খুঁজুন
                               
, ,
           

যুব হকি বিশ্বকাপে বড় স্বপ্ন, শেষ পর্যন্ত লড়াইয়ের প্রত্যাশা বিমানবাহিনী প্রধানের

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৯:৩৬ অপরাহ্ণ
যুব হকি বিশ্বকাপে বড় স্বপ্ন, শেষ পর্যন্ত লড়াইয়ের প্রত্যাশা বিমানবাহিনী প্রধানের

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

দেশের জরাজীর্ণ হকিতে সুবাতাস বইয়ে দেওয়ার খবরটি এসেছিল গত বছর। গত বছরের ৪ ডিসেম্বর ওমানের মাসকটে ইতিহাস গড়েছিল বাংলাদেশের যুবারা। জুনিয়র এশিয়া কাপের পঞ্চমস্থান নির্ধারণী ম্যাচে চীনকে ৬-৩ গোলে হারিয়ে ২০২৫ জুনিয়র হকি বিশ্বকাপে নাম লেখায় অনূর্ধ্ব-২১ দল। হকির যে কোন পর্যায়ে প্রথম কোন বৈশ্বিক আসরে জায়গা হয় বাংলাদেশের। সেই আনন্দে ওই বছরই জুনিয়র এশিয়া কাপ হকি খেলে ওমান থেকে দেশে ফেরার পর বিমানবাহিনীর ফ্যালকন হলে যুব হকি দলকে সংবর্ধনাও দিয়েছিল বাংলাদেশ হকি ফেডারেশন। দেওয়া হয়েছিল আর্থিক পুরস্কারও।

আরেকটি ডিসেম্বর যখন এগিয়ে আসছে তখন বাংলাদেশের যুবারা প্রস্তুতি নিচ্ছে বিশ্বকাপে খেলার। বৈশ্বিক অঙ্গনে দেশের হকির ইতিহাসে এযাবৎকালের সবচেয়ে বড় এই অর্জনকে ধরে রাখতে এবার নতুন এক লড়াইয়ের প্রস্তুতি। আগামী ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ভারতের চেন্নাই ও মাদুরাইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের যুব হকি বিশ্বকাপের আসর।

২৪ দলের বৈশ্বিক এই টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে ‘এফ’ গ্রুপে। সেখানে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও ফ্রান্স। বিরাট এই সাফল্যে উচ্ছ্বসিত বাংলাদেশ হকি ফেডারেশন রবিবার (০৯ নভেম্বর) বাংলাদেশ বিমান বাহিনীর ফ্যালকন হলে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে জাতীয় যুব হকি দলের জার্সি। জার্সি উম্মোচন করে বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন যুবাদের প্রস্তুতি, লক্ষ্য ও বাস্তবতা নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। দিয়েছেন কার্যকর দিকনির্দেশনাও। বৈশ্বিক এই আসরে শেষ পর্যন্ত লড়াই করার প্রত্যাশার বিষয়টি গেঁথে দিয়েছেন উদ্যমী খেলোয়াড়দের মন-মস্তিষ্কে।

বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেছেন, ‘এটি একটি অনন্য ক্ষণ এবং আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের দল ভালো পারফর্মেন্সের মাধ্যমে দেশের পতাকা আরো উঁচুতে তুলে ধরবে। শৃঙ্খলা সাফল্যের চাবিকাঠি এবং একটি শৃঙ্খলাবদ্ধ দল সর্বদা জয়লাভ করে। মাঠের খেলায়  ১১ বনাম ১১ লড়াই হয়, প্রতিপক্ষ কোন দেশ বা দল বড় নয়, বাংলাদেশ শেষ পর্যন্ত লড়াই করবে এবং ভাল নৈপুণ্য প্রদর্শন করবে এটিই আমার প্রত্যাশা।’

