খুঁজুন
                               
, ,
           

ফেসবুকে যেসব পোস্ট করলে অ্যাকাউন্ট হতে পারে ব্যান

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৯ অপরাহ্ণ
ফেসবুকে যেসব পোস্ট করলে অ্যাকাউন্ট হতে পারে ব্যান

ফেসবুকে ছবি, ভিডিও কিংবা লেখা প্রকাশ করা এখন দৈনন্দিন জীবনের অংশ। তবে চাইলেই সব ধরনের কনটেন্ট প্ল্যাটফর্মটিতে পোস্ট করা যায় না। ফেসবুকের নীতিমালা ভঙ্গ করে এমন কনটেন্ট প্রকাশ করলে পোস্ট মুছে দেওয়া থেকে শুরু করে অ্যাকাউন্টে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আসতে পারে। গুরুতর বা বারবার নিয়ম ভাঙলে অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধও হয়ে যেতে পারে।

তাই ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে কোন ধরনের কনটেন্ট এড়িয়ে চলা উচিত, তা জানা জরুরি।

হুমকি ও সহিংসতামূলক কনটেন্ট

কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে হত্যার হুমকি দেওয়া, গুরুতরভাবে আঘাত করার কথা বলা কিংবা সহিংসতায় উৎসাহিত করা ফেসবুকের নীতিমালার আওতায় পড়তে পারে। একইভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড বা সহিংস সংগঠনকে সমর্থন, প্রশংসা কিংবা প্রচার করাও অ্যাকাউন্টের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

তবে সংবাদ, শিক্ষামূলক আলোচনা বা কোনো ঘটনার সমালোচনার ক্ষেত্রে বিষয়টির প্রেক্ষাপট গুরুত্বপূর্ণ। তাই এমন কনটেন্ট প্রকাশের সময় বক্তব্যের উদ্দেশ্য ও প্রেক্ষাপট স্পষ্ট রাখা উচিত।

নগ্নতা ও যৌন কনটেন্ট

স্পষ্ট যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও, যৌন শোষণমূলক কনটেন্ট এবং শিশুদের যৌন কনটেন্ট ফেসবুকে গুরুতরভাবে নিষিদ্ধ। এ ধরনের কনটেন্ট প্রকাশ করলে অ্যাকাউন্টের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।

ঘৃণামূলক বক্তব্য

ধর্ম, জাতি, জাতীয়তা, লিঙ্গ বা অন্য কোনো পরিচয়ের কারণে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে হেয় করা, অমানবিক হিসেবে উপস্থাপন করা কিংবা তাদের বিরুদ্ধে সহিংসতায় উসকানি দেওয়া সমস্যার কারণ হতে পারে।

মতপ্রকাশের স্বাধীনতা থাকলেও কাউকে অপমান, হেয় বা আক্রমণ করার উদ্দেশ্যে ঘৃণামূলক ভাষা ব্যবহার করলে অ্যাকাউন্ট ঝুঁকিতে পড়তে পারে।

প্রতারণামূলক পোস্ট ও ভুয়া তথ্য

ভুয়া অফার, প্রতারণামূলক লিংক, ফিশিং বা মানুষের কাছ থেকে টাকা ও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে তৈরি পোস্ট থেকেও দূরে থাকা উচিত।

বিশেষ করে ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা কোনো প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করে প্রতারণামূলক পোস্ট করলে শুধু ফেসবুক অ্যাকাউন্ট নয়, আইনি সমস্যাতেও পড়ার আশঙ্কা থাকে।

অন্যের কনটেন্ট নিজের নামে প্রকাশ

অন্যের ছবি, ভিডিও, গান কিংবা লেখা অনুমতি ছাড়া নিজের নামে প্রকাশ করলে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ উঠতে পারে। এমন অভিযোগের ভিত্তিতে কনটেন্ট সরিয়ে দেওয়া হতে পারে। একই ধরনের ঘটনা বারবার ঘটলে অ্যাকাউন্টে সীমাবদ্ধতাও আসতে পারে।

বারবার নিয়ম ভাঙলে বাড়তে পারে শাস্তি

একটি পোস্ট মুছে দেওয়া মানেই প্রতিবার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে—এমন নয়। ফেসবুক সাধারণত কনটেন্টের ধরন, লঙ্ঘনের মাত্রা এবং অ্যাকাউন্টের আগের রেকর্ডসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে ব্যবস্থা নিতে পারে। একই ধরনের নিয়ম বারবার ভাঙলে শাস্তির মাত্রা আরও বাড়তে পারে।

তাই ফেসবুকে কোনো কিছু পোস্ট করার আগে সেটি হুমকি, সহিংসতা, ঘৃণামূলক বক্তব্য, যৌন শোষণ, প্রতারণা বা কপিরাইট লঙ্ঘনের সঙ্গে যুক্ত কি না, তা যাচাই করে নেওয়া ভালো। বিতর্কিত কোনো বিষয় নিয়ে পোস্ট করলে তথ্যের উৎস ও প্রেক্ষাপটও পরিষ্কার রাখা উচিত। এতে অ্যাকাউন্টের অপ্রয়োজনীয় ঝুঁকি কমবে এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার হবে আরও নিরাপদ।

