খুঁজুন
                               
, ,
           

সুপার এল নিনো’ নিয়ে বিজ্ঞানীদের নতুন সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৮:১৭ অপরাহ্ণ
সুপার এল নিনো’ নিয়ে বিজ্ঞানীদের নতুন সতর্কতা

আবহাওয়ার বিশেষ অবস্থা ‘সুপার এল নিনো’ নিয়ে নতুন সতর্কতা দিয়েছেন বিজ্ঞানীরা। তারা বলেছেন, এ মুহূর্তে বিশ্বব্যাপী এল নিনোর তাণ্ডব চালানোর সম্ভাবনা ৯০ শতাংশ।

জলবায়ু পরিবর্তনের কারণে গত কয়েক বছর ধরে রেকর্ডভাঙা তাপমাত্রা এবং প্রাকৃতিক দুর্যোগ অনেক বেশি পরিলক্ষিত হচ্ছে। কিন্তু এল নিনো যদি সক্রিয় হয় তাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

সুপার এল নিনোর কারণে বিশ্বের অনেক দেশ তীব্র দাবদাহের কবলে পড়বে এবং অনেক দেশে হবে অস্বাভাবিক বৃষ্টি।

সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, বিজ্ঞানীরা তথ্য বিশ্লেষণ করে বলেছেন আগামী কয়েক মাসের মধ্যেই সুপার এল নিনো আঘাত হানবে। আর আগামী নভেম্বর পর্যন্ত এটির প্রভাব অব্যাহত থাকতে পারে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এল নিনো নিয়ে বলেছেন, “বিজ্ঞান খুবই স্পষ্ট। ৯০ শতাংশ নিশ্চিত আগামী কয়েক মাসের মধ্যে আমাদের দোরগোড়ায় আসছে এল নিনো। বিশ্বকে এটিকে জরুরি আবহাওয়া সতর্কতা হিসেবে নিতে হবে।”

তিনি আরও বলেছেন, “উষ্ণ বিশ্বের আগুনে আরও তেল ঢালবে এল নিনো। এটির প্রভাব হবে আরও ভয়াবহ। এল নিনো আরও সামনে এগিয়ে যাবে। সীমান্ত অতিক্রম করবে আরও বেশি ধ্বংসাত্মক গতি নিয়ে।”

“এই সংকটের একমাত্র কার্যকর সমাধান হলো পরিস্থিতির সাথে মিল রেখে জলবায়ু সুরক্ষায় পদক্ষেপ নেওয়া—যার মধ্যে রয়েছে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো, সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষদের রক্ষা করা এবং সবার জন্য আগাম সতর্কবার্তা ব্যবস্থার সুবিধা নিশ্চিত করা।”— যোগ করেন গুতেরেস।

এল নিনোর সম্ভাব্য ভয়াবহতা নিয়ে এখন থেকেই সতর্ক করা শুরু করেছেন বিজ্ঞানীরা। তারা বলেছেন, এটির প্রভাবে বিশ্বব্যাপী খাদ্যের যোগান কমে যাওয়া এবং দাম বেড়ে যাওয়ার ঘটনা ঘটতে পারে। বিশ্ব তীব্র খড়া ও অস্বাভাবিক বন্যার কবলে পড়তে পারে।

এদিকে ধারণা করা হচ্ছে, ২০২৬ সালে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হতে পারে

কালের আলো/এএইচ/এমএসআইপি

পুঁজিবাজারে সূচকের পতন, কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৪:৫৪ অপরাহ্ণ
পুঁজিবাজারে সূচকের পতন, কমেছে লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৬ জুলাই) পুঁজিবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।

এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার  ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৯ পয়েন্ট কমে ৫ হাজার ৭৮৪ পয়েন্টে অবস্থান করছে।

অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট কমে যথাক্রমে ১১৭৭ ও ২১৮৬ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৭৬৩ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।

যা আগের কার্যদিবসের চেয়ে ১৭৫ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন ডিএসইতে এক হাজার ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