এ সময় হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল (অব.) রিয়াজুল হাসান, জাতীয় হকি দলের হেড কোচ সিগফ্রিড আইকম্যান, অধিনায়ক মেহরাব হাসান সামিন ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল (অব:) রিয়াজুল হাসান জানান, আগামী ১৮ নভেম্বর দল ভারতের উদ্দেশ্যে যাত্রা করবে এবং বিশ্বকাপ শুরুর আগে টিলি ও সুইজারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। হেড কোচ সিগফ্রিড আইকম্যান অবশ্য কোন লক্ষ্য স্থির করে শীষ্যদের চাপে ফেলতে চান না। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের ওরকম কোন লক্ষ্য নেই্। এই ছেলেদের বড় মঞ্চের জন্য চেষ্টা করেছি গড়ে তুলতে। আমি তাদের বলেছি, সাহস না হারাতে। হৃদয় দিয়ে খেলতে। তবে হয়তো কোন বিস্ময়কর কিছুও হয়ে যেতে পারে।’ আইকম্যান আরও বলেছেন, ‘খেলোয়াড়দের গতি ও বল নিয়ন্ত্রণ নিয়ে কাজ করেছি। আধুনিক হকিতে গতি ও দলগত সমন্বয়ের ওপরই সাফল্য নির্ভর করে।’

আমরা সেটিরই প্রতিফলন রাখতে চাই জানিয়ে অধিনায়ক মেহরাব হাসান সামিন বলেন, ‘আমরা এখন ইউরোপীয় ধারাটা বুঝতে পেরেছি, আইকম্যানের মতো বড় কোচের অধীনে দলের খেলার ধারায়ও পরিবর্তন হয়েছে। আমরা গ্রুপের কোনো দলকে সমীহ করছি না তবে সম্মান করি।’

জাতীয় যুব হকি দলের সদস্যরা হলেন-মাহমুদ হাসান, আশরাফুল হক, মেহরাব হোসেন সামিন, রামিন হোসেন, এনাম শরীফ, মুন্না ইসলাম, রাহিদ হাসান, আজিজার রহমান, সাব্বির হোসেন কনক, দ্বীন ইসলাম, আশরাফুল ইসলাম, মেহেদী হাসান, ইসমাইল হোসেন, আমিরুল ইসলাম, হোজিফা হোসেন, ওবায়দুল হোসেন জয়, তানভীর রহমান, রাকিবুল ইসলাম, আব্দুল্লাহ ও শহীদুর রহমান সাজু।

কালের আলো/এমএএএমকে

ঢাকায় বসেই নজরে দেশের শ্রেণিকক্ষ

বিশেষ সংবাদদাতা, কালের আলো:
প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১:১০ অপরাহ্ণ
ঢাকায় বসেই নজরে  দেশের শ্রেণিকক্ষ

শ্রেণিকক্ষে শিক্ষক আছেন কি না, নির্ধারিত সময়ে পাঠদান হচ্ছে কি না কিংবা শিক্ষার্থীদের উপস্থিতি কেমন—এসব জানতে আর শুধু রুটিন পরিদর্শনের ওপর নির্ভর করতে চায় না সরকার। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবার প্রযুক্তিকে কাজে লাগিয়ে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষকে নিয়ে আসতে চাইছে রিয়েল টাইম মনিটরিংয়ের আওতায়। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে ঢাকায় বসেই দেশের দূরবর্তী কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে চলমান পাঠদান সরাসরি পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

  • সিসিটিভি ও ডিজিটাল প্রযুক্তিতে রিয়েল টাইম মনিটরিং
  • বাড়বে পাঠদানের মান ও জবাবদিহি
  • মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে মাউশির নতুন পদক্ষেপ

পরিদর্শনের অপেক্ষা নয়, চোখ থাকবে প্রতিদিন
প্রচলিত ব্যবস্থায় কোনো প্রতিষ্ঠানের পাঠদানের মান যাচাই করতে পরিদর্শককে সরেজমিনে যেতে হয়। ফলে একটি প্রতিষ্ঠানের বাস্তব চিত্র পেতে সময় লাগে এবং আকস্মিক অনিয়ম অনেক সময় পরিদর্শনের আগেই আড়াল হয়ে যায়। কেন্দ্রীয় ডিজিটাল মনিটরিং সেই সীমাবদ্ধতা অনেকটাই কাটিয়ে উঠতে পারে। সিসিটিভি ক্যামেরা ও কেন্দ্রীয় প্রযুক্তি ব্যবস্থার মাধ্যমে মাউশির কর্মকর্তারা প্রয়োজন অনুযায়ী সরাসরি শ্রেণিকক্ষ পর্যবেক্ষণ করতে পারবেন।

ফলে শিক্ষক যথাসময়ে ক্লাসে প্রবেশ করছেন কি না, পাঠদানের নির্ধারিত সময় ঠিকভাবে কাজে লাগছে কি না কিংবা শিক্ষার্থীদের উপস্থিতির চিত্র কী—এসব তথ্য দ্রুত পাওয়া যাবে। এতে প্রশাসনিক সিদ্ধান্তও হতে পারে আরও তথ্যভিত্তিক।

ক্যামেরার আগেই শুরু ‘লাইভ’ পর্যবেক্ষণ
কেন্দ্রীয় সিসিটিভি ব্যবস্থা পুরোপুরি চালু হওয়ার আগেই এর প্রস্তুতি হিসেবে শুরু হয়েছে ভার্চুয়াল মনিটরিং। মাউশির কর্মকর্তারা হঠাৎ প্রতিষ্ঠানপ্রধানকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে নির্দিষ্ট শ্রেণিকক্ষে যেতে বলছেন। সেখান থেকে শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতি ও পাঠদানের পরিবেশ সরাসরি দেখা হচ্ছে।

গত আগস্টে ৫০টির বেশি প্রতিষ্ঠান এভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, এসব পর্যবেক্ষণে শিক্ষকদের অনিয়মিত উপস্থিতিসহ বিভিন্ন অব্যবস্থাপনা ধরা পড়েছে। ফলে সমস্যাগুলো চিহ্নিত করে তাৎক্ষণিক সংশোধনের নির্দেশ দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। এটি দেখাচ্ছে, প্রযুক্তি শুধু নজরদারির মাধ্যম নয়; দ্রুত প্রতিকার নিশ্চিত করার হাতিয়ারও হতে পারে।

বিদ্যমান ক্যামেরাই হতে পারে বড় সম্পদ
মাউশির তথ্য অনুযায়ী, দেশের প্রায় ৫২ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে ইতোমধ্যে প্রায় ৫২ হাজার সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। অর্থাৎ কেন্দ্রীয় মনিটরিং চালুর ক্ষেত্রে একেবারে শূন্য থেকে শুরু করতে হচ্ছে না। বিদ্যমান অবকাঠামোকে একটি সমন্বিত প্ল্যাটফর্মে যুক্ত করা গেলে তুলনামূলক দ্রুতই বড় পরিসরে ব্যবস্থা কার্যকর করা সম্ভব হতে পারে।

মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানিয়েছেন, ৮ থেকে ১০ হাজার প্রতিষ্ঠানে সিসিটিভি রয়েছে। এগুলোকে অ্যাপের মাধ্যমে এক সূত্রে আনার পরিকল্পনা রয়েছে। বাস্তবায়ন হলে প্রয়োজনের সময় যেকোনো প্রতিষ্ঠান পর্যবেক্ষণের সুযোগ তৈরি হবে।

উপস্থিতি থেকে পাঠদানের মান—তথ্য হবে সিদ্ধান্তের ভিত্তি
এই উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্ভাবনা কেবল শিক্ষক উপস্থিতি যাচাইয়ে নয়; বরং শিক্ষা ব্যবস্থাপনায় বাস্তব তথ্যের ব্যবহার বাড়ানোয়। কোনো অঞ্চলে নিয়মিত শিক্ষক অনুপস্থিতির প্রবণতা থাকলে তা দ্রুত শনাক্ত করা যাবে। কোথাও শিক্ষার্থীর উপস্থিতি কম হলে কারণ অনুসন্ধানের উদ্যোগ নেওয়া সম্ভব হবে। একইভাবে অবকাঠামো, শিক্ষা উপকরণ কিংবা শ্রেণিকক্ষ ব্যবস্থাপনায় ঘাটতিও নজরে আসতে পারে।

মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মো. নাজমুল হকের মতে, ডিজিটাল মনিটরিংয়ের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানের বাস্তব চিত্র জানা গেলে দুর্বলতা দ্রুত শনাক্ত করে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। তাঁর মতে, নিয়মিত, তথ্যভিত্তিক ও ফলমুখী মনিটরিংয়ের মাধ্যমে জবাবদিহি নিশ্চিত করা সম্ভব।

