খুঁজুন
                               
, ,
           

প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধে আইন আনার প্রস্তাব দেবেন তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৪:০৮ অপরাহ্ণ
প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধে আইন আনার প্রস্তাব দেবেন তথ্যমন্ত্রী

‘ধূমপান ও তামাক জাতীয় দ্রব্য প্রকাশ্যে ব্যবহার নিষেধ’ করার বিষয়ে আইন প্রণয়নের প্রস্তাব করবেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

সোমবার (৯ মার্চ) শিল্পকলা একাডেমির নাট্যশালায় এন্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়ান্স আয়োজিত এক গোলটেবিল বৈঠকে মন্ত্রী এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিগত বিএনপি সরকারের সময়েই বিশ্বের অন্যতম প্রথম দেশ হিসেবে বাংলাদেশ ২০০৩ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোলে (এফসিটিসি) স্বাক্ষর করে।

তিনি বলেন, এ সিদ্ধান্তেরই ধারাবাহিকতায় ২০০৫ সালে ধূমপান ও তামাক জাতীয় দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন প্রণীত হয়, যা দেশের জনসাস্থ্য সুরক্ষায় এক ঐতিহাসিক মাইলফলক।

তথ্যমন্ত্রী জানান, সরকারের নির্বাচনি ইশতেহারে তামাকের ব্যবহার জনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে আইনি উদ্যোগ গ্রহণের বিষয়টি উল্লেখ করা হয়েছে। এসময় তিনি অন্তর্বর্তী সরকারের জারি করা ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-কে আইনে পরিণত করার আশাবাদও ব্যক্ত করেন।

মন্ত্রী জহির উদ্দিন স্বপন আইন প্রণয়নের পাশাপাশি এর প্রয়োগের ক্ষেত্রে করণীয় সম্পর্কে প্রস্তুতি গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানান। তিনি বলেন, ‘আইন প্রণীত হলে এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য তথ্য মন্ত্রণালয় থেকে বিশেষ প্রচার কর্মসূচি গ্রহণ করা হবে। গোলটেবিল বৈঠকে অন্যান্যদের মধ্যে ক্যান্সার বিশেষজ্ঞ ডা. গোলাম মহিউদ্দিন ফারুক, যুগান্তর সম্পাদক আব্দুল হাই শিকদার বক্তব্য রাখেন।’

কালের আলো/এম/এএইচ

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৭ অপরাহ্ণ
দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার

ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে বর্তমান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের নিয়োগে সম্মতি দিয়েছে ভারত। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় তার নিয়োগে এগ্রিমো (সম্মতিপত্র) দিয়েছে।

কূটনৈতিক সূত্র জানায়, গত জুলাই মাসে দিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে আসাদ আলম সিয়ামের নিয়োগের জন্য এগ্রিমো চেয়ে ভারত সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়। তবে এ বিষয়ে ভারতের পক্ষ থেকে সম্মতি পেতে কিছুটা সময় লাগে।

মঙ্গলবার শেষ পর্যন্ত তার নিয়োগে আনুষ্ঠানিক সম্মতি দেয় দিল্লি।

এর আগে এগ্রিমো পেতে বিলম্বের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছিলেন, বাংলাদেশ বা ভারত সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো বিবৃতি না আসা পর্যন্ত এ-সংক্রান্ত বিভিন্ন খবর আমলে না নিতে। একই সঙ্গে তিনি এ ধরনের খবর প্রকাশ না করারও অনুরোধ জানিয়েছিলেন।

আসাদ আলম সিয়াম বর্তমানে বাংলাদেশের পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।

দিল্লিতে তার নতুন দায়িত্ব গ্রহণের পর পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব নেবেন সালাহউদ্দিন চৌধুরী নোমান।

এদিকে ভারতে বাংলাদেশের বর্তমান হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে যোগ দেবেন।

কালের আলো/এমএসআইপি 

১৪ বছর বয়সেই শুনেছিলেন মা হতে পারবেন না

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩২ অপরাহ্ণ
১৪ বছর বয়সেই শুনেছিলেন মা হতে পারবেন না

দক্ষিণী ও বলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান। ক্যারিয়ারে সাফল্যের পাশাপাশি ব্যক্তিজীবনে দীর্ঘ এক কঠিন সময় পার করেছেন তিনি। মাত্র ১৪ বছর বয়সে যখন কৈশোরের স্বাভাবিক সময় কাটানোর কথা, তখনই তাকে শুনতে হয়েছিল এক কঠিন কথা—ভবিষ্যতে হয়তো তিনি মা হতে পারবেন না।

