খুঁজুন
                               
, ,
           

রেসলিং রিংকে বিদায় জানালেন ব্রক লেসনার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৫:৩৩ অপরাহ্ণ
রেসলিং রিংকে বিদায় জানালেন ব্রক লেসনার

পেশাদার রেসলিংয়ের অন্যতম বড় তারকা ব্রক লেসনার অবশেষে রিংকে বিদায় জানিয়েছেন। দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড ও সাফল্যের মালিক এই ডব্লিউডব্লিউই কিংবদন্তি আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার জনপ্রিয় ‘দ্য প্যাট ম্যাকাফি শো’-তে উপস্থিত হয়ে ৪৯ বছর বয়সী লেসনার নিজের সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, গত শনিবার ডব্লিউডব্লিউই সামারস্লামের মঞ্চে ওবা ফেমির বিপক্ষে অনুষ্ঠিত ‘হেল ইন আ সেল’ ম্যাচটিই ছিল তার ক্যারিয়ারের শেষ লড়াই।

অবসরের ঘোষণা দিয়ে লেসনার বলেন, “আমি আজ পুরো বিশ্বকে জানাতে এসেছি যে, আমি আনুষ্ঠানিকভাবে অবসর নিয়েছি। শনিবারের রাতটি আমার জন্য অত্যন্ত আবেগের ছিল। রেসলিং রিং হোক কিংবা অন্য কোনো লড়াইয়ের মঞ্চ—আমার পথচলা এখানেই শেষ।”

এর আগে চলতি বছরের রেসলম্যানিয়ায় ওবা ফেমির কাছে হারের পর রিংয়ের মাঝখানে নিজের বুট ও গ্লাভস খুলে রেখে চলে যান লেসনার। তখন থেকেই তার অবসর নিয়ে জল্পনা শুরু হয়েছিল। শেষ পর্যন্ত নিজের শহর মিনিয়াপোলিসে সামারস্লামের ম্যাচ দিয়েই ক্যারিয়ারের শেষ অধ্যায় লিখলেন ‘দ্য বিস্ট ইনকারনেট’।

রেসলিংয়ের জগতে প্রবেশের আগেই নিজের প্রতিভার পরিচয় দিয়েছিলেন লেসনার। ২০০০ সালে মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের হয়ে এনসিএএ ডিভিশন ওয়ান জাতীয় চ্যাম্পিয়ন হন তিনি। পাশাপাশি দুইবার অল-আমেরিকান সম্মান ও বিগ টেন চ্যাম্পিয়নশিপও জিতেছেন।

২০০২ সালে ডব্লিউডব্লিউইতে অভিষেকের পর দ্রুতই তারকা বনে যান লেসনার। মাত্র ২৫ বছর বয়সে দ্য রককে হারিয়ে সবচেয়ে কম বয়সে বিশ্ব শিরোপা জয়ের রেকর্ড গড়েন তিনি।

ক্যারিয়ারে ১০টি বিশ্ব শিরোপা ছাড়াও দুটি রয়্যাল রাম্বল জয়, ২০০২ সালের ‘কিং অব দ্য রিং’ এবং ২০১৯ সালের ‘মানি ইন দ্য ব্যাংক’ জয়ের কৃতিত্ব রয়েছে তার। তবে ২০১৪ সালের রেসলম্যানিয়ায় দ্য আন্ডারটেকারের ২১ ম্যাচের অপরাজিত ধারার সমাপ্তি ঘটানোকে তার ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত মুহূর্তগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়।

রিংয়ের বাইরেও সফল ছিলেন লেসনার। ২০০৪ সালে আমেরিকান ফুটবলে এনএফএলের মিনেসোটা ভাইকিংসে সুযোগের চেষ্টা করেন তিনি। পরে ২০০৭ সালে মিক্সড মার্শাল আর্টসে (এমএমএ) নাম লেখান এবং নিজের চতুর্থ পেশাদার ম্যাচেই র‌্যান্ডি কুতুরকে হারিয়ে ইউএফসি হেভিওয়েট চ্যাম্পিয়ন হন।

২০১৬ সালে ইউএফসি ২০০ ইভেন্টে মার্ক হান্টের বিপক্ষে সর্বশেষ এমএমএ লড়াইয়ে অংশ নেন তিনি।

বিদায়বেলায় নিজের শিকড়ের কথাও স্মরণ করেন লেসনার। তিনি বলেন, “আমি সাউথ ডাকোটার এক সাধারণ কৃষক পরিবারের সন্তান ছিলাম। বড় স্বপ্ন দেখেছিলাম এবং সেই স্বপ্ন পূরণে কঠোর পরিশ্রম করেছি। জীবনে যা কিছু অর্জন করেছি, তার জন্য সৃষ্টিকর্তার কাছে আমি কৃতজ্ঞ।”

ব্রক লেসনারের বিদায়ে শেষ হলো পেশাদার রেসলিংয়ের এক আলোচিত অধ্যায়। শক্তি, আগ্রাসন ও অসাধারণ অ্যাথলেটিক দক্ষতার কারণে তিনি প্রজন্মের পর প্রজন্মের ভক্তদের কাছে স্মরণীয় হয়ে থাকবেন।

কালের আলো/এসএ

আশিক মাহমুদকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ২:৫৯ পূর্বাহ্ণ
আশিক মাহমুদকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়েছে সরকার।

মঙ্গলবার (২৫ আগস্ট) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে দায়িত্ব পালনকালে প্রতিমন্ত্রীর পদমর্যাদা পাবেন। একই সঙ্গে তিনি প্রতিমন্ত্রীর বেতন-ভাতা ও আনুষঙ্গিক অন্যান্য সুযোগ-সুবিধাও ভোগ করবেন।

সরকারের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দায়িত্ব পালনের সময় থেকেই এ পদমর্যাদা কার্যকর হবে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

গুলশানের রেস্টুরেন্ট থেকে গ্রেপ্তার বিদিশা সিদ্দিক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ২:৫২ পূর্বাহ্ণ
গুলশানের রেস্টুরেন্ট থেকে গ্রেপ্তার বিদিশা সিদ্দিক

রাজধানীর গুলশান থানায় দায়ের করা একটি প্রতারণা মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি বিদিশা সিদ্দিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশান-২ নম্বর এলাকার এ্যারাবিকা রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বিদিশা সিদ্দিকের বিরুদ্ধে গুলশান থানায় অর্থ প্রতারণার একটি মামলা রয়েছে। ওই মামলায় আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করেন। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

ওসি মো. দাউদ হোসেন বলেন, আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে মঙ্গলবার রাতে গুলশান-২ নম্বরের এ্যারাবিকা রেস্টুরেন্ট থেকে বিদিশা সিদ্দিককে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদীও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিদিশা সিদ্দিক গুলশান থানার একটি প্রতারণা মামলার পরোয়ানাভুক্ত আসামি। ওই মামলায় আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন।

কালের আলো/এমএসআইপি/এএইচ

ঢাকার আকাশ আংশিক মেঘলা, রাতে কমতে পারে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১:৫৮ পূর্বাহ্ণ
ঢাকার আকাশ আংশিক মেঘলা, রাতে কমতে পারে তাপমাত্রা

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় রাতের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকবে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকা ও আশপাশের এলাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সন্ধ্যা ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৯ শতাংশ।

মঙ্গলবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। গত ছয় ঘণ্টায় ঢাকায় ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে, ঢাকায় মঙ্গলবার সূর্যাস্ত হয়েছে সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে। বুধবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৮ মিনিটে।

কালের আলো/এএইচ/এমএসআইপি