খুঁজুন
                               
, ,
           

দীর্ঘ দিনের চেনা স্টাইলে পরিবর্তন, বিআরটিএ’র ইতিহাসে প্রথমবারের মতো ক্যাটাগরি মেনে বদলির দৃষ্টান্ত

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ১০:৩৪ অপরাহ্ণ
দীর্ঘ দিনের চেনা স্টাইলে পরিবর্তন, বিআরটিএ’র ইতিহাসে প্রথমবারের মতো ক্যাটাগরি মেনে বদলির দৃষ্টান্ত

রাইসুল ইসলাম খান, কালের আলো:

সাধারণত সরকারি প্রতিষ্ঠানে বদলি হতে বেশ কিছু প্রভাবক দরকার হয়। এর মধ্যে অন্যতম তদবির, টাকা, ক্ষমতা বা রাজনৈতিক প্রভাব। ঘুষ দিতেও না কী ভালো তদবিরের প্রয়োজন! নয়তো বদলির ফাইল বছরের পর বছর একই জায়গায় পড়ে থাকে, গিট্টু খুলে না। মাসের পর মাস, বছরের পর বছর এমন অনিয়মই যেন নিয়ম! অভিন্ন প্রথায় ঘুরপাক খেয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষও (বিআরটিএ)। তবে এসবের বাইরে গিয়ে এবার নিজের অধস্তন কর্মকর্তাদের বদলির ক্ষেত্রে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান (গ্রেড-১) মো.ইয়াসীন।

বিআরটিএ’র চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণের মাত্র ৯ দিনের মাথায় নিজের প্রতিষ্ঠানের ইতিহাসে প্রথমবারের মতো ক্যাটাগরি মেনে ১৭ কর্মকর্তাকে বদলির মাধ্যমে তিনি দীর্ঘদিনের চেনা স্টাইলে পরিবর্তন এনে ইতিবাচক আলোচনার সূত্রপাত করেছেন। এর মাধ্যমে মূলত বিআরটিএ’র নতুন চেয়ারম্যান গুরুত্বপূর্ণ একাধিক বার্তা দিয়েছেন। প্রথমত, মুখ চিনে অনৈতিক কায়দায় বদলীর বৃত্ত ভেঙেছেন। দ্বিতীয়ত দীর্ঘদিন ঢাকার বাইরে থাকা অবহেলিত-বঞ্চনার শিকার কর্মকর্তাদের মূল্যায়িত করেছেন। স্পষ্টত নিজের প্রতিষ্ঠানটির সিস্টেমের আমূল পরিবর্তন এনেছেন। জানিয়ে দিয়েছেন অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে তাঁর নীতি থাকবে শূন্য সহিষ্ণুতার।

জানা যায়, অতীতে বিআরটিএ চেয়ারম্যানরা নিজেদের খেয়াল-খুশিমতো কর্মকর্তাদের বদলি করেছেন। কিন্তু বর্তমান চেয়ারম্যান (গ্রেড-১) মো.ইয়াসীন এবারের বদলিতে সরকারের বদলি সংক্রান্ত গাইডলাইনকে প্রাধান্য দিয়েছেন। সরকারের জারিকৃত বিধি বিধানকে ঠিকঠাক অনুসরণ করেছেন। সোমবার (১৪ অক্টোবর) বিআরটিএ’র উপপরিচালক (প্রশাসন) রিপন কুমার সাহা সই করা পৃথক দুটি অফিস আদেশে ক্যাটাগরি মেনে একসঙ্গে ১৭ কর্মকর্তাকে বদলি করা হয়। তাদের দেশের বিভিন্ন বিআরটিএ সার্কেল ও বিভাগীয় অফিসে বদলি করা হয়েছে।

একটি অফিস আদেশে বলা হয়েছে, উপ-পরিচালক মো. রফিকুল ইসলামকে ঢাকা মেট্রো সার্কেল-১ থেকে বিভাগীয় অফিস বরিশালে বদলি করা হয়েছে। আর তৌহিদুল হোসেনকে চট্টগ্রাম মেট্রো সার্কেল-১ থেকে বিভাগীয় ময়মনসিংহে বদলি করা হয়েছে। অপর এক অফিস আদেশে একসঙ্গে ১৫ জন সহকারী পরিচালককে বিভিন্ন বিভাগীয় ও সার্কেল অফিসে বদলি করা হয়। নিয়ম মোতাবেক এমন বদলিতে খুশি বিআরটিএ’র সর্বস্তরের কর্মকর্তারা।

