খুঁজুন
                               
, ,
           

জনপ্রশাসনে কামরুজ্জামান, পরিকল্পনা কমিশনে এহছানুল হক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৫ অপরাহ্ণ
জনপ্রশাসনে কামরুজ্জামান, পরিকল্পনা কমিশনে এহছানুল হক

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হককে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। দুই কর্মকর্তাকেই চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মো. কামরুজ্জামান বর্তমানে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। চলতি বছরের ৩ মার্চ তিনি এক বছরের চুক্তিতে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হিসেবে নিয়োগ পান।

বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা মো. কামরুজ্জামান সরকারি প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

অন্যদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহছানুল হককে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

সরকারের প্রশাসনিক কাঠামোয় গুরুত্বপূর্ণ এই দুই কর্মকর্তার নতুন দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে জনপ্রশাসন ও পরিকল্পনা কমিশনে দায়িত্ব বণ্টনে পরিবর্তন আসছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

বিদ্যুৎ সংকট কাটাতে সেপ্টেম্বরের মধ্যেই উন্নতির আশা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৮ অপরাহ্ণ
বিদ্যুৎ সংকট কাটাতে সেপ্টেম্বরের মধ্যেই উন্নতির আশা

দেশজুড়ে চলমান বিদ্যুৎ সংকট ও লোডশেডিংয়ের মধ্যে চলতি সেপ্টেম্বর মাসেই পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলামের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

বিদ্যুৎ সংকটের কারণ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, গত ৯ আগস্ট দেশে বিদ্যুতের ঘাটতি ৩ হাজার ৭০০ মেগাওয়াটে পৌঁছেছিল, যা গত ৫৫ বছরের মধ্যে সর্বোচ্চ। গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের ওপর অতিরিক্ত নির্ভরতা এবং পর্যাপ্ত গ্যাস সরবরাহের ঘাটতির কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানান তিনি।

তিনি বলেন, পায়রা বিদ্যুৎকেন্দ্রের ৬১৬ মেগাওয়াটের একটি ইউনিট কারিগরি ত্রুটির কারণে বন্ধ রয়েছে। মাতারবাড়ীর একটি ইউনিটও রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ রয়েছে। পাশাপাশি বিভিন্ন উৎস থেকে প্রত্যাশিত পরিমাণ বিদ্যুৎ না পাওয়ায় সংকট আরও বেড়েছে।

প্রতিমন্ত্রী জানান, সংকট মোকাবিলায় ব্যয়বহুল ফার্নেস অয়েলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো থেকে সর্বোচ্চ উৎপাদনের চেষ্টা চলছে। এ জন্য জ্বালানি আমদানি ও উৎপাদন অব্যাহত রাখতে বর্তমান সরকার ৬ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, সেপ্টেম্বরের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির অনেকটা উন্নতি হবে।

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে রাত ৮টার পর দোকানপাট ও বিপণিবিতান বন্ধ রাখার নির্দেশনা যথাযথভাবে পালনের জন্য সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।

এদিকে সৌরবিদ্যুৎ উৎপাদনে নতুন সুবিধার কথাও সংসদে তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি জানান, ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন করে নিজেদের চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত বিদ্যুৎ গ্রিডে বিক্রি করা যাবে। সরকার প্রতি ইউনিট বিদ্যুৎ ১০ টাকা ৫০ পয়সা দরে কিনবে।

এ ছাড়া সোলার প্যানেল, ব্যাটারি, ইনভার্টারসহ সংশ্লিষ্ট সরঞ্জাম আমদানিতে কাস্টমস ডিউটি কমিয়ে ১ শতাংশ করা হয়েছে। পাশাপাশি ১৫ শতাংশ ভ্যাট ও ২ শতাংশ অগ্রিম আয়কর (এআইটি) মওকুফের সুবিধাও দেওয়া হয়েছে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রীর আশা, এসব উদ্যোগের ফলে আগামী তিন বছরের মধ্যে সৌরবিদ্যুৎ খাতে বড় ধরনের বিনিয়োগ আসবে এবং আগামী গ্রীষ্মে বিদ্যুৎ সংকট অনেকটাই কমে যাবে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

কওমি মাদরাসায় ৬ বোর্ড, দেশেই তৈরি হবে ড্রোন: জ্বালানি সংকটেও বড় পরিকল্পনা সরকারের

কালের আলো রিপোর্ট:
প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৯ অপরাহ্ণ
কওমি মাদরাসায় ৬ বোর্ড, দেশেই তৈরি হবে ড্রোন: জ্বালানি সংকটেও বড় পরিকল্পনা সরকারের

