খুঁজুন
                               
, ,
           

রাজশাহীতে বাড়ছে বাল্যবিয়ে, সঙ্গে বাড়ছে বিচ্ছেদও

রাজশাহী প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ণ
রাজশাহীতে বাড়ছে বাল্যবিয়ে, সঙ্গে বাড়ছে বিচ্ছেদও

রাজশাহীতে বাল্যবিয়ের প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে। একই সঙ্গে অপ্রাপ্ত বয়সে বিয়ের কারণে বাড়ছে দাম্পত্য কলহ ও বিচ্ছেদের ঘটনাও। সংশ্লিষ্টরা বলছেন, ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্থবিরতা, সরকারি কমিটিগুলোর নিষ্ক্রিয়তা এবং এনজিওগুলোর অর্থায়ন কমে যাওয়ায় বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতা কার্যক্রম অনেকটাই কমেছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, রাজশাহীতে ১০ থেকে ১৯ বছর বয়সী ছেলে-মেয়েদের ৬৫ দশমিক ৭ শতাংশ বিয়ের পিঁড়িতে বসছে। এর মধ্যে ১০ থেকে ১৪ বছর বয়সী শিশুর হার ৭ দশমিক ১২ শতাংশ। ২০২৫ সালের জরিপ অনুযায়ী, রাজশাহী বিভাগে ১৮ বছরের আগেই ৬৭ শতাংশ মেয়ের বিয়ে হচ্ছে। শহরাঞ্চলে এ হার ৫০ শতাংশ এবং গ্রামাঞ্চলে ৫৬ শতাংশ। আবার ১৫ বছরের আগেই বিয়ে হচ্ছে ১৩ শতাংশ শিশুর।

রাজশাহীর চরাঞ্চলে পরিস্থিতি আরও ভয়াবহ। চর মাঝারদিয়ায় উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের সংকটের কারণে বিপুলসংখ্যক কন্যাশিশু বাল্যবিয়ের ঝুঁকিতে রয়েছে। প্রাথমিকের পড়াশোনা শেষ করার পর মেয়েদের দ্রুত বিয়ে দেওয়াকেই অনেক অভিভাবক নিরাপদ মনে করছেন। ফলে শিক্ষাজীবন ও ভবিষ্যতের স্বপ্ন থেকে ছিটকে পড়ছে অনেক শিশু।

সংশ্লিষ্টরা বলছেন, নগর এলাকায় বাল্যবিয়ে প্রতিরোধে সভা, সেমিনার ও প্রচারাভিযান থাকলেও চরাঞ্চলে তেমন কার্যক্রম দেখা যায় না। ইউনিয়ন পরিষদের প্রতিনিধিরাও জানিয়েছেন, সচেতনতা কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় বাজেট না থাকায় আগের মতো উঠান বৈঠক বা প্রচার চালানো সম্ভব হচ্ছে না।

হুজুরিপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, আগে বিভিন্ন উঠান বৈঠকের মাধ্যমে মানুষকে সচেতন করা হতো। এসব কার্যক্রমে খরচ হলেও ইউনিয়ন পরিষদের বাজেটে তার বরাদ্দ নেই। নিজেদের সামর্থ্য অনুযায়ী তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

দর্শনপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদ আলী জানান, বাল্যবিয়ে বন্ধে সচেতনতা তৈরির জন্য আলাদা কোনো বাজেট নেই। তবে কোথাও বাল্যবিয়ের খবর পাওয়া গেলে উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হয়।

এদিকে ২০২৪ সালের আগে রাজশাহী অঞ্চলে বাল্যবিয়ে প্রতিরোধ, আইনি সহায়তা ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে অর্ধশতাধিকের বেশি বেসরকারি সংস্থা কাজ করলেও প্রকল্প ও দাতা সংস্থার অর্থায়ন কমে যাওয়ায় তাদের অনেক কার্যক্রম বন্ধ বা সীমিত হয়ে গেছে।

রাজশাহী ইইউডিএসের আঞ্চলিক ব্যবস্থাপক তাসবীর আহমদ খান বলেন, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বাল্যবিয়ে প্রতিরোধে কাজ করা হতো। কিন্তু দাতা সংস্থার অর্থায়ন কমে যাওয়ায় এসব প্রকল্প আর আগের মতো বাস্তবায়ন হচ্ছে না। ফলে উঠান বৈঠক ও সচেতনতামূলক কার্যক্রমও কমেছে।

উন্নয়নকর্মীদের মতে, শুধু নামমাত্র কমিটি বা সীমিত পরিসরের প্রচার দিয়ে বাল্যবিয়ে বন্ধ করা সম্ভব নয়। দরকার স্থানীয় পর্যায়ে নিয়মিত সচেতনতা কার্যক্রম, শিক্ষার সুযোগ বাড়ানো এবং আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক আন্দোলন জোরদার করা।

