‘গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত প্রচেষ্টায় এই পরিবর্তন’
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, প্রতিটি জুলাই শহীদের রুহের মাগফেরাত কামনা করি। ক্ষতিগ্রস্ত পরিবার, কিংবা যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের প্রতি সমবেদনা জানাই। সরকার ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাষ্ট্র দাঁড়াতে অঙ্গীকারবদ্ধ। এবং সেই প্রক্রিয়া শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জুলাই শহীদ দিবস পালন আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা এককভাবে বাংলাদেশ গড়ব এই চিন্তায় কখনো নিমজ্জিত নয়। দেশের রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সবাইকে নিয়েই আমরা দেশ গড়তে চাই।
অমিত আরও বলেন, গণঅভ্যুত্থান কৃতিত্ব কারোর একার নয়, এটি কোনো বিশেষ রাজনৈতিক সংগঠন কর্মীদের নয়, এটি বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের সবার সম্মিলিত প্রচেষ্টার ফল।
আরও পড়ুন: জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না: প্রতিমন্ত্রী টুকু

এ সময় প্রতিমন্ত্রী বলেন, পাহাড়ি ঢলে যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হলো তার পরিপ্রেক্ষিতে সরকার কর্তৃক উদ্ধার প্রক্রিয়া, ত্রাণ বিতরণ কার্যক্রম, পরবর্তীতে পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে এক সপ্তাহ যাবৎ কাজ করছি।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুঁইয়া বলেছেন, কেউ কেউ এটাকে মুক্তিযুদ্ধের সাথে তুলনা করতে চায় কিন্তু প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধের সাথে কোনো তুলনা হবে না।
যদিও কোনো অংশে এই ত্যাগের মহিমাও কম নয়। এই ত্যাগ ভোলার মতো নয়। দেশ, বিশ্বকে এই দেশের মানুষ গণঅভ্যুত্থানের মাধ্যমে জানিয়েছে, ফ্যাসিস্টকে আমরা পছন্দ করি না। নতুন করে যাতে ফ্যাসিস্ট তৈরি না হয় সেজন্য ছাত্র জনতা একটি উদাহরণ সৃষ্টি করেছে। এই জুলাই আন্দোলনকে আমাদের লালন ও ধারণ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, জেলা বিএনপি সাধারণ সম্পাদক এম এন আবছার প্রমুখ।
জুলাই শহিদ দিবস আলোচনা সভার শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে।
এছাড়াও খাগড়াছড়ি সার্কিট হাউজে জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এ প্রতিমন্ত্রী। এরপর তিনি দীঘিনালা উপজেলার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন।
কালের আলো/জেএন/এমএসআইপি


আপনার মতামত লিখুন
Array