রোববার ডিএসইতে ৩৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৬টি কোম্পানির, কমেছে ২৪০টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানগুলো, সামিট পোর্ট, এমএল ডায়িং, আইটি কনসালটেন্ট, আইপিডিসি, ড্রাগন সোয়েটার, বেক্সিমকো লিমিটেড,  লাভেলো আইসক্রিম, কুইন সাউথ টেক্সটাইল, মালেক স্পিনিং ও টেকনো ড্রাগস।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৪৮ পয়েন্ট কমে ১৫ হাজার ৪৭৮ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২১৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৫৭টির, কমেছে ১৩৪টি এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির কোম্পানির শেয়ার দর।

রোববার সিএসইতে ৫ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে প্রায় ১৫ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ২০ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

যে সুযোগ পাওয়া গেছে, তা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৪:৪৮ অপরাহ্ণ
যে সুযোগ পাওয়া গেছে, তা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে: ফখরুল

Oplus_131072

সরকারের মাত্র পাঁচ মাসেই দেশে নানা ধরনের কথা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এসব থাকবেই, তবে পাওয়া সুযোগকে হেলায় হারানো যাবে না। এই সুযোগ কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।

রোববার (২৬ জুলাই) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সরকারের মাত্র পাঁচ মাসেই দেশে অনেক ধরনের কথা শুরু হয়ে গেছে। এসব থাকবেই। আমরা যেন সুযোগকে হেলায় না হারাই। যে সুযোগ পাওয়া গেছে, তা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।

মন্ত্রী বলেন, বিগত ১৭ বছরে দেশের অর্থনীতিকে একেবারে ধ্বংস করা হয়েছে। সব প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। এখন সেগুলোর পুনর্গঠনের কাজ চলছে।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, দেশে প্রায় চার কোটি শিক্ষিত যুবক রয়েছে। সে অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা নেই। তবে পরিবর্তন আনার কাজ চলছে, এতে সময় লাগবে। এখন কর্মমুখী শিক্ষায় মনোযোগ দিতে হবে।

জ্বালানি সংকটের প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন, দেশে গ্যাস নেই, তেল নেই। জ্বালানির এই সংকট এখন উন্নয়নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এটি অনেক বড় সমস্যা। এদিকে ইরানে যুদ্ধ চলছে। তাই বিকল্প জ্বালানি আবিষ্কার করতে হবে এবং গ্রিন এনার্জির দিকে মনোযোগ দিতে হবে।

বিএনপি মহাসচিব আরও বলেন, যে যেখানে আছেন, সবাই কাজ করে তারেক রহমানকে সহযোগিতা করতে হবে। দেশের পরিবর্তনে নিজেকে আগে পরিবর্তন করতে হবে।

কালের আলো/এসএকে

রাতে তীব্র শব্দদূষণ ও আতশবাজি ব্যবহার নিয়ন্ত্রণে রুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৪:৩১ অপরাহ্ণ
রাতে তীব্র শব্দদূষণ ও আতশবাজি ব্যবহার নিয়ন্ত্রণে রুল

জাতীয় ও আন্তর্জাতিক প্রধান ক্রীড়া অনুষ্ঠান, বছরের বিভিন্ন দিবস উদযাপনের সময় রাতে লাউডস্পিকার ও আতশবাজি ব্যবহারের মাধ্যমে তীব্র শব্দদূষণ, জনউপদ্রব সৃষ্টি, প্রতিদ্বন্দ্বী সমর্থক গোষ্ঠীগুলোর মধ্যে সহিংস সংঘর্ষ এবং জুয়া প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সরকারের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার (২৬ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

সুপ্রিম কোর্টের আটজন আইনজীবী জনস্বার্থে রিট দায়ের করেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুর মোহাম্মদ আজমী ও ইউনুস আলী রবি।

রিটকারী আইনজীবীরা হলেন- মোহাম্মদ শফিকুল ইসলাম, মো. মহিউদ্দিন, ইয়াসিন আলফাজ, সাইফুল্লাহ খালেদ, মোহাম্মদ ওয়াহিদুল আলম, মো. রায়হান সোবহান, মো. আবু দাউদ নিজাম ও শেখ শরিফ উদ্দিন ফিরোজ।

রিটের বিবাদীরা হলেন- স্বরাষ্ট্র সচিব, যুব ও ক্রীড়া সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশের কমিশনার ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক।

কালের আলো/এএইচ/এমএসআইপি