নন্দীগ্রাম উপনির্বাচনে নিহত সহকারীর মাকে প্রার্থী করল বিজেপি
পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছেন দলটির নেতা শুভেন্দু অধিকারীর নিহত ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথের মা হাসি রানী রথ। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারী।
চন্দ্রনাথ রথ গত ৬ মে রাতে মধ্যমগ্রামে ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। মনোনয়ন জমা দেওয়ার পর শুভেন্দু অধিকারী দাবি করেন, দুই কোটি রুপি সুপারি নিয়ে তাঁর সহকারীকে হত্যা করা হয়েছে। তাঁর দাবি, এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
নন্দীগ্রাম আসনে এবারের বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন শুভেন্দু অধিকারী। একই নির্বাচনে ভবানীপুর আসনেও জয়ী হওয়ায় দুটি আসনের একটিতে তাঁকে ছাড়তে হয়। ফলে নন্দীগ্রামে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আগামী ৬ অক্টোবর ভোট হওয়ার কথা।
এদিকে নন্দীগ্রাম উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ও নির্বাচনী প্রতীক নিয়ে দলটির দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। দুই পক্ষই ‘জোড়া ফুল’ প্রতীক দাবি করেছে। নির্বাচন কমিশন দুই পক্ষের পাঁচজন করে মোট ১০ সদস্যের বক্তব্য শুনেছে এবং আরও নথিপত্র চেয়েছে।
নথিপত্র পর্যালোচনার পর কমিশন সিদ্ধান্ত নেবে কোন পক্ষ ‘জোড়া ফুল’ প্রতীক ব্যবহার করবে। প্রতীকটি স্থগিত রেখে দুই পক্ষকে ভিন্ন প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্তও আসতে পারে।
কালের আলো/এসএ

আপনার মতামত লিখুন
Array