খুঁজুন
                               
, ,
           

দুর্গন্ধে মিলল খোঁজ, দরজা ভেঙে  শিক্ষার্থীর গলিত মরদেহ উদ্ধার

বরিশাল প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১:৪৩ পূর্বাহ্ণ
দুর্গন্ধে মিলল খোঁজ, দরজা ভেঙে  শিক্ষার্থীর গলিত মরদেহ উদ্ধার

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন খালপাড় সড়কের একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত করছে পুলিশ।

ববির প্রক্টর মেহেদী হাসান সোহাগ মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শিক্ষার্থীর নাম উচ্ছ্বাস কর্মকার (২৭)। তিনি ববির ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি খুলনা বিভাগে।

সহপাঠীরা জানান, উচ্ছ্বাস খুবই প্রাণবন্ত স্বভাবের ছেলে ছিলেন। কয়েক মাস আগে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি হওয়ায় তিনি বরিশালের বাইরে চলে যান। দেড় মাস আগে তিনি আবার ববি-সংলগ্ন খালপাড় সড়কের একটি ভবনের নিচতলায় আলাদা একটি কক্ষ ভাড়া নিয়ে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন। বরিশাল ফেরার বিষয়টি অধিকাংশ বন্ধু-বান্ধব না জানায় কার্যত তার সঙ্গে কারও যোগাযোগ ছিল না।

মঙ্গলবার রাতে পাশের ফ্ল্যাটের শিক্ষার্থীরা কক্ষটি থেকে তীব্র দুর্গন্ধ পেলে বিষয়টি পুলিশকে জানায়। পরে বন্দর থানা পুলিশ দরজা ভেঙে লাশটি উদ্ধার করে।

ববির প্রক্টর মেহেদী হাসান সোহাগ বলেন, ‘ছেলেটি আত্মহত্যা করেছেন বলে শুনেছি। তার বিভাগের শিক্ষকরা ঘটনাস্থলে আছেন। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।’

এ বিষয়ে জানতে বরিশাল নগর পুলিশের ওসি ইসমাইল হোসেনের মুঠোফোনে ফোন করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

নতুন করে ৬০ দেশের ওপর  শুল্ক আরোপ করতে যাচ্ছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ণ
নতুন করে ৬০ দেশের ওপর  শুল্ক আরোপ করতে যাচ্ছেন ট্রাম্প

বিশ্বজুড়ে প্রায় ৬০টি দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। আগামী সপ্তাহের শুরুতেই এ শুল্ক কার্যকর করা হতে পারে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন কর্মকর্তারা প্রায় ৬০টি দেশের ওপর ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত নতুন শুল্ক আরোপের পরিকল্পনা তৈরি করেছেন, যার মধ্যে ইউরোপীয় ইউনিয়ন, চীন, মেক্সিকো, ভারত, জাপান এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশ অন্তর্ভুক্ত।

ফিন্যান্সিয়াল টাইমস আরও জানায়, চলতি বছরের ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের জরুরি ক্ষমতায় বিভিন্ন দেশের ওপর আরোপীত আগের শুল্ক ব্যবস্থা বাতিল করে দেয়। এ ঘটনায় বিশ্ববাজারে ব্যাপক অস্থিরতা সৃষ্টি হয়। সেই আইনি জটিলতা এড়াতে এবার ১৯৭৪ সালের মার্কিন বাণিজ্য আইনের ‘৩০১ ধারা’-কে আইনি ভিত্তি হিসেবে ব্যবহার করা হচ্ছে, যা দীর্ঘমেয়াদে আইনিভাবে অনেক বেশি শক্তিশালী।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, এই ৬০টি দেশ তাদের দেশে জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্য আমদানি বা ব্যবহার বন্ধ করতে ব্যর্থ হয়েছে। এর ফলে মার্কিন বাজারের উৎপাদকেরা অসৎ ও অসম প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছে।

অন্যদিকে এই সিদ্ধান্তের পাশাপাশি সম্প্রতি ট্রাম্প কানাডার পণ্যের ওপর ৫০ শতাংশ এবং ব্রাজিলের পণ্যের ওপর ২৫ শতাংশ শাস্তিমূলক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন।

ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তারা ট্রাম্পকে প্রধান বাণিজ্য অংশীদারদের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখা এবং ২০২৫ সালে হওয়া বাণিজ্য চুক্তিগুলো বহাল রাখার পরামর্শ দিয়েছেন।

একই সঙ্গে কিছু প্রয়োজনীয় ভোগ্যপণ্যকে শুল্কমুক্ত রাখা এবং নির্দিষ্ট ইস্পাত ও অ্যালুমিনিয়ামজাত পণ্যের ওপর শুল্ক কমানোর প্রস্তাবও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই নতুন এই শুল্ক পরিকল্পনা সামনে এসেছে। এর প্রভাবে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বেড়ে প্রতি গ্যালন তেলের মূল্য ৪ ডলারের বেশি হয়েছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।