কালের আলো/এসএ

কলম্বিয়ার জার্সিতে ১৫ বছরের অধ্যায়ের ইতি, জাতীয় দলকে বিদায় রদ্রিগেজের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৪ অপরাহ্ণ
কলম্বিয়ার জার্সিতে ১৫ বছরের অধ্যায়ের ইতি, জাতীয় দলকে বিদায় রদ্রিগেজের

কলম্বিয়া জাতীয় দলের সঙ্গে ১৫ বছরের পথচলার ইতি টেনেছেন তারকা মিডফিল্ডার হামেস রদ্রিগেজ। ৩৫ বছর বয়সী এই ফুটবলার সামাজিক যোগাযোগমাধ্যমে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

২০১১ সালে বলিভিয়ার বিপক্ষে অভিষেক ম্যাচেই গোল করে জাতীয় দলে যাত্রা শুরু করেছিলেন রদ্রিগেজ। এরপর কলম্বিয়ার হয়ে ১৩১ ম্যাচে ৩১ গোল ও ৪৩টি অ্যাসিস্ট করেছেন তিনি। জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার পাশাপাশি গোলসংখ্যায়ও তাঁর অবস্থান দ্বিতীয়। কলম্বিয়ার হয়ে সর্বোচ্চ ৩৬ গোল করেছেন রাদামেল ফালকাও।

রদ্রিগেজের আন্তর্জাতিক ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় অধ্যায় ২০১৪ বিশ্বকাপ। সেই আসরে পাঁচ ম্যাচে ছয় গোল করে গোল্ডেন বুট জেতেন তিনি। উরুগুয়ের বিপক্ষে শেষ ষোলোয় তাঁর করা ভলিতে গোলটি বিশ্বকাপের অন্যতম আলোচিত মুহূর্ত হয়ে আছে। পরে ওই পারফরম্যান্সের পর তিনি যোগ দেন রিয়াল মাদ্রিদে।

কলম্বিয়ার হয়ে তিনটি বিশ্বকাপ খেলেছেন রদ্রিগেজ—২০১৪, ২০১৮ ও ২০২৬। ২০২৬ বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচটিই হয়ে থাকে জাতীয় দলের হয়ে তাঁর শেষ ম্যাচ। পেনাল্টি শুটআউটে হেরে বিদায় নেয় কলম্বিয়া।

জাতীয় দলের হয়ে ১০ নম্বর জার্সি পরার পাশাপাশি অধিনায়কত্বও করেছেন রদ্রিগেজ। তাঁর নেতৃত্বে ২০২৪ কোপা আমেরিকার ফাইনালে ওঠে কলম্বিয়া। তবে আর্জেন্টিনার কাছে হেরে শিরোপা জিততে পারেনি দলটি।

জাতীয় দলকে বিদায় জানালেও এখনই ফুটবল ছাড়ছেন না রদ্রিগেজ। সম্প্রতি কলম্বিয়ার ক্লাব আতলেতিকো নাসিওনালের সঙ্গে চুক্তি করেছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার।

কালের আলো/এসএ

‘তখন জানতাম না’, পুরোনো ভিডিওর বিতর্কে দুঃখ প্রকাশ লিসার

বিনোদন ডেস্ক:
প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৪ অপরাহ্ণ
‘তখন জানতাম না’, পুরোনো ভিডিওর বিতর্কে দুঃখ প্রকাশ লিসার

ব্ল্যাকপিংকের সদস্য লিসার এক দশকের বেশি পুরোনো একটি ভিডিও নিয়ে গত বছর বিতর্ক তৈরি হয়েছিল। ভিডিওতে কৃষ্ণাঙ্গদের উদ্দেশে ব্যবহৃত একটি বর্ণবাদী শব্দ শোনা যায়। এবার সেই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন লিসা। তিনি জানিয়েছেন, তখন ওই শব্দের অর্থ ও এর বর্ণবাদী ইতিহাস সম্পর্কে তিনি জানতেন না।

লিসার নতুন তথ্যচিত্র ‘অলওয়েজ লালিসা’য় ঘটনাটি উঠে এসেছে। টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তথ্যচিত্রটির প্রিমিয়ারের পর মার্কিন সাময়িকী ভ্যারাইটিকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেন তিনি। লিসা বলেন, থাইল্যান্ডে বেড়ে ওঠার কারণে ওই বিষয়ে তাঁর কোনো শিক্ষা ছিল না। তাই তখন শব্দটির অর্থ তিনি জানতেন না।

ভিডিওগুলো ধারণ করা হয়েছিল এক দশকেরও বেশি আগে, যখন লিসা ও ব্ল্যাকপিংকের অন্য সদস্যরা কিশোরী ছিলেন। তাঁরা অন্য শিল্পীদের গান অনুশীলন করছিলেন, যেসব গানের কথায় ওই বর্ণবাদী শব্দটি ছিল। ২০২৫ সালে লিসার প্রথম একক কোচেলা পরিবেশনের প্রস্তুতির সময় ভিডিওগুলো প্রকাশ্যে এলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়।

