খুঁজুন
                               
শনিবার, ৯ মে, ২০২৬, ২৬ বৈশাখ, ১৪৩৩
           

ন্যাটো থেকে বেরিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৮:৩৫ অপরাহ্ণ
ন্যাটো থেকে বেরিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইরান যুদ্ধে যোগ দিতে ব্যর্থ হওয়ায় পশ্চিমা সামরিক জোট ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার বিষয় চিন্তা-ভাবনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন ভাবনার কথা জানিয়েছেন তিনি।

সাক্ষাৎকারে পশ্চিমা ওই সামরিক জোটকে ‘কাগুজে বাঘ’ হিসেবে অভিহিত করে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, প্রতিরক্ষা চুক্তি থেকে আমেরিকাকে সরিয়ে নেওয়ার বিষয়টি এখন পুনর্বিবেচনায় রয়েছে।

হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য যুদ্ধজাহাজ পাঠানোর যে দাবি ট্রাম্প করেছিলেন, তা মিত্র দেশগুলো প্রত্যাখ্যান করার পর ইউরোপকে আর নির্ভরযোগ্য প্রতিরক্ষা অংশীদার হিসেবে বিবেচনা করছে না যুক্তরাষ্ট্র।

সংঘাত শেষ হওয়ার পর ন্যাটোতে যুক্তরাষ্ট্রের সদস্যপদ নিয়ে তিনি পুনরায় ভাববেন কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‌‌ওহ হ্যাঁ, আমি বলব এটি পুনর্বিবেচনার ঊর্ধ্বে। আমি কখনোই ন্যাটোর মাধ্যমে প্রভাবিত হইনি। আমি সবসময় জানতাম তারা একটি কাগুজে বাঘ, আর পুতিনও তা জানেন।

বিশ্ববাজারে ২০ শতাংশ তেল সরবরাহের পথ হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে ন্যাটোর অংশীদাররা অনীহা প্রকাশ করেছে।

তেহরান কয়েক সপ্তাহ ধরে কার্যকরভাবে এই প্রণালী বন্ধ করে রেখেছে। এর ফলে বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে এবং বৈশ্বিক মন্দার শঙ্কা তৈরি হয়েছে।

ট্রাম্প বলেন, ন্যাটো যুদ্ধে না থাকার বিষয়টি ছিল আসলে অবিশ্বাস্য। আমি এ নিয়ে বড় কোনও জোরাজুরি করিনি। আমি শুধু বলেছিলাম। আমি খুব বেশি চাপ দিইনি। আমি মনে করি, এটি স্বতস্ফূর্তভাবে হওয়া উচিত ছিল।

আমরা ইউক্রেনসহ সব জায়গায় স্বয়ংক্রিয়ভাবে উপস্থিত ছিলাম। ইউক্রেন আমাদের সমস্যা ছিল না। এটি একটি পরীক্ষা ছিল এবং আমরা তাদের পাশে ছিলাম, আমরা সবসময় তাদের পাশে থাকতাম। কিন্তু তারা আমাদের পাশে নেই।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকেও তিরস্কার করেছেন তিনি। ইরান বিরোধী মার্কিন-ইসরায়েলি যুদ্ধে অংশ নিতে অস্বীকার করায় ব্রিটিশ নৌবাহিনী এই কাজের যোগ্য নয় বলেও মন্তব্য করেছেন ট্রাম্প।

ব্রিটেনের যুদ্ধজাহাজ বহরের অবস্থা নিয়ে তিনি বলেন, আপনাদের কোনও নৌবাহিনীই নেই। আপনারা অত্যন্ত পুরোনো এবং আপনাদের এমন বিমানবাহী রণতরী ছিল; যা কাজই করেনি।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষায় আরও ব্যয় করা উচিত কি না—জানতে চাইলে ট্রাম্প বলেন, আমি তাকে কী করতে হবে তা বলতে যাচ্ছি না। তিনি যা খুশি করতে পারেন। তাতে কিছু যায় আসে না। স্টারমার শুধু ব্যয়বহুল বায়ুকল চান; যা আপনাদের জ্বালানির দাম আকাশচুম্বী করে তুলছে।’

যুদ্ধে দীর্ঘদিনের মিত্রদের অবস্থান নিয়ে হোয়াইট হাউসের মাঝে হতাশা বাড়ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ন্যাটোকে ‘একতরফা রাস্তা’ হিসেবে অভিযুক্ত এবং মঙ্গলবার মার্কিন মিত্ররা তাদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ায় তীব্র সমালোচনা করেছেন।

ট্রাম্পের সাক্ষাৎকারের কয়েক ঘণ্টা আগে ফক্স নিউজকে দেওয়া এক বক্তব্যে রুবিও বলেন, ইরান যুদ্ধ শেষ হলে আমেরিকাকে ন্যাটোর সদস্যপদ নিয়ে ‘পুনরায় পরীক্ষা-নিরীক্ষা’ করতে হবে।

আমি মনে করি দুর্ভাগ্যবশত এই সংঘাত শেষ হওয়ার পর আমাদের ওই সম্পর্ক নিয়ে পুনরায় ভাবতে হবে, এ নিয়ে কোনও সন্দেহ নেই।

তিনি বলেন, ন্যাটো যদি শুধু এমন হয় যে তারা আক্রান্ত হলে আমরা ইউরোপকে রক্ষা করব, কিন্তু আমাদের প্রয়োজনের সময় তারা আমাদের ঘাঁটি ব্যবহারের অধিকার দেবে না, তাহলে তা খুব একটা ভালো ব্যবস্থা নয়। এমন ব্যবস্থার সাথে যুক্ত থাকা কঠিন।

কালের আলো/এসাআর/এএএন 

থমকে গেল থালাপতি বিজয়ের শপথ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬, ৯:২৩ পূর্বাহ্ণ
থমকে গেল থালাপতি বিজয়ের শপথ

তামিলনাড়ুর রাজনীতিতে নাটকীয় মোড় নিয়েছে সরকার গঠনের সমীকরণ। সরকার গঠনের দৌড়ে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত শপথ নিতে পারছেন না অভিনেতা থালাপতি বিজয়। শনিবার (৯ মে) তার শপথ অনুষ্ঠান হচ্ছে না বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

শুক্রবার (৮ মে) রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন বিজয়। টানা তিন দিনের আলোচনার পরও তাকে সরকার গঠনের আমন্ত্রণ জানানো হয়নি। রাজ্যপাল স্পষ্ট জানিয়েছেন, বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে জোট এখনও পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে পারেনি।

তামিলনাড়ু বিধানসভার মোট আসন ২৩৪টি। সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ আসন। গত ৪ মে ঘোষিত নির্বাচনি ফলাফলে বিজয়ের দল টিভিকে পায় ১০৮টি আসন। এরপর সরকার গঠনের লক্ষ্যে কয়েকটি আঞ্চলিক দলের সমর্থন আদায়ে তৎপরতা শুরু করেন তিনি।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়, অন্তত চারটি দল টিভিকেকে সমর্থনের আশ্বাস দিয়েছে। সে হিসাবে জোটের আসন সংখ্যা ১২০-এ পৌঁছাতে পারে বলেও আলোচনা ছিল। তবে শেষ পর্যন্ত সেই সমীকরণে জটিলতা দেখা দেয়।

সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, বাস্তবে বিজয়ের জোটের নিশ্চিত আসন সংখ্যা দাঁড়িয়েছে ১১৬। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা থেকে এখনও দুই আসন পিছিয়ে রয়েছে টিভিকে।

জানা গেছে, ভিসিকে ও আইইউএমএল নামে দুটি দলের সমর্থন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। রাজ্যপালের কাছে ওই দুই দলের আনুষ্ঠানিক সমর্থনপত্র দেখাতে পারেননি বিজয়। পরে আইইউএমএল এক বিবৃতিতে জানায়, তারা টিভিকেকে সমর্থন দেবে না।

এদিকে টিটিভি নামের আরও একটি দলও সরকার গঠনে বিজয়কে সমর্থন না করার ঘোষণা দিয়েছে। ফলে নতুন করে রাজনৈতিক অনিশ্চয়তা ও অচলাবস্থার মুখে পড়েছে তামিলনাড়ু।

কালের আলো/আরডি/এমডিএইচ

স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬, ৯:১৯ পূর্বাহ্ণ
স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি

স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার (০৯ মে) যুক্তরাজ্য যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচারের ফলো-আপ হিসেবে কেমব্রিজের একটি বিশেষায়িত হাসপাতালে রাষ্ট্রপতির প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরোয়ার আলম শুক্রবার (০৮ মে) এ তথ্য জানান।

সরোয়ার আলম জানান, মো. সাহাবুদ্দিনকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট শনিবার সকালে লন্ডনের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।

রাষ্ট্রপতির সহধর্মীনি ড. রেবেকা সুলতানাসহ পরিবারের সদস্য, রাষ্ট্রপতির চিকিৎসক ও বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা এ সফরে তার সফরসঙ্গী হবেন।

স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ১৮ মে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি বিমানে রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৮ অক্টোবরে সিঙ্গাপুরে মো. সাহাবুদ্দিনের কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়।

কালের আলো/আরডি/এমডিএইচ

ভোররাতে ছিনতাইকারীর কবলে বরযাত্রীর মাইক্রোবাস, সর্বস্ব লুট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬, ২:০৫ পূর্বাহ্ণ
ভোররাতে ছিনতাইকারীর কবলে বরযাত্রীর মাইক্রোবাস, সর্বস্ব লুট
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিয়ে বাড়ি থেকে ফেরারপথে ছিনতাইকারীর কবলে পড়েছে বরযাত্রীদের বহনকারী মাইক্রোবাস। এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে লুট করা হয় নগদ টাকা, অলংকার, গহনাসহ সব। শুক্রবার (৮ মে) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার নূনাছড়া এলাকায় পাশে এ ঘটনা ঘটেভুক্তভোগীদের একজন জনি বণিক (২৯) জানান, একটি বিয়ের অনুষ্ঠান শেষে তারা মাইক্রোবাসযোগে বাড়ি ফিরছিলেন। পথে নূনাছড়া এলাকায় পৌঁছালে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। পরে গাড়িচালক গাড়িটি থামালে তারা কয়েকজন নিচে নেমে মোবাইলের লাইট জ্বালিয়ে গাড়ি থেকে কিছু পড়ে গেছে কি না তা খোঁজাখুঁজি করতে থাকেন।এ সময় হঠাৎ মহাসড়কের পাশের জমি থেকে ৫ থেকে ৬ জন সশস্ত্র দুর্বৃত্ত বেরিয়ে আসে। তাদের হাতে রামদা, কিরিচ ও ছুরি ছিল। দুর্বৃত্তরা ভয়ভীতি দেখিয়ে গাড়িতে থাকা যাত্রীদের জিম্মি করে ৫টি মোবাইল ফোন, মানিব্যাগে থাকা প্রায় ৩০ হাজার টাকা, নগদ অর্থ এবং স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। তিনি আরও জানান, গাড়ির বাইরে থাকা তিনজনকে ধাওয়া করলে তারা প্রাণ বাঁচাতে দৌড়ে পাশের একটি মসজিদে গিয়ে আশ্রয় নেন। পরে মসজিদের ভেতর থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি পুলিশকে জানানো হয়।ঘটনার পর ভুক্তভোগীরা সীতাকুণ্ড মডেল থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। সকালে কুমিরা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।এ বিষয়ে কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রব্বানী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীদের অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালের আলো/এসআইপি