সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকীতে তিন দিনের উন্মুক্ত সিনেমা প্রদর্শনী
নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী স্মরণে তিন দিনব্যাপী উন্মুক্ত সিনেমা প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। সিনেমাপ্রেমী দর্শক ও প্রয়াত এই নায়কের ভক্ত-অনুরাগীদের জন্য আয়োজিত এ বিশেষ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
বিএফডিসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিএফডিসি প্রাঙ্গণের ভিআইপি প্রজেকশন হলে আগামী ৬ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত এ বিশেষ সিনেমা প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রতিদিন বিকেল ৪টায় শুরু হবে সিনেমার প্রদর্শনী।
আয়োজনের প্রথম দিন, ৬ সেপ্টেম্বর প্রদর্শিত হবে সালমান শাহ অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘স্বপ্নের ঠিকানা’। পরদিন ৭ সেপ্টেম্বর দর্শকরা উপভোগ করতে পারবেন সালমান শাহ ও মৌসুমী অভিনীত জনপ্রিয় সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’।
তিন দিনের এ আয়োজনের শেষ দিন ৮ সেপ্টেম্বর বিকেল ৪টায় প্রদর্শিত হবে সালমান শাহ ও শাবনূর অভিনীত জনপ্রিয় সিনেমা ‘তোমাকে চাই’।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন সালমান শাহ। স্বল্প সময়ের চলচ্চিত্র ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়ে তিনি বাংলা চলচ্চিত্রে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন। তাঁর অকালমৃত্যু আজও দেশের চলচ্চিত্র অঙ্গনে অন্যতম আলোচিত ঘটনা।
প্রতিবছর ৬ সেপ্টেম্বর নানা আয়োজনের মধ্য দিয়ে স্মরণ করা হয় বাংলা চলচ্চিত্রের এই প্রয়াত জনপ্রিয় নায়ককে। তাঁর ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএফডিসির এ আয়োজনের মধ্য দিয়ে ভক্তদের আবারও বড় পর্দায় প্রিয় তারকার অভিনয় দেখার সুযোগ তৈরি হচ্ছে।
কালের আলো/এসএ

আপনার মতামত লিখুন
Array