খুঁজুন
                               
, ,
           

 ‘দ্য ব্যাটম্যান পার্ট ২’- ডার্ক নাইটকে দেখা যাবে কবে ?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১:০০ অপরাহ্ণ
 ‘দ্য ব্যাটম্যান পার্ট ২’- ডার্ক নাইটকে দেখা যাবে কবে ?

ডিসি কমিকসের জনপ্রিয় চরিত্র ব্যাটম্যানের ভক্তদের জন্য এলো হতাশার খবর। রবার্ট প্যাটিনসনের অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ব্যাটম্যান পার্ট ২’ নির্ধারিত সময়ের চেয়ে আরও দেরিতে মুক্তি পেতে যাচ্ছে।

ওয়ার্নার ব্রোস. পিকচার্স ও ডিসি স্টুডিওজ জানিয়েছে, সিনেমাটির মুক্তির তারিখ আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের অক্টোবরে নয়, বরং ছবিটি প্রেক্ষাগৃহে আসবে ২০২৮ সালের ১৮ ফেব্রুয়ারি।

এর আগে পরিকল্পনা ছিল ২০২৫ সালের অক্টোবরেই মুক্তি দেওয়ার। তবে ২০২৩ সালে হলিউডের লেখক ও অভিনেতাদের ধর্মঘটের কারণে সিনেমাটির নির্মাণকাজ প্রায় পাঁচ মাস বন্ধ থাকে। এর প্রভাব পড়ে শুটিং ও পরবর্তী কাজের ওপর। ফলে মুক্তির তারিখ পিছিয়ে ২০২৭ সালের ১ অক্টোবর নির্ধারণ করা হয়েছিল।

স্টুডিওর পক্ষ থেকে জানানো হয়েছে, পরিচালক ম্যাট রিভসকে পোস্ট-প্রোডাকশন, এডিটিং এবং ভিজ্যুয়াল ইফেক্টসের কাজ আরও নিখুঁতভাবে শেষ করার জন্য অতিরিক্ত সময় দেওয়া হচ্ছে। পাশাপাশি ২০২৮ সালের ফেব্রুয়ারির সময়টিকে বক্স অফিসের জন্য সুবিধাজনক মনে করছে কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রে ওই সময়ে টানা চার দিনের সরকারি ছুটির সুযোগ কাজে লাগিয়ে বড় ব্যবসার প্রত্যাশা করছে তারা।

২০২২ সালে মুক্তি পাওয়া ‘দ্য ব্যাটম্যান’ বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছিল। ছবিটি আয় করেছিল প্রায় ৭৭০.৩ মিলিয়ন ডলার। নতুন সিকুয়েলও একইভাবে দর্শকদের আকর্ষণ করবে বলে আশা করছে নির্মাতা প্রতিষ্ঠান।

ম্যাট রিভস পরিচালিত ‘দ্য ব্যাটম্যান পার্ট ২’-এ আবারও ব্রুস ওয়েন ওরফে ব্যাটম্যান চরিত্রে ফিরছেন রবার্ট প্যাটিনসন। তার সঙ্গে থাকছেন অ্যান্ডি সার্কিস ও কলিন ফারেলের মতো পরিচিত মুখ। এছাড়া নতুন সংযোজন হিসেবে যুক্ত হয়েছেন মার্ভেলের ‘ব্ল্যাক উইডো’খ্যাত অভিনেত্রী স্কারলেট জোহানসন।

এদিকে ‘দ্য ব্যাটম্যান পার্ট ২’-এর মুক্তির তারিখ পরিবর্তনের প্রভাব পড়েছে ওয়ার্নার ব্রোসের আরও কয়েকটি সিনেমার সূচিতেও। জে.জে. আব্রামস পরিচালিত সায়েন্স ফিকশন সিনেমা ‘দ্য গ্রেট বিয়ন্ড২০২৬ সালের পরিবর্তে মুক্তি পাবে ২০২৭ সালের ১ অক্টোবর।

অন্যদিকে স্যাম এসমাইলের থ্রিলার ‘প্যানিক কেয়ারফুলি’ ২০২৭ সালের ২৬ ফেব্রুয়ারির পরিবর্তে মুক্তি পাবে ৯ এপ্রিল। আর হরর সিনেমা ‘রিভেঞ্জ অফ লা লোরোনা’-এর মুক্তির তারিখ ৯ এপ্রিল থেকে এগিয়ে এনে করা হয়েছে ২৬ ফেব্রুয়ারি।

যদিও মুক্তি পিছিয়ে যাওয়ায় ব্যাটম্যান ভক্তদের মধ্যে হতাশা তৈরি হয়েছে, তবে নির্মাতাদের হাতে বাড়তি সময় থাকায় সিনেমাটি আরও উন্নত ও আকর্ষণীয় হবে বলেই প্রত্যাশা করা হচ্ছে।

কালের আলো/এসএ

হরমুজে চলাচলকারী জাহাজে নতুন ফি আরোপের পথে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ২:২৭ পূর্বাহ্ণ
হরমুজে চলাচলকারী জাহাজে নতুন ফি আরোপের পথে ইরান

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে বিভিন্ন সেবার বিপরীতে ফি নেওয়ার বিধান রেখে খসড়া আইনের একটি ধারা অনুমোদন করেছে ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিশন।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর প্রতিবেদনে বলা হয়েছে, অনুমোদিত খসড়া আইনের তৃতীয় ধারায় হরমুজ প্রণালিতে সামুদ্রিক, পরিবেশগত, বিশেষ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ, বিমা, নিরাপত্তাসহ বিভিন্ন সেবার জন্য ফি আদায়ের বিধান রাখা হয়েছে।

কমিশনের মুখপাত্র হাসান কাশকাভি জানান, প্রণালি দিয়ে চলাচলের অনুমতি পাওয়া দেশগুলোর জাহাজ থেকে এসব ফি নেওয়া হবে। ইরানি মুদ্রা রিয়াল অথবা তেহরান নির্ধারিত অন্য কোনো মুদ্রায় এ অর্থ পরিশোধ করতে হবে।

তিনি বলেন, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির নিজস্ব নিয়ম ও পরিস্থিতি রয়েছে। খসড়া আইন তৈরির সময় প্রণালির তীরবর্তী দেশগুলোর অধিকারও বিবেচনায় নেওয়া হয়েছে।

এদিকে ইরান-যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন বলেছেন, খুব শিগগিরই ইরানের সঙ্গে চলমান সংঘাতে ‘নতুন পর্যায়’ শুরু হতে পারে।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জনসন দাবি করেন, ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সফল হয়েছেন। একই সঙ্গে তিনি ইরানের সঙ্গে আলোচনার বিষয়ে সতর্ক থাকার কথাও বলেন।

কালের আলো/এমএসআইপি

জুলাই-জুন নয়, এপ্রিল-মার্চ হবে নতুন অর্থবছর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ২:০২ পূর্বাহ্ণ
জুলাই-জুন নয়, এপ্রিল-মার্চ হবে নতুন অর্থবছর

অর্থবছরের সময়কাল পরিবর্তনের সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় রূপরেখা ও কর্মপন্থা নির্ধারণে উচ্চপর্যায়ের পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে সরকার।

রোববার (২৩ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। মন্ত্রিপরিষদ সচিবকে আহ্বায়ক করে গঠিত কমিটিতে সদস্য হিসেবে থাকছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ বিভাগের সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান।

প্রজ্ঞাপন অনুযায়ী, অর্থবছরের সময়কাল পরিবর্তনের জন্য সংবিধান ও ‘জেনারেল ক্লজেস অ্যাক্ট, ১৮৯৭’-এর প্রয়োজনীয় সংশোধনী পর্যালোচনা করবে কমিটি। পাশাপাশি সরকারের আর্থিক ব্যবস্থাপনায় প্রয়োজনীয় কারিগরি পরিবর্তন এবং বাস্তবায়ন কর্মপন্থাও নির্ধারণ করা হবে।

বর্তমানে বাংলাদেশে জুলাই থেকে জুন পর্যন্ত সময়কে অর্থবছর হিসেবে ধরা হয়। তবে সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৮-২৯ অর্থবছর থেকে নতুন অর্থবছর হবে এপ্রিল থেকে মার্চ। অর্থাৎ ২০২৮ সালের ১ এপ্রিল থেকে ২০২৯ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়কে অর্থবছর হিসেবে গণনা করা হবে।

কমিটি প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে এবং প্রয়োজন অনুযায়ী সভা আয়োজন করবে। কমিটিকে সাচিবিক সহায়তা দেবে অর্থ বিভাগ।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

হুমায়ুন কবির ও শামা ওবায়েদের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ১১:১২ অপরাহ্ণ
হুমায়ুন কবির ও শামা ওবায়েদের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন

হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলামকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে নির্ধারিত বিষয়গুলোতে তারা দায়িত্ব পালন করবেন।

রোববার (২৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক পরিপত্রে দুই প্রতিমন্ত্রীর মধ্যে দায়িত্ব বণ্টনের বিষয়টি জানানো হয়। পরিপত্রে বলা হয়েছে, এ দায়িত্ব বণ্টনে প্রধানমন্ত্রীর সদয় অনুমোদন রয়েছে।

দায়িত্ব অনুযায়ী, প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিষয়াবলি, অনিবাসী বাংলাদেশি এবং পররাষ্ট্রমন্ত্রী নির্ধারিত অন্যান্য বিষয়ে কাজ করবেন।

অন্যদিকে প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, গবেষণা ও উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সৃজনশীল অর্থনীতি, এলডিসি উত্তরণ, আইসিটি, সমুদ্র আইন ও সমুদ্রসম্পদ, বিশ্ব স্বাস্থ্য কূটনীতি এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতির দায়িত্ব পালন করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই দায়িত্ব বণ্টনের মাধ্যমে দুই প্রতিমন্ত্রীর কাজের ক্ষেত্র নির্দিষ্ট করা হলো।

কালের আলো/এমএসআইপি