অন্যতম প্রযোজক শাকিব চৌধুরী প্রথম আলোকে জানিয়েছেন, সিনেমার সব ঘোষণা আনুষ্ঠানিকভাবেই দেওয়া হয়েছে এবং পরবর্তী ঘোষণাও আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

তবে ‘আন্ধার’ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে কি না—এ বিষয়ে মন্তব্য করতে চাননি তিনি।

শুরু হয়েছিল প্রচারণাও

অক্টোবরে মুক্তির পরিকল্পনা সামনে রেখে আগেই সিনেমাটির প্রচারণা শুরু হয়েছিল। প্রায় এক মাস ধরে নির্মাতা রায়হান রাফী সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির বিভিন্ন দৃশ্য প্রকাশ করছিলেন। এসব ছবি নিয়ে দর্শকদের মধ্যেও আগ্রহ তৈরি হয়।

এরপর ৩ সেপ্টেম্বর প্রকাশ করা হয় সিনেমাটির টিজার। ১ মিনিট ২৬ সেকেন্ডের সেই ভিডিওতে ছিল রহস্যময় আবহ, চরিত্রগুলোর লুক এবং বেশ কিছু চমকপ্রদ দৃশ্য।

টিজারে কোনো সংলাপ না থাকলেও দেখা গেছে আফসানা মিমি, গাজী রাকায়েত, চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, সিয়াম আহমেদ ও মোস্তফা মন্‌ওয়ারসহ প্রধান অভিনয়শিল্পীদের। সিয়াম আহমেদের কয়েকটি অ্যাকশন দৃশ্যও রয়েছে এতে।

হরর ঘরানায় বড় আয়োজন

‘আন্ধার’ নিয়ে দর্শকদের আগ্রহের বড় কারণ সিনেমাটির হরর ঘরানা। দেশে নিয়মিত বাণিজ্যিক হরর সিনেমা নির্মিত না হওয়ায় রায়হান রাফীর এই আয়োজন ঘোষণার পর থেকেই সিনেমাটি নিয়ে কৌতূহল তৈরি হয়।

সিনেমাটির গল্প লিখেছেন ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরী ও অর্থহীনের সাইদুস সালেহীন সুমন। গল্পের সঙ্গে যুক্ত আছেন আদনান আদিব খানও।

দেশের বিভিন্ন অঞ্চলের ভৌতিক লোককাহিনি ও অতিপ্রাকৃত ঘটনা নিয়ে তাঁদের আগ্রহ থেকেই সিনেমাটির গল্পের ভাবনা এসেছে।

ভিএফএক্সে বড় পরিসরের কাজ

পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ‘আন্ধার’ বাংলাদেশের হরর ঘরানার বড় বাজেটের সিনেমাগুলোর একটি। এতে উল্লেখযোগ্য পরিমাণে ভিএফএক্স ও গ্রাফিকস অ্যানিমেশনের কাজ রয়েছে।

কয়েক মাস ধরে মুম্বাইয়ের একটি স্টুডিওতে সিনেমাটির ভিএফএক্স ও গ্রাফিকসের কাজ করা হয়েছে। সিনেমাটির বেশির ভাগ শুটিং হয়েছে গাজীপুর ও ময়মনসিংহে।

তবে সব প্রস্তুতি ও প্রচারণার পরও ঘোষিত অক্টোবরেই ‘আন্ধার’ মুক্তি পাবে কি না, সেই প্রশ্নের উত্তর এখনো মেলেনি। সিনেমাটি সার্টিফিকেশন বোর্ডে কবে জমা পড়বে এবং মুক্তির তারিখ চূড়ান্ত হয়েছে কি না—এসব বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় থাকতে হচ্ছে দর্শকদের।

কালের আলো/এসএ

পাঁচ দফা কেমোর পর আইসিইউতে ‘বিগ বস মালয়ালম’ তারকা রেণু সুদি

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫২ অপরাহ্ণ
পাঁচ দফা কেমোর পর আইসিইউতে ‘বিগ বস মালয়ালম’ তারকা রেণু সুদি

ভারতের মালয়ালম টেলিভিশনের পরিচিত মুখ ও ‘বিগ বস মালয়ালম’-এর সাবেক প্রতিযোগী রেণু সুদির শারীরিক অবস্থার অবনতি হয়েছে। পাঁচ দফা কেমোথেরাপি নেওয়ার পর গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি হয়েছেন তিনি। তাঁর অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন ‘বিগ বস মালয়ালম’-এর আরেক প্রতিযোগী সারিকা কে বি।

তৃতীয় পর্যায়ের স্তন ক্যানসার

চলতি বছর সামাজিক যোগাযোগমাধ্যমে রেণু নিজেই জানিয়েছিলেন, তাঁর তৃতীয় পর্যায়ের স্তন ক্যানসার শনাক্ত হয়েছে। এরপর নিয়মিত চিকিৎসার মধ্য দিয়ে যাচ্ছিলেন তিনি।

সম্প্রতি পাঁচ দফা কেমোথেরাপি নেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। বর্তমানে কেরালার কোট্টায়াম সরকারি মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে রেণুর শারীরিক অবস্থা নিয়ে কথা বলেছেন সারিকা কে বি। তাঁর ভাষ্য অনুযায়ী, সম্প্রতি রেণুর বড় বোন তাঁকে ফোন করে অসুস্থতার খবর জানান।

আরেক দফা কেমো নেওয়ার অবস্থায় নেই

সারিকা জানিয়েছেন, পাঁচ দফা কেমোথেরাপির পর রেণুর শরীর আরও দুর্বল হয়ে পড়েছে। তাঁর বর্তমান শারীরিক পরিস্থিতি এতটাই গুরুতর যে আরেক দফা কেমোথেরাপি নেওয়ার মতো অবস্থায় তিনি নেই।

রেণুর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর তাঁর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাঁর দ্রুত সুস্থতার জন্য শুভকামনা জানাচ্ছেন।

‘বিগ বস মালয়ালম’ থেকে পরিচিতি

রেণু সুদি মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরি ও উপস্থাপনার মাধ্যমে পরিচিতি পান। পরে ‘বিগ বস মালয়ালম’-এর সপ্তম মৌসুমে অংশ নেন তিনি। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছিলেন অভিনেতা মোহনলাল।

রিয়েলিটি শোতে অংশ নেওয়ার পর দর্শকদের কাছে তাঁর পরিচিতি আরও বাড়ে। তাঁর আসল নাম রেশমা পি থাঙ্কাচেন। বিনোদন অঙ্গনে তিনি রেণু সুদি নামেই পরিচিত।

সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় ছিলেন রেণু। ক্যানসার শনাক্ত হওয়ার পর চিকিৎসার বিভিন্ন পর্যায়ের অভিজ্ঞতা অনুসারীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।

ভক্তদের উদ্বেগ

এর আগে ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর জানিয়ে রেণু বলেছিলেন, তাঁর রোগটি স্টেজ–৩ পর্যায়ে রয়েছে। তখন থেকেই তাঁর চিকিৎসা ও শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছিলেন ভক্তরা।

এখন পাঁচ দফা কেমোথেরাপির পর তাঁর শারীরিক অবস্থার অবনতি নতুন করে উদ্বেগ তৈরি করেছে। আইসিইউতে চলছে তাঁর চিকিৎসা। ‘বিগ বস মালয়ালম’-এর সহপ্রতিযোগীরাও তাঁর পাশে থাকার কথা জানিয়েছেন।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

কালের আলো/এসএ