নেপালে ‘শিকার’-এর শুটিংয়ে অপু বিশ্বাস
একসময় ঈদের সিনেমা মানেই ছিল অপু বিশ্বাসের উপস্থিতি। দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে দর্শকের কাছে আলাদা জায়গা তৈরি করেছেন এই চিত্রনায়িকা। তবে সময়ের সঙ্গে বদলেছে তাঁর কাজের ব্যস্ততা। এখন নিয়মিত শুটিংয়ে দেখা না গেলেও নতুন সিনেমা নিয়ে আবারও ব্যস্ত হয়েছেন অপু বিশ্বাস।
সম্প্রতি নেপালে শুরু হয়েছে তাঁর নতুন সিনেমা ‘শিকার’-এর শুটিং। হিমালয়ের দেশটির পর্যটননগরী পোখারার মনোরম পাহাড়ি পরিবেশে গত ৯ আগস্ট শুরু হয়েছে সিনেমাটির দৃশ্যধারণ।
শুটিং শুরুর আগে আয়োজন করা হয় সিনেমাটির মহরত। নিজস্ব রীতি অনুসরণ করে সিনেমার মঙ্গল কামনায় দোয়া করেন নতুন নায়ক মুর্তজা পলাশ। এরপর নারিকেল ভেঙে শুটিংয়ের আনুষ্ঠানিক শুভ সূচনা করেন কলকাতার অভিনেতা শ্যাম ভট্টাচার্য।
কামরুজ্জামান রোমান পরিচালিত ও রেজা ফিল্ম প্রযোজিত ‘শিকার’-এর প্রথম দিনের শুটিংয়ে অংশ নেন অপু বিশ্বাস, মুর্তজা পলাশ, বড়দা মিঠু, কলকাতার অভিনেতা রজতাভ দত্ত ও শ্যাম ভট্টাচার্য।
বাংলাদেশ, ভারত ও নেপালের শিল্পী ও কলাকুশলীদের সমন্বয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি। নেপালের বিভিন্ন মনোরম লোকেশন ও পাহাড়ঘেরা প্রাকৃতিক পরিবেশে প্রায় এক মাস ধরে চলবে ‘শিকার’-এর শুটিং।
সিনেমাটি আগামী বছর ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে। তবে মুক্তির তারিখের আনুষ্ঠানিক ঘোষণা এখনো দেওয়া হয়নি।
‘শিকার’-এ অভিনয়ের সুযোগটি গল্পের কারণেই গ্রহণ করেছেন বলে জানিয়েছেন অপু বিশ্বাস। তাঁর ভাষ্য, ‘যখন নির্মাতা গল্প নিয়ে আসেন, আমি তখনই রাজি হয়ে যাই। কারণ, সিনেমাটিতে আমার কাজের জায়গা আছে, অভিনয়ের জায়গা আছে। আর এই সিনেমার মাধ্যমে আরও একজন নতুন নায়ক মুর্তজা পলাশের অভিষেক হবে। এটা নিয়েও আমি অনেক বেশি এক্সাইটেড। আশা করি, গল্পটি দর্শকের ভালো লাগবে।’
নাটকে একাধিকবার অভিনয় করলেও ‘শিকার’-এর মাধ্যমে প্রথমবার বড় পর্দায় অভিষেক হচ্ছে মুর্তজা পলাশের। সিনেমার চরিত্রের জন্য দীর্ঘ প্রস্তুতিও নিয়েছেন তিনি। নতুন এই নায়কের অভিষেকের পাশাপাশি অপুর সঙ্গে কলকাতার জনপ্রিয় শিল্পীদের উপস্থিতিও সিনেমাটিকে ঘিরে দর্শকের আগ্রহ বাড়িয়েছে।
বড় পর্দায় অপুর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ট্র্যাপ’। দীন ইসলাম পরিচালিত থ্রিলারধর্মী সিনেমাটি ২০২৪ সালে মুক্তি পায়। এরপর নতুন কোনো সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে দেখা যায়নি তাঁকে।
তবে দীর্ঘ বিরতি কাটিয়ে বর্তমানে একাধিক সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন এই অভিনেত্রী। ‘শিকার’-এর পাশাপাশি তাঁর হাতে রয়েছে ‘দুর্বার’ ও ‘সিক্রেট’।
‘দুর্বার’ পরিচালনা করছেন কামরুল হাসান ফুয়াদ। এতে অপুর বিপরীতে অভিনয় করছেন সজল। অন্যদিকে বন্ধন বিশ্বাস পরিচালিত ‘সিক্রেট’-এ অপুর নায়ক আদর আজাদ।
ফলে ‘শিকার’-এর মাধ্যমে নতুন করে শুটিংয়ে ফেরার পাশাপাশি সামনে পরপর নতুন চরিত্র ও গল্প নিয়ে বড় পর্দায় হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছেন অপু বিশ্বাস।
কালের আলো/এসএ

আপনার মতামত লিখুন
Array