ব্লাস্ট রাজশাহীর সমন্বয়ক অ্যাডভোকেট সামিনা বেগম বলেন, পরিসংখ্যান ব্যুরোর জরিপে যে সংখ্যা উঠে এসেছে, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। অপ্রাপ্ত বয়সে বিয়ের কারণে সংসারে কলহ ও বিচ্ছেদের ঘটনাও বাড়ছে বলে তিনি জানান।

সংশ্লিষ্টরা মনে করছেন, বাল্যবিয়ে বন্ধে শুধু আইন প্রয়োগ করলেই হবে না। পরিবার ও সমাজের মানসিকতার পরিবর্তনের পাশাপাশি প্রত্যন্ত ও চরাঞ্চলের শিশুদের মাধ্যমিক ও উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সরকারি-বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত ও নিয়মিত কার্যক্রম জোরদার করা জরুরি।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

দেশের প্রয়োজনে এগিয়ে আসতে হবে, লেখাপড়া ছেড়ে নয়: মঈন খান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৩ অপরাহ্ণ
দেশের প্রয়োজনে এগিয়ে আসতে হবে, লেখাপড়া ছেড়ে নয়: মঈন খান

দেশের প্রয়োজনে ছাত্রসমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান। তবে দেশ ও সমাজের জন্য কাজ করতে গিয়ে শিক্ষার্থীদের লেখাপড়া ও ক্লাস থেকে দূরে সরে যাওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন তিনি।
বুধবার (৯ সেপ্টেম্বর) বাংলা একাডেমি মেলা প্রাঙ্গণে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত জিয়া স্মৃতি বইমেলা ২০২৬-এর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মঈন খান বলেন, দেশের যেকোনো সংকটে ছাত্রসমাজকে এগিয়ে আসতে হবে। জুলাই ২০২৪-এর আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, সে সময় শিক্ষার্থীরা দেশকে নতুন দিকদর্শন দিয়েছিল এবং অন্যায়-অত্যাচার ও স্বৈরশাসনের বিরুদ্ধে ভূমিকা রেখেছিল।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, দেশের জন্য কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয়। ক্লাস বাদ দিয়ে অন্য কোনো কাজে যুক্ত হওয়া উচিত নয় বলেও তিনি উল্লেখ করেন।
বই ও পাঠাগারের গুরুত্ব তুলে ধরে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের জীবনে বই অমূল্য সম্পদ। নতুন প্রজন্ম মোবাইল ফোন, ই-বুক কিংবা লাইব্রেরির মাধ্যমে পড়াশোনা করলেও পড়ার অভ্যাস ধরে রাখতে হবে। শিক্ষা ছাড়া কোনো জাতি বিশ্বের বুকে গৌরব অর্জন করতে পারে না।
নতুন প্রযুক্তি প্রসঙ্গে তিনি বলেন, মোবাইল ফোনের সবকিছু খারাপ নয়; এর মাধ্যমে অনেক ভালো ও প্রয়োজনীয় বিষয়ও জানা সম্ভব। নতুন প্রজন্মকে সঠিকভাবে পরিচালিত করতে পারলে প্রযুক্তিকে ভয় পাওয়ার কারণ নেই। তবে ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালনার দায়িত্ব নেতৃত্বস্থানীয়দের নিতে হবে।
অনুষ্ঠানে জিয়া স্মৃতি পাঠাগারের আহ্বায়ক সৈয়দা ফাতেমা সালামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমানসহ বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

হাটহাজারী (চট্টগ্রাম প্রতিবেদক)
প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৩ অপরাহ্ণ
হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় আকস্মিক দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় একজন কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় এ দুর্ঘটনা ঘটে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।

আইএসপিআর জানায়, গুরুতর আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হচ্ছে।

দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

সিরাজগঞ্জে বজ্রপাতের ঘটনায় জ্বালানিমন্ত্রীর বাসায় অগ্নিকাণ্ড

সিরাজগঞ্জ প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৮ অপরাহ্ণ
সিরাজগঞ্জে বজ্রপাতের ঘটনায় জ্বালানিমন্ত্রীর বাসায় অগ্নিকাণ্ড

সিরাজগঞ্জে বজ্রপাতের ঘটনায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং এতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে সিরাজগঞ্জ শহরের হোসেনপুর মহল্লার আল মাহমুদ এভিনিউ এলাকায় মন্ত্রীর বাসার গেটের পাশে থাকা গ্যাসের রাইজারে এ আগুন লাগে।

স্থানীয়রা জানান, দুপুরে সিরাজগঞ্জে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হচ্ছিল। এ সময় হঠাৎ মন্ত্রীর বাসার সামনে গ্যাসের রাইজার এলাকায় আগুনের শিখা দেখা যায়। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম জানান, দুপুর সোয়া ১টার দিকে মন্ত্রীর বাড়িতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি বলেন, বাড়ির গেটম্যানের দেওয়া তথ্য অনুযায়ী, বজ্রপাতের কারণে গ্যাসের রাইজারে আগুন ধরে যায়। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

কালের আলো/এএইচ/এমএসআইপি