সংসদে সবাইকে ১০ কেজি করে আম উপহার বিরোধীদলীয় নেতার
জাতীয় সংসদ ভবনের করিডোরে সোমবার সকালটা শুরু হয়েছিল স্বাভাবিক ব্যস্ততা দিয়ে। তবে সময় গড়াতে গড়াতে সেই ব্যস্ততার ভেতরেই দেখা যায় এক ভিন্ন চিত্র—উপহার হিসেবে আসা ১০ কেজি করে আমের প্যাকেট।
বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে সংসদের স্পিকার, মন্ত্রী, সরকারি ও বিরোধীদলীয় সংসদ সদস্য (এমপি) থেকে শুরু করে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য পাঠানো হয় এই উপহার। সংসদ ভবনের প্রতিটি দফতরে পৌঁছে যায় আমভর্তি প্যাকেট।
সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, এই বিতরণে সব স্তরের কর্মচারীকেই অন্তর্ভুক্ত করা হয়। ঝাড়ুদার, পিয়ন, লিফটম্যান ও গাড়িচালকরাও এই উপহার পান।
উপহার পেয়ে সংসদ সচিবালয়ের এক অফিস সহায়ক বলেন, আমরা ছোট চাকরি করি। বড়দের উপহার সাধারণত দূর থেকেই দেখি। আজ আমাদের জন্যও আম এসেছে, এটি সম্মানের।
রাজনৈতিক সংস্কৃতিতে সরকারি ও বিরোধী দলের সম্পর্ক যেখানে অনেক সময় টানাপোড়েনপূর্ণ, সেখানে এ ধরনের সৌজন্য উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সংসদ সদস্য বলেন, রাজনীতি রাজনৈতিক পরিসরে থাকবে, তবে সংসদের ভেতরে এমন সৌজন্যতাবোধ ইতিবাচক বার্তা দেয়।
সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানান, বিরোধীদলীয় নেতা দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন সময় ভিন্নধর্মী ও মানবিক উদ্যোগ দেখা গেছে। এবারের এই আম বিতরণকে তারা সৌজন্য ও সামাজিক সংযোগের একটি উদ্যোগ হিসেবে দেখছেন।
কালের আলো/আরডি/এমডিএইচ



আপনার মতামত লিখুন
Array