বিআরটিএ’র একজন উর্ধ্বতন কর্মকর্তা কালের আলোকে বলেন, বিআরটিএতে ঢাকাসহ দেশের বিভিন্ন সার্কেল ও বিভাগীয় অফিসকে ক, খ, গ ও ঘ ক্যাটাগরিতে ভাগ করা হয়। বদলির নিয়ম সাধারণত ক্যাটাগরি মেনে করার কথা থাকলে অতীতে কখনও সেটি হয়নি। এত দিন কিছু কর্মকর্তা শুধু ‘ভালো’ জায়গায় পোস্টিং পেয়েছেন। যারা ঢাকায় থাকতেন তাঁরা ঘুরেফিরে হয় চট্টগ্রাম বদলি হতেন অথবা চট্টগ্রাম থেকে ঢাকায় আসতেন। তবে এবার চিরায়ত এই সিস্টেমকে বদলে দিয়েছেন বর্তমান চেয়ারম্যান। এটি বিআরটিএ’র ইতিহাসে একটি উদাহরণ হয়ে থাকবে।

কালের আলো/আরআই/এমএএএমকে

বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ সন্ধ্যায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৯:৪৬ পূর্বাহ্ণ
বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ সন্ধ্যায়

২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন তিনি।

সাড়ে তিন দশক পর প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মধ্য দিয়ে বৃহস্পতিবার দুপুর ২টায় ত্রয়োদশ জাতীয় সংসদে ভোটগ্রহণ শুরু হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী ছিলেন বিরোধী জোটের প্রার্থী ও এলডিপি সভাপতি অলি আহমদ।

ভোটগ্রহণের শুরুতেই ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র মন্ত্রী, বিরোধীদলীয় নেতাসহ অন্য সংসদ সদস্যরা ভোট দেন।

টানা তিন ঘণ্টা ভোটগ্রহণ শেষে বিকেল ৫টায় ভোট নেওয়া শেষ হয়। এরপর প্রায় ২০ মিনিট ভোট গণনা শেষে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

নির্বাচনে মোট ৩৪৯ জন ভোটারের মধ্যে ৩৪৩টি বৈধ ভোট পড়ে। এর মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। অব্যবহৃত থাকে ৬টি ব্যালট। এছাড়া বিভিন্ন ত্রুটির কারণে আইনি প্রক্রিয়া মেনে চারটি ব্যালট প্রতিস্থাপন করা হয়।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিতে পারেন না। সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় অনেকটাই নিশ্চিত ছিল। শেষ পর্যন্ত ভোটের ফলেও তারই প্রতিফলন ঘটেছে।

ফল ঘোষণা শেষে সিইসি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেন। এরপর নবনির্বাচিত রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বিরোধীদলীয় নেতাসহ অন্য সংসদ সদস্যরাও একে একে তাকে অভিনন্দন জানান।

পরে রাতে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সই করা এক সরকারি গেজেটের মাধ্যমে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)।

কালের আলো/আরডি/এমডিএইচ

রাষ্ট্রপতির শপথ ঘিরে আজ ঢাকার যেসব সড়কে যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৯:৩৬ পূর্বাহ্ণ
রাষ্ট্রপতির শপথ ঘিরে আজ ঢাকার যেসব সড়কে যান চলাচল বন্ধ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান হবে।

এ উপলক্ষে আজ সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার জন্য বঙ্গভবন ও আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

গতকাল বৃহস্পতিবার ট্রাফিক মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আমীর খসরুর সই এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, শপথ অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি, নবনির্বাচিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদ সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

অতিথিদের যানবাহন নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বঙ্গভবনের আশপাশের এলাকায় চলাচলকারী যানবাহনকে নির্ধারিত নির্দেশনা অনুসরণের অনুরোধ জানিয়েছে ডিএমপি। তবে আমন্ত্রিত অতিথিদের যানবাহনের ক্ষেত্রে এসব নির্দেশনা প্রযোজ্য হবে না।

নির্দেশনা অনুযায়ী, মতিঝিল শাপলা চত্বরের অ্যালিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা (বঙ্গভবন রোড) ও রাজউক ক্রসিং (ডিআইটি রোড) পর্যন্ত সব ধরনের যানবাহন প্রবেশ নিষিদ্ধ থাকবে।

এছাড়া শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক-গুলিস্তানগামী বাসগুলো দৈনিক বাংলা-ইউবিএল-প্রেসক্লাব হয়ে চলাচল করবে। প্রয়োজনে বাসগুলোকে অন্য সুবিধাজনক বিকল্প সড়ক ব্যবহারেরও পরামর্শ দেওয়া হয়েছে।

দৈনিক বাংলা থেকে রাজউকমুখী কোনো বাণিজ্যিক যানবাহন চলাচল করতে পারবে না।

অন্যদিকে, হানিফ ফ্লাইওভার থেকে আসা যানবাহনগুলোকে জিরো পয়েন্ট থেকে ইউটার্ন না করে বামে ফুলবাড়িয়া অথবা ডান দিকে ইউবিএল ক্রসিং হয়ে দৈনিক বাংলা-শাপলা চত্বরের দিকে যেতে বলা হয়েছে।

বিকল্প হিসেবে জিরো পয়েন্ট-ইউবিএল ক্রসিং-নাইটিঙ্গেল ক্রসিং-ফকিরাপুল ক্রসিং-শাপলা চত্বর-ইত্তেফাক রুট ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

