খুঁজুন
                               
, ,
           

বছরের পর বছর সংস্কার নেই, ঝুঁকিপূর্ণ মাধবপুরের সেতু

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ২:০২ অপরাহ্ণ
বছরের পর বছর সংস্কার নেই, ঝুঁকিপূর্ণ মাধবপুরের সেতু

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের বোয়ালিয়া খালের ওপর নির্মিত পুরোনো সেতুটি দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে। সেতুটির বিভিন্ন পিলার ও বিমের কংক্রিট খসে পড়ে লোহার রড বেরিয়ে গেছে। দীর্ঘদিন উন্মুক্ত থাকায় রডগুলোতে মরিচা ধরেছে। এতে সেতুটি দিয়ে চলাচলকারী শিক্ষার্থী, কৃষক, শ্রমিক ও পথচারীদের মধ্যে দুর্ঘটনার শঙ্কা দেখা দিয়েছে।

সম্প্রতি সেতুটি ঘুরে দেখা যায়, একাধিক পিলার ও বিমের সিমেন্টের আস্তরণ খসে পড়েছে। কোথাও কোথাও পিলারের লোহার রড পুরোপুরি বেরিয়ে গেছে। বিশেষ করে সেতুর নিচের অংশের রডে ব্যাপক মরিচা ধরেছে। বিভিন্ন স্থানে কংক্রিট ভেঙে পড়ায় সেতুটির কাঠামোগত নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

স্থানীয়রা জানান, প্রতিদিন এই সেতু দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, শ্রমিকসহ শত শত মানুষ চলাচল করেন। ভারী যানবাহন চলাচলের সময় সেতুটি কেঁপে ওঠে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

হরিশ্যামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও স্থানীয় বাসিন্দা হারুনুর রশীদ বলেন, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সেতুটি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ভারী যানবাহন চলাচলের সময় সেতু কেঁপে ওঠে। দুর্ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার চেয়ে আগেই সেতুটির ঝুঁকিপূর্ণ অবস্থা বিবেচনায় নিয়ে পদক্ষেপ নেওয়া জরুরি।

তিনি দ্রুত সেতুটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পুরোনো সেতুটি ভেঙে নতুন সেতু নির্মাণের দাবি জানান।

এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর যথাযথ সংস্কার ও রক্ষণাবেক্ষণ না হওয়ায় সেতুটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বড় কোনো দুর্ঘটনা বা প্রাণহানির আগে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। তাদের মতে, তাৎক্ষণিকভাবে ঝুঁকিপূর্ণ অংশ সংস্কারের পাশাপাশি দীর্ঘমেয়াদি সমাধানের জন্য পুরোনো সেতুর স্থলে নতুন সেতু নির্মাণ করা প্রয়োজন।

মাধবপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. শামস্ জাবেদ বলেন, তিনি কিছুদিন আগে মাধবপুর উপজেলা প্রকৌশলী হিসেবে যোগ দিয়েছেন। তাই সেতুটির আগের সংস্কার ও রক্ষণাবেক্ষণের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য তার কাছে নেই। তবে বিষয়টি খতিয়ে দেখে সেতুটির বর্তমান অবস্থা পরিদর্শন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবেন।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: ‘ঘটনাটি অনাকাঙ্ক্ষিত’ রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩৮ অপরাহ্ণ
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: ‘ঘটনাটি অনাকাঙ্ক্ষিত’ রাশেদ খাঁন

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে ঘটনার প্রকৃত সত্য সামনে আনতে সালমান মুক্তাদিরের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন।

পোস্টে তিনি দাবি করেন, নিউ গিনি প্রোপার্টিজ লিমিটেডের ভেতরে দুই পক্ষের জমির মালিকানা নিয়ে বিরোধের জেরেই সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তার ভাষ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির সংলগ্ন এলাকায় সাবেক কয়েকজন সরকারি কর্মকর্তার ২৩ কাঠা জমি রয়েছে। এর মধ্যে আট কাঠা জমির মালিকানা নিয়ে বিরোধ চলছে।

রাশেদ খাঁনের দাবি, সাবেক সরকারি কর্মকর্তারা অভিযোগ করছেন, অতীতে প্রভাব বিস্তার করে ওই আট কাঠা জমি নিউ গিনি প্রোপার্টিজের মালিক নাজিম উদ্দীন দখল করেছেন। সম্প্রতি নাজিম উদ্দীনের কাছ থেকে পাঁচ হাজার বর্গফুট জায়গা ভাড়া নিয়ে সেখানে স্টুডিও স্থাপন করেন সালমান মুক্তাদির।

তিনি আরও দাবি করেন, জমি নিয়ে বিরোধের জেরে নিউ গিনি প্রোপার্টিজের পক্ষ থেকে নতুন কয়েকটি গেট স্থাপন করা হয়। এতে জমির অন্য মালিকরা ক্ষুব্ধ হন। পরে গেট ভাঙার সময় নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর করা হয়েছে বলে পোস্টে উল্লেখ করেন তিনি।

রাশেদ খাঁন বলেন, জমি নিয়ে বিরোধ থাকলে সংশ্লিষ্টরা আইনের আশ্রয় নিতে পারতেন। তার অভিযোগ, আইনগত পথে না গিয়ে পেশিশক্তি প্রদর্শনের ঘটনায় পুরো দায় বিএনপির ওপর চাপানোর সুযোগ তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, দখল ও পাল্টা দখলের সঙ্গে বিএনপি বা কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলে তিনি মনে করেন। সালমান মুক্তাদিরের উচিত ছিল পুরো ঘটনা জেনে মন্তব্য করা এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলা।