পরীক্ষাকেন্দ্রের সাফল্য থেকে শ্রেণিকক্ষে
পরীক্ষাকেন্দ্র সিসিটিভির মাধ্যমে তদারকিতে প্রযুক্তির ব্যবহার ইতোমধ্যে প্রশাসনিক পর্যায়ে পরিচিত হয়েছে। সেই অভিজ্ঞতাকে এবার শ্রেণিকক্ষ পর্যন্ত বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

শিক্ষা ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা যেহেতু শ্রেণিকক্ষ, সেখানে প্রযুক্তিনির্ভর তদারকি চালু হলে প্রশাসন ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে দূরত্ব কমার সম্ভাবনা রয়েছে। তবে এর সাফল্য নির্ভর করবে প্রযুক্তির সঠিক ব্যবহার, দক্ষ জনবল এবং কার্যকর নীতিমালার ওপর। কেন্দ্রীয়ভাবে বিপুলসংখ্যক ক্যামেরা থেকে আসা তথ্য কীভাবে বিশ্লেষণ করা হবে, কীভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে—সেই কাঠামোও সমান গুরুত্বপূর্ণ।

নজরদারির লক্ষ্য যখন মানসম্মত শিক্ষা
শ্রেণিকক্ষে ক্যামেরা বসানোই এই উদ্যোগের মূল সাফল্য নয়। প্রকৃত সাফল্য হবে তখনই, যখন এর মাধ্যমে শিক্ষককে শাস্তির ভয়ে নয়, দায়িত্ব পালনে আরও সচেতন করা যাবে; শিক্ষার্থীর উপস্থিতি বাড়বে; শ্রেণিকক্ষ হবে আরও সুশৃঙ্খল এবং পাঠদান হবে সময়োপযোগী ও কার্যকর।

প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ তাই কেবল ‘কে ক্লাসে আছেন’ তা দেখার ব্যবস্থা নয়। সঠিকভাবে বাস্তবায়িত হলে এটি হতে পারে শিক্ষা প্রশাসনের এমন একটি তথ্যভিত্তিক কাঠামো, যেখানে সমস্যা দেখা দেওয়ার পর ব্যবস্থা নেওয়ার বদলে সমস্যাকে আগেই শনাক্ত করে সমাধানের সুযোগ থাকবে। আর সেই পরিবর্তনই শ্রেণিকক্ষের নজরদারিকে ধীরে ধীরে রূপ দিতে পারে শিক্ষার মানোন্নয়নের কার্যকর ব্যবস্থায়।

এম/এএইচ

‘আমি হেরেছি, তুমি জিতেছো’—গাজী নজরুলের বাসায় পাওয়া চিঠিতে যা আছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৬ অপরাহ্ণ
‘আমি হেরেছি, তুমি জিতেছো’—গাজী নজরুলের বাসায় পাওয়া চিঠিতে যা আছে

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের বাসা থেকে উদ্ধার হওয়া হাতে লেখা কয়েকটি চিঠিতে সম্পর্কের টানাপড়েন, ভালোবাসা, বিশ্বাসভঙ্গ ও মানসিক কষ্টের নানা কথা উঠে এসেছে। চিঠিগুলো জাতীয় সংসদের অফিশিয়াল প্যাড, সাদা কাগজ এবং লাল-কালো কালিতে লেখা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। লেখাগুলোতে মরিয়ম খাতুনের নিজের অবস্থান, আক্ষেপ ও আত্মসম্মান রক্ষার কথাও রয়েছে।

উদ্ধার হওয়া চিঠিগুলোর কয়েকটিতে সম্পর্কের নানা আবেগঘন মুহূর্তের বর্ণনা রয়েছে। ভালোবাসার পাশাপাশি সেখানে প্রতারণার অভিযোগ, সম্পর্কের জটিলতা ও বিশ্বাসভঙ্গের অনুভূতি প্রকাশ পেয়েছে। কোথাও নিজেকে দাবার গুটি হিসেবে উল্লেখ করে কষ্টের কথা বলা হয়েছে, আবার কোথাও সম্পর্ক থেকে সরে দাঁড়ানোর দৃঢ়তার কথাও উঠে এসেছে।

