খুঁজুন
                               
, ,
           

হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ভণ্ডামি বললেন সোহেল তাজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৬:৪১ অপরাহ্ণ
হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ভণ্ডামি বললেন সোহেল তাজ

ক্ষমতাচ্যুত সাবেক শেখ হাসিনার ‘এই বছরেই দেশে ফেরার’ ঘোষণাকে তার আরেকটি ভণ্ডামি ও মিথ্যাচার বলে মন্তব্য করেছেন স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ।

শনিবার (৪ জুলাই) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি একথা বলেন তিনি।

সোহেল তাজ ওই পোস্টে লিখেছেন, ‘আমি এই বছরেই ফিরবো: শেখ হাসিনা’ শিরোনাম উল্লেখ করে লেখেন, একজন মানুষের অহংকার একটি দেশ ও একটি রাজনৈতিক দলকে ধ্বংস করতে পারে, আর এর উদাহরণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার।

পোস্টে তিনি আরও দাবি করেন, গণহত্যা, গুম, খুন, দুর্নীতি, গণতন্ত্র ধ্বংস এবং মুক্তিযুদ্ধের চেতনার অপব্যবহারের মাধ্যমে আওয়ামী লীগকে ধ্বংস করা হয়েছে।

তিনি অভিযোগ করেন, দেশ ছেড়ে যাওয়ার পরও শেখ হাসিনা দেশে ফেরার কথা বলে দলের নিরীহ নেতাকর্মীদের আরও ঝুঁকির মধ্যে ফেলছেন।

এর আগে বিভিন্ন ভার্চুয়াল অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে শেখ হাসিনা চলতি বছরের মধ্যেই দেশে ফেরার আশা প্রকাশ করেন। তার ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং তা নিয়ে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।

পাঁচ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে শেখ হাসিনা দেশের বাইরে অবস্থান করছেন। তার বিরুদ্ধে হত্যা, মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এ অবস্থায় দেশে ফেরার বিষয়ে তার বক্তব্য নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।

কালের আলো/এসআর/এএএন

ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে তারেক রহমানের চিঠি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৯:২৯ অপরাহ্ণ
ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে তারেক রহমানের চিঠি

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ দেশটির জনগণকে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৪ জুলাই) ট্রাম্পকে পাঠানো চিঠিতে বাংলাদেশের গণতান্ত্রিক ও উন্নয়ন যাত্রায় যুক্তরাষ্ট্রকে বিশ্বস্ত বন্ধু ও গুরুত্বপূর্ণ অংশীদার বলে উল্লেখ করেছেন তারেক রহমান।

চিঠিতে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক ও উন্নয়নমূলক যাত্রায় এক মূল্যবান বন্ধু ও গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে পাশে রয়েছে। বিগত ৫ দশকে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, প্রতিরক্ষা এবং ব্যাপক জনগণের সম্পর্ক অন্তর্ভুক্ত হয়ে একটি শক্তিশালী ও বহুমুখী অংশীদারিত্ব বিকশিত হয়েছে।

সরকারপ্রধান বলেন, বর্তমানে আমরা দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন একটি অধ্যায়ে প্রবেশ করেছি, যেখানে চলতি বছরের শুরু থেকে বাণিজ্য, জ্বালানি সহযোগিতা এবং বিনিয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এছাড়াও রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন ও উদারতার জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ।

আগামী দশকগুলোয় যুক্তরাষ্ট্র মহত্ত্বের পথে আরও এগিয়ে যাবে এমনটা প্রত্যাশা করে তারেক রহমান বলেন, বাংলাদেশ সরকার ও আমি দু’দেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রগুলোয় অংশীদারিত্বকে আরও শক্তিশালী ও গভীর করতে আপনার ও মার্কিন প্রশাসনের সঙ্গে কাজ করে যাব।

এই আনন্দময় উপলক্ষে আমি আপনার সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন ও অব্যাহত সাফল্য এবং যুক্তরাষ্ট্রের বন্ধুসুলভ জনগণের জন্য স্থায়ী শান্তি, সমৃদ্ধি ও সুখ কামনা করছি।

কালের আলো/আরডি/এমডিএইচ

প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিবেদক:
প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৭:৫৫ অপরাহ্ণ
প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সরকারি কাজে কোনোরকম দুর্নীতি এবং অনিয়ম কোনোভাবেই বরদাস্ত করা হবে না। দেশের সার্বিক অগ্রযাত্রাকে সমুন্নত রাখতে প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

শনিবার (৪ জুলাই) নান্দাইল উপজেলা প্রশাসনের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত নীতি “সবার আগে বাংলাদেশ”-কে প্রাধান্য দিয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে। দেশের উন্নয়ন ও জনগণের অধিকার রক্ষায় দেশের স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দিতে হবে।

তিনি আরও বলেন, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে মানসম্মতভাবে শেষ করতে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভায় প্রতিমন্ত্রী নান্দাইল উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন এবং বিদ্যমান সমস্যাগুলোর দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

কালের আলো/এম/এএইচ

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

রাজশাহী প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৭:৪৯ অপরাহ্ণ
রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

রাজশাহীর মোহনপুর উপজেলায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় আব্দুস সালাম (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শনিবার (৪ জুলাই) সকাল ১০টার দিকে কেশরহাট পৌরসভার সাঁকোয়া মোড় এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম সাঁকোয়া গ্রামের বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুস সালাম মহাসড়কের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে যাওয়ার সময় নওগাঁ থেকে রাজশাহীগামী একটি দ্রুতগতির ট্রাক তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত আব্দুস সালামকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের স্বজনেরা থানায় এসেছেন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি ওই ট্রাকটি শনাক্তে পুলিশ কাজ করছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি