খুঁজুন
                               
, ,
           

ইতিহাস ব্রাজিলের বিপক্ষে  সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী কার পক্ষে?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬, ১:৪৮ অপরাহ্ণ
ইতিহাস ব্রাজিলের বিপক্ষে  সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী কার পক্ষে?

বিশ্বকাপের শেষ ষোলোতে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও নরওয়ে। আর্লিং হালান্ডের দলের সামনে কঠিন পরীক্ষাই দিতে হবে সেলেসাওদের। ডেটা বিশ্লেষণকারী ওয়েবসাইট ‘অপ্টা অ্যানালিস্ট’ এই ম্যাচ নিয়ে তাদের ভবিষ্যদ্বাণী করেছে।

শেষ রাউন্ডে জাপানের বিপক্ষে ব্রাজিল ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে জিতেছিল। হিউস্টনে কাইশু সানোর গোলে পিছিয়ে পড়ার পর কাসেমিরো সমতা ফেরান। তারপর শেষ দিকে জয়সূচক গোল করেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি।

তাকে এই গোল বানিয়ে দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান ব্রুনো গিমারায়েস। চারটি অ্যাসিস্ট তার। এক আসরে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করা ব্রাজিলিয়ানের তালিকায় তার উপরে কেবল পেলে (১৯৭০ সালে ৬টি)।

কিন্তু আনচেলত্তির উদ্বেগের জায়গা তার আক্রমণভাগ নিয়ে। এখনও আসল রূপে দেখা যায়নি এই পজিশনের খেলোয়াড়দের। ৪ ম্যাচে ৬০ শট নিয়েছে ব্রাজিল। ১৯৯৮ সালের (১৪.৪) পর এক আসরে তাদের দ্বিতীয় সর্বনিম্ন রেকর্ড।

অবশ্য ব্রাজিল টানা চার জয়ে ভালো অবস্থানে আছে। ২০০২ থেকে ২০০৬ সালের মধ্যে টানা ১১ ম্যাচের পর এটাই তাদের সর্বোচ্চ ধারাবাহিক জয়ের রেকর্ড।

এছাড়া শেষ ষোলোর পরিসংখ্যানও তাদের পক্ষে। শেষ ষোলোতে ১০ ম্যাচে তারা কেবল একবার হেরেছে। ১৯৯০ সালে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরে কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি তারা। নরওয়েও দারুণ ফর্মে আছে।

আইভরি কোস্টের বিপক্ষে শেষ ৩২ এর ম্যাচে ২-১ ব্যবধানে তারা জেতে। ৮৬তম মিনিটে আর্লিং হালান্ডের গোলে এটি ছিল বিশ্বকাপে তাদের প্রথম নকআউট ম্যাচ জয়।

এর আগে তারা ১৯৩৮ ও ১৯৯৮ সালের বিশ্বকাপে দুইবার নকআউট খেলেছিল। কিন্তু দুবারই ইতালির কাছে হেরে যায়। ব্রাজিলের জন্য হালান্ডকে সবচেয়ে বড় হুমকি মনে করা হচ্ছে।

নিজের শেষ ১৩টি আন্তর্জাতিক ম্যাচেই গোল করেছেন তিনি। মোট ২৫ গোল। ব্রাজিলের বিপক্ষে আরেকটি গোল পেলে অনন্য রেকর্ড গড়বেন তিনি। অষ্টম ইউরোপিয়ান খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে নিজের প্রথম চার ম্যাচে গোলের কীর্তি।

তাছাড়া পরিসংখ্যান নরওয়ের বিপক্ষে। এনিয়ে পঞ্চমবার মুখোমুখি হচ্ছে দুই দল। চার ম্যাচে কোনো জয় নেই ব্রাজিলের। দুটি জিতেছে নরওয়ে, ড্র দুটি। তাছাড়া ২০০২ সালের ফাইনালে জার্মানিকে হারানোর পর থেকে নকআউটে কোনো ইউরোপিয়ান দলের বিপক্ষে জয় নেই।

ইতিহাস নরওয়ের পক্ষে থাকলেও অপ্টা সুপারকম্পিউটার ভিন্ন কথা বলছে। তাদের হিসাবনিকাশ অনুযায়ী, নির্ধারিত সময় মানে ৯০ মিনিটের মধ্যে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৩.৬ শতাংশ। আর নরওয়ের জয়ের সম্ভাবনা ২২.৪ শতাংশ। ৯০ মিনিটে সমতা শেষে অতিরিক্ত সময়ে ম্যাচটি গড়ানোর সম্ভাবনা ২৪ শতাংশ।

সব মিলিয়ে ব্রাজিলের শেষ আটে পৌঁছানোর হার ৬৫.৬ শতাংশ। নরওয়ের দিকে সম্ভাবনার হার ৩৪.৫ শতাংশ। যে দল জিতবে তারা কোয়ার্টার ফাইনালে পাবে ইংল্যান্ড অথবা মেক্সিকোকে।

কালের আলো/জেএন/এমএসআইপি 

মানহানির অভিযোগে আদালতে ডিপজল

বিনোদন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১:০৩ অপরাহ্ণ
মানহানির অভিযোগে আদালতে ডিপজল

