খুঁজুন
                               
, ,
           

জ্যাকি চ্যানের মৃত্যু! ভাইরাল ছবি ঘিরে রহস্য

বিনোদন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৬ অপরাহ্ণ
জ্যাকি চ্যানের মৃত্যু! ভাইরাল ছবি ঘিরে রহস্য

হলিউডের জনপ্রিয় অভিনেতা ও মার্শাল আর্ট তারকা জ্যাকি চ্যানের মৃত্যুর খবর আবারও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ৭২ বছর বয়সী এই অভিনেতার মৃত্যুর দাবি করে একটি সাদাকালো ছবি ভাইরাল হওয়ার পর ভক্তদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ ও বিভ্রান্তি। তবে এই খবরের কোনো সত্যতা নেই। জ্যাকি চ্যান জীবিত আছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি সাদাকালো ছবিতে জ্যাকি চ্যানের নামের পাশে ‘১৯৫৪-২০২৬’ লেখা দেখা যায়। ছবিটি দেখতে অনেকটা স্মরণবার্তার মতো হওয়ায় অনেকেই এটিকে তার মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা হিসেবে ধরে নেন। এরপর অল্প সময়ের মধ্যেই ছড়িয়ে পড়ে তার মৃত্যুর গুজব।

ভাইরাল ছবিতে বিভ্রান্তি

ছবিটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ভক্ত শোক প্রকাশ করতে শুরু করেন। এক্সেও (সাবেক টুইটার) ছবিটি ব্যবহার করে জ্যাকি চ্যানের মৃত্যুতে শোক জানিয়ে পোস্ট করা হয়। এরই মধ্যে পোস্টটি বিপুলসংখ্যক মানুষের কাছে পৌঁছে যায়।

তবে ভাইরাল হওয়া ওই ছবির সঙ্গে জ্যাকি চ্যানের মৃত্যুর কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। হেরাল্ড অনলাইনও খবরটিকে ভিত্তিহীন বলে জানিয়েছে।

বরং সাম্প্রতিক সময়ের তথ্য বলছে, জ্যাকি চ্যান এখনো জীবিত এবং চলতি বছরের জুলাইয়েও তাকে প্রকাশ্য একটি অনুষ্ঠানে দেখা গেছে।

জুলাইয়ে সিঙ্গাপুরে ছিলেন জ্যাকি চ্যান

চলতি বছরের ৭ জুলাই সিঙ্গাপুরের পেই চুন পাবলিক স্কুলে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেন জ্যাকি চ্যান। সেখানে প্রায় ৯০০ শিক্ষার্থী ও শিক্ষক তাকে স্বাগত জানান।

অনুষ্ঠানে উশু, সিংহ ও ড্রাগন নৃত্য পরিবেশন করা হয়। শিক্ষার্থীদের সঙ্গে নিজের শৈশব, দীর্ঘ অভিনয়জীবন ও ভবিষ্যৎ স্বপ্ন নিয়েও কথা বলেন এই অভিনেতা।

অনুষ্ঠানের শেষ দিকে স্বতঃস্ফূর্তভাবে নিজের একটি গানও পরিবেশন করেন জ্যাকি চ্যান। ফলে তার মৃত্যুর দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটির সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।

আগেও বহুবার ছড়িয়েছে মৃত্যুর গুজব

জ্যাকি চ্যানকে ঘিরে মৃত্যুর গুজব অবশ্য এবারই প্রথম নয়। গত এক দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন সময়ে তার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।

২০১১ সালে ফ্যাক্ট-চেকিং সংস্থা আফ্রিকা চেক জ্যাকি চ্যানের মৃত্যুর এমন একটি গুজব নথিভুক্ত করেছিল। এরপর ২০১৫ সালেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে তার মৃত্যুর মিথ্যা খবর। সে সময় ভক্তদের আশ্বস্ত করতে জ্যাকি চ্যান নিজেই জানান, তিনি জীবিত আছেন।

২০২৫ সালেও ফেসবুকে একই ধরনের একটি দাবি ছড়িয়ে পড়েছিল। পরে সেটিও মিথ্যা বলে প্রমাণিত হয়।

ছয় দশকের বেশি সময়ের ক্যারিয়ার

জ্যাকি চ্যান ছয় দশকেরও বেশি সময় ধরে বিনোদনজগতে কাজ করছেন। অভিনয়ের পাশাপাশি মার্শাল আর্ট, স্টান্ট এবং নিজস্ব অ্যাকশনধর্মী অভিনয়শৈলীর জন্য বিশ্বজুড়ে তার আলাদা পরিচিতি রয়েছে।

‘ড্রাংকেন মাস্টার’, ‘পুলিশ স্টোরি’, ‘রাশ আওয়ার’, ‘দ্য ক্যারাটে কিড’ ও ‘কুংফু পান্ডা’র মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করে হংকংয়ের চলচ্চিত্র থেকে হলিউড—দুই অঙ্গনেই দীর্ঘস্থায়ী অবস্থান তৈরি করেছেন এই তারকা।

সামাজিক যোগাযোগমাধ্যমে জ্যাকি চ্যানের মৃত্যু নিয়ে নতুন করে গুজব ছড়িয়ে পড়ায় ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি হলেও, ভাইরাল ছবিটি তার মৃত্যুর প্রমাণ নয়। এ ধরনের সংবেদনশীল খবর সামাজিক যোগাযোগমাধ্যমে দেখার পর সরাসরি বিশ্বাস না করে নির্ভরযোগ্য সংবাদমাধ্যম ও সংশ্লিষ্ট সূত্র থেকে তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে।

কালের আলো/এসএ

কর্নেলের যৌন নিপীড়ন নিয়ে সরব ফ্লোরেন্স পিউ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৭ অপরাহ্ণ
কর্নেলের যৌন নিপীড়ন নিয়ে সরব ফ্লোরেন্স পিউ

যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে সরব হয়েছেন ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া দীর্ঘ এক বিবৃতিতে তিনি বলেন, যৌন সহিংসতার মতো ঘটনায় শুধু নারীদের নয়, পুরুষদেরও সমানভাবে আতঙ্কিত, ক্ষুব্ধ ও মর্মাহত হওয়া উচিত। একই সঙ্গে এমন ঘটনায় নীরব থাকার সংস্কৃতি এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

ঘটনাটি ২০২৪ সালের অক্টোবরের। কর্নেল বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী, যিনি মামলায় ‘জেন ডো’ নামে পরিচিত, অভিযোগ করেছেন—একটি ভ্রাতৃসংঘের অনুষ্ঠানে তাকে মাদক ও অ্যালকোহল গ্রহণের পর সাতজন পুরুষ যৌন নিপীড়ন করেন। পরে তিনি কর্নেল বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দেওয়ানি মামলা করেন।

অভিযোগ ঘিরে নতুন করে তদন্ত

মামলাটি প্রকাশ্যে আসার পর ঘটনাটি নিয়ে নতুন করে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্তের পর অভিযুক্তদের মধ্যে দুজনকে বহিষ্কার এবং অন্য কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। তবে ঘটনার সময় কোনো ফৌজদারি অভিযোগ আনা হয়নি।

সর্বশেষ তথ্য অনুযায়ী, নিউইয়র্কের টম্পকিন্স কাউন্টির জেলা অ্যাটর্নির কার্যালয় ঘটনাটির ফৌজদারি তদন্ত পুনরায় শুরু করেছে। তদন্তটি গ্র্যান্ড জুরির সামনে উপস্থাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা অ্যাটর্নি ম্যাথিউ ভ্যান হাউটেন।

কর্নেল বিশ্ববিদ্যালয় জানিয়েছে, তারা আগেই বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী অভিযোগের তদন্ত ও শাস্তিমূলক প্রক্রিয়া সম্পন্ন করেছিল। তবে গোপনীয়তা-সংক্রান্ত আইন উল্লেখ করে নির্দিষ্ট শিক্ষার্থীদের শাস্তির বিস্তারিত প্রকাশ করেনি বিশ্ববিদ্যালয়। সংশ্লিষ্ট ভ্রাতৃসংঘের শাখাটিকে ক্যাম্পাস থেকে নিষিদ্ধ করা হয়েছে।

‘পুরুষদেরও সরব হতে হবে’

ঘটনাটি নিয়ে ইনস্টাগ্রামে নিজের প্রতিক্রিয়া জানান ফ্লোরেন্স পিউ। তিনি লেখেন, তরুণীর অভিযোগের কথা পড়ে তিনি অস্বস্তি, উদ্বেগ ও ক্ষোভ অনুভব করছেন। একই সঙ্গে যৌন নিপীড়নের বিরুদ্ধে পুরুষদের আরও সক্রিয়ভাবে কথা বলার আহ্বান জানান তিনি।

পিউয়ের বক্তব্যের বড় অংশজুড়ে ছিল নীরব দর্শকদের ভূমিকা। তার প্রশ্ন—এমন গুরুতর ঘটনা সম্পর্কে কেউ জানতে পারলে কেন তা ঠেকানোর চেষ্টা করবেন না? তিনি মনে করেন, যৌন সহিংসতার সংস্কৃতি বদলাতে পুরুষদেরও আলোচনার নেতৃত্ব দেওয়া প্রয়োজন।

