খুঁজুন
                               
, ,
           

দিলো কী কোনো বার্তা?

সৌদির প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৪:৫১ অপরাহ্ণ
সৌদির প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান

বিদেশি অতিথিদের শ্রদ্ধা নিবেদনের জন্য গতকাল শুক্রবার সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির কফিন রাখা হয়। এতে অন্যান্য দেশের প্রতিনিধিদের সঙ্গে সৌদির পাঁচ সদস্যদের একটি দলও আসে। সৌদির এ দলটিকে নেতৃত্ব দেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-খেরেজি।

খামেনিকে শ্রদ্ধা নিবেদনের সময় যেসব বিদেশিরা এসেছেন তাদের সবাইকে পবিত্র কোরআন থেকে আলাদা আলাদা আয়াত তেলাওয়াত করে শুনিয়েছে ইরান। এরমধ্যে সৌদির প্রতিনিধিদের শোনানো হয়েছে সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত। যেখানে ঐতিহাসিক বদর যুদ্ধের কথা বলা হয়েছে। ওই যুদ্ধে আল্লাহর ওপর ইমান আনা বিশ্বাসী ও অবিশ্বাসীদের মধ্যে লড়াই হয়।

এই আয়াতে মহান আল্লাহ তায়ালা বলেছেন— তোমাদের জন্য অবশ্যই নিদর্শন আছে সেই দু’দল সৈন্যের মধ্যে যারা পরস্পর প্রতিদ্বন্দীরূপে দাঁড়িয়েছিল (বদর প্রান্তরে)। একদল আল্লাহর পথে যুদ্ধ করেছিল এবং অপরদল ছিল কাফির, কাফিররা মুসলিমদেরকে প্রকাশ্য চোখে দ্বিগুণ দেখছিল। আল্লাহ যাকে ইচ্ছে স্বীয় সাহায্যের দ্বারা শক্তিশালী করে থাকেন, নিশ্চয়ই এতে দৃষ্টিমানদের জন্য শিক্ষা রয়েছে।

সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, এই আয়াত শোনানোর মাধ্যমে ইরান সম্ভবত সৌদিকে বার্তা দেওয়ার চেষ্টা করেছে তারা আল্লাহর পথে আছে। অপরদিকে তাদের প্রতিদ্বন্দ্বীরা কাফিরদের পক্ষে অবস্থান নিয়েছে।

এদিকে সৌদির প্রতিনিধিদের এ আয়াত শোনানোর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি করেছে।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

কালের আলো/এএইচ/এমএসআইপি 

কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরি ও গবেষণায় সরকারের প্রাধান্য: মাহ্দী আমিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৮:০৭ অপরাহ্ণ
কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরি ও গবেষণায় সরকারের প্রাধান্য: মাহ্দী আমিন

Oplus_131072

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) গৌরবোজ্জ্বল ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে নবাগত শিক্ষার্থীদের আধুনিক কৃষি, গবেষণা ও প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনের মাধ্যমে দেশকে স্বনির্ভর করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহ্দী আমিন।

রোববার (২৬ জুলাই) দুপুরে শেকৃবির ছাত্র-শিক্ষক অডিটোরিয়ামে আয়োজিত লেভেল-১, সেমিস্টার-১ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ড. মাহদী আমিন বলেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শুধু দেশের কৃষির প্রোডাক্টিভিটি বাড়ানো বা গবেষণাতেই ভূমিকা রাখেনি, বরং বিশ্বদরবারেও এর এলামনাইদের অনবদ্য অবদান রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে স্বনির্ভর বাংলাদেশ গড়ার যে লক্ষ্য নির্ধারিত হয়েছে, সেখানে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

বর্তমান সরকারের কৃষিবান্ধব নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ মাসের মধ্যে প্রথম কেবিনেট বৈঠকেই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করেছে। সারাদেশে ‘কৃষক কার্ড’ চালু করা হয়েছে, এর মাধ্যমে কৃষকরা সুলভ মূল্যে বীজ, সার, কীটনাশক ও আধুনিক কৃষি যন্ত্রপাতি পাওয়ার সুবিধা পাচ্ছেন।

কৃষি পণ্যের সঠিক বাজারজাতকরণ ও প্রসেসিংয়ের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, স্থানীয় পর্যায়ে ফল ও সবজি নষ্ট হওয়া রোধে এবং ঢাকায় দাম নিয়ন্ত্রণে রাখতে দক্ষ সাপ্লাই চেইন গড়ে তোলা জরুরি। আম থেকে চাটনি কিংবা টমেটো থেকে সস তৈরি এমন ভ্যালু এডিশন বা বহুমুখী পণ্য উৎপাদনের মাধ্যমে একদিকে যেমন অপচয় কমবে, অন্যদিকে রপ্তানিমুখী শিল্পের নতুন সুযোগ তৈরি হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আশ্বাস দেন যে, বর্তমান গণতান্ত্রিক সরকার তরুণদের আকাঙ্ক্ষা ও মেধার মূল্যায়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ। যে শিক্ষার্থীরা গবেষণায় নামতে চায় কিংবা কৃষি উদ্যোক্তা হতে চায়, তাদের প্রয়োজনীয় অর্থনৈতিক ও প্রযুক্তিগত সব সহযোগিতা সরকার দেবে।

অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি।

শেকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে উপ-উপাচার্য ড. মো. বেলাল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নবাগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কালের আলো/এসএকে

হরমুজে নৌমাইনের আঘাতে তেলবাহী জাহাজে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৮:০২ অপরাহ্ণ
হরমুজে নৌমাইনের আঘাতে তেলবাহী জাহাজে বিস্ফোরণ

হরমুজ প্রণালিতে নৌ-মাইনে ধাক্কা খেয়ে একটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান-অনুমোদিত নির্ধারিত রুট থেকে সরে যাওয়ার পর জাহাজটি মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়।

তবে এ ঘটনায় এখনো ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রাথমিক তথ্য অনুযায়ী, ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় ছাড়াই হরমুজ প্রণালি পার হওয়ার সময় ট্যাংকারটি বিস্ফোরণের শিকার হয়।

তাসনিমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের সামরিক বাহিনীর নির্ধারিত নৌপথ থেকে বিচ্যুত হওয়ার পর তেলবাহী জাহাজটি একটি নৌমাইনে আঘাত করে। এর ফলেই বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রতিবেদনে আরও বলা হয়, এর আগে ইরান একাধিকবার সতর্ক করেছিল যে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে ইরানি কর্তৃপক্ষের নির্ধারিত রুট অনুসরণ করতে হবে। নির্ধারিত পথ থেকে সরে গেলে এর দায় সংশ্লিষ্ট জাহাজকেই নিতে হবে বলেও সতর্ক করা হয়েছিল।

এর আগে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) কয়েকটি জাহাজ আটক ও হামলার ঘটনার পর জানিয়েছিল, হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে ইচ্ছুক সব জাহাজকে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করতে হবে। পাশাপাশি ইরান নির্ধারিত নৌপথ ব্যবহারের বাধ্যবাধকতার কথাও উল্লেখ করা হয়েছিল।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালিতে এ ধরনের ঘটনা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি করতে পারে।

কালের আলো/এসএ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে ২ সাংবাদিক ও ২৫ অভিনয়শিল্পীর বিরুদ্ধে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৭:৫০ অপরাহ্ণ
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে ২ সাংবাদিক ও ২৫ অভিনয়শিল্পীর বিরুদ্ধে অভিযোগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে দুই সাংবাদিক ও ২৫ জন নাট্যব্যক্তিত্ব এবং অভিনয়শিল্পীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে উসকানি, সহযোগিতা ও প্ররোচনার অভিযোগ জমা দিয়েছে রাষ্ট্রসংলাপ ফোরাম নামে একটি সংগঠন। রোববার ট্রাইব্যুনালে এ বিষয়ে লিখিত অভিযোগ দাখিল করা হয়।

অভিযোগে যাঁদের নাম উল্লেখ করা হয়েছে, তাঁদের মধ্যে সাংবাদিক আনিস আলমগীর ও সোমা ইসলাম রয়েছেন।

এছাড়া অভিনয়শিল্পী ও সংস্কৃতি অঙ্গনের ২৫ জনের মধ্যে রয়েছেন কারাবন্দী সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদ, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেতা রিয়াজ আহমেদ, অরুণা বিশ্বাস, শমী কায়সার, রোকেয়া প্রাচী, মাহিয়া মাহি, নিপুণ আক্তার, তানভীন সুইটি, হৃদি হক, জ্যোতিকা জ্যোতি, সাজু খাদেম, সোহানা সাবা, পিয়া জান্নাতুল, শামীমা তুষ্টি, আশনা হাবীব ভাবনা, সাইমন সাদিক, সুজাতা আজিম, জায়েদ খান, আজিজুল হাকিম, চন্দন রেজা, মারিয়া কিসপট্টা, শান্তা ফারজানা, মোবিন মেহেদী এবং হিরো আলম।

অভিযোগ জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাষ্ট্রসংলাপ ফোরামের সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াস। তিনি দাবি করেন, অভিযোগে উল্লিখিত ব্যক্তিরা জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে প্ররোচনা, সহযোগিতা ও উসকানি দিয়েছেন। এ ঘটনায় নিরপেক্ষ, স্বচ্ছ ও আইনানুগ তদন্তের দাবি জানান তিনি।

এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, তাঁর কার্যালয়ে একটি লিখিত অভিযোগ জমা পড়েছে। তবে অভিযোগের বিস্তারিত বিষয়বস্তু তিনি তখনও পর্যালোচনা করেননি। তিনি জানান, নিয়ম অনুযায়ী অভিযোগটি তদন্ত সংস্থার কাছে পাঠানো হবে এবং তদন্ত সংস্থা বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

উল্লেখ্য, অভিযোগ দাখিল করা মানেই অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে—এমনটি নয়। তদন্ত শেষে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতেই পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

কালের আলো/এসএ