ডিম্বাশয়ের জটিলতা পিসিওএস (PCOS) শনাক্ত হওয়ার পর থেকেই গর্ভধারণ নিয়ে মানসিক চাপ বয়ে বেড়াচ্ছেন শ্রুতি। ৪০ বছর বয়সী এই অভিনেত্রী সম্প্রতি অভিনেত্রী সোহা আলি খানের পডকাস্টে নিজের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও মাতৃত্বের ইচ্ছা নিয়ে খোলামেলা কথা বলেছেন।

কৈশোরেই শুনেছিলেন কঠিন কথা

শ্রুতি জানান, মাত্র ১৪ বছর বয়সে তার পিসিওএস ধরা পড়ে। তখন চিকিৎসকদের কাছ থেকে এমন ধারণা পেয়েছিলেন যে, ভবিষ্যতে তার মা হওয়ার সম্ভাবনা খুবই কম।

ফলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিষয়টি তার মনে গভীর প্রভাব ফেলে। বছরের পর বছর তিনি ধরে নিয়েছিলেন, হয়তো জীবনে কখনোই মাতৃত্বের স্বাদ পাওয়া তার পক্ষে সম্ভব হবে না।

চিকিৎসকের পরামর্শে বদলে গেল ধারণা

সম্প্রতি বিখ্যাত গাইনোকোলজিস্ট ড. ধ্রুপতি দেধিয়ার সঙ্গে পরামর্শ করেন শ্রুতি। সেখানেই দীর্ঘদিনের ভয় ও ভুল ধারণা অনেকটাই কেটে যায় বলে জানিয়েছেন তিনি।

অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, চিকিৎসক তাকে বুঝিয়েছেন যে পিসিওএস থাকা মানেই মাতৃত্বের সম্ভাবনা শেষ হয়ে যাওয়া নয়। বরং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা ও পরিকল্পনার মাধ্যমে ভবিষ্যতে সন্তান ধারণের পথ খোঁজা সম্ভব।

চিকিৎসকের ইতিবাচক পরামর্শ শ্রুতির মধ্যে নতুন আশার জন্ম দিয়েছে। তিনি জানান, চিকিৎসক তাকে ভয় পাওয়ার পরিবর্তে নিজের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হতে বলেছেন।

‘যখন প্রস্তুত হব, উপায় খুঁজে বের করব’

মাতৃত্ব নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে শ্রুতি বলেন, তিনি শুধু একজন মা হতে চান। সন্তান নেওয়ার ক্ষেত্রে জৈবিক ও দত্তক—দুই পথের প্রতিই তার ইতিবাচক মনোভাব রয়েছে।

তার মতে, চিকিৎসাবিজ্ঞানের সহায়তায় নিজের সন্তান নেওয়ার সুযোগ থাকলে তিনি সেটি চেষ্টা করে দেখতে চান। তবে কোনো কারণে তা সম্ভব না হলে দত্তক নেওয়ার বিষয়েও তার আপত্তি নেই।

অর্থাৎ, তার কাছে মাতৃত্বের মূল বিষয় হলো একটি শিশুকে ভালোবাসা ও স্নেহ দিয়ে বড় করে তোলা।

বয়স নিয়ে বদলেছে ভাবনা

মাতৃত্বের ক্ষেত্রে বয়স যে সবসময় একমাত্র বাধা নয়, সেটিও এখন নতুন করে উপলব্ধি করছেন শ্রুতি। এ প্রসঙ্গে হলিউড অভিনেত্রী ক্যামেরন ডায়াজের ৫৩ বছর বয়সে মা হওয়ার উদাহরণও উল্লেখ করেছেন তিনি।

শ্রুতির বক্তব্য, সঠিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা থাকলে জীবনের বিভিন্ন পর্যায়েই মাতৃত্বের সম্ভাবনা নিয়ে ভাবা যায়।

পিসিওএস নিয়ে খোলামেলা শ্রুতি

দীর্ঘ ২৬ বছর ধরে পিসিওএসের সঙ্গে নিজের অভিজ্ঞতা প্রকাশ্যে তুলে ধরেছেন শ্রুতি হাসান। তার এই খোলামেলা বক্তব্যের মাধ্যমে পিসিওএস নিয়ে প্রচলিত ভয় ও ভুল ধারণা নিয়ে আলোচনার সুযোগ তৈরি হয়েছে।

বিশেষ করে কৈশোরে এমন একটি রোগ শনাক্ত হওয়ার পর কীভাবে মানসিক চাপ তৈরি হতে পারে, নিজের অভিজ্ঞতার মাধ্যমে সেটিও তুলে ধরেছেন তিনি।

মাতৃত্ব নিয়ে দীর্ঘদিনের ভয় কাটিয়ে বর্তমানে চিকিৎসকের পরামর্শে আশাবাদী শ্রুতি। তার এই ইতিবাচক দৃষ্টিভঙ্গি সামাজিকমাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে।

কালের আলো/এসএ

‘লোকে বলে’ থেকে ‘লজ্জা’, নতুন রূপে নুসরাত ফারিয়া

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৫ অপরাহ্ণ
‘লোকে বলে’ থেকে ‘লজ্জা’, নতুন রূপে নুসরাত ফারিয়া

অভিনয় থেকে শুরু করে গ্ল্যামার, উপস্থাপনা, গায়কি কিংবা আইটেম গানের নাচ—সব ক্ষেত্রেই নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া। বাংলাদেশ ও ভারতের বৃহত্তর বাঙালি দর্শকের কাছেও রয়েছে তার পরিচিতি। সম্প্রতি তার নতুন গান ‘লোকে বলে’ প্রকাশের পর প্রশংসিত হয়েছে মিউজিক ভিডিওটি। অভিনয়ের পাশাপাশি গান ও নতুন চলচ্চিত্রের কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

তার নতুন গান, চলচ্চিত্র ও অভিনয়ের প্রস্তুতি নিয়ে কথা বলেছেন পান্থ আফজাল।

‘লোকে বলে’ নিয়েই এখনো মুগ্ধ নুসরাত

নতুন গান ‘লোকে বলে’ প্রকাশের পর থেকেই দর্শক-শ্রোতাদের কাছ থেকে প্রশংসা পাচ্ছেন নুসরাত ফারিয়া। গানটির সাড়া নিয়ে অভিনেত্রী বলেন, এখনো তিনি গানটির মেজাজেই রয়েছেন।

তিনি জানান, কিছুদিন আগে তার জন্মদিন ছিল। কাছের মানুষদের অনেকেই ‘লোকে বলে’ গানটি দিয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। বিষয়টি তার কাছে বিশেষ পাওয়া বলেও উল্লেখ করেন তিনি।

নুসরাত বলেন, নতুন গান নিয়ে এখনই তাড়াহুড়া করতে চান না। আরও কিছুদিন ‘লোকে বলে’ উপভোগ করতে চান। তবে সামনের পূজায় নতুন কোনো ধামাকা নিয়ে আসার ইঙ্গিত দিয়েছেন এই অভিনেত্রী। সে জন্য তার গানের ভক্তদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

‘ট্রাইব্যুনাল’ থেকে কেন সরে গেলেন?

নুসরাত ফারিয়ার অভিনয়ের কথা ছিল ‘ট্রাইব্যুনাল’ চলচ্চিত্রে। তবে শেষ পর্যন্ত সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। এ বিষয়ে অভিনেত্রী জানান, এর পেছনে কোনো বড় বা সমালোচনামূলক কারণ নেই।

চলচ্চিত্রটির গল্প ও চরিত্র দুটিই তার পছন্দ হয়েছিল। বিদেশফেরত এক তরুণী ব্যারিস্টারের চরিত্রে অভিনয় করার কথা ছিল তার। একটি মামলা নিয়ে কাজ করতে দেশে ফিরে আসা সেই ব্যারিস্টারের চরিত্রটি নিয়ে বেশ রোমাঞ্চিতও ছিলেন তিনি।

তবে শুটিংয়ের শিডিউলসহ কিছু জটিলতার কারণে শেষ পর্যন্ত সমন্বয় করা সম্ভব হয়নি। তাই নিজেই চলচ্চিত্রটি থেকে সরে আসার সিদ্ধান্ত নেন বলে জানান নুসরাত।

‘লজ্জা’র জন্য নিয়েছেন মিলিটারি ট্রেনিং

নতুন চলচ্চিত্র ‘লজ্জা’ নিয়ে বেশ প্রস্তুতি নিচ্ছেন নুসরাত ফারিয়া। সিনেমাটির চরিত্রের জন্য ইতোমধ্যে মিলিটারি ট্রেনিং নিয়েছেন তিনি। শুধু প্রশিক্ষণই নয়, চরিত্রটিকে পর্দায় বিশ্বাসযোগ্য করে তুলতে আরও বিভিন্ন ধরনের প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী।

