খুঁজুন
                               
, ,
           

প্রবাসী আয়ে স্বস্তি, ২৮ দিনে এলো ৩১ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ
প্রবাসী আয়ে স্বস্তি, ২৮ দিনে এলো ৩১ হাজার কোটি টাকা

চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২৮ দিনে বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে ২৫৩ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩১ হাজার ৮০ কোটি টাকা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর থেকে প্রকাশিত তথ্যে এ বিষয়টি জানানো হয়।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের সেপ্টেম্বরের প্রথম ২৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ২৪৬ কোটি ৫০ লাখ ডলার। সেই হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২ দশমিক ৭ শতাংশ।

এদিকে চলতি অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্সে ইতিবাচক ধারা দেখা যাচ্ছে। ১ জুলাই থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৮৩৫ কোটি ৭০ লাখ ডলার প্রবাসী আয় দেশে এসেছে।

আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৭৩৬ কোটি ৫০ লাখ ডলার। ফলে চলতি অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৩ দশমিক ৫ শতাংশ।

ব্যাংকিং খাতসংশ্লিষ্টরা বলছেন, বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া সহজ হওয়া এবং প্রবাসীদের আস্থার কারণে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে। এর ফলে দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহ ও সামষ্টিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ছে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

পাঁচ ব্যাংককে ৩৫০০ কোটি টাকার বন্ড ইস্যুর অনুমতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৪ অপরাহ্ণ
পাঁচ ব্যাংককে ৩৫০০ কোটি টাকার বন্ড ইস্যুর অনুমতি

পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ ব্যাংকের প্রায় ৩ হাজার ৫০০ কোটি টাকার বিভিন্ন ধরনের বন্ড অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুমোদন পাওয়া ব্যাংকগুলো হলো—ওয়ান ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ব্র্যাক ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও ব্যাংক এশিয়া।

এর মধ্যে ওয়ান ব্যাংকের ৪০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড অনুমোদন দেওয়া হয়েছে। বন্ডটির কুপন রেট হবে ‘রেফারেন্স রেট + ৩ শতাংশ’। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ইস্যু করা হবে এবং এর মাধ্যমে ব্যাংকের বাসেল-৩-এর আওতায় টিয়ার-২ মূলধন শক্তিশালী করা হবে।

সাউথইস্ট ব্যাংকের ৮০০ কোটি টাকার সাত বছর মেয়াদি সাব-অর্ডিনেটেড বন্ড অনুমোদন পেয়েছে। একইভাবে এর কুপন রেট ‘রেফারেন্স রেট + ৩ শতাংশ’ এবং সংগৃহীত অর্থ ব্যাংকের টিয়ার-২ মূলধন বাড়াতে ব্যবহার করা হবে।

ব্র্যাক ব্যাংক ১ হাজার কোটি টাকার তিন বছর মেয়াদি জিরো-কুপন গ্রিন বন্ড ইস্যুর অনুমোদন পেয়েছে। এর মাধ্যমে পরিবেশবান্ধব প্রকল্পে কম খরচে অর্থায়নের সুযোগ তৈরি হবে।

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকার সাত বছর মেয়াদি সাব-অর্ডিনেটেড বন্ড অনুমোদন দেওয়া হয়েছে। এ বন্ডের অর্থও ব্যাংকের টিয়ার-২ মূলধন শক্তিশালী করতে ব্যবহার করা হবে।

অন্যদিকে ব্যাংক এশিয়ার ৮০০ কোটি টাকার সাত বছর মেয়াদি টেকসই সাব-অর্ডিনেটেড বন্ড অনুমোদন পেয়েছে। সংগৃহীত অর্থ টিয়ার-২ মূলধন শক্তিশালী করার পাশাপাশি সবুজ ও টেকসই প্রকল্পে অর্থায়ন ও পুনঃঅর্থায়নে ব্যবহার করা হবে।

বিএসইসি জানিয়েছে, অনুমোদিত বন্ডগুলো সংশ্লিষ্ট শর্ত অনুযায়ী স্টক এক্সচেঞ্জের মেইন বোর্ডে তালিকাভুক্ত করতে হবে।

এদিকে বিনিয়োগকারীদের স্বার্থ ও সার্বিক বিষয় বিবেচনায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির প্রস্তাবিত নয় সদস্যের পরিচালনা পর্ষদ গঠনে অনাপত্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। হাইকোর্টের মৌখিক নির্দেশনার বিষয়টি অবহিত হওয়ার পর কোম্পানিটির আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রস্তাবিত পর্ষদে তিনজন উদ্যোক্তা পরিচালক, একজন নতুন ব্যবস্থাপনা পরিচালক, একটি স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান থেকে একজন পরিচালক এবং করপোরেট গভর্ন্যান্স কোড-২০১৮ অনুযায়ী চারজন স্বতন্ত্র পরিচালক রাখার প্রস্তাব করা হয়েছে। স্বতন্ত্র পরিচালকদের মধ্যে একজন নারী থাকবেন।

এ ছাড়া কোম্পানিটি মামলা প্রত্যাহার করলে বিএসইসি আগে জারি করা ৩১ ডিসেম্বর ২০২৪ ও ১৫ জানুয়ারি ২০২৬ তারিখের সংশ্লিষ্ট দুটি আদেশ প্রত্যাহার করবে বলেও কমিশন সভায় সিদ্ধান্ত হয়েছে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট রাজশাহীতে

রাজশাহী সংবাদদাতা
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৮ অপরাহ্ণ
প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট রাজশাহীতে

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহযোগিতায় সারা দেশের মতো রাজশাহীতেও অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট। প্রথম আলো ও স্টার নিউজের যৌথ উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্ট আগামী বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দিনব্যাপী অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টে রাজশাহী বিভাগের চারটি নারী ফুটবল দল অংশ নেবে। দলগুলো হলো—বগুড়ার রক্সি ফুটবল একাডেমি, রাজশাহীর ফিরোজ কবির ফুটবল একাডেমি, জয়পুরহাটের সানরাইজ ফুটবল একাডেমি এবং চাঁপাইনবাবগঞ্জের শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ক্রীড়া একাডেমি।

দিনব্যাপী এ প্রতিযোগিতায় দলগুলো নিজেদের দক্ষতা ও সামর্থ্য তুলে ধরার পাশাপাশি নারী ফুটবলের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকদের প্রত্যাশা।

রাজশাহীতে আয়োজিত এই টুর্নামেন্টকে ঘিরে নারী ফুটবলারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয় ক্রীড়াঙ্গনেও প্রতিযোগিতাটি বাড়তি আগ্রহ তৈরি করেছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

শব্দদূষণ কমাতে গাজীপুরে ৫৫০ বাসে হর্ন পরিবর্তনের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৫ অপরাহ্ণ
শব্দদূষণ কমাতে গাজীপুরে ৫৫০ বাসে হর্ন পরিবর্তনের উদ্যোগ

গাজীপুরকে শব্দদূষণমুক্ত করতে গণপরিবহনে হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এর অংশ হিসেবে আগামী ১৫ দিনের মধ্যে জেলার গণপরিবহনে ব্যবহৃত সাড়ে পাঁচশর বেশি বাস থেকে হাইড্রোলিক হর্ন খুলে সহনীয় মাত্রার মিউজিক হর্ন স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন পরিবহন মালিক ও চালকেরা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কেন্দ্রে পরিবহন মালিক, শ্রমিক ও চালকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া।

জেলা প্রশাসক বলেন, গাজীপুরকে শব্দদূষণমুক্ত করার অন্যতম উপায় হলো গাড়ির হর্ন, বিশেষ করে হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধ করা। এ বিষয়ে পর্যায়ক্রমে মোটরসাইকেল, অটোরিকশা, গণপরিবহনের চালকসহ শব্দদূষণের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সঙ্গে বৈঠক করা হচ্ছে।

তিনি বলেন, পরিবহন মালিক, শ্রমিক ও চালকদের সঙ্গে আলোচনায় তারা আগামী ১৫ দিনের মধ্যে সাড়ে পাঁচশর বেশি বাস হাইড্রোলিক হর্নমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন। এসব বাসে মানুষের কানের জন্য সহনীয় ও শ্রুতিমধুর হর্ন ব্যবহার করা হবে। পাশাপাশি প্রয়োজন ছাড়া হর্ন না বাজানোর বিষয়েও তারা সম্মত হয়েছেন।

নুরুল করিম ভূঁইয়া জানান, গত দুই মাসে শব্দদূষণবিরোধী কর্মসূচির সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ প্রায় ৯০০ হাইড্রোলিক হর্ন জব্দ করেছে। জেলা পুলিশও এ বিষয়ে কাজ করছে বলে জানান তিনি।

জেলা প্রশাসক বলেন, ‘আমাদের একটাই উদ্দেশ্য—মানুষকে স্বস্তি দেওয়া এবং একটি শান্ত ও শব্দদূষণমুক্ত গাজীপুর গড়ে তোলা।’

সভায় গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, জিএমপির ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার এস এম আশরাফুল আলম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজিরসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি