খুঁজুন
                               
, ,
           

গ্যাস সংকটের সমাধান কতদূর?

কালের আলো রিপোর্ট:
প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ৩:০৪ অপরাহ্ণ
গ্যাস সংকটের সমাধান কতদূর?

গ্যাস সংকট এখন আর কেবল রান্নার চুলার মাঝেই সীমাবদ্ধ নেই। এটি বিদ্যুৎ বিভাগ হয়ে ধাক্কা দিচ্ছে দেশের সার্বিক অর্থনীতি ও মানুষের জীবনযাত্রায়। সিএনজি স্টেশনগুলোতেও যানবাহনের দীর্ঘ সারি। বিদ্যুৎ খাতে গ্যাসের সরবরাহ ২০ কোটি ঘনফুটের বেশি কমে যাওয়ায় উৎপাদন কমেছে দেড় হাজার মেগাওয়াটেরও বেশি। বাধ্য হয়েই ঢাকার চেয়ে গ্রামাঞ্চলে লোডশেডিং হচ্ছে বেশি। গাজীপুর শিল্পাঞ্চলে ৫০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত কমেছে উৎপাদন। সংকটে রয়েছে সাভার ও আশুলিয়ার প্রায় ১ হাজার ২০০ শিল্পকারখানাও।

এমন আকালের সময়ে গ্যাসের দাম বাড়ানোর তোড়জোড় শুরু করেছিল পেট্রোবাংলা। কিন্তু সরকারের উচ্চ পর্যায়ে সবুজ সংকেত না পেয়ে দাম বৃদ্ধির তৎপরতা থেকে শেষ পর্যন্ত তাঁরা সরে এসেছে। শনিবার (০১ আগস্ট) রাতে রাষ্ট্রায়ত্ত কোম্পানি পেট্রোবাংলা জানিয়েছে, এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই।

মূলত মহেশখালীর একটি ভাসমান এলএনজি টার্মিনালে আগুন ও কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যাওয়ার মধ্যে দাম বাড়ানোর খবর সামনে আসায় তোলপাড় তৈরি হয়। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম গ্যাসের দাম বাড়ানো হলে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুমকি দেন। সোশ্যাল মিডিয়াতেও গ্যাসের দাম বৃদ্ধির শঙ্কায় নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তবে পেট্রোবাংলা নিজেদের অবস্থান পরিস্কার করার মাধ্যমে বুঝিয়ে দিলো আপাতত বাড়ছে না গ্যাসের দাম। এর আগে পেট্রোবাংলা গ্যাসের দাম বাড়ানোর একটি প্রস্তাব জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে পাঠিয়েছে বলে গত শুক্রবার সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। সেই প্রস্তাবে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম প্রতি ঘনমিটার ২৫ টাকা এবং যানবাহনে ব্যবহৃত সিএনজির পাম্পমূল্য প্রায় ৬৫ টাকা করার কথা বলা হয়। যদিও প্রস্তাবের বিষয়ে কিছুই বলা হয়নি পেট্রোবাংলার বিজ্ঞপ্তিতে।

উদ্বেগের মধ্যেই অবশ্য একটি সুখবর দিয়েছে রাষ্ট্রায়ত্ত এই কোম্পানিটি। মহেশখালীতে আগুনে পুড়ে যাওয়া এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালটি মেরামতের কাজ চলছে পুরোদমে। বিদেশি কোম্পানি আগুনে ক্ষতিগ্রস্ত টার্মিনালটির মেরামতে কোনো ঝুঁকি নিতে চায় না। কারণ ছোট ঘটনা থেকে বড় দুর্ঘটনা হয়ে গেলে বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। এ জন্য মেরামতে সময় বেশি লাগছে। গত কয়েকদিন এটি বন্ধ থাকায় জাতীয় গ্রিডে প্রতিদিন প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সরবরাহ কমে গেছে। এতে সারা দেশে গ্যাস সংকট তীব্র হয়েছে।

চলতি সপ্তাহেই গ্যাসের সংকট কেটে যাবে জানিয়ে পেট্রোবাংলা বলছে, আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে টার্মিনালটির একটি ইউনিট চালু হবে, তখন ২৫০ থেকে ৩০০ মিলিয়ন ঘনফুট সরবরাহ বৃদ্ধি পাবে। তার পরের সপ্তাহেই ২টি ইউনিট থেকে আগের মতো গ্যাস সরবরাহ করা সম্ভব হবে।

পেট্রোবাংলার তথ্যানুযায়ী, দেশীয় গ্যাসের তুলনায় আমদানি করা এলএনজির ব্যয় কয়েক গুণ বেশি। এখন দেশীয় চাহিদার ৭০ শতাংশই অভ্যন্তরীণ উৎস থেকে আর বাকি ৩০ শতাংশ গ্যাস এলএনজি আমদানি করে মেটানো হচ্ছে। আমদানিতে ঘাটতি বেড়ে যাওয়ায় ২০২৫-২৬ অর্থবছরে পেট্রোবাংলার মোট আর্থিক ঘাটতি দাঁড়ায় প্রায় ১৬ হাজার ৫০০ কোটি টাকা।

বিপরীতে সরকার ভর্তুকি দিয়েছে প্রায় ১৪ হাজার ৬০০ কোটি টাকা। দিন দিন দেশীয় উৎস থেকে গ্যাস উৎপাদন কমছে। আগামী কয়েক বছরে আমদানির পরিমাণ দ্বিগুণ হয়ে যেতে পারে এমন পূর্বাভাস রয়েছে। এ অবস্থায় বিদেশি উৎস থেকে কেনা দামের কাছাকাছি দাম নির্ধারণ করে সরকারের ভর্তুকি কমানোর বিকল্প নেই।

বিশেষজ্ঞরা বলছেন, অনেক বছর ধরেই আমদানি নির্ভরতা কমিয়ে অনুসন্ধান কার্যক্রম বৃদ্ধি করে দেশীয় উৎস থেকে গ্যাস উৎপাদনের কথা বলা হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকার গ্যাস অনুসন্ধানে গুরুত্ব না দেয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখন এর জের টানতে হচ্ছে। বর্তমান সরকার দেশীয় গ্যাস অনুসন্ধানে বিনিয়োগ না বাড়ালে ভবিষ্যতে গ্যাসের দাম ও ভর্তুকির চাপ আরও বাড়বে।

এম/এএইচ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ঠাকুরগাঁওয়ে প্রথম সফর স্থগিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৫:৫৭ অপরাহ্ণ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ঠাকুরগাঁওয়ে প্রথম সফর স্থগিত

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও সফর স্থগিত করা হয়েছে। আগামী ৩০ ও ৩১ আগস্ট দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাওয়ার কথা ছিল তার।

বুধবার (২৫ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক।

জেলা প্রশাসক বলেন, মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগামী ৩০ ও ৩১ আগস্ট ঠাকুরগাঁও সফরের কথা ছিল। অনিবার্য কারণে সফরটি স্থগিত করা হয়েছে। তবে আগামী দুই-এক দিনের মধ্যে নতুন সফরসূচি নির্ধারণ করা হতে পারে।

এর আগে রাষ্ট্রপতির সফর উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া শুরু করেছিল জেলা প্রশাসন। প্রশাসনিক ব্যবস্থা, আবাসন, যানবাহনসহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট দফতরগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল।

গত সোমবার (২৪ আগস্ট) রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগের প্রটোকল শাখা থেকে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসকের কাছে পাঠানো চিঠিতে জানানো হয়, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩০ ও ৩১ আগস্ট ঠাকুরগাঁও জেলা সফর করবেন। সফর শেষে ৩১ আগস্ট তার ঢাকায় ফেরার কথা ছিল। একই চিঠিতে রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের গমনাগমনের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা, আবাসন ও যানবাহনের ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি সফরের বিস্তারিত সূচি ও সফরসঙ্গীদের অনুমোদিত তালিকা পরে পাঠানো হবে বলেও জানানো হয়েছিল।

রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের প্রথম সফর ঘিরে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছিল ব্যাপক আগ্রহ। তার সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সরকারি দফতরেও শুরু হয়েছিল প্রস্তুতি। তবে শেষ পর্যন্ত অনিবার্য কারণে সফরটি স্থগিত করা হলো।

এর আগে গত ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে জয়ী হন। তিনি জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে পরাজিত করেন।

পরদিন ২১ আগস্ট সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কালের আলো/আরডি/এমডিএইচ

ঈদে মিলাদুন্নবীতে মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা রিজভীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৫:১৮ অপরাহ্ণ
ঈদে মিলাদুন্নবীতে মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা রিজভীর

মুসলিম উম্মাহর শান্তি এবং কল্যাণ কামনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২৫ আগস্ট) পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ শুভেচ্ছা ও কল্যাণ কামনা করেন।

বাণীতে রুহুল কবির রিজভী বলেন, ‘আজ পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ), এই পবিত্র দিনে বিশ্বজগতে এক সর্বশ্রেষ্ঠ মহামানবের আবির্ভাব হয়। এই শিশুর শুভাগমনে সারা দুনিয়ায় রহমতের অবারিত দ্বার উন্মোচিত হয়। সততা, নম্রতা, উদারতা ও ন্যায়বিচারের প্রতি শ্রদ্ধা জানানো এবং নবীজির প্রদর্শিত পথে চলার জন্য এই দিনটি এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।’

তিনি বলেন, ‘পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আমি দেশবাসীসহ মুসলিম উম্মাহর অসীম শান্তি ও অফুরন্ত কল্যাণ কামনা করছি। তাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।’

বাণীতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিশ্বমানবের নিকট এক অসাধারণ আলোকবর্তিকা, শান্তি-সংগ্রাম-সম্প্রীতি ও মূল্যবোধের আঁধার চরম সত্যবাদী ও পরম বিশ্বস্ত হযরত মোহাম্মদ (সা.)। তার কালজয়ী মূল্যবোধ, মানবতা, সহমর্মিতা, উদারতা ও মানুষের প্রতি সহানুভূতি মানবজাতির কাছে চিরকালীন এক পরম শিক্ষা হয়ে থাকবে।

রুহুল কবির রিজভী বলেন, কৈশোরকাল থেকেই মহানবী হযরত মোহাম্মদ (সা.) মিথ্যার বিরুদ্ধে এক অকুতোভয় যোদ্ধা ছিলেন। তিনি কোনো দিন আমানতের খেয়ানত করেননি। অন্যের উপকার করাকে তিনি পরম কর্তব্য বলে মনে করতেন। বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করার এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন মহানবী হযরত মোহাম্মদ (সা.)।

তিনি বলেন, পরম সত্যের সন্ধানে নিজেকে নিয়োজিত রেখে তিনি ৪০ বছর বয়সে নবুয়াত লাভ করেন। কঠোর পরিশ্রমী প্রচেষ্টার মধ্য দিয়ে তিনি তাওহিদের বাণী সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন, সীমাহীন নির্যাতন সহ্য করেও।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আল্লাহ তাআলা পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর ওপর অবতীর্ণ করেন। এটি মানবজাতির পথপ্রদর্শক হিসেবে ইহলৌকিক ও পরলৌকিক মুক্তির যাবতীয় নির্দেশাবলি অনুশীলনের মাধ্যমে মানুষকে পরিপূর্ণ ও মর্যাদাশীল করে তোলে।

তিনি আরও বলেন, তার জীবন ও কর্ম অনুসরণের মাধ্যমে মুসলিমরা শৃঙ্খলিত মানুষের মুক্তি ও মানবতা প্রতিষ্ঠাসহ নিজেদের জীবনকে সুন্দর ও কল্যাণের পথে পরিচালিত করার অনুপ্রেরণা পায়।

রুহুল কবির রিজভী বলেন, ‘আমি শেষ নবী সাইয়েদুল মুরসালিন হযরত মোহাম্মদ (সঃ)-এর প্রতি সালাম জানাই।’ বাণীটি গণমাধ্যমে পাঠিয়েছেন বিএনপির সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন।

কালের আলো/আরডি/এমডিএইচ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে মুক্তিযোদ্ধা দলের শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৫:০৭ অপরাহ্ণ
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে মুক্তিযোদ্ধা দলের শ্রদ্ধা নিবেদন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন, মাজার জিয়ারত, ফাতেহা পাঠ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে শেরেবাংলা নগর থানাধীন জিয়া উদ্যানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আয়োজনে এ কর্মসূচিতে সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম এবং সহ-সভাপতি এম এ শহীদ বাবলুসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কালের আলো/আরডি/এমডিএইচ