জাতীয় সংসদের অফিশিয়াল প্যাডে কালো কালিতে লেখা একটি পাতায় বলা হয়েছে, ‘আমি অতি বিশ্বাস করে যুদ্ধে নেমেছিলাম তার সাথে, কিন্তু জিততে পারিনি হেরে গেলাম ময়দানে। জিতবই বা কেমনে যুদ্ধের শেষ প্রান্তে এসে দেখি তুমিই তো ছিলে বিপক্ষ দলের সেনাপতি।’

অন্য একটি পাতায় সম্পর্কের টানাপড়েন তুলে ধরে লেখা হয়েছে, ‘সে ছিল অন্য নারীর স্বামী। কাগজে-কলমে অধিকার ছিল তার বউয়ের। আর আমি ছিলাম বোকা…!!! অন্য কারো স্বামীকে বানিয়েছিলাম নিজের শখের পুরুষ…!!!’

আরেকটি লেখায় বিশ্বাসের সুযোগ নিয়ে প্রতারিত হওয়ার অনুভূতি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘সে বলেছিল, আজ থেকে আমরা বন্ধু…চলো একটা গেমস খেলি। আমিও সরল মনে বিশ্বাস করে রাজি হয়েছিলাম। কিন্তু কে জানত—আমিই ছিলাম তোমার গেমসের দাবার এক গুটি।’

জাতীয় সংসদের প্যাডে লেখা আরেকটি পাতায় ক্ষোভ ও পরিণতির কথা তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, ‘আমি হেরেছি…তুমি জিতেছো…কারণ, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম বলেই তো ঠকিয়ে জিততে পেরেছো।’

লাল কালিতে লেখা একটি সংক্ষিপ্ত বার্তায় নিজের আত্মসম্মানের কথাও তুলে ধরা হয়েছে। সেখানে লেখা, ‘শুধু মায়ায় পড়েছি বলে বারবার তোমার কাছে নত হই… তা না হলে যতটা সস্তা ভাবছো ততটা সস্তা আমি নই…!’

ধর্মীয় আমলের তালিকাও

চিঠিগুলোর সঙ্গে ‘১২-০৭-২০২৬’ তারিখ লেখা একটি পাতাও পাওয়া গেছে। ওই পাতায় ঘুমানোর আগে করণীয় কয়েকটি ধর্মীয় আমলের তালিকা রয়েছে। এতে কালেমা, দরুদ শরিফ, ঘুমের দোয়া, আয়াতুল কুরসি, বিসমিল্লাহির রহমানির রাহিম, আস্তাগফিরুল্লাহসহ বিভিন্ন আমলের কথা উল্লেখ করা হয়েছে।

উদ্ধার হওয়া এসব হাতে লেখা পাতায় সম্পর্ক, ভালোবাসা, বিশ্বাসভঙ্গ, আক্ষেপ ও আত্মসম্মান রক্ষার নানা অনুভূতির প্রকাশ রয়েছে। একই সঙ্গে একটি লেখায় ভবিষ্যৎ পরিণতি নিয়ে সতর্কবার্তাও দেওয়া হয়েছে।

কালের আলো/এমএসআইপি 

পদ্মার চরাঞ্চল

পদ্মায় মাছ ধরেন, তবু জেলে কার্ড নেই—বঞ্চিত হাজারো জেলে

মাদারীপুর সংবাদদাতা
প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩১ অপরাহ্ণ
পদ্মায় মাছ ধরেন, তবু জেলে কার্ড নেই—বঞ্চিত হাজারো জেলে

মাদারীপুরের শিবচর উপজেলার পদ্মা ও আড়িয়াল খাঁ নদে দীর্ঘদিন ধরে মাছ ধরে জীবিকা নির্বাহ করা অনেক প্রকৃত জেলে ‘জেলে কার্ড’ থেকে বঞ্চিত রয়েছেন বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে, পেশায় জেলে না হয়েও অনেকে তালিকাভুক্ত হয়ে সরকারি সুবিধা নিচ্ছেন বলে দাবি স্থানীয় জেলেদের।

উপজেলার পদ্মার চরাঞ্চলখ্যাত চরজানাজাত, কাঁঠালবাড়ী ও বন্দরখোলা ইউনিয়নের নদীতীরবর্তী এলাকার বহু মানুষ মাছ ধরার ওপর নির্ভরশীল। তাদের অভিযোগ, বছরের পর বছর মাছ ধরলেও অনেকের জেলে কার্ড হয়নি। ফলে মাছ ধরার নিষেধাজ্ঞার সময়ে সরকারি সহায়তা থেকেও তারা বঞ্চিত হচ্ছেন।

স্থানীয় জেলেদের দাবি, জনপ্রতিনিধিদের মাধ্যমে তৈরি করা তালিকায় প্রকৃত জেলেদের অনেকের নাম বাদ পড়েছে। বিপরীতে পেশায় জেলে নন—এমন ব্যক্তিদের নামও তালিকায় রয়েছে। ফলে সরকারি সহায়তার ক্ষেত্রে প্রকৃত জেলেরা বৈষম্যের শিকার হচ্ছেন।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, শিবচরে নিবন্ধিত জেলের সংখ্যা ৬ হাজার ৫৪২ জন। এর মধ্যে শিবচর পৌরসভায় ২৯৯ জনসহ বিভিন্ন ইউনিয়নে ৬ হাজারের বেশি জেলে নিবন্ধিত রয়েছেন। তবে মাছ ধরার নিষিদ্ধ মৌসুমে সরকারি সহায়তা পাচ্ছেন প্রায় আড়াই হাজার জেলে।

স্থানীয় জেলেরা জানান, ইলিশের প্রজনন মৌসুম ও অন্যান্য নিষেধাজ্ঞার সময়ে নদীতে মাছ ধরা বন্ধ রাখতে হয়। এ সময় সরকার থেকে চালসহ বিভিন্ন সহায়তা দেওয়া হয়। কিন্তু জেলে কার্ড না থাকায় প্রকৃত অনেক জেলে সেই সুবিধা পান না।

চরজানাজাত ইউনিয়নের জেলে রাকিব বলেন, তার বাবা দীর্ঘদিন জেলে ছিলেন। বাবার কোনো জেলে কার্ড ছিল না। এখন তিনিও মাছ ধরলেও কার্ড পাননি। অথচ জেলে নন—এমন অনেকের নাম তালিকায় রয়েছে বলে তিনি দাবি করেন।

আরেক জেলে রহিম মাদবর বলেন, তালিকা তৈরির সময় জাতীয় পরিচয়পত্র ও ছবি জমা দিয়েছেন। একাধিকবার কাগজপত্র দিলেও তার কার্ড হয়নি। তার মতো আরও অনেক প্রকৃত জেলে তালিকার বাইরে রয়েছেন বলে দাবি করেন তিনি।

চরজানাজাত ইউনিয়নের সমাজসেবক অ্যাডভোকেট নাসির উদ্দিন বেপারী বলেন, যারা বছরের পর বছর পদ্মায় মাছ শিকার করে পরিবার চালান, সরকারি সহায়তার প্রকৃত দাবিদার তারাই। জেলে কার্ডের তালিকা পুনঃযাচাই করে অযোগ্যদের বাদ এবং বঞ্চিত প্রকৃত জেলেদের দ্রুত তালিকাভুক্ত করার দাবি জানান তিনি।

শিবচর উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার বলেন, উপজেলায় জেলে তালিকায় ছয় হাজারের বেশি নাম রয়েছে। তবে সহায়তা পাচ্ছেন প্রায় আড়াই হাজার জেলে। তালিকাটি অনেক পুরোনো হওয়ায় বর্তমানে হালনাগাদের কাজ চলছে। যাচাই-বাছাই করে যোগ্যদের অন্তর্ভুক্ত এবং অযোগ্যদের বাদ দেওয়া হবে।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচএম ইবনে মিজান বলেন, প্রকৃত জেলেরা বঞ্চিত এবং জেলে নন এমন ব্যক্তিরা কার্ডের সুবিধা পাচ্ছেন—এমন অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কাজ শুরু হয়েছে।

কালের আলো/এমএসআইপি