খুঁজুন
                               
শনিবার, ২৭ জুন, ২০২৬, ১৩ আষাঢ়, ১৪৩৩
           

মেট্রোরেলে হাফ ভাড়া দিতে পারবেন কারা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৪:২১ অপরাহ্ণ
মেট্রোরেলে হাফ ভাড়া দিতে পারবেন কারা

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এমএ মুহিত জানিয়েছেন, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য মেট্রোরেলে ৫০ শতাংশ ভাড়া ছাড়ের ব্যবস্থা করা হবে।

শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর কড়াইল বস্তিতে প্রতিবন্ধী ও সেরিব্রাল পালসিতে আক্রান্ত শিশুদের জন্য নতুন পুনর্বাসন কেন্দ্র ‘সিএসএফ সেন্টার’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার বাজেট ও নীতিনির্ধারণে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সমান অধিকার ও সেবা নিশ্চিত করতে কাজ করছে। দেশের প্রতিটি জেলায় প্রতিবন্ধী শিশুদের জন্য শিক্ষাব্যবস্থা চালুর উদ্যোগও নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের যাতায়াত সহজ করতে মেট্রোরেলে ভাড়ায় বিশেষ ছাড় দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।

এর আগে প্রবীণ ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মেট্রোরেল ও ট্রেনে ভাড়ার ওপর ২৫ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেয় রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন মন্ত্রণালয়। গত ২৫ জুন থেকে এ সুবিধা কার্যকর হয়েছে।

কালের আলো/এসএকে

গ্রাম-শহরের প্রতিবন্ধী শিশুরা আসবে সরকারি স্বাস্থ্যসেবায়, হচ্ছে প্রকল্প : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৫:৪৫ অপরাহ্ণ
গ্রাম-শহরের প্রতিবন্ধী শিশুরা আসবে সরকারি স্বাস্থ্যসেবায়, হচ্ছে প্রকল্প : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশুকে সরকারি স্বাস্থ্যসেবার আওতায় আনতে বিশেষ প্রকল্প প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। তিনি বলেন, উপজেলা পর্যায়ে বিশেষ শিশুদের স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বড় পরিসরে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।

শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর কড়াইল বস্তিতে ‘সিএসএফ সেন্টার’-এর সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘প্রতিটি শিশুর সম্ভাবনার বিকাশে প্রতিবন্ধিতা নিরূপণ, পুনর্বাসন ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা’ প্রতিপাদ্যে কেন্দ্রটির কার্যক্রম শুরু হয়।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের মানবিক উন্নয়ন ও সম-অধিকার নিশ্চিত করাই প্রকৃত অগ্রগতি। সরকার নীতি প্রণয়ন, বাজেট ও ব্যবস্থাপনায় পরিবর্তন এনে দেশের প্রতিটি প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে কাজ করছে। উন্নয়ন বলতে শুধু অর্থনৈতিক সমৃদ্ধি বা বড় বড় স্থাপনা নির্মাণ বোঝায় না। সমাজের যেসব মানুষ বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যে রয়েছে, তাদের প্রতি মমত্ববোধ ও সমান সুযোগ নিশ্চিত করাই প্রকৃত উন্নয়ন।

ডা. এম এ মুহিত বলেন, জন্মগত বিভিন্ন অসুস্থতা বা প্রতিবন্ধিতা নিয়ে জন্ম নেওয়া শিশুরা যেন অবহেলায় হারিয়ে না যায়, সে জন্য রাষ্ট্রীয় কাঠামোতে পরিবর্তন আনা হচ্ছে। আগামী ৩০ জুনে পাস হতে যাওয়া নতুন জাতীয় বাজেটে প্রতিবন্ধী জনগোষ্ঠী এবং প্রতিবন্ধিতা নিরূপণ ও হ্রাসের জন্য সুনির্দিষ্ট অর্থ বরাদ্দ রাখা হয়েছে।

প্রান্তিক পর্যায়ে প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার বিষয়ে তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তর একটি সমন্বিত প্রকল্প প্রণয়ন করেছে। এর মাধ্যমে দেশের প্রতিটি উপজেলা পর্যায়ে বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করা হবে, যাতে শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত বিশেষ শিশুরা সরকারি স্বাস্থ্যসেবার আওতায় আসে।

তিনি আরও বলেন, প্রতিবন্ধী শিশুদের শুধু চিকিৎসাসেবা নয়, শিক্ষাক্ষেত্রেও সমান সুযোগ নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ের সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য উপযোগী পরিবেশ তৈরি এবং শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।

কড়াইল বস্তির সুবিধাবঞ্চিত শিশুদের প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবায়দা রহমানের উদ্বোধন করা ‘শিশু স্বর্গ’ কর্মসূচি বছরব্যাপী চলবে। দেশের বিভিন্ন চিকিৎসাকেন্দ্র ও ইনস্টিটিউটের বিশেষজ্ঞ চিকিৎসকেরা নিয়মিত এই সিএসএফ সেন্টারে এসে প্রান্তিক শিশুদের চিকিৎসাসেবা দেবেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. জালাল উদ্দিন মুহাম্মদ রুমী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী এবং সিএসএফ সেন্টারের জেনারেল সেক্রেটারি আবু ঈসা মোহাম্মদ মঈন উদ্দিন।

কালের আলো/এসএকে

ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৫:২২ অপরাহ্ণ
ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান

পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন মহাসচিব মনোনীত হয়েছেন মাওলানা গাজী আতাউর রহমান। তিনি এতদিন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং মুখপাত্রের দায়িত্ব পালন করে আসছিলেন।

প্রায় ১৮ বছর ধরে মহাসচিবের দায়িত্ব পালন করা অধ্যক্ষ ইউনুছ আহমদকে দলের প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে।

শনিবার (২৭ জুন) রাজধানীর বিজয়নগরের ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টে দলের মজলিসে শুরার বিশেষ অধিবেশনে গাজী আতাউর রহমানকে মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়। এছাড়া মজলিসে শূরার বৈঠকে দলে আরও কিছু পরিবর্তন আনা হয়।

মাওলানা গাজী আতাউর রহমানের মহাসচিব হওয়ার বিষয়টি দলটির একাধিক নেতা নিশ্চিত করেছেন। যদিও দল থেকে এখনো আনুষ্ঠানিকভাবে এই খবর জানানো হয়।

মসলিসে শূরার বৈঠকে দলের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম সভাপতিত্ব করছেন। সারাদেশ থেকে শূরা সদস্যরা এই বৈঠকে যোগ দিয়েছেন।

মাওলানা গাজী আতাউর রহমান ছাত্রজীবন থেকে পীর সাহেব চরমোনাই নেতৃত্বাধীন দলের সঙ্গে যুক্ত। তিনি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

গত কয়েক বছর ধরে তিনি সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দলের নীতিনির্ধারণী বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। দলের মুখপাত্রের দায়িত্বও পালন করছেন।

মাওলানা গাজী আতাউর রহমানের গ্রামের বাড়ি গাজীপুরে। তিনি গাজীপুর-৫ আসন থেকে একাধিকবার হাতপাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এছাড়া গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনেও তিনিও প্রতিদ্বন্দ্বিতা করেন।

কালের আলো/আরডি/এমডিএইচ

স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৫:১৫ অপরাহ্ণ
স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা

নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে বাংলাদেশ যে কোনো দেশের সঙ্গে কাজ করতে আগ্রহী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, চীন ও মালয়েশিয়া সফরেও বাংলাদেশ একই বার্তা তুলে ধরেছে।

শনিবার (২৭ জুন) রাজধানীর মিরপুরে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) আয়োজিত প্রামাণ্যচিত্র নির্মাণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান শেষে এক সাংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, ভারতের রাষ্ট্রদূতকে মন্ত্রী মর্যাদা দেয়ায় নতুন করে বাংলাদেশে কোনো রাজনৈতিক চাপ তৈরি হবে না, বরং এটি দ্বিপাক্ষিক ইতিবাচক সম্পর্ক তৈরিতে ভূমিকা রাখবে।

তিনি বলেন, মালয়েশিয়া এবং চীন দুই দেশের সরকারই বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ তার নিজস্ব স্বার্থ বজায় রেখেই তাদের সঙ্গে কাজ করে যাবে।

তিনি আরও বলেন, যারা চলচ্চিত্র নিয়ে কাজ করতে চান, সরকার সব সময় তাদের পাশে থাকবে। একই সঙ্গে বাণিজ্যিকভাবে চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নিতেও সরকার প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। বিসিটিআই-এর স্থায়ী ক্যাম্পাস নির্মাণের বিষয়েও সরকার আন্তরিকভাবে কাজ করছে।

কালের আলো/এসএকে