১.৪ বিলিয়ন ডলারের ‘বার্বি’র সিক্যুয়েল আটকে অনিশ্চয়তায় ওয়ার্নার ব্রাদার্স
বক্স অফিসে ১.৪ বিলিয়ন ডলারের বেশি আয় এবং আটটি অস্কার মনোনয়ন পাওয়া ব্লকবাস্টার সিনেমা ‘বার্বি’র অভূতপূর্ব সাফল্যের পর সিক্যুয়েল নির্মাণের উদ্যোগ নিয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স। তবে তারকাদের পারিশ্রমিক ও স্বত্বের মেয়াদসংক্রান্ত জটিলতায় বর্তমানে থমকে গেছে বহুল আলোচিত এই প্রজেক্টটি।
দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, আগামী ডিসেম্বরেই খেলনা নির্মাতা প্রতিষ্ঠান ‘ম্যাটেল’-এর সঙ্গে বার্বির স্বত্বের মেয়াদ শেষ হতে যাচ্ছে। সময়ের এই টানা পোড়েনের মুখে অভিনয়শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে চুক্তি নবায়ন করতে চরম বিপাকে পড়েছে স্টুডিওটি।
প্রথম ‘বার্বি’ তৈরির সময় ওয়ার্নার ব্রাদার্স কেবল পরিচালক গ্রেটা গারউইগের সঙ্গে চুক্তি করেছিল। তবে সিক্যুয়েলের জন্য কোনো কলাকুশলীকেই আগে থেকে চুক্তিবদ্ধ করা হয়নি। নিউ ইয়র্ক টাইমস জানাচ্ছে, সিক্যুয়েলের লাভের বড় অংশ মার্গো রবি ও রায়ান গসলিংকে দিতে রাজি নয় স্টুডিওটি। অন্যদিকে, প্রথম পর্বে ‘কেন’ চরিত্রে অভিনয় করে অস্কারের জন্য মনোনীত হওয়া রায়ান গসলিং তাঁর পারিশ্রমিক বাড়িয়ে ২০ মিলিয়ন ডলার দাবি করায় পরিস্থিতি আরও জটিল রূপ নিয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি সম্পন্ন না হলে বা বর্তমান মূল টিমকে ধরে রাখতে ব্যর্থ হলে, পরবর্তীতে নতুন অভিনয়শিল্পী ও পরিচালক নিয়ে পুনরায় সিনেমার কাজ শুরু করতে হবে ম্যাটেলকে।
যদিও ওয়ার্নার ব্রাদার্সের সহ-সভাপতি পাম অ্যাবডি ও মাইকেল ডি লুকা জানিয়েছেন, ম্যাটেল ও বার্বির মূল দলের কাছে ইতিমধ্যেই বেশ কিছু বড় অঙ্কের প্রস্তাব পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।
এদিকে অভিনেত্রী মার্গো রবি ও পরিচালক গ্রেটা গারউইগ বিষয়টি নিয়ে কোনো তাড়াহুড়ো করতে রাজি নন। তারা ভালো চিত্রনাট্য ও গল্পের ওপর জোর দিচ্ছেন। মার্গো রবি জানান, বার্বিকে নিয়ে কোনো ট্রিলজি বা একাধিক পর্ব বানানোর পরিকল্পনা তাদের ছিল না। তবে ভালো গল্প এবং সবার যথাযথ মূল্যায়ন হলে আবারও সিক্যুয়েল করা সম্ভব।
বর্তমানে সিনেমার মূল দলটির সবাই নিজ নিজ কাজে ব্যস্ত রয়েছেন। মার্গো রবি ব্যস্ত ‘ওশেন’স ১১’-এর প্রিক্যুয়েল নিয়ে, রায়ান গসলিং যুক্ত হয়েছেন মার্ভেলের নতুন প্রজেক্টে এবং পরিচালক গ্রেটা গারউইগ নেটফ্লিক্সের ‘নার্নিয়া’র প্রচারণায় কাজ করছেন। ফলে সবকিছু মিলিয়ে ‘বার্বি ২’-এর ভবিষ্যৎ আপাতত অনিশ্চয়তার মুখেই রয়ে গেল।
কালের আলো/এসএ

আপনার মতামত লিখুন
Array