অভিনেত্রী আরও প্রশ্ন তোলেন, এমন ঘটনা হঠাৎ ঘটে যায়, নাকি এর পেছনে আগে থেকেই কোনো পরিকল্পনা বা প্রস্তুতি থাকে। তার মতে, কেউ যদি সম্ভাব্য নিপীড়ন সম্পর্কে জানেন এবং তা প্রতিরোধে কোনো পদক্ষেপ না নেন, তাহলে সেই নীরবতার ভূমিকাও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা প্রয়োজন।

বিশ্ববিদ্যালয়ের শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে প্রশ্ন

কর্নেল বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শাস্তিমূলক ব্যবস্থার বিষয়েও কঠোর প্রশ্ন তুলেছেন পিউ। তার বক্তব্য, যৌন নিপীড়নের মতো গুরুতর অভিযোগের ক্ষেত্রে অভিযুক্তদের ভবিষ্যৎ বা সুনামের বিষয়টি বিবেচনা করার পাশাপাশি অভিযোগকারীর নিরাপত্তা, মর্যাদা ও দীর্ঘমেয়াদি প্রভাবকেও গুরুত্ব দেওয়া উচিত।

তিনি বলেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান যদি অভিযুক্ত কোনো শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট হওয়ার আশঙ্কায় যথাযথ ব্যবস্থা নিতে দ্বিধা করে, তাহলে সেটি ভুক্তভোগীর ওপর কী প্রভাব ফেলছে, সেটিও বিবেচনা করা দরকার।

পিউ একই সঙ্গে কর্নেলের যেসব শিক্ষার্থী অভিযোগকারীর পাশে দাঁড়িয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন, তাদেরও সমর্থন জানান।

‘নারীর নিরাপত্তা ছাড়া সমতা নয়’

বিবৃতির শেষ দিকে নারী-পুরুষের সমতার সঙ্গে নারীর নিরাপত্তার সম্পর্ক তুলে ধরেন পিউ। তার বক্তব্য, নারীর শরীর, মর্যাদা ও নিরাপত্তার প্রতি যথাযথ সম্মান নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রকৃত সমতা প্রতিষ্ঠা সম্ভব নয়।

নারীরা যেন নিরাপদভাবে নিজেদের জীবন পরিচালনা করতে পারেন এবং যৌন সহিংসতার ভয় ছাড়াই চলাফেরা করতে পারেন—এমন পরিবেশ তৈরিতে পুরুষদেরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

ইনস্টাগ্রাম নিয়ে পিউয়ের প্রশ্ন

কর্নেলকাণ্ড নিয়ে নিজের পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টা পর ইনস্টাগ্রামের বিরুদ্ধেও প্রশ্ন তোলেন পিউ। তার দাবি, তিনি এবং তার কয়েকজন অনুসারী পোস্টটি দেখতে পারছিলেন না। পরে তিনি জানতে চান, ধর্ষণ নিয়ে কথা বলার কারণে তার পোস্ট কি প্ল্যাটফর্মে সীমিত করা হয়েছে?

পরবর্তী সময়ে তিনি জানান, পোস্টটি আবার দৃশ্যমান হয়েছে। তবে ইনস্টাগ্রাম পোস্টটি কেন সাময়িকভাবে সীমিত হয়েছিল, সে বিষয়ে ভিন্ন কোনো কারণ প্রকাশ্যে নিশ্চিত হয়নি।

নারীর প্রতি সহিংসতা ও যৌন নিপীড়নের বিষয়ে এর আগেও প্রকাশ্যে কথা বলেছেন ফ্লোরেন্স পিউ। এবার কর্নেল বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে কেন্দ্র করে তার বক্তব্য নতুন করে আলোচনায় এসেছে। এদিকে অভিযোগটির ফৌজদারি তদন্ত পুনরায় শুরু হওয়ায় ঘটনাটির আইনি দিকও নতুন পর্যায়ে প্রবেশ করেছে।

কালের আলো/এসএ

বিমান বাংলাদেশে ২৩৪ পদে নিয়োগ

চাকরি ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৩ অপরাহ্ণ
বিমান বাংলাদেশে ২৩৪ পদে নিয়োগ

বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ১৩ ক্যাটাগরির পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এসব পদে মোট ২৩৪ জন নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ অক্টোবর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে ৩০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টায়।

বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হতে পারে। তাই প্রার্থীদের নিজ দায়িত্বে একাধিক পদে আবেদন না করার পরামর্শ দেওয়া হয়েছে।

যেসব পদে নিয়োগ

সহকারী ব্যবস্থাপক হ্যাঙ্গার (ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল) পদে ২ জন, সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (অপারেশনস টেকনিক্যাল) পদে ২ জন, সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (প্যাসেঞ্জার সেলস/কার্গো সেলস/ব্যবস্থাপনা উন্নয়ন) পদে ৪ জন, সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (অ্যারোস্পেস) পদে ৫ জন, সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (এভিওনিকস) পদে ৪ জন এবং সহকারী ব্যবস্থাপক লাইব্রেরি পদে ১ জন নিয়োগ দেওয়া হবে। এসব পদের বেতন স্কেল ২৬,৫০০ থেকে ৫৭,৯৫০ টাকা।

এ ছাড়া সিনিয়র লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদে ১ জন এবং টেকনিক্যাল ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট পদে ৫ জন নিয়োগ দেওয়া হবে। এসব পদের বেতন স্কেল ১৫,৯০০ থেকে ৩৮,৪০০ টাকা।

গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদে সবচেয়ে বেশি ১৫৪ জন নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া প্রিন্টিং অ্যাসিস্ট্যান্ট পদে ২ জন, মেডিক্যাল টেকনোলজিস্ট পদে ১ জন এবং এয়ারক্রাফট মেকানিক (লাইন অ্যান্ড বেজ মেইনটেন্যান্স) পদে ৫০ জন নেওয়া হবে। এসব পদের বেতন স্কেল ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা।

অন্যদিকে জুনিয়র ফায়ার সেফটি অ্যাসিস্ট্যান্ট পদে ৩ জন নিয়োগ দেওয়া হবে। এ পদের বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা।

বয়সসীমা

আবেদনকারীর বয়স ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

যেভাবে আবেদন

পরীক্ষায় অংশ নিতে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এ জন্য bbal.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদন ফি

আবেদন ফি পদের ধরন অনুযায়ী নির্ধারণ করা হয়েছে। ১ থেকে ৬ নম্বর পদের জন্য ৬৬৯ টাকা, ৭ ও ৮ নম্বর পদের জন্য ৫৫৮ টাকা, ৯ থেকে ১২ নম্বর পদের জন্য ৩৩৫ টাকা এবং ১৩ নম্বর পদের জন্য ২২৩ টাকা আবেদন ফি দিতে হবে।

আবেদনের সময়সীমা

অনলাইনে আবেদন শুরু হবে ৩০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টায়। আবেদন করা যাবে ২০ অক্টোবর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নির্ধারিত ওয়েবসাইটে পাওয়া যাবে।

কালের আলো/এসএ

বিএনপিকে চাঁদাবাজ বলার বক্তব্য নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৫ অপরাহ্ণ
বিএনপিকে চাঁদাবাজ বলার বক্তব্য নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বলে কেউ বক্তব্য দিলে তার বিচার জনগণই করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বলে কেউ যদি বক্তব্য দিয়ে থাকে, সেটার বিচার জনগণই করবে। এ জাতীয় বক্তব্যের তীব্র নিন্দা জানাই।’

রাড্ডা ক্লিনিকের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, সেখানে একজন পুলিশ কর্মকর্তার দায়িত্বে অবহেলা পাওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম শুরু হয়েছে। অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না। সংসদ সদস্যের সংশ্লিষ্টতার বিষয়েও তদন্ত চলছে এবং সত্যতা পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।

রাজধানীর মাটিকাটায় জমি দখল ও মামলা প্রক্রিয়া প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, মাটিকাটা ক্যান্টনমেন্ট থানার জমি দখলের ঘটনায় ৯৯৯-এ ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়, গ্রেপ্তার করে এবং আলামত সংগ্রহ করে। আইন অনুযায়ী কোনো এজাহার জমা হলে প্রাথমিক তদন্তের পর মামলা রেজিস্টার করতে হয়। তা না হলে ভিত্তিহীন অভিযোগও মামলা হিসেবে নথিভুক্ত হয়ে যেতে পারে।

তিনি আরও বলেন, ঢালাওভাবে সরকারকে দোষারোপ করা বা রাজনৈতিক উদ্দেশ্যে দেওয়া বক্তব্যের বিচার জনগণ করবে। বিষয়গুলো নির্মোহভাবে তদন্ত করা হচ্ছে এবং জড়িত সবাইকে আইনি প্রক্রিয়ার আওতায় আনা হবে।

মিরপুরে হকারদের সঙ্গে সংঘর্ষের ঘটনা নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ঘটনাটি তদন্ত করতে বলা হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, রাজউক বা সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পুলিশের সঙ্গে সঠিকভাবে যোগাযোগ করেননি। ফলে সেখানে সমন্বয়ের অভাব ছিল বলে মনে হয়েছে।

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সমাজে শান্তি প্রতিষ্ঠায় সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। একটি বা দুটি বিচ্ছিন্ন ঘটনাকে সামনে রেখে পুরো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির মূল্যায়ন করা ঠিক হবে না।

কালের আলো/এএএন/এমএসআইপি