লিসা বলেন, এখন তিনি বিষয়টি সম্পর্কে জেনেছেন এবং এ নিয়ে শিক্ষা নিয়েছেন। ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না বলেও জানান তিনি। বিতর্কের সময় তাঁর প্রতিষ্ঠান প্রকাশ্যে এ বিষয়ে কথা বলতে নিষেধ করেছিল বলেও তথ্যচিত্রে উল্লেখ করা হয়েছে।

১১ সেপ্টেম্বর টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘অলওয়েজ লালিসা’র প্রিমিয়ার হয়। তথ্যচিত্রটিতে ব্ল্যাকপিংক থেকে দূরে থাকার সময় লিসার একক ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। আগামী ১২ অক্টোবর প্রেক্ষাগৃহ ও আইম্যাক্সে তথ্যচিত্রটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। পরে চলতি বছর ইউটিউব প্রিমিয়ামেও এটি দেখা যাবে।

লিসা, জেনি, জিসু ও রোজে বর্তমানে নিজেদের একক কাজ নিয়ে ব্যস্ত। তবে ব্ল্যাকপিংকের সঙ্গে ভবিষ্যতেও কাজ চালিয়ে যাওয়ার আগ্রহের কথা জানিয়েছেন লিসা। তিনি বলেছেন, তাঁর বয়স ৫০ হলেও তিনি ব্ল্যাকপিংকের সঙ্গে কাজ করতে চান।

কালের আলো/এসএ

যে ৫ লক্ষণ বলে দেবে, সঙ্গীর সঙ্গে আপনার ‘ইমোশনাল কম্প্যাটিবিলিটি’ আছে কি না

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩৭ অপরাহ্ণ
যে ৫ লক্ষণ বলে দেবে, সঙ্গীর সঙ্গে আপনার ‘ইমোশনাল কম্প্যাটিবিলিটি’ আছে কি না

সম্পর্কে দুজন মানুষ একে অপরের জন্য কতটা মানানসই, তা বোঝার ক্ষেত্রে ‘ইমোশনাল কম্প্যাটিবিলিটি’ বা আবেগগত সামঞ্জস্য গুরুত্বপূর্ণ। দুজন মানুষই ভালো হলেও তাঁদের আবেগ, প্রয়োজন ও যোগাযোগের ধরন একে অপরের সঙ্গে মানানসই নাও হতে পারে। তাই সম্পর্কের আবেগগত নিরাপত্তা বোঝার জন্য কয়েকটি লক্ষণ খেয়াল করা যেতে পারে।

কঠিন বিষয়েও সহজে কথা বলা: অর্থ, পরিবার, ঈর্ষা, ব্যক্তিগত সীমারেখা কিংবা ভবিষ্যৎ নিয়ে অস্বস্তিকর কথাও যদি সঙ্গীর সঙ্গে স্বচ্ছন্দে বলা যায় এবং তিনি তা বোঝার চেষ্টা করেন, তাহলে সেটি আবেগগত সামঞ্জস্যের একটি লক্ষণ।

অনুভূতির পরিবর্তন খেয়াল রাখা: সঙ্গী মনের কথা পড়ে ফেলবেন—এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয়। তবে আচরণে পরিবর্তন, কখন আশ্বাস প্রয়োজন কিংবা কখন কিছুটা একা থাকতে চান—এসব সঙ্গী খেয়াল করেন কি না, তা গুরুত্বপূর্ণ।

মতভেদ হলেও সম্পর্ক নিরাপদ থাকা: সম্পর্কে মতবিরোধ থাকতেই পারে। দুজনের রাগ প্রকাশের ধরনও আলাদা হতে পারে। তবে ঝগড়ার সময় অপমান, হুমকি বা ইচ্ছাকৃত আঘাতের পরিবর্তে পরে আলোচনায় ফিরে এসে সমাধানের চেষ্টা করা গুরুত্বপূর্ণ।

দুর্বলতা প্রকাশে স্বস্তি থাকা: ভয়, অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতা কিংবা খারাপ সময়ের কথা সঙ্গীর কাছে বলতে পারা এবং এ নিয়ে বিচার বা অপমানের ভয় না থাকা আবেগগত নিরাপত্তার বড় লক্ষণ।

আবেগগত প্রয়োজনকে গুরুত্ব দেওয়া: কারও ভালোবাসা প্রকাশের ধরন কথায়, কারও কাজে। কেউ বেশি যোগাযোগ চান, আবার কেউ ব্যক্তিগত পরিসর পছন্দ করেন। প্রয়োজন আলাদা হলেও দুজন যদি একে অপরের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে মাঝামাঝি জায়গায় আসার চেষ্টা করেন এবং প্রয়োজনের সময়ে মানসিক সমর্থন দেন, তাহলে সম্পর্কের আবেগগত সামঞ্জস্যের ভিত্তি তৈরি হয়।

সব মিলিয়ে, একটি সম্পর্কের বড় স্বস্তি হলো—সঙ্গীর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য নিজেকে বদলে ফেলতে না হয়ে নিজের মতো করেই নিরাপদ ও স্বচ্ছন্দ বোধ করা।

কালের আলো/এসএ