পোস্টের শেষাংশে রাশেদ খাঁন বলেন, সালমান মুক্তাদিরের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় তারা ব্যথিত। তিনি আশা প্রকাশ করেন, ঘটনার প্রকৃত সত্য সামনে আসবে, দোষীদের যথাযথ শাস্তি হবে এবং সালমান ন্যায়বিচার পাবেন।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

সায়েন্সল্যাবে দুই কলেজের শিক্ষার্থীদের উত্তেজনা, মোতায়েন ৬০ পুলিশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ২:২৯ অপরাহ্ণ
সায়েন্সল্যাবে দুই কলেজের শিক্ষার্থীদের উত্তেজনা, মোতায়েন ৬০ পুলিশ

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার পাশাপাশি সায়েন্সল্যাব মোড়সংলগ্ন বিভিন্ন সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে জলকামানও।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সায়েন্সল্যাব সংলগ্ন গ্রিন রোডের মুখে এ ঘটনা ঘটে।

বাসে ইট-পাটকেল নিক্ষেপের অভিযোগ

ঢাকা কলেজের এক উচ্চমাধ্যমিক শিক্ষার্থীর দাবি, ক্লাস শেষে ঢাকা কলেজের বাস সায়েন্সল্যাব হয়ে যাওয়ার সময় আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা বাসে ইট-পাটকেল ছোড়েন। এতে বাসটির কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। পরে খবর পেয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাবে গিয়ে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের প্রতিহত করেন বলে জানান তিনি।

অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী দাবি করেন, ঢাকা কলেজের শিক্ষার্থীরা হঠাৎ তাদের ওপর হামলা করেন। এতে তাদের কলেজের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। কয়েকজনের মাথা ফেটে গেছে বলেও দাবি করেন তিনি।

ওই শিক্ষার্থী বলেন, তারা নতুন শিক্ষার্থী। বাসার দিকে যাওয়ার সময় হঠাৎ তাদের ওপর হামলা করা হয়। এ ঘটনায় তারা নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

সায়েন্সল্যাবে ৬০ পুলিশ

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব বলেন, সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়েছিল। পরিস্থিতি যাতে আর উত্তপ্ত না হয়, সে জন্য পুলিশ সেখানে অবস্থান করছে।

তিনি বলেন, দুই কলেজ কর্তৃপক্ষের সঙ্গে পুলিশের কথা হয়েছে। শিক্ষার্থীরা বর্তমানে নিজ নিজ কলেজের ভেতরে রয়েছেন। বাইরে থেকে কেউ যাতে কাউকে ঢিল বা পাথর নিক্ষেপ করতে না পারে, সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

ওসি জানান, সায়েন্সল্যাব এলাকায় প্রায় ৬০ জন পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। নিউমার্কেট, কলাবাগান ও ধানমন্ডি থানা পুলিশের সদস্যরা পৃথক স্থানে দায়িত্ব পালন করছেন।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে নতুন উন্নয়ন মডেল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ২:১৮ অপরাহ্ণ
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে নতুন উন্নয়ন মডেল

ভঙ্গুর অর্থনীতি থেকে উত্তরণ ঘটিয়ে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য নিয়ে সরকার নতুন উন্নয়ন মডেল বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

শনিবার (২৬ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটে আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টসের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. তিতুমীর বলেন, আগের সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি থেকে উত্তরণে সরকার ‘পুনরুদ্ধার, পুনঃপ্রতিষ্ঠা ও পুনর্গঠন’—এই তিন ‘আর’ কৌশলের ভিত্তিতে নতুন উন্নয়ন মডেল বাস্তবায়ন করছে। এর আওতায় বিনিয়োগ, উৎপাদন ও কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য খাতে সরকারি বিনিয়োগ বৃদ্ধিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, শিল্পের বহুমুখীকরণ, প্রতিযোগিতা সক্ষমতা ও উৎপাদনশীলতা বাড়ানো এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে বাংলাদেশকে একটি প্রতিযোগিতামূলক উৎপাদনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার।

সম্মেলনে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন প্রকৌশলী, বিজ্ঞানী ও প্রযুক্তি উদ্যোক্তাদের দেশের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়, গবেষণাপ্রতিষ্ঠান, প্রযুক্তি কোম্পানি ও বিনিয়োগকারীদের সঙ্গে বাংলাদেশের সংযোগ স্থাপনে প্রবাসী বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। একই সঙ্গে তরুণ প্রকৌশলী ও উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা, প্রযুক্তি ও জ্ঞান হস্তান্তর এবং সম্ভাবনাময় দেশীয় স্টার্টআপের জন্য বৈশ্বিক বিনিয়োগ ও বাজারের সুযোগ তৈরিতেও প্রবাসী পেশাজীবীদের ভূমিকা রাখার আহ্বান জানান ড. তিতুমীর।

তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের জ্ঞান, অভিজ্ঞতা, বিশ্বাসযোগ্যতা ও পেশাগত যোগাযোগ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বিনিয়োগ। যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের ব্যক্তিগত সাফল্যকে বাংলাদেশের জন্য সম্মিলিত সম্ভাবনায় রূপান্তরের আহ্বান জানান তিনি।

আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টসের সভাপতি প্রকৌশলী মনির জামানের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন মার্কিন কংগ্রেস সদস্য ডেবি ডিঙ্গেল ও মিশিগান সুপ্রিম কোর্টের বিচারপতি মেগান ক্যাভানাহ। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বাংলাদেশি প্রকৌশলী ও স্থপতিরা সম্মেলনে অংশ নেন।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি