খুঁজুন
                               
রবিবার, ৭ জুন, ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩
           

কলকাতার মেয়রের পদ ছাড়লেন মমতা-ঘনিষ্ঠ ফিরহাদ হাকিম

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬, ৯:১০ অপরাহ্ণ
কলকাতার মেয়রের পদ ছাড়লেন মমতা-ঘনিষ্ঠ ফিরহাদ হাকিম

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা পৌরসভার মেয়র পদ থেকে পদত্যাগ করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সহযোগী ফিরহাদ হাকিম। কয়েক সপ্তাহ আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। তার সেই আবেদনই শেষ পর্যন্ত মঞ্জুর করেছেন মমতা।

দলীয় সূত্রের খবর, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে কলকাতা পৌরসভায় কাজ করা ক্রমশ কঠিন হয়ে উঠছে বলে দাবি করেছিলেন ফিরহাদ হাকিম। তার অভিযোগ, প্রশাসনিক নানা জটিলতা এবং সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে একাধিকবার বাধার মুখে পড়তে হচ্ছে। সেই কারণেই তিনি দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করেন। তার মর্যাদা যাতে অক্ষুণ্ন থাকে, সেই প্রেক্ষিতেই তার ইস্তফা দেওয়ার ইচ্ছেয় সম্মতি জানিয়েছেন দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার (০৩ জুন) বিকেলে কালীঘাটে মমতার বাড়িতে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। বৈঠকে ফিরহাদ হাকিম, বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ-সহ একাধিক তৃণমূল নেতা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ এই বিষয়ে জানান।

তিনি বলেন, ‘ফিরহাদ হাকিম আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বারবার ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। শেষের দিন আমিও ছিলাম, আমার সঙ্গেও কথা হয়। শেষে আমাদের দলনেত্রী সবদিক বিবেচনা করে এই ইস্তফার ব্যাপারে সম্মতি দেন। কারণ তিনি চাননি, ফিরহাদ হাকিমের কোনও অমর্যাদা হোক। তাই তার সম্মান রক্ষার্থে তাকে মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার অনুমতি দিয়েছেন।’

এরআগে বুধবার সকালে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তত্ত্বাবধানে হওয়া প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের একাধিক বিধায়ক। সেই তালিকায় ছিলেন কুণাল ঘোষও। ওই বৈঠকের বিষয়ে তিনি বলেন, ‘সেখানেও আলোচনা হয়েছে যে, কলকাতা পৌরসভায় কাজ করা যাচ্ছে না। ফলে কমিশনার বিধায়কদের পরামর্শ নিয়ে কাজ করবে। এক্ষেত্রে সম্মানজনক প্রস্থান চেয়েছেন ফিরহাদ হাকিম।’

এদিকে বুধবারই তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ৫৮ বিধায়কের সমর্থনে রাজ্যের বিরোধী দলনেতা হয়েছেন। এক কথায়, তৃণমূল দুই ভাগ হয়ে গেছে। আর এদিনই এবার রাজ্যে দলের সমস্ত কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয় তৃণমূল। এই ঘটনার কয়েত ঘণ্টা পরেই সামনে আসে ফিরহাদ হাকিমকে নিয়ে এই তথ্য।

প্রসঙ্গত, ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত কলকাতা পৌরসভার প্রথম মুসলিম মেয়র হয়েছিলেন ফিরহাদ হাকিম। ২০১৮ সালের নভেম্বরে রাজ্যের তৎকালীন নগরোন্নয়ন মন্ত্রী দায়িত্ব পালনকালেই কলকাতার মেয়র হন তিনি। তার পর ২০২১ সালে দ্বিতীয় বার মেয়রের আসনে বসেন ফিরদাদ। প্রায় আট বছর মন্ত্রিত্ব এবং মেয়র পদ সমানতালে সামলানোর পর পদত্যাগের সিদ্ধান্ত নিলেন তিনি।

সূত্র: এনডিটিভি, এবিপি আনন্দ

কালের আলো/আরডি/এমডিএইচ

বাজেট অধিবেশন শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬, ৫:২২ অপরাহ্ণ
বাজেট অধিবেশন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে।

রবিবার বিকাল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এই অধিবেশন শুরু হয়। এই অধিবেশনে আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সরকার ও বিরোধী দলের সদস্যদের আলোচনা শেষে ৩০ জুন বাজেট পাস হবে।

সংসদ সচিবালয় সূত্র থেকে জানা গেছে, বাজেট অধিবেশনকে সামনে রেখে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে সংসদ সচিবালয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদ অধিবেশন আহ্বানের পর থেকেই এই প্রস্তুতি শুরু হয়।

অধিবেশন শুরুর আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি চূড়ান্ত হয়। অধিবেশনকে সামনে রেখে সংসদ ভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর বেশ কিছু এলাকায় শনিবার (৬ জুন) থেকে আগ্নেয়াস্ত্র বহনসহ সব ধরনের শোভাযাত্রা, বিক্ষোভ ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে

কালের আলো/এএইচ/এমএসআইপি 

তোফায়েলসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে সংসদে শোক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬, ৫:১৩ অপরাহ্ণ
তোফায়েলসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে সংসদে শোক

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদসহ ১৬ জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ-সদস্যের মৃত্যুতে শোক প্রকাশ করেছে জাতীয় সংসদ।

রোববার (৭ জুন) বিকেলে জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের (২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন) প্রথম দিনের শুরুতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদসহ মৃত্যুবরণকারী ১৬ জন সাবেক এমপির নাম সংসদে উত্থাপন করেন।

শোকপ্রস্তাবে তোফায়েল আহমেদ ছাড়াও চট্টগ্রাম-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য সৈয়দ মো. কায়সার, বিএনপির সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী অধ্যাপক এম. এ. মান্নান, বিএনপির সাবেক সংসদ সদস্য জি এম ফজলুল হক, মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম আনোয়ারুল হক, সাবেক টেকনোক্রেট মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. সামসুদ্দোহা, জাতীয় পার্টির সাবেক সংসদ-সদস্য আবু নূর মোহাম্মদ বাহাউল হক, বিএনপির সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ও উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন, ময়মনসিংহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মোসলেম উদ্দিন, মুন্সিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. দবিরুল ইসলাম, মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন এবং ঢাকা ১১ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম রহমত উল্লাহকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।

এছাড়া, এদিন সংসদে পল্লবীর আট বছরের শিশু রামিসাসহ ধর্ষণ পরবর্তী হত্যার শিকার অন্যান্য শিশুর জন্যও শোক প্রকাশ করা হয়েছে।

কালের আলো/এসএকে

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬, ৫:০৮ অপরাহ্ণ
হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ২৮৭ জনের শরীরে হাম বা এর উপসর্গ শনাক্ত হয়েছে।

রোববার (৭ জুন) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে এ সময়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৫২৯ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯১ শিশু। অর্থাৎ এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৬২০ শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৬৬ শিশু হামে আক্রান্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২২১ জন। এ সময়ে নতুন করে ১ হাজার ১২৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ১২০ শিশু।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৭৯ হাজার ১২। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ৯ হাজার ৬৮৬ জন। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে ৬৪ হাজার ২৬৩ জন রোগী। তাঁদের মধ্যে ৬০ হাজার ৮৪ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

কালের আলো/জেএন/এমএসআইপি