নিকোলাস ম্যাকগিহান ইনফান্তিনোকে ‘অযোগ্য’ বলল মানবাধিকার সংস্থা
২০২৬ বিশ্বকাপকে ঘিরে ওঠা সমালোচনার তীব্র জবাব দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তবে তাঁর সেই বক্তব্যের পরপরই পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে মানবাধিকার সংস্থা ফেয়ারস্কোয়ার। সংস্থাটির পরিচালক নিকোলাস ম্যাকগিহান ইনফান্তিনোকে বিশ্ব ফুটবল পরিচালনার জন্য ‘অযোগ্য’ বলে মন্তব্য করেছেন।
১৯ জুলাই শেষ হওয়া বিশ্বকাপের পর ইনস্টাগ্রামে প্রকাশিত ১৫ পৃষ্ঠার এক খোলাচিঠিতে ইনফান্তিনো সমালোচকদের উদ্দেশে বলেন, যারা ফিফাকে ‘ঘৃণা’ করেন, তাঁদের উচিত সমালোচনার বদলে ‘ধ্যান করা, প্রার্থনা করা কিংবা ফুটবল ম্যাচ দেখা’। তাঁর দাবি, সমালোচকেরা ফুটবল উৎসবের আনন্দ ও সম্প্রীতি উপভোগ না করে ‘ঘৃণা ও মিথ্যা গুজব’ ছড়াতে ব্যস্ত ছিলেন।
তবে ইনফান্তিনোর এই বক্তব্যের কড়া সমালোচনা করেছে মানবাধিকার সংস্থা ফেয়ারস্কোয়ার। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফকে দেওয়া প্রতিক্রিয়ায় সংস্থাটির পরিচালক নিকোলাস ম্যাকগিহান বলেন, ইনফান্তিনোর এই ‘হিসাব চুকানোর বক্তব্য’ প্রমাণ করে তিনি বিশ্ব ফুটবলের নেতৃত্ব দেওয়ার জন্য উপযুক্ত নন। তাঁর ভাষ্য, ফিফা সভাপতি নিজের চারপাশে তোষামোদকারীদের রেখেছেন এবং বাইরের বাস্তবতা ও নিজের অজনপ্রিয়তা সম্পর্কে সম্পূর্ণ বিচ্ছিন্ন।
এবারের বিশ্বকাপজুড়ে মাঠের বাইরের নানা বিতর্কে সমালোচনার মুখে পড়ে ফিফা। টিকিটের মূল্য বৃদ্ধি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের অভিযোগে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ডজনিত নিষেধাজ্ঞা স্থগিত করা এবং কয়েকটি দেশের দর্শক ও কর্মকর্তাদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নীতির মতো বিষয়গুলো নিয়ে ব্যাপক প্রশ্ন ওঠে।
বিশ্বকাপ চলাকালে ট্রাম্পের সঙ্গে ইনফান্তিনোর ঘনিষ্ঠ সম্পর্কও আলোচনায় ছিল। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের বিচার বিভাগীয় কমিটির জ্যেষ্ঠ সদস্য কংগ্রেসম্যান জেমি রাসকিন ফিফার কাছে ট্রাম্প, তাঁর প্রশাসন, পরিবারের সদস্য এবং ট্রাম্প অর্গানাইজেশনের সঙ্গে ফিফার সব ধরনের যোগাযোগ ও লেনদেনের তথ্য চেয়েছেন। দ্য অ্যাথলেটিক-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প বা তাঁর সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া অর্থ, উপহার, পুরস্কার কিংবা জনসমক্ষে যৌথ উপস্থিতির মতো সব তথ্যের তালিকাও চাওয়া হয়েছে।
বিশ্বকাপে রেফারিং নিয়েও বিতর্ক তৈরি হয়। বিশেষ করে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে লাল কার্ড দেখার পর ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা ট্রাম্পের অনুরোধে স্থগিত করার অভিযোগ এবং আর্জেন্টিনা–মিসর ম্যাচে বিতর্কিত রেফারিং সিদ্ধান্ত সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এসব বিতর্কের মধ্যেই সমালোচকদের বিরুদ্ধে ইনফান্তিনোর প্রকাশ্য অবস্থান এবং মানবাধিকার সংস্থার পাল্টা আক্রমণ বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাকে ঘিরে নতুন বিতর্কের সূচনা করেছে।
কালের আলো/এসএ


আপনার মতামত লিখুন
Array