ডিএমপি আরও জানিয়েছে, সাময়িক ট্রাফিক ব্যবস্থাপনার কারণে সংশ্লিষ্ট সড়ক ও এলাকায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটতে পারে। এজন্য নগরবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে নির্দেশনাগুলো মেনে চলার পাশাপাশি সম্ভব হলে এসব সড়ক এড়িয়ে বিকল্প পথে চলাচলের অনুরোধ করা হয়েছে।

কালের আলো/আরডি/এমডিএইচ

কড়া নিরাপত্তায় কারাগার থেকে হাসপাতালে ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৯:২৬ পূর্বাহ্ণ
কড়া নিরাপত্তায় কারাগার থেকে হাসপাতালে ইমরান খান

দীর্ঘ তিন বছর পর কারাগারের বাইরে এলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তবে মুক্তি নয়, চিকিৎসার জন্য কঠোর নিরাপত্তার মধ্যে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়েছে তাকে।

দেশটির সুপ্রিম কোর্ট পরীক্ষা-নিরীক্ষার জন্য একটি স্বাধীন মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দেওয়ার পর বৃহস্পতিবার (২০ আগস্ট) মধ্যরাতে ৭৩ বছর বয়সী ইমরান খানকে হাসপাতালে স্থানান্তর করা হয়।

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানায়নি।

সরকারও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে এর কয়েক ঘণ্টা আগে সংসদবিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী জানিয়েছিলেন, সরকার সুপ্রিম কোর্টের রায় পুরোপুরি বাস্তবায়ন করবে।

মঙ্গলবার দেওয়া সুপ্রিম কোর্টের আদেশের পর ইমরান খানকে হাসপাতালে স্থানান্তর করা হলো। আদালত কর্তৃপক্ষকে দুই দিনের মধ্যে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রীকে হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। একই সঙ্গে আদালত জানিয়েছিলেন, ইমরান খানের শারীরিক অবস্থা একটি স্বাধীন মেডিকেল বোর্ড দিয়ে পরীক্ষা করাতে হবে। ওই বোর্ডে তার ব্যক্তিগত চিকিৎসককেও রাখতে হবে।

এর আগে সোমবার আদিয়ালা কারাগারের সুপারিনটেনডেন্ট আদালতে একটি প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে ১০ আগস্ট হৃদ্‌রোগ বিশেষজ্ঞ বোর্ডের করা স্বাস্থ্য পরীক্ষার তথ্য তুলে ধরা হয়। সেখানে ইমরান খানের রক্তচাপ ওঠানামা এবং উদ্বেগের কথা উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়, পরিবারের সদস্যদের সঙ্গে সীমিত যোগাযোগের কারণে তার মধ্যে এই উদ্বেগ তৈরি হয়েছে।

সরকার অবশ্য সুপ্রিম কোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল করেছিল। তবে কর্মকর্তারা জানিয়েছেন, ইমরান খানকে হাসপাতালে নেওয়ার সব প্রস্তুতি বৃহস্পতিবারের মধ্যেই সম্পন্ন করা হয়।

হাসপাতালে নেওয়ার আগে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়। একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, হাসপাতাল ও এর আশপাশের এলাকায় শত শত পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

গত এক বছর ধরে ইমরান খানের পরিবার ও দল তার শারীরিক অবস্থা নিয়ে আদালতের দ্বারস্থ হয়ে আসছে। বিশেষ করে তার ডান চোখের দৃষ্টিশক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

ফেব্রুয়ারি থেকে দুইবার ইমরান খানকে হাসপাতালে নেওয়ার একই ধরনের আবেদন আদালত নাকচ করে দিয়েছিলেন। এর মধ্যে একটি মামলায় ইসলামাবাদ হাইকোর্ট বরং একটি মেডিকেল বোর্ডের মাধ্যমে তার শারীরিক অবস্থা পরীক্ষা করার নির্দেশ দিয়েছিলেন।

২০২২ সালের এপ্রিলে পার্লামেন্টে অনাস্থা ভোটে ইমরান খান প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন। এরপর ২০২৩ সালের আগস্ট থেকে তিনি কারাগারে রয়েছেন। ওই সময় প্রধানমন্ত্রী থাকাকালে পাওয়া রাষ্ট্রীয় উপহার বিক্রির একটি মামলায় আদালত তাকে দোষী সাব্যস্ত করেন।

সাবেক এই ক্রিকেট তারকা এবং তার স্ত্রী বুশরা বিবি পরবর্তীতে আরও কয়েকটি মামলায় দণ্ডিত হয়েছেন। তবে ইমরান খান ও তার দল পিটিআই অপরাধের কথা অস্বীকার করে আসছে। তাদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই এসব মামলা ও বিচার করা হচ্ছে।

ইমরান খানের আইনজীবী উজাইর বান্দারি এর আগে জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রীকে অন্তত আগামী ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য পরবর্তী আদালতের শুনানি পর্যন্ত হাসপাতালে থাকতে হতে পারে। সূত্র: আল জাজিরা।

কালের আলো/আরডি/এমডিএইচ