কুয়েতে বিক্রি হচ্ছে ২ বিলিয়ন ডলারের মার্কিন অস্ত্র
মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতে ইরানের হামলার শিকার হওয়া উপসাগরীয় দেশ কুয়েতের কাছে প্রায় ২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার (৫ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। খবর জিও নিউজের।
এতে বলা হয়, কুয়েতকে ড্রোন প্রতিরোধ (কাউন্টার-ড্রোন) প্রযুক্তি কেনার অনুমতি দেওয়া হয়েছে। এই প্রযুক্তি সরবরাহ করবে অ্যান্ডুরিল ইন্ডাস্ট্রিজ, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক সমর্থকের প্রতিষ্ঠিত প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান।
বিবৃতিতে আরও বলা হয়, এই প্রস্তাবিত অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা লক্ষ্য অর্জনে সহায়তা করবে।
এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ন্যাটোভুক্ত নয় এমন একটি প্রধান মিত্র দেশের নিরাপত্তা আরও জোরদার হবে।
যুক্তরাষ্ট্রের মতে, এই চুক্তি কুয়েতের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায়ও সহায়ক হবে।
এদিকে, শনিবার (৬ জুন) মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) হরমুজ প্রণালির দিকে ছোড়া ইরানি ড্রোন ভূপাতিত করে এবং ইরানের কিছু রাডার স্থাপনায় হামলা চালায়।
জবাবে কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলা করেছে ইরান। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, এসব ঘাঁটি লক্ষ্য করে তেহরান সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
কালের আলো/আরডি/এমডিএইচ


আপনার মতামত লিখুন
Array