এদিকে চলতি মাসের শুরুতে পরিচালিত এক জনমত জরিপে দেখা গেছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দিলেও জীবনযাত্রার ব্যয় কমাতে ট্রাম্পের পদক্ষেপে সন্তুষ্ট নন দুই-তৃতীয়াংশের বেশি মার্কিন ভোটার।

বাণিজ্য বিশ্লেষকদের মতে, এই নতুন পদক্ষেপের ফলে বিশ্বজুড়ে বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর রফতানি খাতে এবং বিশ্ববাজারে নতুন করে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে।

সূত্র: রয়টার্স, আনাদোলু

কালের আলো/জেএন/এমএসআইপি 

প্রধানমন্ত্রী পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধ শিক্ষায় গুরুত্ব দিচ্ছেন: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১১:৪৮ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধ শিক্ষায় গুরুত্ব দিচ্ছেন: শিক্ষামন্ত্রী

অধিকতর মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে কর্মকর্তাদের করণীয় বিষয়ে মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষকদের এমনভাবে কাজ করতে হবে যেন তারা শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করেন। ‌শিক্ষার্থীদের নিজেদের সন্তানের মতো করেই শিক্ষা দিতে হবে।

তাদের নৈতিক মূল্যবোধের সাথে গড়ে তুলতে হবে। এজন্য প্রধানমন্ত্রী পারিবারিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ প্রভৃতির ওপর গুরুত্ব দিয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর মিরপুরে পিটিআই মিলনায়তনে অধিকতর মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে কর্মকর্তাদের করণীয় বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

তিনি প্রাথমিক শিক্ষার উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষা প্রশাসনের সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। এছাড়া, শিক্ষকদের দক্ষতা উন্নয়নে আরো উন্নত প্রশিক্ষণের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

নতুন প্রজন্মকে নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আমাদের তরুণ প্রজন্ম অনেক সময় বিপথগামী হয়ে যায়। লেখাপড়া ছেড়ে দিয়ে মোবাইল ও মাদকাসক্ত হয়ে পড়ে। এজন্য প্রধানমন্ত্রীও লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিচ্ছেন।

তাদের আনন্দময় শিক্ষা এবং খেলাধুলার মধ্য দিয়ে ফিরিয়ে আনতে হবে। এজন্য আমরা দেশব্যাপী প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি গ্রহণ করছি। আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রী চট্টগ্রাম থেকে এর উদ্বোধন করার কথা রয়েছে।

তিনি আরও বলেন, সরকার স্কুলের প্রতি বাচ্চাদের আকৃষ্ট করতে বিনামূল্যে স্কুল ড্রেস দিতে যাচ্ছে। এছাড়া, মিড-ডে মিলসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। তরুণ প্রজন্মের উন্নয়ন ছাড়া আগামীর বাংলাদেশ গড়া সম্ভব না। সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, সামনের দিনে প্রাথমিক কর্মকর্তাদের দায়িত্ব বাড়ানো হবে, সাথে সুবিধাও বাড়ানো হবে। আগামী দিনে বেসরকারি স্কুলও আপনাদের নজরদারিতে আসবে।

অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষাসংশ্লিষ্ট কর্মকর্তারা প্রাথমিক স্কুলের বিদ্যমান নানা সমস্যা তুলে ধরেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াৎ হোসেন।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন কর্মব্যস্ততায় কাটল আইজিপির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১০:২৩ অপরাহ্ণ
থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন কর্মব্যস্ততায় কাটল আইজিপির
থাইল্যান্ডের ব্যাংককে স্ক্যাম সেন্টার কম্পাউন্ড এবং আন্তঃদেশীয় সংগঠিত অপরাধবিষয়ক আঞ্চলিক শীর্ষ সম্মেলনে যোগদানের পর থেকে কর্মব্যস্ত কাটিয়েছন বাংলাদেশ পুলিশের আইজি মো. আলী হোসেন ফকির।
মঙ্গলবার (২১ জুলাই) ছিল এই সম্মেলনের শেষ দিন। এদিনটিও তার কর্মব্যস্ততায় অতিবাহিত হয়েছে।

pic-পুলিশ সদর দফতর জানিয়েছে, তিনি সম্মেলনে যোগদানের পাশাপাশি অন্যান্য কর্মসূচিতেও অংশগ্রহণ করেছেন। রয়্যাল থাই পুলিশের সহায়তায় ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর আয়োজনে দুই (২০-২১ জুলাই) দিনব্যাপী এ সম্মেলন আজ মঙ্গলবার শেষ হয়েছে।

সম্মেলনে এফবিআইয়ের ডিরেক্টর ক্যাশ প্যাটেল, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২০ দেশের পুলিশ প্রধানসহ ১০৯ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন।

কালের আলো/এম/এএইচ