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেছেন তার খালাতো ভাই ও এ ওয়ান ট্রেডিং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহমান টাইগার। এ মামলায় ডিপজলের পাশাপাশি তার ম্যানেজার আব্দুল গণি এবং ব্যক্তিগত সহকারী খোকনকেও আসামি করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালতে মামলাটি দায়ের করা হয়। অভিযোগ আমলে নিয়ে আদালত বিষয়টি তদন্ত করে আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনারকে নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ব্যবসায়িক বিরোধ ও সম্পত্তির মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে বাদীর বিরুদ্ধে মানহানিকর কর্মকাণ্ডে জড়িয়েছেন ডিপজল। অভিযোগ অনুযায়ী, গত বছরের ৩ আগস্ট ডিপজলের ম্যানেজার দারুস সালাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেখানে দাবি করা হয়, আজিজুর রহমানের নির্দেশে কয়েকজন ব্যক্তি নাভানা সিএনজি ফিলিং স্টেশনের সাইনবোর্ড অপসারণ করে নতুন সাইনবোর্ড স্থাপনের চেষ্টা করেন এবং সম্পত্তির মালিকানা দাবি করেন।

তবে মামলায় উল্লেখ করা হয়েছে, ওই জিডির তদন্তে আজিজুর রহমানের সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি। বাদীর দাবি, সংশ্লিষ্ট সম্পত্তির প্রকৃত মালিক তিনি। এছাড়া ডিপজল সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পত্তিটি নিজের বলে দাবি করে পোস্ট দেওয়ায় তার সামাজিক মর্যাদা ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন হয়েছে। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হওয়ায় তিনি আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

এদিকে, এ বিষয়ে এখন পর্যন্ত ডিপজল বা তার প্রতিনিধিদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তদন্ত প্রতিবেদন দাখিলের পর মামলার পরবর্তী আইনি কার্যক্রম এগোবে।

কালের আলো/এসএ

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১২:৪৮ অপরাহ্ণ
সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

Oplus_131072

জুলাই মাস শেষ হতে চললেও এ মাসে সরকারি চাকরিজীবীদের জন্য কোনো সাধারণ ছুটি ছিল না। তবে আগস্টের শুরুতেই এক দিনের ঐচ্ছিক (নৈমিত্তিক) ছুটি নিলেই টানা চার দিনের ছুটি উপভোগের সুযোগ তৈরি হচ্ছে।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ৫ আগস্ট (বুধবার) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। এর পরের দিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) সরকারি অফিস খোলা থাকবে।

তবে কেউ যদি ৬ আগস্ট এক দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নেন, তাহলে ৫ আগস্টের সাধারণ ছুটি, ৬ আগস্টের ঐচ্ছিক ছুটি এবং শুক্র ও শনিবারের (৭ ও ৮ আগস্ট) সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ পাবেন।

যাদের জন্য এই ছুটি প্রযোজ্য

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং অধিকাংশ বেসরকারি অফিসে সাধারণত ছুটি পালন করা হয়। তবে জরুরি সেবার আওতাভুক্ত প্রতিষ্ঠান ও কর্মীদের ক্ষেত্রে এ ছুটি প্রযোজ্য হয় না।

এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি ও গ্যাস সরবরাহ ব্যবস্থা, ফায়ার সার্ভিস, টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা, ডাক বিভাগ, হাসপাতাল ও চিকিৎসাসেবা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন, জরুরি যানবাহন ও সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মীরা।

অন্যদিকে, ওই সময় ব্যাংক খোলা বা বন্ধ থাকবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ব্যাংক।

কালের আলো/এসএকে

স্মৃতিসৌধে স্যালুট দেওয়া নিয়ে মুখ খুললেন প্রতিমন্ত্রী ইশরাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ণ
স্মৃতিসৌধে স্যালুট দেওয়া নিয়ে মুখ খুললেন প্রতিমন্ত্রী ইশরাক

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে রোববার সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

সেখানে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে দাঁড়ানো অবস্থায় শহীদদের প্রতি সম্মান জানিয়ে স্যালুট দেন ইশরাক হোসেন, যা নিয়ে অনেকে সামাজিক মাধ্যমে সমালোচনা করছেন।

এ নিয়ে মুখ খুলেছেন ঢাকার প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন।

শহীদদের প্রতি সম্মান জানানোর ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, দেশ আমার গণতান্ত্রিক; আমার ইচ্ছায় আমি স্যালুট দিয়েছি। যতবার ইচ্ছা হবে, যখন ইচ্ছা হবে, আমি বীর মুক্তিযোদ্ধাদের স্যালুট জানাব।

রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ইশরাক হোসেন লিখেছেন, ‘আমার বাবা একজন গেরিলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার ছিলেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে আমি জনগণের প্রতিনিধিত্ব করেছি। এ বিষয়টি নিয়ে মুখরোচক আলোচনা বা তামাশা করার মানসিকতাই অস্বাভাবিক।’

তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধাদের কথা উঠলে শ্রদ্ধায় আমার হাত স্বতঃস্ফূর্তভাবে স্যালুটে উঠে যায়। আমার হাত দিয়ে আমি বীর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্যালুট দিয়েছি। হাত আমার, সম্মান জানিয়েছি সর্বজনশ্রদ্ধেয় বীরদের। দেশ আমার গণতান্ত্রিক; আমার ইচ্ছায় আমি স্যালুট দিয়েছি। যতবার ইচ্ছা হবে, যখন ইচ্ছা হবে, আমি বীর মুক্তিযোদ্ধাদের স্যালুট জানাব।

ইশরাক হোসেন লিখেছেন, আমাদের দেশের কিছু মানুষের এতটা সংবেদনহীন হওয়া সত্যিই দুর্ভাগ্যজনক। অসম্মান করলে বাহবা পাওয়া যায়, আর সম্মান জানালে সেটিকে নিয়ে তামাশা করা হয়। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন।

কালের আলো/জেএন/এমএসআইপি