নুসরাত জানান, ‘লজ্জা’ কিছুটা ভিন্ন ঘরানার চলচ্চিত্র। আগামী বছরের ঈদে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। তাই সেই লক্ষ্যেই প্রস্তুতি চলছে।

এর আগে পুলিশ কর্মকর্তার চরিত্রেও অভিনয় করেছেন তিনি। তবে ‘ইন্সপেক্টর নটি কে’ ছিল পুরোপুরি বাণিজ্যিক ঘরানার চলচ্চিত্র। পশ্চিমবঙ্গের অভিনেতা জিৎ-এর সঙ্গে অভিনয় করা সেই সিনেমায় ছিল বিনোদনের নানা উপাদান।

তবে ‘লজ্জা’ সম্পূর্ণ ভিন্ন ধরনের গল্পের সিনেমা বলে জানান নুসরাত। তার প্রত্যাশা, দর্শক এখানে তাকে নতুনভাবে দেখতে পাবেন।

উচ্চতা নিয়ে শুটিংয়ে কম ঝামেলা পোহাতে হয়নি

নুসরাত ফারিয়ার উচ্চতা প্রায় ৫ ফুট ৩ ইঞ্চির কিছু বেশি। নিজের উচ্চতা প্রসঙ্গে মজা করে তিনি নিজেকে ‘টিনি-টিনি-প্রিটি বাংলাদেশি মেয়ে’ হিসেবে উল্লেখ করেন।

শুটিং, অনুষ্ঠান কিংবা বিভিন্ন শোতে অনেক সময় উচ্চতা বাড়াতে হিল পরতে হয় তাকে। তবে আরামদায়ক ও ভালো মানের জুতা খুঁজে পাওয়া বেশ কঠিন বলে জানান তিনি।

চরিত্র ও শুটিংয়ের প্রয়োজনে পোশাক, চুল, জুতা এবং লুক—সবকিছুর সঙ্গে মানিয়ে চলতে হয় একজন অভিনেত্রীকে। এটিকে অভিনয়জগতের বাস্তবতা হিসেবেই দেখেন নুসরাত।

আরিফিন শুভর সঙ্গে শুটিংয়ে ৫ ইঞ্চি হিল!

উচ্চতা নিয়ে তার ক্যারিয়ারের একটি মজার অভিজ্ঞতাও রয়েছে। ২০১৬ সালে ‘প্রেমী ও প্রেমী’ চলচ্চিত্রের শুটিং হয়েছিল বান্দরবানে। সিনেমাটিতে নুসরাতের সঙ্গে অভিনয় করেছিলেন আরিফিন শুভ।

শুটিং হয়েছিল পাহাড়ি এলাকায়। শুভর উচ্চতা প্রায় ৬ ফুট ১ ইঞ্চি হওয়ায় তার কাছাকাছি উচ্চতায় যেতে নুসরাতকে প্রায় ৫ ইঞ্চি হিল পরতে হয়েছিল।

প্রোডাকশনের পক্ষ থেকে তাকে একটু বেশি উচ্চতার জুতা দেওয়া হয়েছিল। সেই জুতা পরেই শুটিং শেষ করেন তিনি। ক্যারিয়ারের শুরুর দিকের সেই অভিজ্ঞতা এখনো তার কাছে বেশ স্মরণীয়।

‘ভাইরাল’ হওয়ার পেছনে ছুটতে চান না

নুসরাত ফারিয়া যা করেন, সেটিই অনেক সময় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে। তবে নিজেকে ভাইরাল করার কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্ট করেছেন তিনি।

তার বিশ্বাস, সঠিকভাবে যত্ন নিয়ে কাজ করা এবং কাজটি মানসম্মত হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোনো কাজ দ্রুত মানুষের কাছে পৌঁছাতে পারে, আবার কোনো কাজের জন্য সময় লাগতে পারে। কিন্তু ভালো কাজ শেষ পর্যন্ত দর্শকের কাছে পৌঁছাবে এবং দীর্ঘস্থায়ী প্রভাব তৈরি করবে—এমনটাই মনে করেন নুসরাত।

তার কথায়, ভাইরালের চেয়ে মানসম্মত ও টেকসই কাজই বেশি গুরুত্বপূর্ণ।

কালের আলো/এসএ