পুলিশকে সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ
দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম, অবহেলা, অসদাচরণ কিংবা শৈথিল্য বরদাশত করা হবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী।
সোমবার (১৭ আগস্ট) সকালে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন সিভিক সেন্টারে জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডিআইজি বলেন, পুলিশের মূল শক্তি হলো শৃঙ্খলা, পেশাদারিত্ব, সততা ও জনগণের প্রতি অঙ্গীকার। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
মাঠপর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের মানবিকতা, ধৈর্য ও দায়িত্বশীলতার সঙ্গে জনগণকে সেবা দেওয়ার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম, অবহেলা বা অসদাচরণ পাওয়া গেলে তা কঠোরভাবে মোকাবিলার কথা জানান।
সভায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সর্বোচ্চ নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ ও দ্রুত সেবা নিশ্চিতের মাধ্যমে পুলিশের প্রতি জনআস্থা আরও বাড়াতে হবে।
সভায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর অপরাধ ও সাইবার অপরাধসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও আইনানুগ কার্যক্রম আরও জোরদারের নির্দেশ দেওয়া হয়।
এ সময় দায়িত্ব পালনে বিশেষ অবদান ও সাফল্যের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে অর্থ পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়। সভায় চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।
কালের আলো/এএইচ/এমএসআইপি

আপনার মতামত লিখুন
Array