দেশের কওমি মাদরাসাগুলোর সমন্বয়, উন্নয়ন ও পাবলিক পরীক্ষা গ্রহণে ছয়টি কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এসব বোর্ডের সনদকে নির্দিষ্ট দুটি মাদরাসা পদে নিয়োগের যোগ্যতা হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টিও সংসদকে জানিয়েছেন তিনি। অন্যদিকে, দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে সশস্ত্র বাহিনীর সাইবার নিরাপত্তা নীতিমালা পর্যালোচনার পাশাপাশি দেশীয়ভাবে ড্রোন উৎপাদনের সক্ষমতা অর্জনের পরিকল্পনার কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী। একই দিনে জ্বালানি সংকট মোকাবিলায় গ্যাস অনুসন্ধান, দেশীয় উৎপাদন বাড়ানো, এলএনজি আমদানি সম্প্রসারণ এবং নতুন টার্মিনাল স্থাপনের সমন্বিত কর্মপরিকল্পনাও তুলে ধরেছেন তিনি।

বুধবার (২ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন সংসদ সদস্যের প্রশ্নের লিখিত জবাবে এসব তথ্য জানান প্রধানমন্ত্রী। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

কওমি মাদরাসায় ছয় শিক্ষা বোর্ড
প্রধানমন্ত্রী জানান, দেশের সব কওমি মাদরাসার সমন্বয়, উন্নয়ন ও পাবলিক পরীক্ষা গ্রহণের লক্ষ্যে ২০০৬ সালে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে ‘কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বাংলাদেশ’ নামে একটি স্থায়ী প্রতিষ্ঠান গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরবর্তীতে ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ’-এর অধীন কওমি মাদরাসাগুলোর দাওরায়ে হাদিস (তাকমিল) সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি)-এর সমমান দেওয়ার জন্য ২০১৮ সালে আইন প্রণয়ন করা হয়।

ওই আইনের আওতায় ছয়টি কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। বোর্ডগুলো হলো—বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ, আজাদ দ্বীনি এদারায়ে তালীম বাংলাদেশ, তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ এবং জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ড বাংলাদেশ।

কওমি সনদে মিলবে চাকরির সুযোগ
কওমি মাদরাসার শিক্ষার্থীদের চাকরির সুযোগ তৈরির বিষয়েও সংসদে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, গত ২৩ জুন ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬’ সংশোধন করা হয়েছে। সংশোধিত নীতিমালায় সহকারী মৌলভী (ক্বারী) এবং ইবতেদায়ি ক্বারী পদে নিয়োগের ক্ষেত্রে ওই ছয়টি কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের সনদকে কাম্য যোগ্যতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এর ফলে দাওরায়ে হাদিস (তাকমিল) ডিগ্রির পাশাপাশি ইলমে কিরাআত অথবা হিফজুল কোরআন সনদধারীরাও সংশ্লিষ্ট পদগুলোতে চাকরির জন্য নতুন সুযোগ পাবেন।

দেশেই তৈরি হবে ড্রোন
প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রেও সরকারের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শিরীন সুলতানার প্রশ্নের জবাবে তিনি বলেন, সশস্ত্র বাহিনীর সাইবার নিরাপত্তা নীতিমালা পর্যালোচনা করা হচ্ছে। পাশাপাশি দেশীয়ভাবে ড্রোন উৎপাদন সক্ষমতা অর্জনের জন্য সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। সমুদ্রে নজরদারি ও পরিস্থিতিগত সচেতনতা জোরদারের উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। নির্বাচনকালীন নিরাপত্তা ও বেসামরিক প্রশাসনকে সহায়তার বিষয়েও সংসদে সরকারের অবস্থান তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী বলেন, সংবিধানের ১২৬ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচনকালীন সময়ে দেশের সার্বিক নিরাপত্তায় সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়।

এ ছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ‘Instruction regarding In Aid to the Civil Power’-এর আওতায় বিভিন্ন দুর্যোগ ও ক্রান্তিকালীন সময়ে অসামরিক প্রশাসনকে সশস্ত্র বাহিনীর মাধ্যমে সরাসরি সহায়তা দেওয়া হয়। The Code of Criminal Procedure, 1898-এর ১২৯ ধারার আওতায় আইনশৃঙ্খলা পুনরুদ্ধারে সশস্ত্র বাহিনীকে প্রয়োজনীয় আইনি ক্ষমতা বা কর্তৃত্ব দেওয়ার কথাও জানান তিনি।

গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপের কর্মসূচি
দেশের দীর্ঘদিনের জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দীর্ঘদিন পর্যাপ্ত গ্যাস অনুসন্ধান না করা এবং আমদানিনির্ভরতার কারণে বর্তমান জ্বালানি সংকট তৈরি হয়েছে। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে দেশীয় গ্যাস উৎপাদন বাড়ানোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সরকারের ১৫০টি কূপ খনন ও ওয়ার্কওভার কর্মসূচির আওতায় ইতোমধ্যে ৩০টি কূপ খনন সম্পন্ন হয়েছে। এসব কূপ থেকে জাতীয় গ্রিডে ১৪০ এমএমসিএফডি গ্যাস যুক্ত হয়েছে। চলমান আরও সাতটি কূপের কাজ শেষ হলে অতিরিক্ত ৮৫ এমএমসিএফডি গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। অবশিষ্ট কূপগুলো খননের জন্য পর্যায়ক্রমে প্রকল্প নেওয়া হচ্ছে।

