খুঁজুন
                               
, ,
           

মির্জা ফখরুলের আসনসহ ১১ আসনের সীমানা নিয়ে নতুন গেজেট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ৬:৩৬ অপরাহ্ণ
মির্জা ফখরুলের আসনসহ ১১ আসনের সীমানা নিয়ে নতুন গেজেট

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের ছেড়ে দেওয়া আসন ঠাকুরগাঁও-১সহ ১১টি সংসদীয় আসনের সীমানা নিয়ে নতুন গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব আসনে নতুন গঠিত উপজেলা ও ইউনিয়ন পরিষদ অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে কাগজে-কলমে আসনগুলোর সীমানায় সংশোধন হলেও বাস্তবে কোনো পরিবর্তন আসবে না।

রোববার (৩০ আগস্ট) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষর করা গেজেট থেকে এ তথ্য জানা যায়।

নতুন গেজেটে থাকা আসনগুলো হলো ঠাকুরগাঁও-১, বগুড়া-২, পিরোজপুর-১, ময়মনসিংহ-১০, ব্রাহ্মণবাড়িয়া-৩ ও ৪, কুমিল্লা-৩, লক্ষ্মীপুর-২ ও ৩, চট্টগ্রাম-২ এবং কক্সবাজার-১।

গেজেট অনুযায়ী, ঠাকুরগাঁও সদর উপজেলা নিয়ে গঠিত ঠাকুরগাঁও-১ আসনে রুহিয়া ও ভুল্লী উপজেলা অন্তর্ভুক্ত করা হয়েছে। সদর উপজেলা ভেঙে এ দুটি উপজেলা গঠন করা হয়। গত মে মাসে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় উপজেলা দুটি অনুমোদন পায়।

বগুড়া-২ আসনে শিবগঞ্জের পাশাপাশি মোকামতলা উপজেলাকেও যুক্ত করা হয়েছে। গত মে মাসে নিকার বৈঠকে মোকামতলা উপজেলা অনুমোদন পায়।

পিরোজপুর-১ আসনে পিরোজপুর সদর, নাজিরপুর ও জিয়ানগর উপজেলা অন্তর্ভুক্ত করা হয়েছে। ময়মনসিংহ-১০ আসনে গফরগাঁও উপজেলার সঙ্গে নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলা যুক্ত করা হয়েছে। গত জুলাই মাসে নিকার বৈঠকে দক্ষিণ গফরগাঁও উপজেলা অনুমোদন পায়।

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে আখাউড়া উপজেলার বরিশল ইউনিয়ন পরিষদ যুক্ত করা হয়েছে। এই ইউনিয়ন পরিষদ বাদ দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন গঠন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন থেকে ছয়টি গ্রাম আলাদা করে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করে নতুন বরিশল ইউনিয়ন গঠন করা হয়। গত মে মাসে এটি অনুমোদন পায়।

কুমিল্লা-৩ আসনে মুরাদনগর উপজেলার সঙ্গে বাঙ্গরা উপজেলাকে যুক্ত করা হয়েছে। গত জুলাই মাসে নিকার বৈঠকে বাঙ্গরা উপজেলা অনুমোদন পায়।

চট্টগ্রাম-২ আসনে ফটিকছড়ি উপজেলার সঙ্গে নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলা যুক্ত করা হয়েছে। কক্সবাজার-১ আসনে নবগঠিত মাতারমুহুরি উপজেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কালের আলো/আরডি/এমডিএইচ

পে-স্কেল কার্যকর হলে ওয়েজ বোর্ডের কাজও এগোবে: মন্ত্রিপরিষদ সচিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ণ
পে-স্কেল কার্যকর হলে ওয়েজ বোর্ডের কাজও এগোবে: মন্ত্রিপরিষদ সচিব

নতুন জাতীয় বেতনস্কেল কার্যকর হলে সাংবাদিকদের জন্য গঠিত ওয়েজ বোর্ডের কার্যক্রমেও গতি আসবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।

সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুমোদনের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ওয়েজ বোর্ডের কার্যক্রম নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, নতুন বেতনস্কেল কার্যকর হওয়ার পর এ কার্যক্রমে গতি আসবে। তিনি বলেন, বিষয়টি আর আগের মতো স্থবির অবস্থায় পড়ে থাকবে না।

সরকারি চাকরিজীবীরা প্রায় এক দশক পর নতুন পে-স্কেল পেলেও সাংবাদিকদের জন্য নতুন ওয়েজ বোর্ড গঠন ও বাস্তবায়ন নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। জীবনযাত্রার ব্যয় ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির বিষয়টিও এ আলোচনায় গুরুত্ব পেয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

বেসরকারি খাতে কর্মরতদের বেতন-ভাতা প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানে প্রতিবছর নির্দিষ্ট হারে বেতন বাড়ানোর ব্যবস্থা রয়েছে। তবে যারা বেতনস্কেলের ওপর নির্ভরশীল, তাদের জন্য নতুন বেতনস্কেলের মাধ্যমে বেতন বৃদ্ধির বিষয়টি গুরুত্বপূর্ণ।

তিনি আরও জানান, নতুন বেতনস্কেল বাস্তবায়নের সম্ভাব্য আর্থিক প্রভাব, অর্থের সংস্থান এবং বাজারে এর প্রতিক্রিয়া নিয়ে সংশ্লিষ্ট পর্যায়ে আলোচনা ও বৈঠক হয়েছে।

এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়ে সিদ্ধান্ত পরে

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নতুন জাতীয় বেতনস্কেলের আওতায় আসবেন কি না—এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

তিনি বলেন, এ বিষয়ে এখনই বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। পরবর্তী সময়ে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

কালের আলো/এসকে/এমএসআইপি 

ইন্দোনেশিয়াকে উড়িয়ে এশিয়া কাপে বাংলাদেশের শুভসূচনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ণ
ইন্দোনেশিয়াকে উড়িয়ে এশিয়া কাপে বাংলাদেশের শুভসূচনা

নারী এশিয়া কাপে দুর্দান্ত জয় দিয়ে অভিযান শুরু করেছে বাংলাদেশ। টুর্নামেন্টের নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ৭১ রানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন সোবহানা মোস্তারি। ৪২ বলের ইনিংসে তিনি দুটি চার ও একটি ছক্কা হাঁকান। শেষ দিকে স্বর্ণা আক্তারের ঝোড়ো ১৮ বলে ৩১ রানের ইনিংসে লড়াইয়ের মতো সংগ্রহ পায় বাংলাদেশ।

বাংলাদেশের শুরুটা অবশ্য ভালো ছিল না। ১৬ রানে প্রথম উইকেট হারানোর পর দিলারা আক্তার ও সোবহানা মোস্তারি দ্বিতীয় উইকেটে দলকে সামলে নেন। দিলারা ৩১ বলে ২৭ রান করেন। এরপর অধিনায়ক নিগার সুলতানা ১১ বলে ১০ রান করে ফিরে গেলেও সোবহানা ইনিংসের হাল ধরে রাখেন।

শেষ পাঁচ ওভারে পাঁচ উইকেট হারালেও স্বর্ণার আক্রমণাত্মক ব্যাটিংয়ে ১২৯ রানে পৌঁছে যায় বাংলাদেশ।

জয়ের জন্য ১৩০ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলিংয়ের সামনে বিপাকে পড়ে ইন্দোনেশিয়া। নিয়মিত বিরতিতে উইকেট হারানো দলটি কোনো পর্যায়েই ম্যাচে ফিরতে পারেনি।

শেষ পর্যন্ত মাত্র ৫৮ রানে গুটিয়ে যায় ইন্দোনেশিয়ার ইনিংস। ফলে ৭১ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

ব্যাট হাতে লড়াকু সংগ্রহের পর বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স—সব মিলিয়ে এশিয়া কাপে আত্মবিশ্বাসী সূচনা করেছে নিগার সুলতানার দল।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

হাড্ডাহাড্ডি লড়াই শেষে ফাইনালে মোহনপুর

রাজশাহী প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১০:২১ অপরাহ্ণ
হাড্ডাহাড্ডি লড়াই শেষে ফাইনালে মোহনপুর

রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে গতবারের চ্যাম্পিয়ন মোহনপুর উপজেলা ফুটবল দল। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথম সেমিফাইনালে পবা উপজেলা ফুটবল দলকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে মোহনপুর।

সোমবার মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি দেখতে মাঠে উপস্থিত ছিলেন প্রায় ১৭ হাজার দর্শক। ২২ হাজার দর্শক ধারণক্ষমতার গ্যালারিতে ম্যাচজুড়ে ছিল উৎসবের আমেজ।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। দুই দলই বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেনি। ফলে গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধেও গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে দুই দল। নির্ধারিত সময়ের মধ্যে গোল করে ম্যাচের ফল নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত কোনো দলই সফল হয়নি। নির্ধারিত ৯০ মিনিটের খেলা গোলশূন্য থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

দুই দলই নিজেদের শক্তি বাড়াতে নাইজেরিয়ান ফুটবলার দলে নিয়েছিল। মোহনপুরের দলে ছিলেন দুজন নাইজেরিয়ান খেলোয়াড়, আর পবার দলে ছিলেন একজন। পবা মূলত তাদের নাইজেরিয়ান ফুটবলার বেনজামাকে দিয়ে আক্রমণ পরিচালনার চেষ্টা করলেও কাঙ্ক্ষিত সাফল্য পায়নি।

শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-২ গোলে পবাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে মোহনপুর উপজেলা ফুটবল দল।

ম্যাচটি পরিচালনা করেন রেফারি আক্তার হোসেন। খেলা উপভোগ করতে রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে আগামী বুধবার (২ সেপ্টেম্বর) মুখোমুখি হবে পুঠিয়া উপজেলা ফুটবল দল ও দুর্গাপুর উপজেলা ফুটবল দল। ওই ম্যাচের বিজয়ী দল ফাইনালে মোহনপুরের প্রতিপক্ষ হবে।

কালের আলো/এসকে/এমএসআইপি