খুঁজুন
                               
বুধবার, ২৭ মে, ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩
           

সড়ক ও রেলপথে নিরাপত্তা নিশ্চিতে সরকার সম্পূর্ণ ব্যর্থ: জামায়াত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২৬, ৪:২৯ অপরাহ্ণ
সড়ক ও রেলপথে নিরাপত্তা নিশ্চিতে সরকার সম্পূর্ণ ব্যর্থ: জামায়াত

দেশের সার্বিক যাতায়াত ব্যবস্থার অব্যবস্থাপনা এবং সড়ক-রেলপথে বাড়তে থাকা দুর্ঘটনার জন্য সরকারকে সম্পূর্ণ ব্যর্থ বলে মন্তব্য করেছে জামায়াতে ইসলামী। রোববার (২২ মার্চ) এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে ১২ জনের মৃত্যু এবং দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক দুর্ঘটনার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন।

জামায়াত সেক্রেটারি বলেন, রাত ৩টায় কুমিল্লায় ভয়াবহ ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন নিহত ও অন্তত ১০ জন আহত হওয়া অত্যন্ত বেদনাদায়ক। মানুষ প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। অথচ সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ বা জবাবদিহিতা দেখা যাচ্ছে না। একটি সভ্য রাষ্ট্রে এমন পরিস্থিতি মেনে নেওয়া যায় না।

জামায়াতের এই নেতা অভিযোগ করেন, দেশের পরিবহন খাতে চরম নৈরাজ্য ও অব্যবস্থাপনার দায় সরাসরি বর্তমান বিএনপি সরকারের ওপর বর্তায়। বিশেষ করে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী শেখ রবিউল আলমের চরম অবহেলা, অদক্ষতা ও দায়িত্বহীনতার কারণেই সাধারণ মানুষ নিরাপদ যাতায়াতের ন্যূনতম নিশ্চয়তা থেকে বঞ্চিত হচ্ছে।

জামায়াত নেতা বলেন, নিয়মিত তদারকির অভাব, ফিটনেসবিহীন যানবাহনের চলাচল, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা এবং রেলক্রসিংগুলোতে নিরাপত্তা ঘাটতি—সব মিলিয়ে দেশের রেল ও সড়কপথে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর মাধ্যমে প্রমাণিত হয়, সংশ্লিষ্ট সংস্থাগুলো নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।

মিয়া গোলাম পরওয়ার কুমিল্লার দুর্ঘটনাসহ সাম্প্রতিক সব দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত, কঠোর তদারকি এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আহ্বান জানান।

জনগণের জীবন রক্ষা করতে ব্যর্থ এই সরকারকে এখনই কার্যকর ব্যবস্থা নিতে হবে, অন্যথায় দেশের মানুষই এর জবাব দেবে বলে হুঁশিয়ারি দেন গোলাম পরওয়ার।

জামায়াত সেক্রেটারি নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন এবং হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একইসঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

কালের আলো/এসআর/এএএন 

স্মৃতির দহন

সাহিত্য ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬, ১২:৫২ অপরাহ্ণ
স্মৃতির দহন

ইকরাম আকাশ

আমি ভুলে যেতে চাই
সেই দিনগুলি,
যে দিনগুলি ছিলো শুধু
বেদনার স্মৃতি।

আমি ভুলে যেতে চাই অতীতের কথা,
যেখানে ছিলো শুধুই লোচন-বারি।
আমি ভুলে যেতে চাই,ভুলে যেতে চাই
আমার স্মৃতিকাতুরে সকল আর্তি।

আমি পুড়িয়ে দিতে চাই অতীতের
সেই সব জীর্ণ পাণ্ডুলিপি,
যেখানে উন্মাদনায় জড়িয়ে ছিলো
উপাখ্যানের সকল স্মৃতি।

এম/এএইচ

শাবিপ্রবিতে শিবিরের আয়োজনে ‘বখরা ঈদের খানি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬, ১২:৩৭ অপরাহ্ণ
শাবিপ্রবিতে শিবিরের আয়োজনে ‘বখরা ঈদের খানি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হলে ও মেসে অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ‘বখরা ঈদের খানি’ আয়োজন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রশিবির।

মঙ্গলবার (২৬ মে) সংগঠনটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ‘বখরা ঈদের খানি’ আয়োজনের অংশ হিসেবে ঈদের দিন (২৮ মে) রাতে হল ও মেসে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য খাবারের ব্যবস্থা থাকবে। এ লক্ষ্যে গুগল ফর্মের মাধ্যমে শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করছে সংগঠনটি।

শাবিপ্রবি শিবিরের সেক্রেটারি মুজাহিদুল ইসলাম বলেন, ঈদুল আজহা আনন্দ ও ভ্রাতৃত্বের উৎসব। কিন্তু বিভিন্ন কারণে প্রতিবছর অনেক শিক্ষার্থী ঈদের সময় ক্যাম্পাসেই অবস্থান করে। তাদের যেন ঈদের আনন্দ থেকে বিচ্ছিন্ন মনে না হয়, সেজন্যই এই ‘বখরা ঈদের খানি’ আয়োজন।

তিনি আরও বলেন, ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীবান্ধব বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় এবার ঈদের দিন এই আয়োজন করা হবে।

কালের আলো/এম/এএইচ

সিনেমাপ্রেমীদের জন্য সুখবর দিলেন বিজয়

বিনোদন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬, ১২:১৮ অপরাহ্ণ
সিনেমাপ্রেমীদের জন্য সুখবর দিলেন বিজয়

দক্ষিণী তারকা থালাপতি বিজয় এবার সিনেমাপ্রেমীদের জন্য নিয়ে এলেন সুখবর। তামিল সিনেমা ইন্ডাস্ট্রির অনুরোধে রাজ্যের সব প্রেক্ষাগৃহে নতুন মুক্তিপ্রাপ্ত সিনেমার জন্য প্রতিদিন পাঁচটি করে শো চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি তামিল সিনেমা ইন্ডাস্ট্রির বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠকে বসেন বিজয়। সেখানে নতুন সিনেমার প্রচার ও ব্যবসা বাড়ানোর স্বার্থে প্রেক্ষাগৃহে দৈনিক শোর সংখ্যা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়। পরে সেই প্রস্তাবে সম্মতি জানান তিনি।

বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করা হয় নতুন এই নির্দেশনার কথা।

এর আগে তামিলনাড়ু সিনেমা (রেগুলেশন) বিধিমালা, ১৯৫৭ অনুযায়ী নতুন সিনেমার জন্য দিনে চারটি শো প্রদর্শনের অনুমতি ছিল। শুধুমাত্র সরকারি ছুটি, স্থানীয় উৎসব কিংবা বিশেষ দিনে প্রশাসনের অনুমতি নিয়ে অতিরিক্ত একটি শো চালানো যেত।

তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে নতুন মুক্তিপ্রাপ্ত সিনেমার ক্ষেত্রে প্রথম সাত দিন প্রতিদিন পাঁচটি করে শো চালানো যাবে। এছাড়া সিনেমা মুক্তির প্রথম সপ্তাহ, সরকারি ছুটি, স্থানীয় উৎসব এবং শনি-রোববার বাড়তি শোর জন্য আর আলাদা অনুমতির প্রয়োজন হবে না।

তামিল সিনেমা ইন্ডাস্ট্রির সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ সিনেমার ব্যবসা বাড়ানোর পাশাপাশি দর্শকদের জন্যও ইতিবাচক প্রভাব ফেলবে। ফলে বিজয়ের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নির্মাতা, প্রযোজক ও প্রেক্ষাগৃহ মালিকরা।

কালের আলো/এম/এএইচ