দেশজুড়ে সাইসমিক জরিপ
নতুন গ্যাসের উৎস খুঁজতে বড় পরিসরে সাইসমিক জরিপের পরিকল্পনাও রয়েছে সরকারের। এর আওতায় ৪ হাজার ৫০০ কিলোমিটার ২ডি সাইসমিক সার্ভে এবং ৪ হাজার ২০০ বর্গকিলোমিটার ৩ডি সাইসমিক সার্ভে পরিচালনার কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড—বাপেক্সকে আরও শক্তিশালী করতে দুটি নতুন রিগ কেনার প্রক্রিয়া চলছে।

অফশোর-অনশোর অনুসন্ধানে জোর
গ্যাস অনুসন্ধানে সমুদ্র ও স্থল—দুই ক্ষেত্রেই বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী জানান, অফশোর মডেল পিএসসি ২০২৬ অনুমোদনের পর ইতোমধ্যে বিড রাউন্ড আহ্বান করা হয়েছে। অনশোর মডেল পিএসসি অনুমোদনের প্রক্রিয়াতেও রয়েছে। অফশোর ও অনশোর উভয় ক্ষেত্রে গ্যাসের নতুন মজুত পাওয়া গেলে দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে সরকার।

২০২৮ সালের মধ্যে বাড়বে এলএনজি আমদানি
জ্বালানি সংকট মোকাবিলায় এলএনজি অবকাঠামো সম্প্রসারণের পরিকল্পনাও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। কক্সবাজারের মহেশখালীর গভীর সমুদ্রে কুতুবজোম এলাকায় একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের লক্ষ্যে আগ্রহী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের ডিসেম্বর থেকে ওই টার্মিনাল দিয়ে রিগ্যাসিফাইড এলএনজি সরবরাহ শুরু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে আগামী দুই বছরের মধ্যে এলএনজি আমদানি আরও ৬০০ এমএমসিএফডি বাড়ানোর লক্ষ্য রয়েছে। এ ছাড়া পায়রা বা মোংলা বন্দর এলাকা কিংবা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলে জরুরি ভিত্তিতে আরও এক থেকে দুটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের পরিকল্পনা বাস্তবায়িত হলে একদিকে কওমি শিক্ষায় প্রাতিষ্ঠানিক কাঠামো ও চাকরির সুযোগ বাড়বে, অন্যদিকে প্রতিরক্ষা প্রযুক্তিতে দেশীয় সক্ষমতা গড়ে তোলার পাশাপাশি গ্যাস অনুসন্ধান ও এলএনজি অবকাঠামো সম্প্রসারণের মাধ্যমে জ্বালানি নিরাপত্তা জোরদার হবে—এমনটাই সরকারের প্রত্যাশা।

কালের আলো/এম/এএইচ

এলপিজির নতুন দাম ঘোষণা, ১২ কেজিতে কমেছে ১৩ টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৫ অপরাহ্ণ
এলপিজির নতুন দাম ঘোষণা, ১২ কেজিতে কমেছে ১৩ টাকা

সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত দামে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমানো হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) এলপিজির নতুন মূল্য ঘোষণা করে বিইআরসি। এতে ১২ কেজির সিলিন্ডারের খুচরা দাম ১ হাজার ৫৯৮ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য তালিকায় অন্যান্য ওজনের এলপিজি সিলিন্ডারের দামও নির্ধারণ করেছে কমিশন। এর মধ্যে সাড়ে ৫ কেজির সিলিন্ডার ৭২৭ টাকা, সাড়ে ১২ কেজি ১ হাজার ৬৫২ টাকা এবং ১৫ কেজি ১ হাজার ৯৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৬ কেজির সিলিন্ডার ২ হাজার ১১৪ টাকা, ১৮ কেজি ২ হাজার ৩৭৮ টাকা, ২০ কেজি ২ হাজার ৬৪২ টাকা, ২২ কেজি ২ হাজার ৯০৭ টাকা এবং ২৫ কেজি ৩ হাজার ৩০৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, ৩০ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩ হাজার ৯৬৪ টাকা, ৩৩ কেজি ৪ হাজার ৩৬০ টাকা, ৩৫ কেজি ৪ হাজার ৬২৪ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের দাম ৫ হাজার ৯৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিইআরসি জানিয়েছে, নতুন নির্ধারিত দাম বুধবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ মূল্য বহাল থাকবে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি