রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ৫০৮
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ। একই সময়ে ৫০টি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৩ জন, লালবাগে ৪৮, ওয়ারীতে ৬৪, মতিঝিলে ৬৭, তেজগাঁওয়ে ৭৭, মিরপুরে ১৩৫, গুলশানে ৪৩, উত্তরা বিভাগে ৩৩ এবং গোয়েন্দা বিভাগে (ডিবি) ৮ জন রয়েছেন।
অভিযানে ৩৬ হাজার ৬৪৯ পিস ইয়াবা, ৩২ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১০ পুরিয়া হেরোইন ও ৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ছাড়া দুটি ছোরা, একটি চাকু, একটি ভ্যানিটি ব্যাগ, ১৯টি মোবাইল ফোন, দুটি গ্যাস লাইট, দুটি বোতলের মুখ, একটি ব্যাটারিচালিত অটোরিকশা, একটি ব্যানার, চার লিটার পেট্রল ও ১৪টি বাঁশের মশাল উদ্ধার করা হয়েছে। অভিযানকালে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।
ডিএমপির বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে মাদক ও অন্যান্য আলামত উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
কালের আলো/এমএসআইপি

আপনার মতামত লিখুন
Array